শুনেই একে-অন্যের দিকে তাকালো স্যাম ও রেমি। তারপর রেমি মহিলার আরেকটু কাছে এগিয়ে মৃদু হেসে বলল, কাজটা নিশ্চয় খুবই আনন্দদায়ক ছিলো আপনার জন্য, মিস…?
ওয়ালশ। মেরিল ওয়ালশ। আর হ্যাঁ, কাজটা আসলেই আনন্দায়ক ছিলো আমার জন্য।
স্যাম জিজ্ঞেস করলো, কালেকশনের ব্যাপারে কী কী বলতে পারবেন আমাদের? দ্বিতীয় লর্ড মর্টিমার মানে এডমুন্ড মর্টিমার এখানের কোথায় স্থান পাচ্ছে?
আসলে মর্টিমারের দাদী মাওদ ডি ব্রুজের প্রতি আগ্রহের কারণেই এই প্রদর্শনী আয়োজন করেছি আমরা। তার জন্যেই নামটা অ্যা রয়েল নাইট অ্যাট দ্য মিউজিয়াম রাখা হয়েছে। সন্তানদের মাধ্যমে তিনি শুধু সর্বশেষ দুই প্ল্যানটাজেনেট রাজা চতুর্থ এডওয়ার্ড এবং তৃতীয় রিচার্ডের সাথেই সম্পর্কযুক্ত নন, অষ্টম হেনরি থেকে শুরু করে আরো বেশ কয়েকজন ইংরেজ সম্রাটের সাথেই সম্পর্কে আছে তার। সে জন্যেই গ্রেস হারবার্ট-মিলার আমাদেরকে প্রদর্শনীর জন্য আর্টিফ্যাক্টগুলো দেওয়ার প্রস্তাব জানানোর পর আমরা মানা করতে পারিনি।
বাহ, বেশ তো, স্যাম বলল। মর্টিমারের অবৈধ ছেলেটার ব্যাপারে একটু। বলুন। শরীরে রাজপরিবারের রক্ত বয়ে যাওয়া ছাড়া ঠিক কোন কারণে ইতিহাসে এতো বিখ্যাত হয়ে আছে লোকটা?
আসলে পূর্বপুরুষদের থেকে তার এবং তার বংশধরদের জীবনযাপন একটু অন্যরকম ছিলো। যেখানে তার পূর্বপুরুষেরা হত্যাযজ্ঞ, রাজাকে সিংহাসন থেকে সরিয়ে দেওয়ার চক্রান্তের মতো কাজ করেছে, সেখানে তিনি জীবনযাপন করেছেন খুবই স্বাভাবিকভাবে। তবে ইতিহাসে তিনি স্থান পেয়েছেন অন্য একটা কারণে। তার সৎ ভাইয়ের সাথে আমাদের পরবর্তী চরিত্রের দ্বন্দ্বটা নিয়ে ভাবলেই এটা বুঝতে পারবেন।
বলে পাশের ডিসেপ্লটার দিকে এগিয়ে গেলো মেরিল ওয়ালশ। এটা হিউ লি ডেসপেন্সরের অবৈধ নাতির প্রদর্শনী। কথিত আছে হিউ লি ডেসপেন্সারের সাথে নাকি রাজা দ্বিতীয় এডওয়ার্ডের প্রেমের সম্পর্ক ছিলো। এজন্যেই রানি ইসাবেলা লোকটাকে বেশ ঘৃণা করতেন, এবং জোর করেই স্বামীকে দিয়ে তাকে রাজ্য ছাড়াও করিয়েছিলেন। বলা হয়, এইসময়ই নাকি ডেসপেন্সার জলদস্যুতে পরিণত হয়েছিল।
ডেসপেন্সারের সময়কাল ১৩২১-এর ওপরে কলম দিয়ে আঁকা এক মাস্তুলের একটা জাহাজের ছবি দেখতে পেলো ওরা। আর জাহাজের নিচে ছোট্ট একটা অনুচ্ছেদ লেখা, ডেসপেন্সর ছিলো সমুদ্রের দানব।
ভালো করে দেখার জন্য আরো কাছে ঝুঁকলো রেমি। আমি ধরে নিচ্ছি। এই দ্বন্দ্বের কারণেই দুই সন্তানকে পাশাপাশি স্থান দিয়েছেন আপনারা?
