ফ্রেড বলল-এবার আমরা নিশ্চিতভাবে কিডিচ কাপ জিতব। চার্লি চলে যাবার পর আমরা কখনো এ খেলায় জিততে পারিনি। তবে এ বছর আমাদের দল অনেক শক্তিশালী। হ্যারি, তুমি নিশ্চয়ই ভালো খেলবে। তোমার কথা বলতে গিয়ে উড যেন লাফাচ্ছিল।
যাহোক, আমাদের যেতে হবে। স্কুল থেকে বেরুবার জন্য লী জর্ডান একটি নতুন গোপন পথ বের করেছে।
ফ্রেড ও জর্জ যাবার পরপরই ম্যালফয়, ক্রেব আর গয়েল এসে উপস্থিত হলো।
তারা হ্যারিকে বলল-এখানকার খাবার কি শেষ, মি. পটার? তুমি কোন ট্রেনে আবার মাগলদের কাছে ফিরে যাচ্ছ?
হ্যারি খুব শীতল কণ্ঠে বলল–বেশ সাহস দেখছি তো এখন, মাটিতে ফিরে এসেছ বলে। সাথে ক্ষুদে বন্ধুদেরও দেখছি।
উঁচু টেবিলে শিক্ষকরা বসে থাকায় আঙ্গুল বাঁকানো বা ভয় দেখানো, ক্রেব এবং গয়েলের একটু–আধটু বাড়াবাড়ি ছাড়া আর কিছু ঘটেনি।
ম্যালফয় হ্যারিকে বলল–সুযোগ পাওয়া মাত্রই আমি বদলা নেব। তুমি যদি চাও আজ রাতেই জাদুকরদের মল্লযুদ্ধ হতে পারে, শুধু জাদুদণ্ড। শারীরিক নয়। কী, এ ব্যাপারে কথা বলছ না যে, তুমি কি জাদুকরদের মল্লযুদ্ধ সম্পর্কে কিছুই জানো না?
অবশ্যই সে জানে। রন জবাব দিল–আমি ওর দ্বিতীয় হবো। তোমার সাথে কে থাকবে?
ম্যালফয় ক্রেব ও গয়েলের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করলো। ক্রেব সে বলল, মাঝরাতে ঠিক আছে? ট্রফি রুমেই দেখা হবে। ওটা তালা লাগানো থাকে না।
ওরা চলে গেলে হ্যারি রনকে জিজ্ঞেস করল–জাদুকরদের মল্লযুদ্ধ জিনিসটা কী? আর দ্বিতীয় বলতেই বা কী বোঝায়? রন বলল–তুমি যদি মল্লযুদ্ধে মারা যাও তাহলে আমি তোমার দায়িত্ব নেব। যিনি এই দায়িত্বটা নেন তাকেই দ্বিতীয় বলা হয়।
রন আরো বলল–আসল জাদুকর যখন মল্লযুদ্ধে অংশ নেয় তখন তাদের মধ্যে কেউ কেউ মারা যায়। তোমার আর ম্যালফয়ের মধ্যে কেউই এতটা দক্ষ হওনি যে কেউ কারো ক্ষতি করতে পারবে। আমি নিশ্চিত যে ম্যালফয় ভেবেছিল তুমি তার মল্লযুদ্ধের প্রস্তাব প্রত্যাখ্যান করবে।
আমি যদি জাদুদণ্ড ব্যবহার করি আর দেখা গেল কিছুই ঘটেনি তাহলে কী হবে? হ্যারি জানতে চাইল।
তাহলে তুমি তার নাকে জোরে একটা ঘুষি মারবে। রন বলল।
এক্সকিউজ মি। হ্যারি আর রন তাকিয়ে দেখল যে হারমিওন গ্রেঞ্জার এসেছে। রন মন্তব্য করল-এখানে কেউ শান্তিতে খেতেও পারবে না নাকি?
