মাথা নাড়লেন নোরা। ‘মোটেও অস্বাভাবিক নয়, খুবই স্বাভাবিক। যে কেউ এমন পরিস্থিতিতে ভয় পাবে।’
রবিকে স্বাভাবিক হতে খানিকটা সময় দিলেন তিনি। খেয়াল করেছেন, কথা শেষ হলেও এখনও অল্প-অল্প কাঁপছে সে।
‘আচ্ছা, দুঃস্বপ্নগুলো কি কেবল রাতেই দেখেন? নাকি দিনে ঘুমালেও হানা দেয় ওরা?’ হালকা স্বরে জিজ্ঞেস করলেন নোরা।
জবাব দেয়ার আগে কয়েক মুহূর্ত ভেবে নিল রবি। ‘দিনে দেখিনি কখনও। আসলে দিনে ঘুমানোর সুযোগই হয় না আমার। সপ্তাহে ছয়দিন চাকরি নিয়ে ব্যস্ত থাকতে হয়। সাতসকালে বেরিয়ে, ফিরি সন্ধ্যার পর। আর ছুটির দিনটা বন্ধুদের সাথে কাটাই অথবা সপ্তাহের জমানো নিজস্ব টুকিটাকি কাজগুলো সেরে নিই। এই যেমন আজ আপনার এখানে এলাম।’
‘বেশ। বুঝলাম,’ মাথা দোলালেন নোরা। ‘অফিসে অথবা অফিসের বাইরে, কোন কিছু নিয়ে মানসিক চাপের মধ্যে নেই তো আপনি?’
আবারও কিছুক্ষণের বিরতি নিল রবি। ‘উঁহু। এই মুহূর্তে আমার জীবন কোন ক্রিটিকাল ফেইজ অতিক্রম করছে না। চাকরিটা পরিশ্রমের হলেও, ওটা নিয়ে সন্তুষ্ট আমি। আমার যা যোগ্যতা, তাতে এরচেয়ে ভাল কিছু আশা করাটাও বোকামি। অফিসের সবার সাথে সম্পর্ক ভাল আমার। বসও আমাকে বেশ পছন্দ করেন বলেই জানি। অফিসের বাইরেও কোন কিছু নিয়ে ঝামেলা নেই আপাতত।’
‘বাসায় কে-কে থাকেন আপনার সাথে?’
‘আসলে একাই থাকি আমি এখানে। একটা দোতলা বাড়ির চিলেকোঠায় বাবা-মা গ্রামে থাকেন, শহরে আসতে চান না। তাই নিজের জন্য কোনমতে চলনসই একটা আশ্রয় খুঁজে নিয়েছি আরকী। তাছাড়া যে আয় করি, তা দিয়ে বিলাসবহুল জীবন কাটানোর কথা কল্পনাও করা যায় না। তবে তা নিয়ে কোন আফসোস নেই আমার, আমি মোটেও অসুখী নই।’
‘সুখ ব্যাপারটা আসলে নিজের কাছে। আপনার চাহিদাকে আপনি যত নিয়ন্ত্রণ করতে পারবেন, আপনার প্রাপ্তিকে যত বেশি উপভোগ করতে পারবেন, আপনি তত বেশি সুখী হবেন। আপনি বলছিলেন, আপনি একটা বাড়ির চিলেকোঠায় থাকেন। তো ওখানে, আলো-বাতাস ঠিকঠাক পান তো? মানে বলতে চাচ্ছি, পরিবেশটা স্বাস্থ্যকর তো? এমন অনেক ঘিঞ্জি এলাকা আমার চেনা, যেখানে দিনরাত চব্বিশ ঘণ্টাই বাতি জ্বেলে রাখতে হয় আলোর জন্য। আর খোলা হাওয়ার কথা তো ভাবাই বৃথা।’
‘না, না। আমার ঘরটা মোটেও তেমন নয়। আসলে নামে চিলেকোঠা হলেও, ঘরটার আকার বেশ বড়। অ্যাটাচ্ড় বাথরুম আছে। আশপাশে বড় কোন ইমারত না থাকায়, আলো-বাতাস বেশ ভালই পাওয়া যায়।’
‘সম্প্রতি বাসার কাছাকাছি এমন কোন কলকারখানা কি গড়ে উঠেছে, যেটা বাজে গ্যাস কিংবা দুর্গন্ধ ছড়ায়? আজকাল তো হরহামেশাই আবাসিক এলাকায় ফ্যাক্টরি দেখতে পাচ্ছি। নিয়ম না মানাটাই এখন এদেশের মানুষের জন্য নিয়ম হয়ে দাঁড়িয়েছে।’
