একই শ্রেণীর সমস্ত জীবের গঠনগত বা আকৃতিগত সৌসাদৃশ্যকে একটি বিরাট বৃক্ষের দ্বারা কোন কোন সময় ব্যাখ্যা করা হয়েছে। এই উপমা অনেকাংশে প্রকৃত সত্যকে উদ্ঘাটন করে বলে আমি বিশ্বাস করি। সবুজ ও কুঁড়ি সমেত পল্লবরা এখানকার প্রজাতিদের সূচিত করতে পারে এবং পূর্ববর্তী বছরগুলিতে সৃষ্ট বা বিলুপ্ত প্রজাতিদের দীর্ঘ পরস্পরা সূচিত করতে পারে। বৃদ্ধির প্রত্যেক পর্যায়ে সমস্ত বর্ধনশীল পল্লবরা সমস্ত দিকে শাখাবিস্তার করতে এবং পাশের পল্লবদের ছাড়িয়ে যেতে ও বিনষ্ট করতে যে উপায়ে চেষ্টা করেছে, সেই একই উপায়ে প্রজাতি ও প্রজাতি গোষ্ঠীরা বিরাট জীবনসংগ্রামে সব সময় অন্য প্রজাতিদের উপর প্রাধান্যবিস্তার করেছে। বিরাট শাখায় বিভক্ত শাখাঙ্গরা এবং এদের আরও ছোট ছোট শাখাগুলি বৃক্ষটির তরুণাবস্থায় নিজেরাই তখন কুঁড়িসমেত পল্লব ছিল এবং শাখা-প্রশাখায় বিভক্ত হওয়ার মাধ্যমে পূর্বের ও বর্তমানের কুঁড়িদের এই সংযোগ বা সংযুক্তি সমস্ত বিলুপ্ত ও জীবন্ত প্রজাতির গোষ্ঠীদের অধীনে গোষ্ঠীগুলিতে শ্রেণীবিভাগ সূচিত করতে পারে। গুল্মবস্থায় বৃক্ষটির বহু শাখার মধ্যে এখন বিরাট শাখায় পরিণত কেবল দুটি বা তিনটি শাখা এখনও বাঁচে ও অন্য শাখা উৎপাদন করে। এভাবে প্রজাতিদের ক্ষেত্রে ভূতাত্ত্বিক যুগের অনেক কাল পর্যন্ত বেঁচে ছিল এমন অল্প কয়েকটি প্রজাতি জীবন্ত ও রূপান্তরিত বংশধর রেখে গেছে। বৃক্ষটির প্রথম বৃদ্ধির সময় থেকে অনেক শাখাঙ্গ ও শাখা বিনষ্ট হয়েছে ও খসে পড়েছে: এবং বিভিন্ন আকারের এইসব পতিত শাখারা সেই সব বর্ণ, গোত্র ও গণকে সূচিত করতে পারে যারা কোন জীবন্ত প্রতিনিধি রেখে যায়নি এবং যেগুলি কেবল জীবাশ্ম হিসেবে আমাদের নিকট পরিচিত। যেমন আমরা এখানে-সেখানে দেখি যে একটি বৃক্ষের একটি সন্ধিস্থল থেকে বের হয়ে একটি সরু ও ছড়িয়ে-পড়া শাখা ঝুলে থাকে এবং কোন না কোন ভাবে আনুকূল্যপ্রাপ্ত হয় ও তখনও এর শীর্ষে বেঁচে থাকে, সেভাবে অর্নিথোরিনচাস বা লেপিডোসাইরেনের মতো একটি প্রাণীকে মাঝেমাঝে লক্ষ্য করি, যারা আকৃতিগত বা গঠনগত সৌসাদৃশ্যের দ্বারা জীবনের দুটি বিরাট শাখাকে অল্পমাত্রায় সংযুক্ত করে এবং যারা একটি সংরক্ষিত অঞ্চলে বসবাস করে সর্বনাশা প্রতিযোগিতার হাত থেকে রক্ষা পেয়েছে। যেমন কুঁড়ির বৃদ্ধির দ্বারা নূতন নূতন কুঁড়ির উদ্ভব হয় এবং সবল হলে সেগুলি চারিদিকে শাখা-বিস্তার করে ও দুর্বল শাখাকে সমস্ত দিক দিয়ে ঢেকে দেয়, আমি বিশ্বাস করি সেইভাবেই এরা বংশপরম্পরায় জীবনের একটি বিরাট বৃক্ষে পরিণত হয়, যা এর মৃত ও ভাঙা শাখাদের দ্বারা পৃথিবীর ভূত্বককে পূর্ণ করে এবং পৃথিবীর উপরিতলকে অনবরত শাখায় বিভক্ত হওয়া সুন্দর শাখাপ্রশাখা দ্বারা পরিপূর্ণ করে তোলে।
