এসব ভাবতে গিয়ে প্রতি মুহূর্তে মাথা আরও এলোমেলো হয়ে যাচ্ছে আমার। একারণেই তোমাকে ভীষণ দরকার, বন্ধু। তুমি পাশে থাকলে অনেকখানি ভরসা পাব আমি।
দয়া করে চিঠিটা পাওয়া মাত্রই এখানে চলে এসো। পরবর্তী করণীয় দু’জনে মিলেই ঠিক করতে চাই।
তোমার অপেক্ষায়…
ডক্টর ব্যারন
.
মানুষের সব কাজ কি পরিকল্পনামাফিক হয় কখনও? চিরস্থায়ী কালিতে লেখা নিয়তি সামনে নিয়ে মুচকি হাসেন ঈশ্বর; ভাবেন, মানুষ যদি জানত কী লেখা রয়েছে তার ভাগ্যে!
ডক্টর ব্যারনের চিঠিটা সময়মত পেলেন না প্রফেসর কারমেল। নিজের বাড়িতে ছিলেন না তিনি, একটা শিক্ষক সম্মেলনে যোগ দিতে ফ্রান্সে গিয়েছিলেন।
সাহিত্যের অধ্যাপক হিসেবে প্রায় সারা বছরই এখানে-ওখানে লেকচার দিতে হয় তাঁকে। খুব কম সময়ই বাড়িতে থাকার সুযোগ পান।
তবে বন্ধুর চিঠিটা হাতে পেয়ে একদমই সময় নষ্ট করেননি তিনি, পরদিনই রওয়ানা দিয়েছেন ডক্টর ব্যারনের সাথে দেখা করার উদ্দেশ্যে।
তবে ততদিনে ঘটে গেছে মেলা ঘটনা, যার কিছুই জানা নেই তাঁর!
এক বিকেলে হঠাৎ ভীষণ অসুস্থ হয়ে পড়েছিলেন ডক্টর ব্যারন। সাথে-সাথেই তাঁকে নিয়ে যাওয়া হয় শহরের হাসপাতালে। তারপর থেকে মস্তিষ্কের রক্তক্ষরণের কারণে প্রায় অচেতন অবস্থায় ওখানেই পড়ে আছেন তিনি।
পরিচারকদের সবাই তাঁর সেবা শুশ্রূষায় ব্যস্ত থাকায় কেবলমাত্র মালিই রয়ে গিয়েছিল পাহাড়ের ওপরের বনেদী বাড়িটায়। জানোয়ারটাকে খাবার দেয়া আর বাড়িটার দেখভালের দায়িত্ব ন্যস্ত ছিল তার ওপর।
আগে কখনও ওটাকে খাবার দেয়নি মালি, তাই নিয়মটাও জানা ছিল না তার। দরজাটা খোলা যে উচিত হয়নি, এটা অনেক দেরিতে বুঝতে পেরেছিল বেচারা।
মানুষের মাংসের স্বাদ কেমন হয়, মালিকে দিয়েই সেটা প্রথম বুঝতে পেরেছিল প্রাগৈতিহাসিক জানোয়ারটা। তাকে সাবাড় করতে বেশ খানিকটা সময় নিয়েছিল ওটা। তারপর বহুদিন বাদে সেলার ছেড়ে বেরিয়ে এসেছিল মুক্ত পরিবেশে, আকারে ততদিনে হাতিকেও ছাড়িয়ে গেছে ওটা! তবে আকাশছোঁয়া সীমানা প্রাচীর আর বন্ধ ফটকের কারণে বাড়িটা ছেড়ে পালাতে পারল না ওটা, ভিতরেই বন্দি থাকতে হলো। এ কয়দিনে ক্ষুধার তাড়নায় রীতিমত পাগল হওয়ার দশা হলো ওটার।
তার রাগের খেসারত দিতে হয়েছে বহু যত্নে গড়া বাগানটাকে। লণ্ডভণ্ড হওয়া গাছগুলো দেখে আর বোঝার জো নেই, এককালে কত সুন্দর ছিল জায়গাটা।
.
বাড়ির গেটে বেশ কিছুক্ষণ ডাকাডাকি করেও ভিতর থেকে কারও সাড়া পেলেন না প্রফেসর কারমেল। হলোটা কী? ভর সন্ধ্যাতেই ঘুমিয়ে পড়েছে নাকি সবাই?
