আমরা এটিকে আরো একটি বিষয়ে প্রয়োগ করতে পারি, যে বিষয়টি আমি তৃতীয় অধ্যায়ের আলোচনায় স্থগিত রেখেছিলাম। এটিও এসেছে নৌকা প্রতিযোগিতার নৌকা-চালকদের তুলনামূলক উদাহরণ থেকে (যারা কোনো শরীরে থাকা জিনদের প্রতিনিধিত্ব করে), যাদের প্রয়োজন ভালো ‘টিম স্পিরিট। জিনরা নির্বাচিত হয়, একক বিচ্ছিন্ন ভাবে তারা “ভালো’ সে কারণে না, বরং তারা ‘ভালো’ কারণ জিনপুলে থাকা অন্যান্য জিনদের প্রেক্ষাপটে তারা ‘ভালো’ কাজ করতে পারে। কোনো একটি ‘ভালো’ জিনকে অবশ্যই, অন্যান্য সব জিনদের সাথে সংগতিপুর্ণ ও পরিপুরক হতে হয়, যাদের সাথে সুদীর্ঘ একটি সময় ধারাবাহিকভাবে নানা শরীরে তাকে সহাবস্থানে থাকতে হয়। কোনো গাছের পাতা পিষ্ট করার উপযোগী দাঁত তৃণভোজী প্রজাতির জিনপুলে একটি ‘ভালো’ জিন, কিন্তু কোনো মাংশাসী প্রাণীর জিনপুলে এটি খারাপ’ একটি জিন।
একটি সুসংগতিপুর্ণ জিনদের সন্নিবেশ কল্পনা করা সম্ভব, যারা নির্বাচিত হয় একটি ইউনিট’ হিসাবে। তৃতীয় অধ্যায়ে প্রজাপতির মিমিক্রি বা অনুকরণের উদাহরণে, এটাই ঠিক ঘটে, কিন্তু ‘ইএসএস’-এর ধারণার শক্তি হচ্ছে এটা এখন আমাদের দেখতে সক্ষম করে তুলেছে, কিভাবে একই ধরনের ফলাফল বিশুদ্ধভাবে স্বাধীন জিনের স্তরে অর্জন করা যেতে পারে। একই ক্রোমোজোমে জিনদের সংযুক্ত থাকতে হবে এমন কোনো আবশ্যিকতা নেই।
নৌকাবাইচের অনুরুপ উদাহরণ আসলেই এই ধারণাটি ব্যাখ্যা করতে যথেষ্ট নয়। এর সবচে নিকটবর্তী যে তুলনায় আমরা আসতে পারি সেটি হচ্ছে, ধরুন খুবই গুরুত্বপূর্ণ যে, সত্যিকারের কোনো সফল নৌকাবাইচ দলের সদস্যরা তাদের ভাষা ব্যবহার করে কাজ সুসমন্বয় করে, আরো খানিকটা ভাবুন যে, কোনো একটি নৌকা চালকদের পুল বা সমষ্টি, যেখান থেকে কোচ সবচেয়ে আদর্শ টিমটি নির্বাচন করতে পারবেন, তারা কেউ শুধু ইংরেজী ভাষায় কথা বলে, আর কেউ কেউ শুধু জার্মান ভাষা জানেন। ইংরেজীভাষীরা জার্মানভাষীদের চেয়ে নিয়মমাফিকভাবে খারাপ নৌকাচালকও না আবার ভালো নৌকাচালকও না। কিন্তু যোগাযোগের গুরুত্বপূর্ণ ভূমিকার কারণে শুধু ইংরেজীভাষী অথবা শুধু জার্মানভাষী দলের চেয়ে মিশ্র ভাষাভাষীদের দল অপেক্ষাকৃত কম প্রতিযোগিতায় বিজয়ী হয়।
কোচ বিষয়টি অনুধাবন করেননি, তিনি যেটা করেন তাহলে প্রতিটি দলের সদস্যদের বহু বার অদল বদল করেন, এবং প্রতিবার বিজয়ী নৌকার দলের প্রতিটি সদস্যদের জন্য ক্রেডিট পয়েন্ট” দেবার ব্যবস্থা করেন, আর কম পয়েন্ট দেন সেই নৌকার দলের সবাইকে যারা হারছে। এখন যদি বাছাই করার জন্য যে খেলোয়াড়রা তার কাছে আছে, সেই পুলটি যদি ইংরেজী ভাষাভাষীরা প্রাধান্য বিস্তার করে থাকে, তাহলে কোনো একটি শুধু জার্মানভাষী যে সেই নৌকায় ওঠে, নৌকাটি হারার জন্য তার সম্ভাব্য