যিনি বিশ্বাস করেন যে ঘোড়ার মতো প্রত্যেক প্রজাতি স্বাধীনভাবে সৃষ্ট হয়েছিল, তিনি সম্ভবতঃ জোরের সঙ্গে বলবেন যে প্রত্যেক প্রজাতি প্রাকৃতিক এবং গৃহপালনাধীন অবস্থায় এই বিশেষ উপায়ে পরিবর্তিত হওয়ার প্রবণতা নিয়ে সৃষ্ট হয়েছে, যাতে করে গণটির অন্যান্য প্রজাতির মতো ডোরা দাগ সম্বলিত হয়; এবং তিনি বিশ্বাস করেন যখন পৃথিবীর দূরতম অংশে বসবাসকারী প্রজাতিদের সঙ্গে সঙ্করিত হয়, প্রত্যেক প্রজাতির সঙ্করগুলির উৎপাদন করার একটি প্রবল প্রবণতা সমেত সৃষ্ট হয়েছে এবং যে ঐ সব সঙ্করগুলি এদের ডোরা দাগগুলিতে নিজেদের পিতামাতার সঙ্গে নয়, বরং গণটির অন্য প্রজাতিদের সঙ্গে সদৃশ হয়। আমার মনে হয় এই মত স্বীকার করার অর্থ হচ্ছে একটি অসত্যের জন্য অথবা অন্ততঃ একটি অজানা কারণের জন্য সত্যকে বাতিল করা। এটি ঈশ্বরের কাজকে কেবলমাত্র উপহাস ও প্রবঞ্চনায় পরিণত করে; এটি মেনে নিলে আমাকে প্রাচীন এবং অজ্ঞ সৃষ্টিরহস্যবিদদের বক্তব্যও মেনে নিতে হবে যে জীবাশ্মীভূত খোলকীরা কখনোই বেঁচে ছিল না, বরং সমুদ্রতীরে বসবাসকারী খোলকীদের নকল করতে পাথরের উপর সৃষ্ট হয়েছিল।
সারাংশ
পরিবৃত্তির নিয়মগুলি সম্বন্ধে আমাদের অজ্ঞতা খুবই গভীর। শত ঘটনার মধ্যে, একটিতেও আমরা কোন কারণ আরোপ করতে চেষ্টা করি না কেন এই অথবা ঐ প্রত্যঙ্গটি পরিবর্তিত হয়েছে। কিন্তু তুলনা করার উপায় যখন আমাদের থাকে, তখন একই নিয়ম একই প্রজাতির ভ্যারাইটিদের মধ্যে অল্পতর পার্থক্য এবং একই গণের প্রগতিদের মধ্যে বিপুলতর পার্থক্য সৃষ্টি করতে কার্যকরী হয়েছে বলে মনে হয়। পরিবর্তিত পরিবেশ কেবলমাত্র হ্রাসবৃদ্ধিমূলক পরিবর্তনশীলতাই সাধারণতঃ ঘটায়, কিন্তু কোন কোন সময় এরা প্রত্যক্ষ এবং নির্দিষ্ট ফলাফলও প্রদান করে; এবং এগুলি কালক্রমে স্পষ্টচিহ্নিত হতে পারে, যদিও এই বিষয়ে আমাদের হাতে যথেষ্ট প্রমাণ নেই। দেহগত বৈশিষ্ট্যগুলি সৃষ্টি করার ক্ষেত্রে স্বভাব এবং অঙ্গগুলিকে শক্তিশালী করতে তাদের ব্যবহার এবং দুর্বল ও হ্রাস করতে তাদের অব্যবহার অনেক ক্ষেত্রে সক্রিয় ভূমিকা নিয়েছে বলেই মনে হয়। সমসংস্থ প্রত্যঙ্গগুলি একইভাবে পরিবর্তিত হতে চেষ্টা করে এবং সমসংস্থ প্রত্যঙ্গগুলি সঙ্গতিপূর্ণ হয়ে থাকতে চেষ্টা করে। শক্ত এবং বহিঃস্থ প্রত্যঙ্গগুলির রূপান্তর কোন কোন সময় নমনীয় এবং অন্তঃস্থ প্রতঙ্গগুলিকে প্রভাবিত করে। যখন একটি প্রতঙ্গ বিরাটভাবে বিকশিত হয়, তখন সম্ভবতঃ সেটি পার্শ্ববর্তী প্রত্যঙ্গ থেকে পুষ্টিকর খাদ্য গ্রহণ করার চেষ্টা করে; এবং দেহগঠনের ক্ষতি ছাড়া রক্ষিত হতে পারে এমন প্রত্যেক প্রত্যঙ্গ রক্ষিত হয়। প্রাথমিক বয়সে দেহগঠনের পরিবর্তনসমূহ পরবর্তী সময়ে বিকশিত প্রত্যঙ্গদের প্রভাবিত করে এবং পারস্পরিক পরিবর্তনের অনেক ঘটনা নিঃসন্দেহেই ঘটে যার প্রকৃতি বুঝতে আমরা অসমর্থ। যৌগিক প্রত্যঙ্গগুলি সংখ্যায় এবং গঠনে পরিবর্তনশীল, বোধহয় কোন বিশেষ প্রক্রিয়ার জন্য বিশেষভাবে বিশিষ্ট না হওয়া এরূপ প্রত্যঙ্গ থেকে এটি উদ্ভূত হয়েছে, সেইজন্য এদের রূপান্তর প্রাকৃতিক নির্বাচন দ্বারা বিশেষভাবে নিয়ন্ত্রিত হয়নি। এই একই কারণের জন্যই সম্ভবতঃ প্রকৃতির মানদণ্ডে উচ্চ বর্গের জীবগুলির