শহরটা এমন কিছু ভালো নয়। তবে তার চারদিকের প্রাকৃতিক দৃশ্যগুলো বড় মনোরম। এই কারণেই বিগত কাউন্ট পাহাড়ের ধারে এর উপত্যকায় একটা চমৎকার বাগান তৈরি করেন। তার মাঝখানে একটা শান্তশীতল কুঞ্জ আছে। তিনি সেখানেই বেশি সময় থাকতেন। এখন আমি সেখানেই থাকি। বাগানের মালী আমাকে বড় ভালোবাসে। এই অল্প কিছুদিনের মধ্যেই বন্ধুত্ব করে ফেলেছে। একদিন আমিই হয়ত হয়ে উঠব এই বাগানের সর্বেসর্বা।
মে ১০.
বসন্তের সকালের মতো এক উজ্জ্বল আনন্দোফুল্লতা আচ্ছন্ন করে ফেলেছে আমার সমগ্র অন্তরাত্মাকে। এই শহরের এই মনোরম প্রাকৃতিক পরিবেশে আমি একা এবং এ পরিবেশ যেন আমরই জন্য সৃষ্টি হয়েছিল। হে আমার প্রিয়তম বন্ধু, এক প্রশান্ত আত্মোপলব্ধির গভীরে আমি এমনভাবে ডুবে গিয়েছি যে আমার শিল্পগত কাজকর্ম মোটেই হয়ে উঠছে না। এসে থেকে আমি একটা রেখাও আঁকতে পারিনি। অথচ এত বড় শিল্পপ্রেরণা এর আগে আমি কখনও দেখিনি।
গভীর অন্ধকারে ঢাকা বনভূমির মাথার উপরে আকাশে যখন সূর্য কিরণ দিতে থাকে আর তার একটা রশ্মি গাছের পাতার ফাঁক দিয়ে ছড়িয়ে পড়ে বনস্থলীর সবুজ বুকে তখন আমি লম্বা লম্বা ঘাসের উপর ছোট্ট পাহাড়ি নদীটার ধারে শুয়ে থাকি পা ছড়িয়ে। আমি তখন নদীর কলতানের সঙ্গে ঘাসের ভিতর উড়ে বেড়ানো কীটপতঙ্গের গান শুনি। এই সব অসংখ্য উৎফুল্ল কীটপতঙ্গের প্রাণচঞ্চলতার মধ্যে আমি সেই সর্বশক্তিমান ঈশ্বরের অস্তিত্বকে অনুভব করি যিনি তাঁর মনের মতো করে আমাদের সৃষ্টি করেন। আর যখন শান্ত ধূসর গোধূলি নেমে আসে তখন বনভূমি ও তার চারপাশের জগতে, যখন সারা আকাশখানা তার বুকভরা নীল ভালোবাসা নিয়ে আমার বুকের উপর ঝুলে পড়ে কোনও প্রেমময়ী নারীর মতো তখন আমার মনের মাঝে শুধু একটা ইচ্ছাই জেগে ওঠে। মনে হয়, হায়,, আমি যদি আমার এই অভিজ্ঞতার কথা সব ব্যক্ত করতে পারতাম। মানুষের যে আত্মার স্বচ্ছ মুকুরে ঈশ্বরের সমস্ত অস্তিত্ব প্রতিফলিত হয় সেই আত্মার অব্যক্ত বাণীর মধ্যেই সকল মানুষ তার মর্মবাণী খুঁজে পায়। কিন্তু হে বন্ধু, এ দৃশ্যের কথা যথাযথভাবে প্রকাশ করা আমার সাধ্যের অতীত। আমি শুধু চোখে যা দেখছি তার মধ্যে নিজেকে বিনিয়ে দিচ্ছি। নিজে হারিয়ে যাচ্ছি।
মে ১২,