রনের কথার পাত্তা না দিয়ে হারমিওন হ্যারিকে বলল–আমি তোমার আর ম্যালফয়ের কথা আড়ি পেতে না শুনে পারলাম না।
না শুনলেও পারতে? রন বলল।
হামিওন রনের কথার উত্তর না দিয়ে হ্যারিকে বলল–মধ্যরাতে তোমার স্কুলে ঘুরে বেড়ানো ঠিক হবে না। ভেবে দেখো, তুমি যদি ধরা পড়ো, ধরা পড়বেই, তাহলে গ্রিফিল্ডর হাউজের পয়েন্ট কাটা যাবে। হ্যারি, মাঝে মাঝে তোমাকে আমার খুব স্বার্থপর মনে হয়।
এটা তোমার দেখার বিষয় নয়। হ্যারি মন্তব্য করল।
বিদায়। বলে রন বিদায় নিল।
***
নেভিল এখনও হাসপাতালে।
সব দিনই এক রকম। হ্যারি ভাবলো, দিনটি ভালভাবে শেষ হয়েছে বলা যাবে না। ডীন ও সিমাস ঘুমিয়ে পড়েছে বেশ কিছুক্ষণ হলো। নেভিল হাসপাতাল থেকে ফিরে আসেনি। হ্যারি বিছানায় জেগে সময় কাটালো।
রন আস্তে আস্তে হ্যারির কাছে এসে কানে কানে বলল–রাত সাড়ে এগারোটা বাজে। চলো যাওয়া যাক।
ড্রেসিং গাউন পরে জাদুদণ্ড হাতে নিয়ে তারা ঘোরানো সিঁড়ি দিয়ে কমনরুমে এসে পৌঁছল। হঠাৎ সামনের চেয়ার থেকে কে যেন বলে উঠল হ্যারি, আমি বিশ্বাস করতে পারছি না–তুমি এসব কাজে যাচ্ছ।
হালকা আলোতে হারমিওন গ্রেঞ্জারকে দেখা গেল। গায়ে গোলাপী রঙের গাউন।
রন চিৎকার করে বলল–তুমি এখানে? যাও শুতে যাও।
হারমিওন বলল–আমি তোমার ভাই পার্সিকে আভাস দিয়েছি। সে তো এখানকার প্রিফেক্ট। সে তোমাদের এসব কাজ বন্ধ করবে।
কেউ যে কারো কাজে এতটা হস্তক্ষেপ করতে পারে-এটা হ্যারি ভাবতেই পারে না।
চলে এসো। হ্যারি রনকে বলল। সেই মোটা মহিলার ছবিটি সরিয়ে গর্ত দিয়ে ওপরে উঠে গেল।
হারমিওনও হাল ছাড়ার পাত্রী নয়। মোটা মহিলার ছবিটি সরিয়ে সে–ও রনকে অনুসরণ করল।
হারমিওন ওদের পেছনে পেছনে এসে রুক্ষ কণ্ঠে বলল–গ্রিফিল্ডর হাউজের জন্য কি তোমাদের একটুও দরদ নেই? তোমরা কি কেবল নিজের স্বার্থই দেখবে? আমি চাই না স্লিদারিন হাউজ হাউজকাপ জয় করুক। অধ্যাপক ম্যাকগোনাগলের কানে গেলে তোমরা সব পয়েন্ট খোয়াবে।
এখান থেকে ভাগো। রন হারমিওনকে ধমক দিল।
ঠিক আছে, আমি যাচ্ছি। হারমিওন বলল–আমি যে তোমাদেরকে সতর্ক করেছি-এ কথাটি মনে রেখে বিশেষ করে যখন তুমি কাল বিকেলে বাড়িতে ফেরত যাবার জন্য ট্রেনে উঠবে।
ওদের বোঝাতে ব্যর্থ হয়ে ফিরে যাবার জন্য হারমিওন মোটা মহিলার প্রতিকৃতির দিকে তাকাল। না, সেখানে কোন প্রতিকৃতি নেই। মোটা মহিলা রাতে ভ্রমণের জন্য বাইরে গেছে। হারমিওন বের হওয়ার কোন রাস্তা খুঁজে পেল না।
আমি এখন কী করব? হারমিওন উৎকণ্ঠার সাথে বলল।
রন বলল–সেটা তোমার ব্যাপার। আমাদের এক্ষুণি যেতে হবে। আমাদের দেরি হয়ে যাচ্ছে।
তোমাদের সাথে আমিও যাব। হারমিওন বলল।
না, তুমি আসবে না। রনের দৃঢ় নিষেধাজ্ঞা।
হারমিওন বলল–তোমরা কি চাও আমি এখানে দাঁড়িয়ে থাকি, আর ফিল আমাকে পাকড়াও করুক। যদি তিনি আমাদের তিনজনকে এক সঙ্গে পান আমি সত্যি কথাটাই বলব। আমি বলব, আমি তোমাদের থামাবার চেষ্টা করছিলাম আর তুমিও আমাকে সমর্থন করতে পার।