হ্যাঁ, বলল মিস ওয়ালশ। ডেসপেন্সর সমুদ্র দখল করে নেওয়ার পর মর্টিমার পরিবারের একটা জাহাজে আক্রমণ করেছিলো। কথিত আছে, ঐ জাহাজে নাকি রানি ইসাবেলের সম্পদ ছিলো। বলা হয়, ইসাবেলার সম্পদ খোয়ানোর কারণেই নাকি রজার মর্টিমারকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিলো। রজার মর্টিমার ছিলো রানি ইসাবেলের বন্ধু, এবং তিনিই. দ্বিতীয় এডওয়ার্ডকে সিংহাসনচ্যুত করার কাজে রানিকে সহায়তা করেছিলেন।
ডেসপেন্সার? বলে উঠলো রেমি। যদি ইতিহাস ঠিকমতো মনে থাকে আমার, আমি তো জানতাম মর্টিমারের মৃত্যু হয়েছিলো ডেসপেন্সারের অনেক পরে।
হ্যাঁ, ঠিক। তবে পারিবারিক সম্মানের একটা বিষয় জুড়েছিলো এটার সাথে। পারিবারিকভাবেই মর্টিমাররা শপথ করেছিলো যে প্রজন্মের পর প্রজন্ম ধরে তারা সিংহাসনে থাকা রাজার প্রতি আনুগত্য প্রকাশ করে যাবে। ডেসপেন্সরের সাথে দ্বিতীয় এডওয়ার্ডের প্রণয়টা পুরো ইংল্যান্ডকেই বিপদে ফেলে দিয়েছিলো। এজন্যেই তৃতীয় এডওয়ার্ড তার বাবাকে সিংহাসনচ্যুত করার পরেও মর্টিমারকে ক্ষমা করে দিতে পারতেন। কিন্তু, দ্বিতীয় এডওয়ার্ডকে সরিয়ে দেওয়ার পর মর্টিমারেরও উচিৎ ছিলো দায়িত্ব থেকে সরে যাওয়া। তিনি সেটা করতে পারেননি।
এমনিতেও ইতিহাসের প্রতি স্যামের ঝোঁক বেশি। আগ্রহের সাথে সাথে মিস ওয়ালশের কথাগুলো শুনছে। সাথে সাথে প্রদর্শনীতে থাকা আর্টিফ্যাক্টগুলোও পরীক্ষা করে করে দেখছে। তো অবৈধ ছেলেরা কিভাবে আসলো এসবের মধ্যে? মানে শুধু পরিবারের অবৈধ সন্তান হওয়া ছাড়া আর কী কারণ আছে?
মর্টিমারের সৎ-ভাই মানে স্যার এডমুন্ড হারবার্ট ডেসপেন্সরের চুরি করা রানি ইসাবেলের সম্পদের কিছু অংশ উদ্ধার করে আনতে পেরেছিলেন। এতে করে মর্টিমাররা আবারো তৃতীয় এডওয়ার্ডের সুনজরে আসতে পেরেছিলো। আর ওদিকে ডেসপেন্সরের অবৈধ ছেলে রজার ব্রিজম্যান জলদস্যুতাকেই পরিবারের ধারা হিসেবে বেছে নিয়েছিলেন।
ব্রিজম্যান? ভাবলো স্যাম। হ্যাঁ, এখন এভেরির আগ্রহের কারণটা পরিষ্কারভাবেই বুঝা যাচ্ছে।
চমৎকার ইতিহাস, রেমি বলল। তবে এগুলোই কি সব?
দুঃখিত?
আমি বলতে চাইছি মর্টিমারদের আর্টিফ্যাক্টের পুরোটাই কি এখানে আছে? কিছুদিন আগেই গ্রেস হারবার্ট-মিলারের সাথে দেখা হয়েছিলো আমাদের। তিনিই জানালেন যে আর্টিফ্যাক্টগুলো তিনি আপনাদের দিয়ে দিয়েছেন। তাই মনে হলো যে এখানেই সবকিছু আছে, নাকি প্রদর্শনীতে শুধু অল্প কিছু জিনিসই রাখা হয়েছে?
ওহ, স্বাভাবিকভাবেই, আসলে সবকিছুকে এখানে রাখার উপায় ছিলো না। খাপ খাওয়ানোর দিকটাও দেখতে হয়েছে। আমাদের থিমের সাথে যায় এমন জিনিসগুলোই শুধু দেখানো হচ্ছে প্রদর্শনীতে। আপনাদের কি পুরো কালেকশন দেখার আগ্রহ আছে? যদি থেকে থাকে তাহলে পরবর্তীতে আপনাদেরকে ব্যক্তিগত ভাবে দেখানোর ব্যবস্থা করবো আমি।