জানি এই মায়াবী বনভূমিতে কোনও দেবদূত নেমে আসে না অথবা এমনও হতে পারে, আমার মনের কল্পনার স্পর্শে স্বর্গে পরিণত হয়ে উঠেছে এই বনভূমি। এই শহরের বাইরে পাহাড়ের এক ঢালু সানুদেশে একটা ঝর্না আছে। ঝর্নাটা বেরিয়ে এসেছে একখণ্ড সাদা পাথর থেকে। ঝর্নার দুধারে লম্বা লম্বা গাছ। সে গাছের ছায়ায় শীতল হয়ে উঠেছে জায়গাটা। মেলুসিনা ও তার বোনদের মতো আমি মায়ার বাঁধনে। জড়িয়ে গেছি এই ঝর্নাটার সঙ্গে। আমি রোজ সেখানে গিয়ে অন্তত এক ঘণ্টা না থেকে পারি না। দেখতে দেখতে অপরাহের ছায়া গাঢ় হয়ে উঠতেই দূর গাঁ থেকে মেয়েরা জল নিতে আসে এই ঝর্না থেকে। একদিন রাজকন্যারাও ঝর্না থেকে জল নিয়ে যেত। অন্য সব মেয়েদের সঙ্গে। এই স্নিগ্ধ: শীতল ঝর্নাধারার কোনও অভিজ্ঞতা যার নেই তার মনুষ্যজন্মই একরকম বৃথা।
মে ১৩,
তুমি জানতে চেয়েছ আমার বইগুলো পাঠিয়ে দেবে কি না। আমি শুধু ঈশ্বরের ভালোবাসা ছাড়া আর কিছুই চাই না। তুমি শুধু সেই ভালোবাসার জন্য প্রার্থনা করবে। ঈশ্বরের কাছে। আমি আর কোনও মানুষ বা পুঁথিগত নির্দেশের দ্বারা চলতে চাই না। আমি শুধু আমার নিজের অন্তরাত্মার নির্দেশেই চলব এখন থেকে। আমি এখন শুধু একটা জিনিসই চাই, তা হলো ঘুমপাড়ানি গান। অনেকবার আমার বিক্ষুব্ধ অন্তরকে। শান্ত করে ঘুম পাড়াতে হয়। হে আমার প্রিয় বন্ধু, তোমাকে একথা নতুন করে বলার দরকার নেই। তুমি জান, তুমি দেখেছ, কতবার আমার খেয়ালী অন্তর গভীর দুঃখ। থেকে অমিত আনন্দের উত্তেজনায় ফেটে পড়েছে, কতবার আমার অন্তর এক মিষ্টি বিষাদ থেকে এক ভয়ঙ্কর আবেগের প্রবলতায় উত্তাল হয়ে উঠেছে। মানুষের অন্তরের মতো এত বন্ধুর, এত ক্ষণভঙ্গুর ও পরিবর্তনশীল আর কোনও বস্তু নেই। আমি সেই অন্তরকে এক রুগ্ন শিশুর মতো জ্ঞান করি। তার সব কামনা-বাসনা পূরণ করে চলি। তুমি কি ভাবতে এতে জানি না। তবে এমন অনেকে আছে যারা আমাকে এর জন্য কাছে পেলে তিরস্কার করবে রীতিমতো।
মে ১৫,
এখানকার তথাকথিত নিচু শ্রেণীর লোকেরা আমাকে এরই মধ্যে বেশ চিনে ফেলেছে এবং ভালোবাসতে শুরু করে দিয়েছে। বিশেষ করে তাদের ছেলেমেয়েরা খুব ভক্ত হয়ে উঠেছে আমার। কিন্তু প্রথম প্রথম যখন আমি তাদের কাছে যাই, নানারকম প্রশ্ন করে নানা কাত জানতে চাই তখন তারা আমাকে অবিশ্বাসের চোখে দেখে। ভাবে আমি উপহাস করছি তাদের সঙ্গে। আমি কিন্তু তাতে দমে না গিয়ে তাদের আরও কাছে যাওয়ার চেষ্টা করি। আমি জানতাম উঁচুতলার লোকেরা গভীর মানুষদের মধ্যে একটা হিমশীতল ব্যবধান বাঁচিয়ে রাখে। তাদের মধ্যে কিছু লোক আবার গরিবদের কাছে গিয়ে তাদের দূরবস্থা নিয়ে ঠাট্টা করে তাদের বেদনা বাড়িয়ে দেয়।
অবশ্য আমি এটা জানি যে ধনী-গরিব সমান নয়, এবং সমান হতে পারে না। তবে আমি বিশ্বাস করি যে যারা আত্মসম্মানের খাতিরে গরীব অন্ত্যজদের কাছ থেকে দূরে থাকে তারা সেই সব কাপুরুষদের মতোই হীন যারা পরাজয়ের ভয়ে শত্রুদের কাছ থেকে দূরে লুকিয়ে থাকে।