‘উঁহুঁ। তেমন কোন কারখানা চোখে পড়েনি ইদানীং ওই এলাকায়। বাজে কোন গন্ধ কিংবা গ্যাসও নাকে এসেছে বলে মনে পড়ছে না। আসলে বাসাটা শহর থেকে খানিকটা দূরে কি না, তাই পুরোপুরি দূষিত হওয়ার সুযোগ পায়নি এখনও। শহরের চৌহদ্দিতে কে একজন ব্যাচেলরকে ঘর ভাড়া দেবে, বলুন? এই শহরে ব্যাচেলর হিসেবে ঘর ভাড়া পাওয়া আর চাঁদে যাবার টিকিট পাওয়া একই ব্যাপার। দুটোর কোনটাই আমার ভাগ্যে নেই। মেস করে একগাদা লোকের সাথে থাকতে ইচ্ছে করে না। প্রাইভেসির জলাঞ্জলি দিতে ঘোর আপত্তি আমার। সবকিছু মিলিয়েই শহর থেকে খানিকটা দূরে বাসা ভাড়া নিয়েছি।’
‘ভাল। নিজের স্বকীয়তা বজায় রাখতে, ঝাঁকের কই না হওয়ার কোন বিকল্প নেই। আচ্ছা, আপনার ঘরে এখন যেসব আসবাবপত্র আছে, সেগুলোর সাথে কি আপনার কোন বিশেষ স্মৃতি জড়িয়ে আছে? কোন দুঃখের স্মৃতি? অথবা এমন কিছু, যা আপনাকে বিশেষ কোন মুহূর্তের কথা মনে করিয়ে দেয়?’
খানিকক্ষণ ইতস্তত করল রবি। কথাটা কীভাবে বলবে, ঠিক বুঝে উঠতে পারছে না সে। ‘সত্যি বলতে, ওগুলোর একটাও আমার নয়। তাই ওগুলোর সাথে জড়ানো কোনরকম স্মৃতি থাকার সুযোগই নেই আসলে। আমি যাবার আগে থেকেই ওগুলো ঘরটায় ছিল।’ –
‘ঠিক বুঝতে পারলাম না আপনার কথা। একটু ক্লিয়ার করুন, প্লিজ।’
‘আমার আগে যিনি ও ঘরটায় থাকতেন, জিনিসগুলো আসলে তাঁরই। চলে যাবার সময় ওগুলো সঙ্গে করে নিয়ে যাননি তিনি। আসলে নিজেও তিনি গায়েব হয়ে গেছেন কাউকে কিছু না বলেই।
‘একদিন সকালে নিয়মমাফিকই বাড়ি থেকে বেরিয়েছিলেন, কিন্তু রাতে আর ঘরে ফেরেননি। সেই যে উধাও হলেন, তারপর থেকে তাঁর আর কোন খোঁজই পাননি বাড়ির মালিক।
‘চেষ্টার কোন ত্রুটি করেননি তিনি, কিন্তু শেষতক ভাড়াটে ভদ্রলোকের কোন হদিস বের করা সম্ভব হয়নি তাঁর পক্ষে। ভদ্রলোক যেন পুরোপুরি বাতাসে মিলিয়ে গেছেন!
‘একাকী জীবনযাপনে অভ্যস্ত ছিলেন, কারও সাথেই খুব একটা কথা বলতেন না। কাউকে কখনও তাঁর কাছে আসতেও দেখা যায়নি। দেশের বাড়ির যে ঠিকানা উনি দিয়েছিলেন, ওটাও ছিল ভুয়া। ওই নামের কাউকেই চিনতে পারেনি এলাকার লোকজন।
‘নিজে গায়েব হয়ে বাড়ির মালিককে অথৈ সাগরে ভাসিয়ে দিয়ে গিয়েছিলেন ভদ্রলোক। বাড়িভাড়া দিয়েই সংসারের জন্য অন্নের সংস্থান করতে হয় বেচারাকে। অনির্দিষ্টকাল ঘরটা ফাঁকা রাখার কোন উপায় নেই তাঁর। তবুও মাস তিনেক অপেক্ষা করেছেন তিনি। তারপরই কেবল টু-লেট নোটিশ ঝুলিয়েছিলেন সদর দরজায়। তবে ঘরের মালামালগুলো ফেলে দেননি কিংবা বিক্রি করে দেননি তিনি। যেন ওই হারিয়ে যাওয়া ভদ্রলোক কখনও ফিরে এলে তাঁর মালসামান কড়ায়-গণ্ডায় বুঝে নিতে পারেন।