০৫. পরিবৃত্তির নিয়মসমূহ
পঞ্চম অধ্যায় – পরিবৃত্তির নিয়মসমূহ
পরিবর্তিত অবস্থাসমূহের পরিণাম-প্রাকৃতিক নির্বাচনের সঙ্গে যুক্ত ব্যবহার ও অব্যবহার-উড্ডয়ন ও দর্শনের অঙ্গসমূহ–পরিবেশানুগকরণ–সহসম্পর্কিত পরিবৃত্তি–ক্রমবৃদ্ধির ক্ষতিপূরণ ও সঞ্চয়ন–কৃত্রিম সহসম্পর্কসমূহ–বহুবিধ, অবর্ধিত বা লুপ্তপ্রায় ও নিম্নস্তরে সংগঠিত দেহগঠনসমূহের পরিবর্তনশীলতা—অসাধারণভাবে বিকশিত অঙ্গগুলি সবচেয়ে বেশি পরিবর্তনশীল–গণীয় বৈশিষ্ট্যের তুলনায় প্রজাতিক বৈশিষ্ট্য আরও বেশি পরিবর্তনশীল–গৌণ যৌন বৈশিষ্ট্যগুলি পরিবর্তনশীল–একই গণের প্রজাতিরা অনুরূপভাবে পরিবর্তিত হয়–বহু পূর্বে বিলুপ্ত বৈশিষ্ট্যগুলির পূর্বানুবৃত্তি–সারাংশ।
.
আমি অনেক সময় বলেছি যে গৃহপালনাধীনে জীবদের ক্ষেত্রে একান্তই সাধারণ ও বহুবিধ এবং প্রকৃতিতে মুক্ত অবস্থায় একটু কম মাত্রায় পরিবৃত্তিসমূহ যেন আকস্মিকভাবে ঘটেছিল। এটি অবশ্যই একটি পুরোপুরি ভ্রান্ত অভিব্যক্তি, কিন্তু এটি প্রত্যেক বিশেষ পরিবৃত্তির কারণ সম্বন্ধে আমাদের অজ্ঞতাকে স্বীকার করতে সাহায্য করে। কয়েকজন বিশেষজ্ঞ মনে করেন যে পিতামাতার মতো শিশুকে তৈরি করতে এককীয় পার্থক্য বা দেহগঠনের অল্প বিচ্যুতি সৃষ্টি করতে এটি জননতন্ত্রের একটি প্রক্রিয়া। কিন্তু প্রাকৃতিক অবস্থার তুলনায় গৃহপালনাধীন অবস্থায় আরও পুনঃ পুনঃ সংঘটিত পরিবৃত্তি ও অঙ্গবিকৃতির ঘটনাটি এবং সীমিত বিস্তৃত প্রজাতিগুলির তুলনায় ব্যাপকভাবে বিস্তৃত প্রজাতিরা বেশি পরিবর্তনশীল–এই তথ্য থেকে আমরা এই সিদ্ধান্তে উপনীত হই যে পরিবর্তনশীলতা বা বিভিন্নতা সাধারণত জীবন-পরিবেশের সঙ্গে সম্পর্কিত, যাতে প্রত্যেক প্রজাতি কয়েক বংশপরম্পরাব্যাপী প্রভাবিত হয়েছে। প্রথম অধ্যায়ে আমি দেখাতে চেষ্টা করেছিলাম পরিবর্তিত অবস্থাসমূহ দু-ভাবে কাজ করে–প্রত্যক্ষভাবে সমগ্র সংগঠনে বা কেবলমাত্র কতিপয় অঙ্গপ্রত্যঙ্গের ওপর এবং অপ্রত্যক্ষভাবে জননতন্ত্রের মাধ্যমে। সমস্ত ক্ষেত্রে দুটি উপাদান রয়েছে–জীবের প্রকৃতি, যেটি দুটির মধ্যে অনেক বেশি গুরুত্বপূর্ণ, এবং পরিবেশের প্রকৃতি। পরিবর্তিত পরিবেশসমূহের প্রত্যক্ষ ক্রিয়াটি নির্দিষ্ট ও অনির্দিষ্ট ফলাফল উৎপাদনের পথপ্রদর্শন করে। পরের ক্ষেত্রটিতে জৈবসংগঠন নমমীয় হয় বলে মনে হয় এবং এখানে অতিশয় হ্রাসবৃদ্ধিমূলক পরিবর্তনশীলতা বা বিভিন্নতা রয়েছে। পূর্বের ক্ষেত্রটিতে জীবের প্রকৃতি এমন হয় যে একে কোন বিশেষ পরিবেশে রাখা হলে এটি সহজেই প্রভাবিত হয় এবং সমস্ত বা প্রায় সমস্ত এককরা একইভাবে রূপান্তরিত হয়।
