কোরাস : এত তাড়াতাড়ি করো না। তোমার সুন্দর দেহটা জড়িয়ে ধরে চুম্বন করতে ইচ্ছা করছে।
ইউফোরিয়ন : পাহাড়ে-পর্বতে ঘুরে এতদিন যা পেয়েছি, যা করেছি তাতে মন ভরে না আমার। আমি জোর করে যে কাজ করি তাতে আনন্দ পাই না।
হেলেনা ও ফাউস্ট : ও বড় বেয়াদব ও অসভ্য হয়ে উঠেছে। ওকে সংযত করার কোনও উপায় নেই। হঠাৎ শিঙার শব্দ শুনছি। কিসের গোলমাল?
কোরাসদলের একজন : আমাদের মধ্য থেকে একটি উদ্দামস্বভাব তরুণীকে নিয়ে হঠাৎ সে চলে গেল।
ইউফোরিয়ন (তরুণীসহ) : আমি একটি তরুণীকে এনেছি। জোর করে তাকে আলিঙ্গন করল। সে বাধা দিলেও তার দেহ পীড়ন এবং বক্ষমর্দন করব। তার মুখ চুম্বন করব। তবু বাধা দিলে আমার দুর্বার শক্তি ও কামনার পরিচয় দেব।
কুমারী তরুণী : আমাকে ছেড়ে দাও। আমার এ দেহে সাহস ও শক্তি দুই আছে। তোমার বাহুতে কত শক্তি আছে নির্বোধ? তুমি আগুন দিয়ে খেলা করছ তা জান না। আমি তোমাকে পুড়িয়ে দেব। (এক অগ্নিশিখায় পরিণত হয়ে বাতাসে উড়ে গেল) এবার আমাকে অনুসরণ করো। তোমার লক্ষ্যবস্তুকে করায়ত্ত করো।
ইউফোরিয়ন : চারদিকে শুধু বন আর পাহাড়। এখানে কেন আমি বন্দি হলাম? ঝড় উঠছে। সমুদ্রের ঢেউগুলো আছাড় খেয়ে পড়ছে পাহাড়ে। (পাহাড়ের উপর উঠতে লাগল।)।
হেলেনা : শ্যাময়ের মতো তোমার উচ্চাশা বেড়ে উঠেছে। আমরা তোমার পতনের ভয়ে ভীত হয়ে উঠেছি।
ইউফোরিয়ন : আমাকে আরও উপরে উঠতে হবে। এখন আমি কোথায়? আমি দ্বীপপুঞ্জে চলে এসেছি। এসেছি পেলোপদের দেশে।
কোরাস : এই পাহাড় ঘেরা কুঞ্জবনে শান্তিতে বাস করো। তোমার জন্য আমরা আঙ্গুর এনে দেব। শুকনো আঙ্গুর। ডুমুর ও আপেল এনে দেব সোনালী রঙের। দেখো কত সুন্দর এই জায়গাটা।
ইউফোরিয়ন : শান্তির শব্দে মশগুল হয়ে থাকো তুমি। যুদ্ধ আর জয়ের মধ্যেই। আছে স্বর্গীয় গৌরব।
কোরাস : যুদ্ধের জন্য যারা শান্তি ও ঐক্যকে ঘৃণার চোখে দেখে তাদের সুদিন কখনও আসে না।
ইউফোরিন : যারা একদিন প্রভূত রক্ত দান করে বীরত্ব সহকারে এদেশ রক্ষা করেন তারাই আমাকে জয়ের পথ আজ দেখিয়ে দিন।
কোরাস : দেখো দেখো ও যুদ্ধ চায়। তবু যুদ্ধ ও শান্তিতে ও আমাদের সমান প্রিয়।
ইউফোরিয়ন : বীরদের সামনে দুর্গপ্রাচীর কিছুই নয়। বীর যোদ্ধার বুক লোহার মতো শক্ত। তার কাছে পাথরের গড়া দুর্গ কিছুই নয়। শান্ত গৃহকোণে বাস না করে। অস্ত্র ধারণ করো তোমরা। তোমাদের স্বামী-সন্তানরাও সকলে যোদ্ধা হয়ে উঠুক।
কোরাস : দেখো দেখো, উজ্জ্বল নক্ষত্রের মতো ও কেমন আকাশে উঠছে। কত দূরে চলে যাচ্ছে ও। তবু বড় ভালো লাগছে। . ইউফোরিয়ন : আমি আর শিশু নেই। অস্ত্রধারী এক উদ্ধত যুবক। সে সাহসী, বলবান। প্রতিজ্ঞায় অটল তার আত্মা। আমি যাচ্ছি, জয়ের দিগন্ত উন্মুক্ত আমার সামনে।
হেলেনা ও ফাউস্ট : তুমি এখনও সূর্যের আঁচ পাচ্ছ না। তুমি বুঝছ না তুমি যাচ্ছ অনন্ত যন্ত্রণার রাজ্যে। আমরা তোমার কেউ নই? তোমার সঙ্গে আমাদের সম্পর্ক কী স্বপ্নমাত্র?
