এ বিষয়ে জেভার্ত যা দু-চারটে কথা বলেছিল তার থেকে বোঝা যায় সে মঁসিয়ে ম্যালেনের পূর্বজীবনের অনেক খোঁজ-খবর পেয়েছে, সে কোথায় কী কী করেছে, তা সে জানতে পেরেছে। এক দূর গ্রামাঞ্চলের যে একটি পরিবার অন্যত্র চলে যায় সেই পরিবার সম্বন্ধে অন্য একজন খোঁজ-খবর নিচ্ছে। জেভার্ত একদিন নিজের মনেই বলে ওঠে, এইবার বলছি তাকে।
কিন্তু এরপরই সে নীরব হয়ে যায় একেবারে। তার থেকে মনে হয় সন্ধানের যে সুতোটা সে খুঁজে পেয়েছিল সে সুতোটা হঠাৎ ছিঁড়ে গেছে।
কোনও মানুষের স্বভাব বা প্রবৃত্তি কখনও অভ্রান্ত হতে পারে না একেবারে। সে যত সতর্কভাবেই চলুক না কেন, কখনও কখনও সে অসতর্ক হয়ে পড়বেই। মঁসিয়ে ম্যালেনের মধ্যে শান্ত ভাব দেখে জেভার্ত হতবুদ্ধি হয়ে যেত। ম্যালেনের ব্যাপারে সে যে এত খোঁজ-খবর নিচ্ছে তা সে তাকে ঘুণাক্ষরেও জানতে বা বুঝতে দিত না। কিন্তু কোনও একদিনের ঘটনায় সে এমন একটা আচরণ করে ফেলল যাতে সে নিজেই মঁসিয়ে ম্যালেনের দৃষ্টি আকর্ষণ করে ফেলল।
.
৬
একদিন শহরের একদিকে একটা কাঁচা পথ দিয়ে যেতে যেতে হঠাৎ একটা গোলমাল শুনতে পেল ম্যাদলেন। দেখল এক জায়গায় একদল লোক জড়ো হয়েছে। এগিয়ে গিয়ে ম্যাদলেন দেখল পিয়ের ফকেলেভেন্ত নামে একজন লোকের গাড়ির ঘোড়াটা পড়ে যাওয়ায় সে নিজে গাড়ির তলায় চাপা পড়ে গেছে।
পিয়ের ফকেলেভেন্ত ছিল সেইসব লোকের একজন যারা তখনও পর্যন্ত ম্যাদলেনকে বন্ধুভাবে গ্রহণ করতে পারেনি বা তার সঙ্গে পরিচিত হয়ে ওঠেনি। সে অল্প লেখাপড়া শিখে দলিল নকলের কাজ করত। কিন্তু ম্যাদলেন যখন এ অঞ্চলে আসে তখন ফকেলেভেন্তের কারবার খারাপের দিকে যেতে থাকে। ফকেলেভেন্তু যখন দেখল তার চোখের সামনে কারবার করতে করতে ম্যাদলেন ফুলে উঠল, তার কারখানায় কত লোক কাজ করে ভালো বেতন পেতে লাগল তখন অবস্থা খারাপ হয়ে যাওয়ায় মাদলেনের ওপর দারুণ ঈর্ষা অনুভব করতে লাগল সে। অথচ সে শ্রমিকের কাজও করতে পারত না, কারণ তখন তার বয়স হয়েছিল এবং সে শক্তি তার ছিল না। বাড়িতে অবশ্য তার ছেলে-পরিবার কেউ ছিল না। তার একটা ঘোড়া আর একটা গাড়ি ছিল। অন্য কোনও উপায় না দেখে ফকেলেভেন্ত ঘোড়ার গাড়িটা বার করে ভাড়া খাটাতে লাগল। এর পর মাল বয়ে বেড়াত।
ঘোড়াটার পেছনে পা দুটো ভেঙে যায়। সে আর উঠতে পারবে না। ফকেলেভেন্ত গাড়ির তলায় এমনভাবে চাপা পড়ে যায় যে গাড়ির সমস্ত ভারটা তার বুকের উপর পড়ল। কারণ গাড়ির চাকাগুলো কাদার মধ্যে ডুবে যাচ্ছিল ক্রমশ। গাড়ির তলা থেকে ফকেলেভেন্তকে টেনে বার করার অনেক চেষ্টা করা হয়। কিন্তু করা যায়নি। জেভার্তও ঘটনাস্থলে গিয়ে পড়ে। সে গাড়িটা কেটে ফকেলেভেন্তকে বার করার জন্য একটা কর্মকারকে ডেকে পাঠায়।
