কোনো একটি জিনের জন্যে এর অ্যালিল হচ্ছে ভয়ঙ্কর প্রতিদ্বন্দ্বী। কিন্তু অন্য জিনরাও এর পরিবেশের একটি অংশ, তাপমাত্রা, খাদ্য, শিকারী প্রাণী অথবা সঙ্গীদের মতই। কোন জিনের প্রভাব কি হবে সেটি নির্ভর করে এর পরিবেশের উপর এবং সেখানে অন্যান্য জিনরাও অন্তর্ভুক্ত। কখনো কখনো কোনো একটি জিন প্রভাব ফেলতে পারে, নির্দিষ্ট অন্য একটি জিনের উপস্থিতিতে, এবং হয়তো এর সম্পূর্ণ ভিন্ন কোনো প্রভাব আছে অন্য আরেক সেট সঙ্গী জিনের উপস্থিতিতে। একটি শরীরের পুরো সেট জিন একধরনের জিনগত পরিবেশ বা প্রেক্ষাপট গঠন করে, যা কোনো একটি নির্দিষ্ট জিনের প্রভাব নিয়ন্ত্রণ ও পরিবর্তন করতে পারে।
কিন্তু এখন আমরা একটি ধাঁধার সম্মুখীন হয়েছি, কোনো একটি শিশু তৈরী করা যদি এত বেশী বিস্তারিত, সূক্ষ্ম আর জটিল সামগ্রিক প্রচেষ্টা হয়ে থাকে এবং প্রতিটি জিনের যদি আরো কয়েক হাজার সঙ্গী জিনের সাহায্য দরকার হয় তার কাজটি শেষ করার জন্য, তাহলে আমার বর্ণিত অবিভাজ্য জিনের ধারণার সাথে কিভাবে আমরা এই বিষয়টির সামঞ্জস্য করতে পারি, যে জিনগুলো অমর ‘শামোয়া’ হরিণের মত এক শরীর থেকে লাফিয়ে অন্য আরেকটি শরীরে যুগের পর যুগ টিকে থাকে: জীবনের সেই স্বাধীন, বন্ধনমুক্ত স্বার্থপর এজেন্টটি? এসবই কি তাহলে অর্থহীন পুরোপুরি? মোটেও না, আমি হয়তো একটু বেশী আলঙ্কারিক বর্ণনায় নিজেকে প্রসঙ্গচ্যুত করে ফেলেছিলাম, কিন্তু আমি অর্থহীন কিছু বলিনি এবং আসলেই এখানে কোনো সত্যিকারের ধাঁধা নেই। আমরা আরো একটি তুলনামূলক উদাহরণ দিয়ে এটি ব্যাখ্যা করতে পারি।
একজন নৌকাচালকের একক প্রচেষ্টায় অক্সফোর্ড আর কেমব্রিজ নৌকা বাইচ প্রতিযোগিতায় জেতা অসম্ভব। তার সাথে দাঁড় টানার জন্য আরো আট জন সহকর্মীর দরকার হয়। যারা প্রত্যেকেই বিশেষজ্ঞ, নৌকার একটি নির্দিষ্ট স্থানে তারা সবসময় বসেন– বোবা স্ট্রোক বা কক্স ইত্যাদি। নৌকা বাওয়া একটি সম্মিলিত উদ্যোগ, কিন্তু কিছু মানুষ তাসত্ত্বেও অন্যদের চেয়ে এই কাজটিতে বেশী দক্ষ। ধরুন একজন কোচ বেশ কিছু সম্ভাব্য প্রার্থী থেকে তার আদর্শ নৌকা বাইচ দলটি নির্বাচন করবেন, কেউ বিশেষজ্ঞ হয়তো ‘বো’ অবস্থানে, অন্য কেউ ভালো ‘কক্স’ হিসাবে ইত্যাদি। ধরুন সে তার নির্বাচনটি করছে একরমভাবে, প্রতিদিন তিনি তিনজন করে নতুন পরীক্ষামূলক সদস্য বাছাই করেন, ইচ্ছামত নানা বিন্যাসে প্রতিটি অবস্থানের জন্য প্রার্থীদের জায়গা অদল বদল করে, তিনি তিনটি দলকে একে অপরের সাথে পরীক্ষামূলক একটি প্রতিযোগিতার ব্যবস্থা করেন। এভাবে কয়েক সপ্তাহ পর ধীরে ধীরে দেখা যাবে যে প্রতিবারই যে নৌকাটা জিতছে, সেটি চালিয়েছে একই সদস্যদের নিয়ে তৈরী একটি দল। তাদের চিহ্নিত করা হয় ভালো নৌকা চালক হিসাবে। অন্যান্য সদস্যরা দেখা যাবে প্রতিবারই তারা স্বল্পগতির টীমের সাথেই আছে, এবং অবশেষে টীম থেকে বাদ দেয়া হয় তাদের। কিন্তু এমনকি কখনো অসাধারণ কোনো নৌকা চালাতে পারে এমন কেউ ধীর গতি টীমেও থাকতে পারে, হয়তো তার অন্যান্য দলীয় সদস্যদের দুর্বলতার কারণে কিংবা শুধুমাত্র খারাপ ভাগ্যের জন্য– ধরুন, বীপারতমুখী প্রতিকুল বাতাস। শুধুমাত্র ‘গড়পড়তা’ সেরা নৌকা চালকরা বিজয়ী নৌকাটিতে থাকে।
