কোনো একক সদস্য যদি নিশ্চিৎ হতে পারে যে, এই বিশেষ সদস্যটি তার হুবহু যমজ, তার যমজের কল্যাণের ব্যাপারে সে ততটাই উদ্বিগ্ন হবে ঠিক যতটা সে নিজের ব্যাপারে উদ্বিগ্ন হয়। যমজদের জন্য কোনো পরার্থবাদীতার জিন আবশ্যিকভাবে উভয় যমজ সদস্যই বহন করে, সেকারণে যদি একজন বীরোচিত ভাবে মারা যায় অন্যজনকে বাঁচাতে গিয়ে, তার জিনগুলো বেঁচে থাকে। নাইন-ব্যান্ড আর্মাডিলোরা একসাথে জিনগতভাবে হুবহু একই রকম চারটি আর্মাডিলো শাবকদের জন্ম দেয়। আমি যতটুকু জানি, কোনো ধরনের বীরোচিত আত্মত্যাগের ঘটনা তরুণ আর্মাডিলোদের মধ্যে লক্ষ করা যায়নি। কিন্তু যে বিষয়টি উল্লেখ করা হলো, সেটি হচ্ছে কোনো এক ধরনের শক্তিশালী পরার্থবাদীতা অবশ্যই আমরা আশা করতে পারি, এবং দক্ষিণ আমেরিকায় গিয়ে সেটি নিয়ে গবেষণা করা কারো জন্য গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ হতে পারে (৩)।
আমরা এখন দেখতে পাই যে পিতামাতার যত্ন একটি বিশেষ ধরনের কিন-আলট্রইজিম বা আত্মীয়-পরার্থবাদীতা। জিনগতভাবে বললে কোনো একটি পূর্ণবয়স্ক কোনো সদস্যের উচিৎ হবে তার এতিম শিশু ভাইয়ের প্রতি ঠিক ততটা সুরক্ষা আর নজর দেয়া উচিৎ, যতটা সে তার নিজের সন্তানের জন্য করে। দুটি শিশুর সাথে তার রিলেটেডনেস বা আত্মীয়তা একেবারে একই রকম, ১/২। জিন নির্বাচনের ভাষায়, বড় বোন সূলভ পরার্থবাদীতার কোনো জিনের পিতামাতার পরার্থবাদীতার জিনের মতই একই সম্ভাবনা আছে। জনগোষ্ঠীতে বিস্তার লাভ করার জন্য। প্রায়োগিক ক্ষেত্রে, এটি নানা কারণে অতি সরলীকরণ, যে কারণগুলো আমরা পরে আলোচনা করবো। এবং ভাতৃসুলভ বা ভগ্নীসুলভ প্রতিপালন করার বিষয়টি প্রকৃতিতে পিতামাতার প্রতিপালনের মত কখনোই খুব সাধারণ ব্যপার না। কিন্তু আমি যে বিষয়টি বলতে চাইছি এখানে, সেটি হচ্ছে ‘জিনগতভাবে যদি বলা হয়, পিতামাতা/সন্তানদের সম্পর্কের মধ্যে বিশেষত্বের এমন কিছু নেই, যদি আপনি ভাই/বোন সম্পর্কের সাথে সেটি তুলনা করেন। বাস্তব সত্য হচ্ছে পিতামাতারা আসলেই তাদের সন্তানদের মধ্যে জিন হস্তান্তর করে, কিন্তু বোনরা যে পারস্পরিকভাবে তাদের জিন আদান প্রদান করে না, সেটি এখানে জরুরী বিষয় না, কারণ বোনরা উভয়েই তাদের একই পিতামাতার কাছ থেকে জিনগুলোর হুবহু অনুলিপি পায়।
কিছু মানুষ ‘কিন সিলেকশন’ শব্দটি ব্যবহার করেন ‘গ্রুপ সিলেকশন থেকে এই ধরনের প্রাকৃতিক নির্বাচনকে আলাদাভাবে শনাক্ত করার জন্য (বিভিন্ন গ্রুপের বৈষম্যমূলক টিকে থাকা বা একক প্রজাতি সদস্য বা ইন্ডিভিজুয়াল সিলেকশন( প্রজাতির একক সদস্যদের বৈষম্যমূলক বেঁচে থাকা) থেকে। কিন সিলেকশন’ পরিবারের মধ্যে ঘটা পরার্থবাদীতা ব্যাখ্যা করে; আত্মীয়তা যত নিকটের হবে, ততই শক্তিশালী হবে নির্বাচন। এই শব্দটি নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু