নিজের বীরত্বে ভীষণ গর্বিত সে। হাড় জিরজিরে বুকের ছাতি আদতেই এখন আধ-ইঞ্চি ফুলে আছে তার।
বহুকষ্টে নিজের ক্রোধ দমন করল মতি। তার ইচ্ছে করছে, ছুটে গিয়ে ছেলেটার পাছায় কষে একখানা লাথি দিতে। এই হারামিটাই যত নষ্টের গোড়া। এক লাথিতে হারামজাদার হাগা-মুতা চিরকালের জন্য বন্ধ করে দিতে পারলে খানিকটা শান্তি পাওয়া যেত।
‘বুঝলাম,’ অবদমিত ক্রোধটাকে চট করে গিলে নিল চেয়ারম্যান। ‘অহন কী করবার চান আফনেরা?
‘আমরা আর কী কমু, চেরম্যান সাব। আফনে যা ভালা মনে করেন, হেইডাই করেন। আফনের উফরে কি আর কুনু কতা আছেনি? আফনেই তো গেরামের মা- বাপ,’ জটলার একপাশ থেকে বলে উঠল মজু বেপারী। চেয়ারম্যানের খয়ের খাঁ হিসেবে এলাকায় বেশ কুখ্যাতি আছে তার। নিন্দুকেরা বলে, চেয়ারম্যানের পৃষ্ঠপোষকতায় নানা রকম অবৈধ মালের ব্যবসা করে মজু বেপারী। একারণেই রাতারাতি আঙুল ফুলে কলাগাছ হয়ে গেছে তার।
এক দশক আগেও অন্যের বাড়িতে কামলা খাটত মজুর বাবা, সপরিবারে বসবাস করত গ্রামের সবচেয়ে জীর্ণ বাড়িটায়।
আজ সেখানে টিনের ঘর উঠেছে, বারান্দায় বসে সকাল-সন্ধ্যা নিয়ম করে হুক্কা টানে মজুর বাবা।
‘হুম,’ শিরদাঁড়া সোজা করে বসল চেয়ারম্যান। ‘মাখইন্যা যেহেতু গেরামে নাই, আমাগোরেই বিষয়ডার একটা বিহিত করন লাগব। আমরাই তো হেতের গার্জিয়ান। আমরা ছাড়া তিনকুলে আর কেডা আছে হেতের? আমাগোর উফরে হেতের একটা দাবিও তো আছে। কি কন?’
‘হ, হ। ঠিক, ঠিক,’ অনেকেই সায় জানাল চেয়ারম্যানের কথায়।
‘হিন্দু মাইয়া। দাফন তো আর করন যাইত না। পোড়াইতে হইব। তাইলে ‘হেইডাই করি। একটা পুরুত ডাইকা সবকিছুর আয়োজন করি। টেকাটুকা যা লাগে, আমিই দিমু। হেইডা লইয়া আফনেরা মাথা ঘামাইয়েন না।’
মৃদু গুঞ্জন করে উঠল জনতা, স্বস্তির নিঃশ্বাস ফেলল কেউ-কেউ। চাঁদা দিতে হচ্ছে না, এতেই খুশি সবাই। তাছাড়া ঝামেলাটাও জলদি মিটানো দরকার, ঝুলিয়ে রাখার সুযোগ নেই। এখানে উপস্থিত প্রায় সবাইকেই দিন-রাত মাথার ঘাম পায়ে ফেলে পরিবারের অন্ন-বস্ত্রের জোগান দিতে হয়। সারাদিন এখানে বসে থাকলে, দিনশেষে অভুক্ত থাকতে হবে ওদের।
‘মাইয়াডা মরল ক্যামনে, হেইডা সুরাহা না হওয়া পর্যন্ত লাশ পোড়ানডা ঠিক হইব না, চেয়ারম্যান সাব,’ আচমকা জমায়েতের পিছন থেকে বলে উঠল করিম মাস্টার।
ইউনিয়নের একমাত্র প্রাইমারী স্কুলটা খালিশপুরে, ওখানেই ক্লাস ফাইভে বাংলা পড়ায় সে। বয়সে তরুণ; কথাবার্তা-চালচলনে যৌবনের তেজ ঠিকরে পড়ে।
করিম মাস্টারকে দু’চোখে দেখতে পারে না মতি। তার কাছে করিম মাস্টার মূর্তিমান উপদ্রব ছাড়া আর কিছু নয়। ব্যাটা অহেতুক সব জায়গায় বাগড়া দেয়; এটাই হারামিটার স্বভাব।