এগিয়ে গিয়ে দেয়াল হাতড়ে একটা সুইচ টিপে দিলেন তিনি। আগেও বহুবার এখানে এসেছেন, ফটক খোলার সুইচটা কোথায় লুকানো থাকে, ভালই জানা আছে তাঁর।
সুটকেস নিয়ে ভিতরে ঢুকেই চমকে উঠলেন প্রফেসর। বাড়িটা এত অন্ধকার কেন?
কেউ নেই নাকি? কোথাও বেড়াতে গেছে?
বাগানটার দিকে চোখ পড়তেই রীতিমত আঁতকে উঠলেন তিনি। একটা গাছও আর আস্ত নেই, যেন বড়সড় কোন ঝড় বয়ে গেছে জায়গাটার ওপর দিয়ে!
মনটা কু ডাকছে তাঁর। কেন যেন মনে হচ্ছে, এখানে আসাটা মোটেও উচিত হয়নি। শহর থেকে রওয়ানা দেয়ার আগে অন্তত একটু খবরাখবর নেয়া উচিত ছিল।
আচমকা জমাটবাঁধা নিস্তব্ধতা চিরে দিল. একটা তীক্ষ্ণ চিৎকার! নিমিষেই তীব্র আতঙ্কের একটা শিরশিরে অনুভূতি ছড়িয়ে পড়ল তাঁর গোটা দেহে। কেঁপে উঠলেন তিনি।
চোখের কোণে নড়াচড়ার আভাস পেয়ে ফিরে তাকালেন প্রফেসর। পরক্ষণেই বিস্ময়ে নির্বাক হয়ে গেলেন।
কিম্ভূতকিমাকার একটা পাহাড়প্রমাণ জানোয়ার এগিয়ে আসছে তাঁর দিকে। কোন সন্দেহ নেই, চিঠিতে এটার কথাই লিখেছিল তাঁর বন্ধু।
কিন্তু এটা বাইরে বেরোল কী করে? এত প্রকাণ্ডই বা হলো কীভাবে?
মারা যাওয়ার ঠিক আগ মুহূর্তে আরেকবার ওটার হুঙ্কার শুনতে পেলেন প্রফেসর কারমেল। নিজের জন্য নয়, গেটটা বন্ধ না করার জন্যই তখন আফসোস হচ্ছিল তাঁর। ওটা এখান থেকে বেরিয়ে গেলে কতজন মানুষ প্রাণ হারাবে, কে জানে!
এসকর্ট
এক
আপনি যদি জেফ কার্টারকে তার পেশা সম্পর্কে জিজ্ঞেস করেন, জবাব পাবেন, ছোটখাট একটা ব্যবসা করি। কিংবা সে বলবে, আমি একজন আইটি ইনচার্জ। অথবা বলবে, বীমার দালাল।
মোদ্দাকথা, সত্যি কথাটা কিছুতেই আপনি তার মুখ দিয়ে বের করতে পারবেন না।
এমন নয় যে তার পেশা নিয়ে লজ্জিত সে, নিজেকে নিয়ে রীতিমত গর্ববোধ করে জেফ। তবুও সবার কাছে নিজের কাজের ক্ষেত্রটা গোপন রাখতেই পছন্দ করে সে। তার মতে, এই পেশায় গোপনীয়তার বেশ গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রয়েছে এবং কখনও-কখনও এটাই সাফল্যের চাবিকাঠি।
আদতে জেফ কার্টার একজন মেল এসকর্ট। নারীরা অর্থের বিনিময়ে তার সঙ্গ কেনে। এই পেশায় সে একজন সুপারস্টার, আর তাই তার সঙ্গ পেতে চাইলে বেশ চড়া মূল্যই গুণতে হয় আগ্রহীদের।
নারীসঙ্গ কেনাবেচা, সম্ভবত পৃথিবীর আদিমতম ব্যবসা। তবে এই একবিংশ শতাব্দীতে এসে, যখন নারীরা প্রায় সব ব্যাপারেই পুরুষদের সমকক্ষ হতে চাইছে, তখন আর ব্যবসাটা একমুখী নেই। অর্থের বিনিময়ে পুরুষদের উপর আধিপত্য করার সুযোগটা বিত্তবান নারীরা বেশ উপভোগ করে বলেই মনে হয়।
