আপনি রেমির ফোন থেকে পুলিশকে জানান। ততক্ষণে আমি একটু চেক করে দেখছি।
বলে ধাক্কা দিয়ে দরজাটা খুললো স্যাম। দরজার মুখে দাঁড়িয়ে শব্দ শোনার চেষ্টা করছে। ভিতরে ঢুকতে যাবে ঠিক তখনই পিছনে থাকা রেমিকে বলতে শুনলো, দুঃশ্চিন্তা করবেন না। এসবে স্যামের ভালো দক্ষতা আছে।
কেউ কেন তালা ভেঙে ঢুকতে যাবে এখানে? বললেন মিসেস গ্রেস হারবার্ট-মিলার।
হোলস্টার থেকে পিস্তলটা বের করে পিছনের দরজা দিয়ে রান্নাঘরে পা রাখলো স্যাম। মাটির বারান্দা দিয়ে সামনের দরজার দিকে এগিয়ে যাচ্ছে আস্তেধীরে। সে নিশ্চিত যে অনধিকার প্রবেশকারীরা একটা জিনিসের জন্যই এসেছিলো, এবং এই বাড়িতে শুধু ঐ একটা জিনিসই নেই। তারপরও বাড়ির পুরোটাই চেক করে দেখলো স্যাম। চেক করা শেষে বাইরে অন্য দুইজনের সাথে একত্রিত হয়ে জানালো, তারা চলে গেছে।
রেমি বলল, পুলিশকে জানানো হয়েছে। কিছুক্ষণের মধ্যেই এসে পড়বে ওরা।
আতঙ্কে মুখ ফ্যাকাশে হয়ে আছে গ্রেসের। কোনো কিছু কি মিসিং আছে?
হ্যাঁ, খুব সম্ভবত, অন্য দুজনের সাথে বাড়িতে ঢুকতে ঢুকতে সামনের দরজার পাশে থাকা দেয়ালের দিকে নির্দেশ করে বলল স্যাম।
স্যামের নির্দেশ করা জায়গাটায় তাকাতেই পারিবারিক ক্রেস্টের নিচে এবং দুই পেইন্টিংর মাঝখানে থাকা শূন্যস্থানটা চোখে পড়লো গ্রেসের। ঢাল? দুনিয়ায় এতো কিছু থাকতে এই ঢাল চুরি করবে কেন কেউ?
আমাদের ধারণা, স্যাম বলল, ঢালের উত্তল কেন্দ্রে থাকা চিহ্নটা আসলে একটা পুরোনো সংকেত। একটা মানচিত্রের অর্থ বের করার সূত্র ওটা।
ঢালের উত্তল অংশ? ওটা কী জিনিস আবার?
এটা ঢালের কেন্দ্রে থাকা তামার গোলাকার একটা অংশ। এটাকে শিল্ড বসও বলা হয়। ঢালের হাতলের সাথে লাগানো থাকে এটা।
আরো কিছুক্ষণ দেয়ালের শূন্যস্থানটার দিকে তাকিয়ে থেকে গ্রেস হারবার্ট মিলার বললেন, আপনি নিশ্চিত ওটায় সংকেত লুকিয়ে আছে? ওটা তো শুধু একটা কেল্টিক নকশা মাত্র!
ঐ কেল্টিক নকশাটা আসলে সংকেত না। সংকেতটা রয়েছে নকশার বৃত্তের সীমানায়।
ওটা… বলেই হাত দিয়ে মুখ চেপে ধরলেন মহিলা। মাথা নাড়তে নাড়তে বললেন, আমার বসা দরকার একটু।
চলুন, ভিতরে নিয়ে যাই আপনাকে, বলে মহিলার হাতে ধরে তাকে বৈঠকখানার দিকে পা বাড়ালো রেমি। মহিলাকে চেয়ারে বসিয়ে দিয়ে বলল, ড্রিংকের জন্য কিছু দিব আপনাকে?
না, না, আমি ঠিক আছি। ধন্যবাদ।
স্যামও একটা চেয়ারে বসে বলল, আপনি বলেছিলেন, আমাদের আগেও দুইজন লোক আর্টিফ্যাক্টগুলোর ব্যাপারে জানতে এসেছিলো আপনার কাছে।
শুনে শুধু মাথা ঝাঁকালেন গ্রেস হারবার্ট-মিলার।
তাদের কি বর্ণনা দিতে পারবেন একটু?