এমন সময় ম্যাদলেন সেখানে যেতে সকলে সম্ভ্রমভরে সরে গিয়ে তার জন্য পথ করে দিতে লাগল। ম্যাদলেন জানত, কর্মকারকে ডাকতে যাওয়া হয়েছে। কিন্তু তার আসতে পনেরো মিনিট সময় লাগবে।
আগের দিন জোর বৃষ্টি হওয়ায় মাটি ভিজে ছিল। তাই গাড়ির চাকাগুলো ক্রমশই বসে যাচ্ছিল। ফলে ফকেলেভেন্তের বুকের উপর বেশি করে চাপ পড়ছিল। আরও কিছুক্ষণ দেরি হলে তার বুকের পাঁজরগুলো ভেঙে যাবে।
ম্যাদলেন বলল, পনেরো মিনিট, অনেক সময়।
একজন বলল, কিন্তু কোনও উপায় নেই।
ম্যাদলেন ভিড় করা জনতার দিকে তাকিয়ে বলল, এমন কেউ নেই যে গাড়ির তলায় ঢুকে পিঠ দিয়ে গাড়িটা তুলে ধরবে? তা হলে সহজেই ফকেলেভেন্ত বেরিয়ে আসতে পারবে। আমি তা হলে তাকে পাঁচ লুই দেব।
কিন্তু কেউ এগিয়ে এল না ভিড়ের মধ্য থেকে।
ম্যাদলেন বলল, দশ লুই দেব। ভিড়ের মধ্য থেকে একজন বলল, এর তলায় যে ঢুকবে তাকে শয়তানের মতো শক্তিমান হতে হবে।
তা না হলে সে নিজেই চাপা পড়ে মরবে।
ম্যাদলেন বলল, কুড়ি লুই দেব।
তবু কেউ এগিয়ে এল না।
ম্যাদলেন এবার জেভার্তকে দেখতে পেল। এতক্ষণ তার নজর যায়নি সেদিকে।
জেভার্ত বলল, প্রচুর শক্তির দরকার। একটা বোঝাই করা গাড়ি পিঠ দিয়ে তোলা সহজ ব্যাপার নয়।
ম্যাদলেনের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে জেতার্ত কুটিলভাবে বলল, আমি মাত্র একজনকে জানি মঁসিয়ে ম্যাদলেন, যে এটা করতে পারে। সে ছিল একদিন কয়েদি।
ম্যাদলেন আশ্চর্য হয়ে বলল, তাই নাকি?
জেভার্ত বলল, হ্যাঁ, সে ছিল তুলোঁর জেলখানায়।
ম্যালেনের মুখখানা ম্লান হয়ে গেল।
এদিকে গাড়ির চাকাগুলো আরও বসে যাচ্ছিল। ফকেলেভেন্তু যন্ত্রণায় চিৎকার করতে করতে বলছিল, আমাকে বাঁচাও, আমার বুকের পাঁজরগুলো ভেঙে যাচ্ছে। আমার শাসরোধ হয়ে আসছে।
ম্যাদলেন আবার একবার ভিড়ের দিকে তাকিয়ে বলল, কুড়ি লুই-এর বিনিময়েও কেউ এই লোকটিকে বাঁচাবার জন্য একবার চেষ্টা করবে না?
জেভার্ত বলল, আমি যার কথা বললাম একমাত্র সে-ই পারে।
ম্যাদলেন ইতস্তত করতে লাগল। সে একবার জেভার্তের শকুনিসুলভ চোখের দিকে আর একবার স্তব্ধ জনতার দিকে তাকাল। তার পর নিজেই গাড়ির তলায় ঢুকে পড়ল।
ম্যাদলেন প্রথমে কনুই-এর ভর দিয়ে উপুড় হয়ে দুবার চেষ্টা করে ব্যর্থ হল। বাইরে থেকে একদল লোক বলল, পিয়ের ম্যাদলেন, চলে এস ওখান থেকে।
ভেতর থেকে ফকেলেভেন্তও বলল, চলে যান মঁসিয়ে ম্যাদলেন, আমি আর বাঁচব না, আপনি চলে যান। আপনিও মারা যাবেন।
