এমন সময় তারা দ্রুতগতিসম্পন্ন পাখা বিস্তার করে চেরাবিম জাতীয় দেবদূত জেফিয়েলকে উড়ে আসতে দেখল তাদের দিকে। মাঝপথে এসে শূন্য থেকে সে তাদের বলল, যোদ্ধারা অস্ত্র ধারণ করো। যুদ্ধের জন্য প্রস্তুত হও। যে শত্রুরা পালিয়ে গেছে ভেবেছিলাম সে সব শত্রুরা ঠিকই আছে, তাদের আর সন্ধান করতে হবে না কষ্ট করে। আমি তাদের মুখে দেখেছি এক বিষাদগম্ভীর সংকল্প আর দৃঢ় আত্মপ্রত্যয়ের ছাপ। সুতরাং তোমরা প্রত্যেকে বর্ম পরিধান করো, শিরস্ত্রাণ নাও মাথায় আর বাণগুলি শক্ত করে ধর। সে বাণগুলিকে উর্ধ্বে তুলে ধর। কারণ আমি বুঝতে পেরেছি আজ কোন গুঁড়িগুড়ি তীরবৃষ্টি নয়, আজ জ্বলন্ত তীরের ঝড় বয়ে যাবে।
এই বলে তার দলের সেনাবাহিনীকে সতর্ক করে দিল জেফিয়েল। সচেতন করে দিল তাদের কর্তব্যকর্ম সম্বন্ধে। দেবসেনাবাহিনীও সর্বতোভাবে প্রস্তুত হয়ে অগ্রসর হতে লাগল। অবিলম্বে তারা দেখল এক বিশাল শত্রুবাহিনী দ্রুতগতিতে এগিয়ে আসছে। সেই বিশাল বাহিনী তাদের মধ্যে নবোদ্ভাবিত আগ্নেয়াস্ত্রগুলিকে এমনভাবে ঢেকে আনছিল যাতে অপরপক্ষ দেখতে না পায়।
অগ্রসরমান শত্রুবাহিনী হঠাৎ থেমে গেল কিছুক্ষণের জন্য। তখন শয়তানরাজ তাদের সামনে এসে তাদের সম্বোধন করে বলতে লাগল, তোমরা ডাইনে-বাঁয়ে সরে গিয়ে মাঝখানটা ফাঁক করে দাও। যারা আমাদের ঘৃণা করে তারা দেখুক কি ধরনের শান্তি চাই আমরা। তাদের অভ্যর্থনা জানাবার জন্য প্রস্তুত হও। এবার এমনভাবে আমাদের আবিষ্কৃত আগ্নেয়াস্ত্রগুলি ছাড় যাতে ঈশ্বর নিজে তা দেখতে পান, যাতে সকলে তার আওয়াজ শুনতে পায়।
শয়তানের এইসব দ্ব্যর্থবোধক কথাগুলি শেষ হতে না হতেই তার সেনাদল দুভাবে বিভক্ত হয়ে ডাইনে-বাঁয়ে দুটি বিশেষ স্তম্ভের মত দাঁড়াল। মাঝখানটা ফঁক রইল। সৈন্যদের প্রত্যেকের হাতে ছিল একটি করে আগ্নেয়াস্ত্র অর্থাৎ অগ্নিময় বাণ। আমরা তা দেখে আশ্চর্যান্বিত হয়ে গেলাম। এরপর তারা সেই সব বাণ নিক্ষেপ করতে লাগল আমাদের লক্ষ্য করে। সহসা ধূমপরিবৃত জ্বলন্ত অগ্নিশিখায় আকাশ আচ্ছন্ন হয়ে গেল। তার থেকে নিঃসৃত গম্ভীর গর্জনে বিদীর্ণ হয়ে যেতে লাগল বিশুদ্ধ বায়ুস্তর। আমাদের নাড়িভূঁড়ি যেন ছিঁড়ে যেতে লাগল। বজ্র হতে নির্গত অগ্নিময় লৌহগোলকের মত অস্ত্রগুলি বিজেতা সৈন্যদলের উপর নিক্ষিপ্ত হতে লাগল। সেগুলি এমন ভয়ঙ্কর জোরের সঙ্গে আঘাত হানতে লাগল যে সে আঘাত পাবার সঙ্গে সঙ্গে কেউ দাঁড়াতে পারছিল না পায়ের উপর ভর দিয়ে। হাজার হাজার আমাদের দেবদূতসেনা পড়ে যেতে লাগল।
