ডাক্তারের চেম্বারের বাইরে একটা লম্বামতন বারান্দা আছে। তাতে দর্শনার্থীদের বসবার জন্য একসারি প্লাস্টিকের চেয়ার পাতা। দেয়ালের ধারে, একেবারে শেষমাথার চেয়ারটায় হাত-পা ছড়িয়ে বসে আছে রবি। চোখে-মুখে রাজ্যের হতাশা খেলা করছে তার।
কিছুক্ষণ আগেও সে ভাবছিল, ভিতরের রোগীটাই হয়তো শেষ রোগী। সে বের হওয়া মাত্রই টুক করে ঢুকে পড়বে ও।
কিন্তু বিধি বাম। মাত্র মিনিট পাঁচেক আগেই তিনজনার একটা পরিবার আচমকা এসে হাজির হয়েছে।
অ্যাসিস্টেন্টের সঙ্গে তাদের আলাপচারিতা থেকে এটুকু ঠিকই বুঝতে পেরেছে রবি, তাদের সিরিয়াল তার আগে-নয় নাম্বার। আরও কতক্ষণের ধাক্কা কে জানে!
কাছেপিঠে আর কেউ না থাকায় রবির পাশেই এসে বসল সম্প্রতি আসা মানুষগুলো। ভদ্রলোকের বয়স পঞ্চাশের কিছু বেশিই হবে, ভদ্রমহিলারও চল্লিশ ছুঁই-ছুঁই। আর তাঁদের সঙ্গে আসা মেয়েটির বয়স বিশ থেকে পঁচিশের মধ্যে।
পানপাতার মত গোলগাল মুখ, খাড়া নাক, চ্যাপ্টা চিবুক, রীতিমত সুন্দরীই বলা চলে তাকে। প্রায় কোমর ছুঁই-ছুঁই দীঘল কালো চুল আরও বেশি আকর্ষণীয় করে তুলেছে তাকে।
সাতাশ বছরের অবিবাহিত কুমার রবি, মেয়েটির দিকে আড়চোখে বার-বার তাকাবে, এটাই স্বাভাবিক। তাই না?
কিছুক্ষণ নীরবেই কেটে গেল। চোখের কোণ দিয়ে তাকানোর বাইরে আর বিশেষ কিছু করেনি রবি। তার কাছে মনে হচ্ছে মেয়েটিও তার প্রতি যথেষ্টই আগ্রহী। নইলে তার দিকে তাকিয়ে মুচকি হাসবে কেন?
সাহস করে একবার সরাসরি তাকাল সে। মেয়েটিও তখন তার দিকেই তাকিয়ে আছে! চোখেমুখে কৌতূহল, যেন বিশেষ কিছু জানতে চায় সে রবির ব্যাপারে। অদম্য আগ্রহে নিজের অজান্তেই গলাটা বকের মত লম্বা করে দিল রবি। আর ঠিক তখনই কথা বলে উঠল মেয়েটি।
‘তোর প্যান্টের চেইন খোলা ক্যান?’
হতভম্ব হয়ে গেল রবি। এসব কী বলছে মেয়েটা?
চট করে প্যান্টের দিকে চোখ চলে গেল তার। লাগানোই তো আছে চেইন!
‘মাইয়া দেখলেই বুঝি চউখ দিয়া চাটতে মন চায়? বেজন্মা কোনহানকার। কে রে তুই? মানুষ নাকি ভাদ্রমাসের পাগলা কুত্তা?’
চোখেমুখে অন্ধকার দেখল রবি। কী করবে, বলবে, কিছুই মাথায় আসছে না তার। গা কাঁপছে, শ্বাসও ঠিকমত নিতে পারছে না সে। কী হচ্ছে এসব? বাস্তবেই ঘটছে তো? নাকি এটাও আরেকটা দুঃস্বপ্ন?
ঠাস করে একটা চড়ের শব্দে ঘোর কাটল তার। মেয়েটির গালে পাঁচ আঙুলের ছাপ বসিয়ে দিয়েছে তার বাবা। কিছুক্ষণ আগের শান্ত-সৌম্য রূপ আর নেই ভদ্রলোকের, তিনি এখন পুরোপুরি অগ্নিশর্মা।
রবির দিকে তাকিয়ে বললেন, ‘আই অ্যাম সরি, ইয়াং ম্যান। আমার মেয়ে মানসিকভাবে সুস্থ নয়। এজন্যই এখানে আসা। তুমি কিছু মনে কোরো না, প্লিজ।’
‘না, না। ইট’স ওকে। আমি বুঝতে পেরেছি,’ কোনমতে বলল রবি।
হাত-পা গুটিয়ে নিজের চেয়ারে জড়সড় হয়ে বসল সে। মাথা নিচু করে রেখেছে, মেয়েটির দিকে তাকানোর সাহস আর নেই। তাকালে দেখতে পেত, তার দিকেই অপলক তাকিয়ে আছে মেয়েটি। ফিসফিস করে বলছে, ‘পলাইয়া যা। পলাইয়া যা…’
দুই
‘আমি ভয় পাই,’ মৃদুস্বরে বলল রবি। ডা. নোরার মুখোমুখি চেয়ারে বসে আছে সে। তাকিয়ে আছে ডাক্তারের ভাবলেশহীন চেহারার দিকে |
‘কম আর বেশি, ভয় আমরা সবাই পাই। এটা অস্বাভাবিক কিছু নয়,’ নোরা বললেন। ‘তা আপনার ভয় পাওয়ার কারণটা কী?’