মনে হ… আপনার কি ধারণা তারাই…?
যদি আপনার বর্ণনার সাথে আমাদের পিছনে লাগা লোকগুলোর মিল থাকে, তাহলে হ্যাঁ তারাই এসেছিল।
কিন্তু কেন?
সাংকেতিক চিহ্ন ও মানচিত্রের ব্যাপারে তো আগেই বলেছি। আমরা নিশ্চিত না, তবে ধারণা করছি যে কোনো গুপ্তধনের মানচিত্র ওটা।
শুনে ভ্রু কুঁচকে গেলো গ্রেসের। ঐ পুরোনো কিংবদন্তিটা তাহলে সত্য?
আপনি আগেও শুনেছেন এটা?
হা। তবে ওটা তো শুধু বাচ্চাদের ঘুমপাড়ানি একটা গল্প মাত্র। কেউই এটাকে সত্য মনে করে না।
কিংবদন্তিটা, পুলিশ আসার আগে মহিলার কাছ থেকে যতোটা সম্ভব তথ্য বের করতে চাচ্ছে স্যাম। আমাদেরকে কি গল্পটা বলতে পারবেন?
অনেকদিন আগে শুনেছিলাম… চেয়ারে গা এলিয়ে দিয়ে বসে দেয়ালের শূন্যস্থানটার দিকে তাকালেন গ্রেস। তখন বোধহয় আমার বয়স ছিলো দশ বা এগারোর মতো। আমার কাজিন ভাইয়েরা আমাকে এই বলে ক্ষেপাতো যে, মেয়ে বলে আমি কখনো ওটার অংশ হতে পারবো না।
কিসের অংশ?
প্রটেক্টরশিপের। আমার এক কাজিনের কথাটা মনে আছে, আমাকে প্রায়ই বলতো, তুই কিছুই জানিস না? মেয়েরা রক্ষক হতে পারবে না। রক্ষক হওয়ার জন্য তোকে ছেলে হওয়া লাগবে।
কিসের রক্ষক?
অবশ্যই, কিং জনের সম্পদের।
৩৬. মিসেস হারবার্টের কথাটা
৩৬.
মিসেস হারবার্টের কথাটা রেমি ঠিক বুঝেও বুঝতে পারছে না যেন। কিং জুন? মানে কিং রিচার্ডের ভাই কিং জন?
হ্যাঁ, গ্রেস হারবার্ট বললেন।
আমার জানামতে তো সেই সম্পদের পরিমাণ প্রচুর, রেমি বলছে। প্রায়। সত্তর মিলিয়ন পাউন্ডের মতো।
কিন্তু গল্পগুলো তো সত্য না, তাই না? এই গল্প কেউ বিশ্বাসই বা করবে কেন?
বলা কঠিন, স্যাম বলল। আপনি কি গল্পটা একটু বলতে পারবেন? আপনার যতটুকু মনে আছে ততটুকুই বলেন।
হুমম…, বলে স্যামের দিকে তাকালেন মহিলা। এগুলো আসলে অনেকটা ফেয়ারিটেলসের মতো। ইংল্যান্ডকে বাঁচানোর জন্য উইলিয়াম দ্য মার্শালকে রাজ্যের সম্পদ লুকিয়ে ফেলার নির্দেশ দিয়েছিলেন কিং জন। কথিত আছে এই সম্পদটা নাকি এক জলার ধারে হারিয়ে গিয়েছিলো। আর সত্যটা হলো তরুণ রাজকুমারকে আক্রমণের হাত থেকে বাঁচানোর জন্য লুকিয়ে ফেলা হয়েছিলো এই সম্পদগুলো, বা এরকমই কোনো এক কারণ ছিলো। আমি আসলে কখনোই গল্পগুলোর প্রতি অতোটা মনোযোগ দেইনি। শৈশবে আমার কাজিনদেরকে এটুকুই বলতে শুনেছিলাম।
আপনার কাজিনদের এখন কী অবস্থা? রেমি জানতে চাইলো।
কাজিনদের মধ্যে সবচেয়ে বড়ো জন দশবছর আগে এক গাড়ি দুর্ঘটনায় মারা গেছে। আর ছোটোজন মারা গেছে গতবছর হৃদরোগে আক্রান্ত হয়ে।