ইউফোরিয়ন : স্থলে-জলে বজ্রের ধ্বনি-প্রতিধ্বনি শুনতে পাচ্ছ? ধুলিজালে সমাচ্ছন্ন হয়ে উঠেছে বনভূমি। যুদ্ধের আহ্বান আসছে, অস্ত্র হাতে ঝাঁপিয়ে পড় যুদ্ধে।
হেলেনা, ফাউস্ট ও কোরাস : কি ভয়ের কথা! বড় পরিতাপের বিষয়। তুমি কি মৃত্যুর আহ্বান শুনতে পাচ্ছ?
ইউফোরিয়ন : আমি কি দূর থেকে দেখব ঐ সব বীরদের মৃত্যু? না তাতে অংশগ্রহণ করব? এই দেখো, এক জোড়া পাখা বার করে উড়ে যাচ্ছি আমি সেখানে। আমাকে উড়তে দাও। (উড়ে গেল)।
কোরাস : আইকারাসের মতো ও উড়ে গেল। কি দুঃখজনক দৃশ্য। (একটি সুন্দর যুবকের মৃতদেহ হেলেনা ও ফাউস্টের সামনে পড়ল। কিন্তু সে দেহ সহসা ধূমকেতুর মতো আকাশে উড়ে গেল, শুধু পোশাক আর বীণাটা পড়ে রইল।)।
হেলেনা ও ফাউস্ট : উপভোগ করতে না করতেই সব আনন্দ পরিণত হলো নিরানন্দ শোকে।
ইউফোরিয়ন (ভিতর থেকে) : হে মাতা, আমাকে এই অন্ধকার শূন্যতার মাঝে একা রেখো না।
কোরাস : না, একা থাকতে হবে না তোমায়। আমাদের সকলের অন্তরাত্মা তোমার কাছে গিয়ে গুণগান করবে তোমার। যে কোনো বিপর্যয়ের ঝড় ও অগ্নিতাপের মাঝে অটুট ছিল তোমার সাহস আর শক্তি। প্রভূত পার্থিব ধনসম্পদ লাভ করেও তোমার উদ্দাম যৌবন সব প্রথার বন্ধন ছিন্ন করে উচ্চাশার অজানা আকাশে পাড়ি দেয়। তুমি এক অভূতপূর্ব কৃতিত্ব ও বিজয়গৌরব লাভ করতে। কিন্তু তোমাকে তা দেওয়া হয়নি। নিয়তি দেয়নি। তাহলে কাকে দেবে নিয়তি? দুঃখ করো না। মানুষের গানের মধ্যে অমর আত্মার মধ্যে, বেঁচে থাকবে তুমি। যুগে যুগে নবজন্ম ঘটবে তোমার।
হেলেনা (ফাউস্টকে) : একটা প্রাচীন প্রবাদবাক্য মনে পড়ল, সুখ আর সৌন্দর্য দীর্ঘকাল একসঙ্গে থাকে না। জীবন ও প্রেমের বন্ধন শীঘ্র ছিঁড়ে যায়। সুতরাং বিদায়। হে পার্সিফোনে, আমাকে ও আমার সন্তানকে গ্রহণ করো তুমি। (ফাউস্টের কোলে হেলে পড়তেই হেলেনার দেহটা অদৃশ্য হয়ে গেল। শুধু তার পোশাক আর ওড়নাটা ফাউস্টের হাতে রয়ে গেল।)।
ফোর্কিয়া : ঐগুলো ভালো করে ধরে থাকো। ছেড়ো না। দৈত্যরা এগুলো নিয়ে যাবার চেষ্টা করছে। ওগুলো তোমাকে পৃথিবীর মাটি হতে অনেক দূরে ধরে নিয়ে যাবে। তবে বাতাসে বেশি দিন ভাসতে পারবে না। পরে আমার সঙ্গে দেখা হবে। (হেলেনার পোশাক সহসা মেঘ হয়ে ফাউস্টকে ঘিরে তাকে বাতাসে তুলে নিয়ে গেল এবং ভাসতে ভাসতে চলে গেল।)