ভূমিকা থাকতে পরে, কারণ সেখানে খেলোয়াড়দের পারস্পরিক সংযোগ হোঁচট খাবে। এর বিপরীত, যদি সেই পুলে জার্মানভাষীদের প্রাধান্য থাকে, শুধু ইংরেজীভাষী কেউ তাদের একটি দলে থাকলে সে নিজেকে পরাজিতদের দলেই আবিষ্কার করবে। তবে সেরা টিম বাছাই করার জন্য কোচের খেলোয়াড় অদল বদল করার প্রক্রিয়ার শেষে সর্বোপরি সেরা দল হবে দুটি স্থিতিশীল অবস্থার যে কোনো একটি– বিশুদ্ধ ইংলিশ অথবা বিশুদ্ধ জার্মান, কিন্তু কোনো মিশ্রণ নয়। উপরিভাবে মনে হতে পারে যে যেন কোচ পুরো একই ভাষাভাষীদের গ্রুপ নির্বাচন করেছেন ‘একক ইউনিট হিসাবে’, কিন্তু তিনি সেটা করেননি। তিনি আলাদা আলাদাভাবে নৌকাচালকদের প্রতিযোগিতা জেতার ক্ষমতা বাছাই করার মাধ্যমে সেটি করেছেন। কিন্তু যেটা ঘটে সেটি হলো কোনো একজন একক সদস্যের প্রতিযোগিতায় জয়ী হবার প্রবণতা অন্য সদস্যদের উপর নির্ভর করে, সে উপস্থিত আছে সেই প্রার্থীদের পুলে। সংখ্যালঘু প্রার্থীরা স্বয়ংক্রিয়ভাবেই শাস্তি পায়, তারা যে খারাপ নৌকা চালায় সে কারণে না, বরং শুধুমাত্র তারা সংখ্যালঘু সে কারণে। একইভাবে, বাস্তব সত্য হচ্ছে যে জিনরা তাদের পারস্পরিক সুসংগতিপূর্ণতার কারণে নির্বাচিত হয়, আবশ্যিকভাবে তার মানে এমন নয় যে, আমাদের ভাবতে হবে যে, এক গ্রুপ জিন নির্বাচিত হয়েছে ইউনিট হিসাবে, যেমনটি হয় প্রজাপতির ক্ষেত্রে। একক জিন পর্যায়ে নীচু স্তরের নির্বাচন উঁচু পর্যায়ের নির্বাচনের ধারণা দিতে পারে।
এই উদাহরণে, নির্বাচন সাধারণ প্রথাগত নিয়ম মানাকে সহায়তা করে। আরো বিশেষভাবে, জিনরা নির্বাচিত হতে পারে কারণ তারা একে অপরের পরিপুরক। তুলনামূলক উদাহরণের ভাষায়, ধরুন কোনো একটি আদর্শ আর ভারসাম্যপুর্ণ দল হবে চার জন ডানহাতি ও চারজন বাহাতি সমন্বয়ে। আবারো মনে করুন যে কোচের এই সত্যটি সম্বন্ধে কোনো ধারণা নেই, তিনি অন্ধভাবে দলের সদস্য নির্বাচন করলেন শুধুমাত্র যোগ্যতার ভিত্তিতে, এখন যদি প্রার্থীদের পুলে প্রাধান্য বিস্তার করে ডান-হাতিরা, কোনো একজন বা-হাতির বাড়তি সুবিধা পাবার কথা, যে কোনো নৌকায় তার উপস্থিতি বিজয়ের সম্ভাবনা বাড়াবে এবং আপাতদৃষ্টিতে তাকে দক্ষ নৌকাচালক মনে হবে। এর বীপরিতে, যদি পুলে বা-হাতিরা প্রাধান্য বিস্তার করে, কোনো ডান-হাতির সেখানে বিশেষ সুবিধা পারে। এই কেসটি অনুরুপ কোনো ‘হকের ক্ষেত্রে যেমন, যে ভালো করে কোনো ‘ডোভ’ জনগোষ্ঠীতে এবং ‘ডোভ’ ভালো করে কোনো ‘হক’ জনগোষ্ঠীতে। পার্থক্যটা হচ্ছে সেখানে আমরা কথা বলছি একক শরীরগুলো ক্রিয়া-প্রতিক্রিয়াগুলো নিয়ে স্বার্থপর মেশিন– কিন্তু এখানে আমরা কথা বলছি, অনুরুপ তুলনামূলক উদাহরণ ব্যবহার করে, শরীরের মধ্যে থাকা জিনদের ক্রিয়া-প্রতিক্রিয়া নিয়ে।