আমাদের অস্ত্রগুলি সব যেন বিকল হয়ে গেল। অস্ত্র থেকেও আমরা নিরস্ত্র হয়ে উঠলাম। আমরা যেন কি করব তা ভেবে পেলাম না। আমাদের সেনাদল যদি এইসব সত্ত্বেও এগিয়ে যায় তাহলে তাদের আবার ফিরে আসতে হবে। কারণ তাদের সেইসব ভয়ঙ্কর আগ্নেয়াস্ত্রের সামনে দাঁড়াতে পারবে না তারা। তারা তাহলে হাস্যাস্পদ হয়ে উঠবে শত্রুদের সামনে। দ্বিগুণ বেড়ে যাবে তাদের লজ্জা। কারণ দ্বিতীয় পর্যায়ে আর একঝাক সেই আগ্নেয়াস্ত্র যোগানোর জন্য প্রস্তুত হয়েছিল আর একটি দল।
শয়তান যখন আমাদের অবস্থা দেখে উপহাস করে তার দলের সেনাদের বলতে লাগল, বন্ধুগণ, ঐ সব দর্পিত বিজেতা সেনাদলের উপর ঝাঁপিয়ে পড়ছ না কেন? আমরা তো ওদের উন্মুক্ত বক্ষে খোলা মন নিয়ে আহ্বান জানাচ্ছি। তবু ওরা কেন পিছিয়ে যাচ্ছে এবং পালাচ্ছে? ওরা দাঁড়াতে পারছে না, টলছে। যেন মনে হচ্ছে আমাদের শক্তির নমুনা দেখে আনন্দে উন্মত্ত হয়ে নৃত্য করছে। আমার মনে হচ্ছে আমাদের এই শান্তির প্রস্তাব যদি দ্বিতীয়বার ওরা শুনতে পায় তাহলে তার ফল খুব শীঘ্রই পাওয়া যাবে।
তখন বিলায়েল নামে ওদের এক সেনা তেমনি বিদ্রুপাত্মক স্বরে বলল, হে আমাদের প্রিয় নেতা, আমরা আমাদের শান্তিচুক্তির যে শর্তাবলী পাঠিয়েছিলাম তা যেমনি ভয়ঙ্কর তেমনি জ্বালাময়। তা সহ্য করতে না পেরে অনেকে পড়ে যায়। সেগুলি যাদের উপর পড়ে তাদের পা থেকে মাথা পর্যন্ত হাড়ে হাড়ে বুঝতে পারবে।
এইভাবে শত্রুরা আনন্দ করতে লাগল। তাদের জয় সম্বন্ধে আর কোন সন্দেহ রইল না তাদের মনে। অনেক উর্ধ্বে উঠে গেল তাদের চিন্তা। তারা বুঝতে পারল যে অস্ত্র তারা আবিষ্কার করেছে তা সর্বশক্তিমান ঈশ্বরের শক্তির সমতুল। শুধু সমতুল নয়, আরও বড়। তারা ঈশ্বরের অমোঘ বজ্ৰাস্ত্রকেও হার মানিয়ে দিয়ে তাকে হাস্যাস্পদ করে তুলবে।
এইভাবে আমাদের সেনাদল শত্রুদের উপহাসের পাত্র হয়ে কিছুক্ষণ বিহ্বল হয়ে দাঁড়িয়ে রইল। কিন্তু বেশিক্ষণ দাঁড়িয়ে থাকল না। প্রচণ্ড ক্রোধ ও অপমানের জ্বালায় তারা অবশেষে শত্রুদের প্রতিরোধ করার মত এক অস্ত্র খুঁজে পেল। সর্বশক্তিমান ঈশ্বর তার দেবসেনাদের মধ্যে সহসা এক বিস্ময়কর শক্তি সঞ্চারিত করলেন।
আমাদের সেনারা তখন তাদের নিজেদের অস্ত্র ছুঁড়ে ফেলে দিয়ে যে পাহাড়ের উপর তারা দাঁড়িয়ে ছিল সেই পাহাড়ের পাথরগুলোকে হাতে তুলে এনে ছুঁড়তে লাগল শত্রুদের লক্ষ্য করে।
বিদ্রোহী সেনারা ভয় পেয়ে গেল। তারা ভয়ে ভয়ে এগিয়ে এসে দেখল শত্রুরা পাথর তুলতে তুলতে গোটা পাহাড়টাকে যেন তার তলদেশ সমেত উপড়ে ফেলছে। ক্রমাগত পাথর বর্ষণের ফলে তাদের আগ্নেয়াস্ত্রগুলো সব বিকল হয়ে যাচ্ছে পাথরের চাপে। তাদের সমস্ত আত্মবিশ্বাস সেই সব পাথরের চাপে নিষ্পেষিত হয়ে যেতে লাগলো, প্রপীড়িত হতে লাগলো সশস্ত্র বিদ্রোহী সেনার দল।