কয়েক মুহূর্ত ইতস্তত করল রবি। ‘আমি জানি আমার ব্যাপারটা কোন মানসিক সমস্যা নয়। আমি পাগল নই। তবুও কেন যে আপনার এখানে এলাম, সেটা আমি নিজেও জানি না।’
‘মানসিক সমস্যা থাকা মানেই কিন্তু পাগল হয়ে যাওয়া নয়,’ শান্তস্বরে বললেন নোরা। ‘তাছাড়া কখনও-কখনও মন খুলে কারও সাথে কথা বলতে পারলে অস্থিরতা অনেকটুকু কমে যায়। কিংবা বিশেষ কারও সামান্য একটু কাউন্সিলিংই হয়তো মনের ভার লাঘব করে সঠিক পথনির্দেশনা দিতে পারে মানুষকে। তাই আমায় সবকিছু খুলে বলুন। শ্রোতা হিসেবে আমি কী ভাবছি না ভাবছি, কিংবা আমার পেশা কী, সেটা নিয়ে মাথা ঘামানোর প্রয়োজন নেই আপনার।’
তাঁর কথায় খানিকটা আশ্বস্ত হলো রবি। তার চেহারার বিব্রতভাব অনেকটাই কেটে গেল। ‘ঘটনার সূত্রপাত সপ্তাহ দুয়েক আগে। হঠাৎ করেই দুঃস্বপ্ন দেখতে শুরু করি আমি। অথচ এর আগে ঘুমের কোন সমস্যাই ছিল না আমার। বিছানায় শোয়া মাত্রই ঘুমিয়ে পড়তাম, তারপর একঘুমে রাত কাবার। স্বপ্ন-টপ্ন বিশেষ একটা দেখতাম না। কিন্তু আচমকাই সবকিছু বদলে গেল। দুঃস্বপ্নগুলো মাঝরাতেই ঘুম ভেঙে দিতে শুরু করল। একবার ঘুম ভাঙার পর সারারাত আর একটুও চোখের পাতা এক করতে পারি না আমি, কিছুতেই আর ঘুম আসে না। বিছানায় গড়াগড়িই কেবল সার হয়। সেই সাথে প্রচণ্ড ভয় আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে আমাকে। ভোরের আলো ফোটার আগপর্যন্ত আর ভয়টা থেকে মুক্তি মেলে না আমার। এখন আপনি নিশ্চয়ই জানতে চাচ্ছেন, কী নিয়ে দুঃস্বপ্ন দেখি আমি?’
মুখে কিছু না বলে কেবল হ্যাঁ-সূচক মাথা দোলালেন নোরা।
‘আমি দেখি আমার ঘরের প্রতিটি আসবাবপত্রের প্রাণ আছে, ওরা নিথর কোন জড়বস্তু নয়! আঁধার ঘনালেই ওদের ভিতর প্রাণসঞ্চার ঘটে, আর একেকটা জিনিস পরিণত হয় একেকটা জীবন্ত বিভীষিকায়। তারা এক জায়গা থেকে অন্য জায়গায় চলাচল করতে পারে, কথা বলতে পারে, এমনকী চিৎকারও করতে পারে। তাদের প্রত্যেকের গলার স্বর আলাদা। তাদের চিন্তাচেতনা, কথা বলার ধরন, এমনকী আবেগের প্রকাশও স্বতন্ত্র। কেবল একটা ব্যাপারেই তারা একাট্টা, তাদের অভিপ্রায়। তারা কেউই চায় না, আমি তাদের সাথে একঘরে থাকি! তারা চায়, আমি যেন দূরে কোথাও চলে যাই, তবে ঘরের একটা জিনিসেও যেন হাত না দিই। ওরা যেমন আছে তেমনই থাকবে, শুধু আমিই যেন না থাকি! প্রথম- প্রথম ওরা এলোপাতাড়ি হুমকি দিত। তবে শেষমেশ আমাকে একটা নির্দিষ্ট সময় বেঁধে দেয়া হয়েছে ঘরটা ছাড়ার জন্য। আর আজই তার শেষ দিন। ওরা প্রত্যেকেই আমাকে পই-পই করে বলে দিয়েছে, আজকের পরও যদি আমি ঘর না ছাড়ি, আমাকে এর জন্য চরম মূল্য চুকাতে হবে। এখন আপনিই বলুন, দু’সপ্তাহ ধরে প্রতি রাতে এমন স্বপ্ন দেখলে কীভাবে একজন মানুষ ভাল থাকে? ভয় পাওয়াটা কি খুবই অস্বাভাবিক?’