নৌকা চালকরা হচ্ছে জিন; নৌকায় প্রতিটি সীটের জন্য প্রতিদ্বন্দিরা হচ্ছে অ্যালিল, ক্রোমোজোমের একই জায়গা দখল করার জন্যে যাদের সম্ভাবনাময় যোগ্যতা আছে। দ্রুত নৌকা চালানোর ক্ষমতার এই উদাহরণের সাথে এমন ধরনের শরীর তৈরী করার সাথে তুলনা করা যেতে পারে, যারা টিকে থাকার জন্য সফল। বাতাস হচ্ছে। বাইরের পরিবেশ, এবং পানি পূর্ণ পুলটি হচ্ছে জিন পুলের বিকল্প দাবিদার। যতদুর কোনো একটি শরীরের টিকে থাকার প্রশ্ন, সব জিনই একই নৌকায় আসীন। অনেক ভালো জিন খারাপ সঙ্গী পায় এবং এমন কোনো জিনের সাথে তারা নিজেদের আবিষ্কার করে, শরীরের জন্যে যারা ভয়ঙ্কর ক্ষতিকারক হতে পারে, যারা শৈশবেই শরীরকে হত্যা করে, তখন ভালো জিনটিও সেই খারাপ জিনের সাথেই হারিয়ে যায়। কিন্তু এটি একটি মাত্র শরীর এবং একই ভালো জিনের অনুলিপি অন্য শরীরেও বাস করে যার সেই ক্ষতিকর প্রাণনাশী জিনটি নেই। ভালো জিনের বহু কপি হারিয়ে যায় কারণ তারা ঘটনাচক্রে ক্ষতিকর কোনো জিনের সাথে শরীরে বাস করে বা আরো নানা ধরনের দুর্ভাগ্যের কারণে তারা হারিয়ে যায়, যেমন, ধরুন হয়তো তাদের শরীর বজ্রাহত হলো। কিন্তু ভাগ্য এর সংজ্ঞানুযায়ী, খারাপ কিংবা ভালো, কোনো পরিকল্পনা ছাড়াই আঘাত হানতে পারে এবং একটি জিন যেটি সারাক্ষণই পরাজিত পক্ষে থাকে, সেটি দুর্ভাগা কোনো জিন নয়, এটি একটি খারাপ জিন।
ভালো নৌকা বাইচ দলের কোনো সদস্যের একটি গুণ অবশ্যই ‘টিমওয়ার্ক’, অন্যদের সাথে একটি একক দল হিসাবে কাজের সমন্বয় করতে পারার দক্ষতা, বাকী সদস্যদের সাথে সহজেই সহযোগিতা আর খাপ খাইয়ে নেবার যোগ্যতা। এটি হয়তো শক্তিশালী মাংসপেশী থাকার মতই গুরুত্বপূর্ণ হতে পারে। প্রজাপতির ক্ষেত্রে আমরা যেমন দেখেছি, প্রাকৃতিক নির্বাচন তার নৈর্ব্যক্তিক অচেতন প্রক্রিয়া, যা কোনো একটি জিন কমপ্লেক্সকে ‘সম্পাদিত’ করে ইনভারশন বা ক্রোমোজোমের টুকরো অংশকে ব্যাপক নাড়াচাড়া করার মাধ্যমে। যার ফলে সেই জিনগুলো কাছাকাছি চলে আসে যারা পরস্পরের সাথে ভালো সহযোগিতা করতে পারে, এবং খুব ঘনিষ্ঠ সম্পর্কযুক্ত কোনো গ্রুপ হিসাবে কাজ করে। কিন্তু আরো একটি অর্থ আছে, যেখানে জিনরা, যারা কোনোভাবে পরস্পরের সাথে শারীরিকভাবে যুক্ত নয় তবে তারা নির্বাচিত হতে পারে তাদের পারস্পরিক সামঞ্জস্যপূর্ণ উপযোগিতার কারণে। একটি জিন যা অন্য সব জিনের সাথে ভালোভাবে সহযোগিতা করে, ধারাবাহিকভাবে আসা শরীরে যাদের সাথে তাদের দেখা হয়, যেমন, বাকী পুরো জিনপুলে থাকা অন্য সব জিনদের সাথে, তাদের বাড়তি সুবিধা পাবার প্রবণতা আছে।
