সংক্রমণ বা উত্তরণের প্রণালী
পরীক্ষা বা যুক্তির সাহায্যে যদি প্রমাণ করা যেতে পারত যে একটি জটিল অঙ্গ, অসংখ্য ধারাবাহিক ও অল্প রূপান্তরগুলির দ্বারা সম্ভবতঃ সৃষ্টি হয়নি, তাহলে আমার তত্ত্বটি সম্পূর্ণ ভেঙ্গে পড়ত। কিন্তু এরকম কোন ঘটনা আমি লক্ষ্য করিনি। নিঃসন্দেহে এমন অনেক অঙ্গ আছে যাদের সংক্রমণগত ধাপগুলি আমরা জানি না। আরও বিশেষভাবে যদি আমরা অতি বিচ্ছিন্ন প্রজাতিদের দিকে লক্ষ্য করি, তাহলে দেখা যাবে আমরা তত্ত্বানুযায়ী তাদের কেন্দ্র করে অনেক বিলুপ্তির ঘটনা ঘটেছে। অথবা, একটি শ্রেণীর সমস্ত সদস্যদের কোন সাধারণ অঙ্গকে ধরা যায়, কারণ এক্ষেত্রে অঙ্গটি নিশ্চয়ই বহু অতীতে প্রথম সৃষ্ট হয়ে থাকবে, যখন থেকে শ্রেণীটির সমস্ত সদস্যরা বিকশিত হয়েছে; এবং অঙ্গটির দ্বারা অতিক্রান্ত সংক্রমণগত ধাপগুলি আবিষ্কার করার জন্য অতি আদিম পূর্বপুরুষীয় আকারগুলির দিকে লক্ষ্য করা উচিত, যারা বহু পূর্বে বিলুপ্ত হয়েছিল।
এ বিষয়ে কোন সিদ্ধান্তে আসতে আমাদের অতিশয় সতর্ক হতে হবে যে একটি অঙ্গ কোন প্রকারের সংক্রমণগত ধাপ দ্বারা সৃষ্টি হয়ে থাকতে পারে না। নিম্নতর প্রাণীদের ক্ষেত্রে এমন অসংখ্য উদাহরণ দেওয়া যেতে পারে, যেখানে একই অঙ্গ একই সময়ে সামগ্রিকভাবে ভিন্ন ভিন্ন কাজ সম্পাদন করে; এরূপে ড্রাগন মাছির লার্ভা ও কোবাইটেস মাছের পৌষ্টিক নালী শ্বাসপ্রশ্বাস নেয়, পরিপাক করে এবং মল নিঃসরণ করে। হাইড্রা প্রাণীটির, ভিতরের অংশ বের হয়ে আসতে পারে এবং তখন বাইরের পৃষ্ঠ পরিপাকক্রিয়া সম্পাদন করে ও পাকস্থলী শ্বাসপ্রশ্বাসের কাজ করে। এসব ক্ষেত্রে, যদি কোন সুফল বা উপকার অর্জিত হয়ে থাকে, তাহলে প্রাকৃতিক নির্বাচন সমগ্র অঙ্গটিকে বা তার কোন বিশেষ অংশকে শুধুমাত্র একটি প্রক্রিয়ার জন্য বিশিষ্ট করে থাকবে, যা আগের দুটি প্রক্রিয়ার বদলে একটি প্রক্রিয়া সম্পাদন করত; এবং এভাবে অজানা ধাপগুলি দ্বারা এর স্বভাবে অনেক বড় ধরনের পরিবর্তন হয়ে থাকবে। এমন অনেক উদ্ভিদ আছে যারা নিয়মিতভাবে একই সময়ে ভিন্ন গঠনের ফুল সৃষ্টি করে; এবং এসব উদ্ভিদরা যদি শুধুমাত্র একই প্রকার ফুল সৃষ্টি করত, তাহলে প্রজাতির চারিত্রিক বৈশিষ্ট্যে একটি বিরাট পরিবর্তন হঠাৎ ঘটে থাকবে। তবে এটি সম্ভবপর যে একই উদ্ভিদের দুই ধরনের ফুল সূক্ষ্ম ক্রমিক ধাপগুলির দ্বারা প্রথমে পৃথকীকৃত হয়েছিল, যেটি অন্য কিছু ক্ষেত্রেও অনুসৃত হতে পারে।