কিছুদিন আগে গ্রামে একটা হাইস্কুল খোলার জন্য জনমত তৈরির চেষ্টা করেছিল করিম। বাড়ি-বাড়ি গিয়ে জনে-জনে বুঝাচ্ছিল হাই স্কুলের উপকারিতা। শেষতক অবশ্য তার সমস্ত পরিশ্রমই জলে গেছে, ভেস্তে গেছে পুরো পরিকল্পনা। নেপথ্যে থেকে কলকাঠি নেড়ে সবকিছু বানচাল করে দিয়েছে মতি চেয়ারম্যান।
তবে মাস্টারকে একটা উচিত শিক্ষা দেয়ার সিদ্ধান্তটা থেকে নিজেকে সরিয়ে আনতে অনেক বেশি বেগ পেতে হয়েছে মতিকে। নিজেকে বুঝিয়েছে, মাথা গরম না করে উপযুক্ত সময়ের প্রতীক্ষায় থাকাই শ্রেয়। ঝোপ বুঝে কোপ মারলেই চলবে; মাস্টারকে সরিয়ে ফেলা তেমন কোন কঠিন কাজ না তার জন্য।
চোখ সরু করে করিমের দিকে খানিকক্ষণ অপলক তাকিয়ে রইল মতি। ‘ক্যামনে সুরাহা হইব? কেউ তো ঘটনা ঘটতে দেহে নাই, মাস্টর।’
‘পুলিসে জানান লাগব। হেরাই তদন্ত কইরা বাইর করব সব,’ দৃঢ় গলায় জবাব দিল করিম।
‘পুলিস! এর মইধ্যে আবার থানা-পুলিস করনের কাম কী? বেহুদা গেরামে পুলিস আইলে, গেরামের ইজ্জত থাহেনি, মিয়া?’ বিরক্ত কণ্ঠে বলল মতি। মনে- মনে আফসোস করছে, সময় থাকতে হারামজাদার কল্লা ফালাই দেওনের কাম আছিল। বেশি বাড় বাড়ছে খানকির পোলার।
‘বেহুদা ক্যামনে হয়, চেয়ারম্যান সাব? একটা মাইয়ারে জানে মাইরা ফালাইসে। ধর্ষণের ঘটনা ঘটে নাই, হেইডাই বা কই ক্যামনে! এর একটা ফয়সালা না কইরা লাশটা পোড়াইয়া ফালাইবেন?’
‘ধর্ষণ! খুন! এইগুলান কী কও তুমি! হেতি তো আত্মহত্যাও করবার পারে, নাকি?’
‘আত্মহত্যা করব কিল্লাই? আমরা তো জানি হেতি মাখইন্যার লগে সুখেই আছিল।’
‘তুমি হেইডা ক্যামনে কও, মাস্টর! বাইরে থাইকা দেইখা কি মাইনষের সংসারের ভিতরের খবর কওয়া যায়? সবাই তো কইবা আমার সংসারে সুখের শেষ নাই, সুখ বাইয়া-বাইয়া পড়তাসে ঘরের বেড়ার ফুটা দিয়া। আমি নিজেই না কেবল কইতে পারি কোন্ আগুনে পুড়তাসি।
‘মাখইন্যা সারা বছর থাহে বাইরে-বাইরে। কোন্হানে কুন আকাম-কুকাম কইরা বেড়ায়, কেডা হের খবর রাহে! এইগুলান লইয়াও তো হেতাগো মইধ্যে ঝামিলা হইবার পারে, নাকি?’
‘পারে। হেইডা বাইর করন পুলিসের কাম, আমাগো না।’
‘আফনে এত ফুলিস-ফুলিস করতাসেন ক্যান, মাস্টার সাব? হগলে মিল্যা তো একটা ফয়সালা কইরা ফালাইসে। অহন বেহুদা এইডা লইয়া গ্যাঞ্জামের কাম কী?’ চেঁচিয়ে বলে উঠল মবিন; ওরফে মবু চোরা।
আশপাশের সমস্ত গ্রামে সিঁধেল চোর হিসেবে বিশেষ খ্যাতি আছে তার। ছোটখাট চুরির দায়ে বেশ কয়েকবার জেলও খেটেছে। হাজতে ছিঁচকে চোরদের কী পরিমাণ দুরমুশ করা হয়, সে সম্পর্কে সম্যক ধারণা আছে তার।