দূর্ভাগ্যজনকভাবে হয়তো শব্দটিকে পরিত্যাগ করতে হবে এর বর্তমান অপব্যবহারের কারণে, যা অনাগত বহু বছর ধরে জীববিজ্ঞানীদের সংশয়াচ্ছন্ন করে রাখবে। ই, ও, উইলসন, তার অন্যথায় প্রশংসাযোগ্য Sociobiology: The New Synthesis বইটিতে ‘কিন সিলেকশন’ সংজ্ঞায়িত করেছিলেন একটি বিশেষ ধরনের গ্রুপ সিলেকশন’ হিসাবে। সেখানে তিনি একটি ডায়াগ্রাম ব্যবহার করেছেন, যা স্পষ্টভাবেই দেখাচ্ছে তিনি এটিকে একক সদস্য বা ইনডিভিজুয়াল সিলেকশন এবং গ্রুপ সিলেকশনের ধারণার অন্তর্বর্তীকালীন প্রচলিত একটি রুপ হিসাবে ভাবছেন– যে ধারণাটি আমি ব্যবহার করেছি অধ্যায় ১ এ। এখন, এমনকি যদি উইলসনের নিজের সংজ্ঞা ব্যবহার করি গ্রুপ সিলেকশনের অর্থ, বৈষম্যমূলকভাবে একক সদস্যদের নিয়ে তৈরী কোনো একটি গ্রুপের’ টিকে থাকা। নিশ্চিৎভাবে, এক অর্থে পরিবার একটি বিশেষ ধরনের গ্রুপ। কিন্তু হ্যামিলটনের যুক্তির মূল বিষয়টি হচ্ছে পরিবার এবং পরিবার নয়, এই দুটির মধ্যে পার্থক্য ধরাবাধা নিয়মমাফিক নয়, বরং বিষয়টি একটি গাণিতিক সম্ভাবনার ব্যপার। হ্যামিলটনের তত্ত্বের কোনো অংশেই এমন কিছু ছিল না যে প্রাণীরা ‘পরিবারের সদস্যদের প্রতি পরার্থবাদী আচরণ করবে এবং বাকী সবার সাথে স্বার্থপর আচরণ করবে। পরিবার আর পরিবার নয় এমন কোনো কিছুর মধ্যে সুনির্দিষ্ট সীমারেখা টানা সম্ভব নয়। আমাদের সিদ্ধান্ত নিতেই হবে এমন কোনো কিছুর দরকারও নেই, ধরুন, দ্বিতীয় কাজিনকে আমরা পরিবার গ্রুপের ভিতরে গণ্য করবো। নাকি এর বাইরে: আমরা শুধু আশা করবো যে, দ্বিতীয় কাজিনদের ১/১৬ ভাগ সম্ভাবনা থাকে, নিজের সন্তান বা ভাইবোনদের মত পরার্থবাদী আচরণ পাবার ক্ষেত্রে। কিন সিলেকশন অত্যন্ত সুস্পষ্টভাবেই গ্রুপ সিলেকশনের বিশেষ কেস নয় (৪)। এটি জিন নির্বাচনের বিশেষ পরিণতি।
এমনকি আরো বেশী গুরুত্বপূর্ণ অসম্পূর্ণতা আছে উইলসনের কিন সিলেকশনের সংজ্ঞায়। তিনি খুব পরিকল্পিতভাবে সন্তানদের বাদ দিয়েছেন, তারা কিন’ হিসাবে সেখানে বিবেচিত হচ্ছে না (৫)! তবে অবশ্যই তিনি খুব ভালো করে জানেন যে, সন্তানরা তাদের পিতামাতার কিন বা আত্মীয়। নিজেদের সন্তানদের প্রতি পিতামাতাদের পরার্থবাদী আচরণটি ব্যাখ্যা করার জন্য কিন্তু তিনি তার কিন সিলেকশন তত্ত্বেও বিষয়টি উল্লেখ করতে চাননি, তিনি অবশ্যই পারেন কোনো একটি শব্দকে নিজের পছন্দ মত সংজ্ঞায়িত করতে, কিন্তু খুবই অস্পষ্ট আর সংশয় সৃষ্টিকারী সংজ্ঞা এটি এবং আমি আশা করি যে উইলসন তার যথার্থভাবে প্রভাবশালী বইটির ভবিষ্যৎ সংস্করণে এটি সংশোধন করে নেবেন। জিনগত ভাষায় বললে, পিতামাতার যত্ন আর ভাই/বোনের পরার্থবাদীতা বিবর্তিত হয় একই কারণে: উভয় ক্ষেত্রেই ভালো একটি সম্ভাবনা আছে যে, পরোপকারী জিন পরোপকারের সুবিধাভোগীর শরীরেও থাকে।