তুলনায় নিম্ন বর্গের জীবরা আরও বেশি পরিবর্তনশীল হয় এবং উচ্চ বর্গের জীবগুলির সামগ্রিক দেহগঠন আরও বেশি কার্যক্রমে বৈশিষ্ট্যসূচক হয়। প্রাকৃতিক নির্বাচন অনুপকারী, অবর্ধক বা লুপ্তপ্রায় অঙ্গগুলিকে নিয়ন্ত্রিত করে না এবং সেজন্য এই অঙ্গগুলি পরিবর্তনশীল। প্ৰজাতিক বৈশিষ্ট্যসমূহ–অর্থাৎ সেইসব বৈশিষ্ট্য যা একটি সাধারণ পিতামাতা থেকে একই গণের কয়েকটি প্রজাতির উদ্ভবের সময় থেকে ভিন্ন হয়েছে–গণীয় বৈশিষ্ট্যগুলির তুলনায় আরও বেশি পরিবর্তনশীল, অথবা সেইগুলি যা দীর্ঘকাল ধরে বংশপরম্পরায় প্রাপ্ত হয়েছে, এবং একই সময় থেকে। ভিন্ন হয়নি। এইসব মন্তব্যে বিশেষ প্রত্যঙ্গ অথবা অঙ্গগুলি তখনও পরিবর্তনশীল এটি আমরা উল্লেখ করেছি, কারণ এরা সম্প্রতিকালে পরিবর্তিত হয়েছে এবং এভাবে ভিন্ন হয়েছে; কিন্তু দ্বিতীয় অধ্যায়ে আমরা এ-ও দেখেছি যে একই নীতি সমগ্র এককে প্রযোজ্য হয়; কারণ একটি অঞ্চলে যেখানে একটি গণের অনেক প্রজাতি দেখা যায়-অর্থাৎ, যেখানে অনেক পরিবর্তন এবং পৃথকীকরণ হয়েছে, অথবা যেখানে নূতন প্রজাতিক আকারদের সৃষ্টির কাজ পুরোদমে চলেছে–সেই অঞ্চলে এবং এইসব প্রজাতির মধ্যে, আমরা এখন গড়ে অধিকাংশ ভ্যারাইটিদের দেখি। গৌণ যৌন বৈশিষ্ট্যগুলি অতিশয় পরিবর্তনশীল এবং এরূপ বৈশিষ্টগুলি একই গোষ্ঠীর প্রজাতিদের মধ্যে অতিশয় ভিন্ন হয়। একই প্রজাতির দুটি লিঙ্গে গৌণ যৌন পার্থক্যসমূহ এবং একই গণের কতিপয় প্রজাতিতে সুনির্দিষ্ট কিছু পার্থক্য সৃষ্টি করার ব্যাপারে দেহের একই প্রত্যঙ্গের বিভিন্নতা নিশ্চয়ই সুবিধাজনক হয়েছে। ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত প্রজাতির একই প্রত্যঙ্গ অথবা অঙ্গে র তুলনায় অস্বাভাবিক আকারে অথবা অসাধারণ উপায়ে বিকশিত যে কোন প্রত্যঙ্গ অথবা গণটির উদ্ভবের সময় থেকে অস্বাভাবিক পরিমাণে নিশ্চয় রূপান্তরিত হয়ে থাকবে, এবং এভাবে আমরা বুঝতে পারি কেন এটি অন্য প্রত্যঙ্গগুলির তুলনায় আরও উচ্চ মাত্রায় তখনও প্রায়শই পরিবর্তনশীল হবে; কারণ পরিবর্তন হচ্ছে একটি দীর্ঘদিন ধরে ক্রিয়াশীল ও মন্থর প্রক্রিয়া। এইসব ক্ষেত্রে একটি কম রূপান্তরিত অবস্থায় পূর্বানুবৃত্তির এবং আরও পরিবর্তনশীলতার প্রবণতাটিকে অতিক্রম করার মতো সময় প্রাকৃতিক নির্বাচন পাবে না। কিন্তু যখন অস্বাভাবিকভাবে বিকশিত যে কোন অঙ্গ সমেত একটি প্রজাতি অসংখ্য রূপান্তরিত বংশধরদের পিতামাতা হয়-যা আমাদের মতে একটি অতি মন্থর প্রক্রিয়া এবং অনেক সময় নেয়–তখন প্রাকৃতিক নির্বাচন, যত অস্বাভাবিকভাবেই বিকশিত হোক না কেন, অঙ্গটিকে একটি স্থায়ী বৈশিষ্ট্য প্রদান করতে সমর্থ হয়। একটি সাধারণ পিতামাতা থেকে একই দেহগঠন বংশগতভাবে প্রাপ্ত এবং একই পরিবেশের দ্বারা প্রভাবিত প্রজাতিরা সদৃশ পরিবর্তনগুলিকে উপস্থিত করতে স্বাভাবিকভাবেই চেষ্টা করে, অথবা এই একই প্রজাতিরা এদের আদিম পূর্বপুরুষদের কয়েকটি বৈশিষ্ট্যে হঠাৎ হঠাৎ প্রত্যাবর্তন করতে পারে। যদিও নূতন ও গুরুত্বপূর্ণ রূপান্তরসমূহ পূর্বানুবৃত্তি এবং সদৃশ বা অনুরূপ পরিবর্তন থেকে উদ্ভূত হতে পারে না, তথাপি এরূপ, রূপান্তরগুলি প্রকৃতির সুন্দর এবং সমন্বয়পূর্ণ বৈচিত্র্যকে বর্ধিত করবে।
