ওয়েইন-এডওয়ার্ডসের উত্তর খুব স্পষ্ট। গ্রুপ’ সিলেকশন টিকে থাকার জন্য সেই সব গ্রুপদের সাহায্য করে, যেখানে স্ত্রী সদস্যরা জনসংখ্যার পরিমাপ বুঝতে পারে ও তারা তাদের জন্মহার সেই অনুসারে ঠিক করে নেয় এমনভাবে যেন খাদ্য সরবরাহ অতিমাত্রায় ব্যবহৃত না হয়। সেই পরীক্ষার একটি শর্ত ঘটনাচক্রে ছিল, খাদ্য সরবরাহর কোনো ঘাটতি থাকবে না সেখানে, কিন্তু ইঁদুরদের সেটা অনুধাবন করতে পারে এমন প্রত্যাশা করা যেতে পারে না। তারা বন্য পরিবেশ বেঁচে থাকবার মত করেই প্রোগ্রাম করা এবং খুবই সম্ভাবনা আছে যে কোনো প্রাকৃতিক পরিবেশে জনসংখ্যার বাহুল্য ও ঘনবসতি ভবিষ্যতে সম্ভাব্য দুর্ভিক্ষের নির্ভরযোগ্য একটি সূচক।
স্বার্থপর জিন তত্ত্ব তাহলে কি বলবে? প্রায় ঠিক একই কথাই, তবে একটি গুরুত্বপূর্ণ পার্থক্যসহ। আপনি হয়তো মনে করতে পারবেন যে ল্যাকের প্রস্তাবনায়, প্রাণীদের নিজেদের স্বার্থপর দৃষ্টিভঙ্গি অনুযায়ী একটি আদর্শ সন্তান সংখ্যা থাকে। তারা যদি খুব কম বা খুব বেশী পরিমান সন্তান ধারণ করে, পরিশেষে দেখা যায় তারা আসলেই কম সংখ্যক সন্তানকে প্রতিপালন করতে পারে, তবে পরিস্থিতিটি তাদের জন্য সবচেয়ে ভালো হয় যদি তারা সেই সঠিক সুবিধাজনক সংখ্যাটিতে পৌঁছাতে পারে। এখন এই ‘ঠিক সেই সঠিক সংখ্যাটির ক্ষুদ্রতর কোনো সংখ্যা হবার কথা যখন সেই বছরে জনসংখ্যার ঘনবসতি হয়, যদি তুলনা করা হয় অন্য বছরগুলোর সাথে যখন জনসংখ্যা ঘনত্ব কম থাকে। আমরা ইতিমধ্যেই একমত হয়েছি যে জনসংখ্যার অতিরিক্ত ঘনত্ব সম্ভাব্য দুর্ভিক্ষের ইঙ্গিত করে। অবশ্যই যদি কোনো স্ত্রী সদস্যকে বিশ্বাসযোগ্য কোনো প্রমাণ দেখানো যায় যে দুর্ভিক্ষ আসন্ন বা প্রত্যাশা করা হচ্ছে, তাহলে তাদের নিজের সন্তান উৎপাদনের হার হ্রাস করার মধ্যে নিজস্ব একটি স্বার্থপর উদ্দেশ্য আছে আর প্রতিদ্বন্দ্বীরা যারা এই সতর্ক সংকেতের প্রতি কোনো প্রতিক্রিয়া প্রদর্শন করে না, পরিশেষে তারা আসলেই কম সংখ্যক সন্তানকে প্রতিপালন করার সুযোগ পায়, এমনকি যখন কিনা তারা বেশী সংখ্যক সন্তানের জন্ম দিচ্ছে। সেকারণে আমরা ওয়েইন-এডওয়ার্ডসের মত প্রায় একই উপসংহারে উপনীত হই, কিন্তু আমরা সেখানে সম্পূর্ণ ভিন্ন ধরনের বিবর্তনীয় যুক্তি প্রক্রিয়ার মধ্য দিয়ে পৌঁছাই।
স্বার্থপর জিন তত্ত্বের কোনো এমনকি ‘এপিডাইকটিক’ প্রদর্শনীর সাথে সমস্যা নেই। আপনি মনে করতে পারবেন যে ওয়েইন এডওয়ার্ডস তার হাইপোথিসিসে প্রস্তাব করেছিলেন যে প্রাণীরা সুপরিকল্পিতভাবে বড় জমায়েত হিসাবে নিজেদের প্রদর্শন করে, এবং তার উদ্দেশ্য হচ্ছে সব সদস্যরা তাদের জনসংখ্যার আকার সম্বন্ধে একটি ধারণা বা শুমারী তথ্য জানতে পারে এবং সেটার সাথে সামঞ্জস্যতা রেখে তারা তাদের জন্ম হার নিয়ন্ত্রণ করে। এমন কোনো সরাসরি প্রমাণ নেই যে এই ধরনের কোনো জমায়েত আসলেই এপিডাইকটিক, কিন্তু শুধু ভাবুন এমন কিছু প্রমাণ পাওয়া গেলো। তাহলে কি স্বার্থপর জিন তত্ত্বটি বিব্রত হতে পারে? এক ফোটাও নয়।