আবার, দুটি অতি ভিন্ন আকারের দুটি স্বতন্ত্র অঙ্গ অথবা একই অঙ্গ একই এককটিতে যুগপৎ একই কার্য সম্পাদন করতে পারে এবং এটি সংক্রমণের বা উত্তরণের একটি অতি গুরুত্বপূর্ণ উপায়। একটি উদাহরণ দেওয়া যাক। ফুলকা অথবা কানকো সম্বলিত মাছেরা জলে দ্রবীভূত বাতাস শ্বাসপ্রশ্বাস হিসেবে গ্রহণ করে, একই সঙ্গে এরা পটকা বা ফটকার সাহায্যে মুক্ত বাতাস শ্বাসপ্রশ্বাস হিসেবে গ্রহণ করে, এই পটকা বা ফটকাটি রক্তসংবহন ভেদক পদার্থে বিভক্ত ও বাতাস সরবরাহের জন্য এদের একটি বায়ুনালী আছে। উদ্ভিদজগৎ থেকে অন্য একটি উদারণ দেওয়া যাক। উদ্ভিদরা তিনটি ভিন্ন উপায়ে আরোহণ করে-সর্পিলভাবে পেঁচিয়ে, সুবেদী আকর্ষ দ্বারা একটি অবলম্বনকে দৃঢ়ভাবে আঁকড়িয়ে ধরে এবং বায়বীয় মূলিকার দ্বারা। এই তিনটি পদ্ধতি সাধারণতঃ তিনটি স্বতন্ত্র গোষ্ঠীতে দেখতে পাওয়া যায়, কিন্তু অল্প কয়েকটি প্রজাতির মধ্যে দুটি অথবা তিনটি পদ্ধতিও দেখতে পাওয়া যায়। এসব ক্ষেত্রে, অন্য অঙ্গটির রূপান্তর প্রক্রিয়া চলার সময় সমস্ত প্রকার কাজ করার জন্য দুটির মধ্যে একটি অঙ্গ সহজেই রূপান্তরিত এবং নিখুঁত হয়ে থাকবে; এবং তখন এই অন্য অঙ্গটি সম্পূর্ণ স্বতন্ত্র অন্য কোন উদ্দেশ্যের জন্য রূপান্তরিত হয়ে থাকবে অথবা সম্পূর্ণভাবে বিলুপ্ত হয়ে থাকবে।
মাছের পটকা একটি উৎকৃষ্ট উদাহরণ, কারণ এটি অতি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে স্পষ্টভাবে আমাদের দেখায় যে জলে ভাসার মতো উদ্দেশ্য সাধনের জন্য সৃষ্ট একটি অঙ্গ একেবারে ভিন্ন উদ্দেশ্য সাধনের জন্য রূপান্তরিত হতে পারে, যেমন নিশ্বাস প্রশ্বাসের জন্য। পটকাটি কোন কোন মাছের শ্রবণ অঙ্গের সহায়ক হিসাবেও কাজ করে। সমস্ত শারীরতত্ত্ববিদরা স্বীকার করেন যে পটকাটি মেরুদণ্ডী প্রাণীদের ফুসফুসের সঙ্গে তুলনায় অবস্থানে ও গঠনে সমসংস্থ হয় অথবা “আদর্শরূপে অনুরূপ” হয়। অতএব সন্দেহ করার কোন কারণ নেই যে পটকা প্রকৃতই ফুসফুসে বা শুধুমাত্র নিশ্বাস-প্রশ্বাসের একটি অঙ্গে রূপান্তরিত হয়েছে।
এই মতানুসারে সিদ্ধান্ত করা যেতে পারে যে প্রকৃত ফুসফুস সম্বলিত সমস্ত মেরুদণ্ডী প্রাণীরা একটি আদিম এবং অজ্ঞাত আদিরূপ থেকে উদ্ভূত হয়েছে, যাদের একটি ভাসমান যন্ত্র বা পটকা ছিল। এই সমস্ত প্রত্যঙ্গগুলি সম্পর্কে ওয়েনের চমৎকার বর্ণনা থেকে এভাবে আমরা অদ্ভুত ঘটনাটি বুঝতে পারি যে খাদ্য ও পানীয়ের প্রত্যেকটি কণা যা আমরা খাই, তাদের শ্বাসনালীর ক্ষুদ্র রন্ধ্র অতিক্রম করতে হয়, ফুসফুসে এদের প্রবেশেরও ঝুঁকি থাকে, কিন্তু চমৎকার কৌশলে শ্বাসরটি বন্ধ হয়ে যায়। উচ্চতর মেরুদণ্ডী প্রাণীদের ফুলকা সম্পূর্ণভাবে বিলুপ্ত হয়েছে, কিন্তু ভূণের গলার পার্শ্বের সরু গর্ত এবং ধমনীগুলির জালির মতো গতিপথ এখনও পর্যন্ত এদের পূর্বের অবস্থান চিহ্নিত করে। কিন্তু এটি কল্পনাসাধ্য যে এখন সম্পূর্ণরূপে বিলুপ্ত ফুলকা কোন স্বতন্ত্র উদ্দেশ্যের জন্য প্রাকৃতিক নির্বাচন দ্বারা ক্রমশ কাজ করে থাকতে পারত। উদাহরণস্বরূপ, ল্যান্ডোইস দেখিয়েছেন যে পতঙ্গদের ডানাগুলি শ্বাসনালী থেকে উদ্ভূত হয়েছে; সেজন্য এটি একান্তই সম্ভবপর যে এই বিরাট শ্রেণীতে কেবল শ্বাসপ্রশ্বাসের জন্য ব্যবহৃত অঙ্গ গুলি প্রকৃতই উড্ডয়নের অঙ্গসমূহে রূপান্তরিত হয়েছে।