স্টারলিং পাখিরা একসাথে একটি বিশাল বড় সংখ্যায় বসবাস করে থাকে। ধরুন গবেষণা প্রমাণ করলো যে শীতের সময় ঘনবসতি পরবর্তী বসন্তে শুধুমাত্র উর্বরতার হারই কমিয়ে দিচ্ছে না, এছাড়াও এমন কিছু ঘটার প্রত্যক্ষ কারণ হচ্ছে ‘পাখিদের পরস্পরের ডাক শুনতে পারা’। এটি হয়তোবা পরীক্ষামূলকভাবে প্রদর্শন করা যেতে পারে, যেকোনো সদস্যদের উচ্চ স্বরে আর বহু সংখ্যক স্টারলিং এর আওয়াজ টেপ রেকর্ডিং যদি শোনানো যায় তারা কম সংখ্যক ডিম পারে, যাদের আরো শান্ত আর কম সংখ্যক পাখিদের ডাকের রেকর্ডিং শোনানো হয়, তাদের তুলনায়। সংজ্ঞানুযায়ী এটি ইঙ্গিত দেয় স্টারলিং পাখিদের ডাক একধরনের ‘এপিডাইকটিক’ প্রদর্শনীর সমতুল্য। স্বার্থপর জিন তত্ত্ব এটি একইভাবে ব্যাখ্যা করবে যেমন করে ইঁদুরদের ক্ষেত্রে এটি ব্যাখ্যা করেছে।
আবারো, আমরা শুরু করেছি সেই ধারণা নিয়ে যে ভরণ-পোষণের সামর্থের বাইরে পরিবারের কোনো আকারের জন্য জিনটি স্বয়ংক্রিয়ভাবে শাস্তি পাবে প্রাকৃতিক নির্বাচনের দ্বারা এবং ফলশ্রুতিতে জিনপুলে তাদের সংখ্যা কমে আসবে। কোনো একটি দক্ষ ডিম পাড়া পাখির একটি কাজ হচ্ছে আগেই থেকেই ধারণা করা তার জন্য সর্বোত্তম আদর্শ ক্লাচ সাইজটি কেমন হবে। এবং এ ধারণাটি একজন স্বার্থপর প্রজাতি সদস্য হিসাবে সে করবে, আসন্ন প্রজনন ঋতুর জন্য। অধ্যায় ৪ থেকে আপনি হয়তো মনে করতে পারবেন আমরা একটি বিশেষ অর্থে এই ভবিষ্যদ্বাণী বা পূর্বধারণাটি ব্যবহার করছি। কিন্তু কিভাবে একজন স্ত্রী পাখি তার জন্য উপযুক্ত হতে পারে এমন একটি ক্লাচ সাইজের সংখ্যা অনুমান করতে পারে? কোন নিয়ামকগুলোর তার এই সিদ্ধান্তগুলোকে প্রভাবিত করা উচিৎ? হতে পারে যে বহু প্রজাতির কোনো না কোনো একটি স্থির ভবিষ্যদ্বাণী করে, যা বছর প্রতি পরিবর্তিত হয়না। এভাবে গড়পড়তা কোনো একটি গ্যানেটের জন্য আদর্শ ক্লাচ সাইজ হচ্ছে, এক। খুবই সম্ভব যে কোনো একটি বছরে যখন খাদ্য হিসাবে মাছের সহজপ্রাপ্যতা বিশেষভাবে ভালো ছিল, তখন হয়তো সত্যিকারের আদর্শ ক্লাচ সাইজ সাময়িকভাবে বৃদ্ধি পেয়ে হতে পারে দুটি ডিম। যদি গ্যানেটদের পক্ষে কোনভাবে আগে থেকে জানার উপায় না থাকে যে কোনো একটি বিশেষ বছর খাদ্য সরবরাহের দিক থেকে কি তাদের অনুকূলে থাকবে কিনা, তখন আমরা আশাও করতে পারিনা যে স্ত্রী সদস্যরা তাদের সীমিত সম্পদ নষ্ট করার ঝুঁকি নেবে দুটি ডিম পেড়ে, যখন এটি গড়পড়তা বছরে তাদের প্রজনন সাফল্য হ্রাস করবে।
