| কী বললে? না। বেঁচে থাকতে চার্লস এভেরির মতো লোককে জিততে দিবো না আমি।
এটা কোনো খেলা না। লোকটা আমাদেরকে খুন করার চেষ্টাও করেছে। রেমি আমরা অনুষ্ঠানে যাব। কী?
এই মাত্র বেরিয়ে যাওয়া মহিলাগুলো এক বার্থডে পার্টিতে হুট করে গিয়ে উদয় হওয়া নিয়ে আলাপ করছিলো। আমরাও একই কাজ করতে পারি।
কিছু না বলে চুপ করে রইলো স্যাম। রেমির ব্যাখ্যার অপেক্ষা করছে।
২১৮
গত কয়েকবছরে অনেক ফান্ড-রেইজারকেই পার্টিতে আমন্ত্রণ করেছি আমরা। এদের মধ্যে অনেকেই দাওয়াত পেয়েও আসেনি। আবার দাওয়াত না পেয়েও পার্টিতে এসেছে অনেকজন। হয়নি এমন?
হ্যাঁ, হয়েছে। অনেকবারই হয়েছে এমন।
আমরাও এটাই করবো। খারাপ কী হতে পারে? ধরা পড়ে যাবো? ধরা পড়লে সসম্মানে উলটো ঘুরে ফিরে আসবো। আর ধরা না পড়লে? ধরা না পড়লে কিন্তু ঠিকই ভিতরে ঢুকে আমাদের কাঙ্ক্ষিত বস্তুটা খুঁজতে পারবো।
.
ভাড়া করা মার্সিডিজের সিট থেকে প্রবেশমুখের দিকে তাকিয়ে আছে স্যাম। বিলাসবহুল গাড়িগুলো থেকে ফর্মাল পোশাক পরা মেহমানদের নামতে দেখছে। নিরাপত্তা ব্যবস্থাও বেশ কড়াকড়ি। প্রচুর গার্ড দাঁড়িয়ে আছে প্রবেশমুখের সামনে। লিভারেড কর্মীরা দরজার মুখে দাঁড়িয়ে আমন্ত্রণপত্র চেক করছে। আমন্ত্রণপত্র ছাড়া ভিতরে ঢোকা একেবারেই অসম্ভব। এই কড়া নিরাপত্তার বেষ্টনিতে কারো নজর এড়িয়ে ভিতরে ঢোকা খুব একটা সহজ হবে না।
কিভাবে ঢুকবো? কোনো আইডিয়া আছে? নিরাপত্তার বহর দেখে রেমিকে জিজ্ঞেস করলো স্যাম।
না। কী করবো? এমনভাবে হেঁটে যাবো যেন আমরা এই জায়গার মালিক?
এটাতেও কাজ হবে বলে মনে হয় না। তাদের মনোযোগটা অন্যদিকে সরিয়ে দেওয়া লাগবে। ব্যতিক্রমী কিছু ভাবা লাগবে,..
রাজপরিবারের সদস্যদের মনোযোগ সরিয়ে দেওয়াটা এমনিতেও কঠিন কিছু না।
এখানে কে কে আসছে তা জানো তুমি? গাড়ি থামাতে থামাতে জিজ্ঞেস করলো স্যাম।
অনুষ্ঠানটার নাম অ্যা রয়েল নাইট অ্যাট দ্য মিউজিয়াম। তাহলে তো নিশ্চিতভাবেই বলা যায় যে, রাজপরিবারের দুই-একজন সদস্য থাকবেই।
এটা শুধু একটা থিমও হতে পারে।
এক বেয়ারা এগিয়ে এসে গাড়ির দরজা খুলে দিলো তাদের জন্য। গাড়ি থেকে বেরিয়ে প্রবেশমুখের সামনে অপেক্ষমান মানুষদের সারিতে গিয়ে দাঁড়ালো ওরা।
স্যাম খেয়াল করে দেখলো যে উপস্থিত মেহমানদের অনেকেই প্রশংসার দৃষ্টিতে তাকিয়ে আছে তাদের দিকে। নিশ্চিতভাবেই রেমির দিকে তাকিয়ে আছে ওরা। অনুষ্ঠানের জন্য রেমি একটি চমৎকার হাত-কাটা কালো সিল্কের গাউন এবং গলায় হীরার একটি নেকলেস পরে এসেছে। নিশ্চিতভাবেই তার রূপের দিকে তাকিয়ে আছে সবাই। এমনকি ভিতরে ঢুকতে পারার চিন্তা বাদ দিয়ে স্যামও তাকিয়ে আছে রেমির দিকে। আসলেই অপূর্ব সুন্দর দেখাচ্ছে রেমিকে।
তারা দরজায় নাম ঘোষণা করে করে ভিতরে ঢোকাচ্ছে।
রেমির কণ্ঠস্বর শুনে আবারো বাস্তবে ফিরে এলো স্যাম। দরজার দিকে তাকিয়ে বলল, নাম গোপন করে ঢুকতে চাইলে এটা বেশ সমস্যা করবে আমাদের।
তো, প্ল্যান কি এখন?
ওটা নিয়েই ভাবছি, বলল স্যাম। তবে সত্যি বলতে কোনো পরিকল্পনাই আসছে না তার মাথায়। কয়েক সেকেন্ডের মধ্যেই দরজার একদম কাছাকাছি পৌঁছে গেলো ওরা। তাদের সামনে মাত্র আর দুইটা দম্পতিই আছে।
আইডিয়া পাওয়ার আশায় আশেপাশে তাকালো স্যাম। ঠিক তখনই। দরজায় দাঁড়ানো বেয়ারাকে বলতে শুনলো, স্যার জন কিম্ব্যাল, লেডি কিম্ব্যাল।
স্যাম, ফিসফিসিয়ে বলল রেমি। আমরা প্রায় এসে গেছি কিন্তু।
ওটা চার্লস এভেরির ভাড়াটে লোকটার রোলস-রয়েস না? হুট করে গাড়িটা দেখেই বলে উঠলো স্যাম। ফিস্ক না কী যেন নাম লোকটার?
রেমিও তাকালো গাড়িটার দিকে। হ্যাঁ, দেখে তো তাই মনে হচ্ছে।
লোকটার কাছে বা তার ড্রাইভারের সাথে পিস্তল থাকার সম্ভাবনা কতটা বলে মনে হয় তোমার?
শতভাগ সম্ভাবনা আছে থাকার।
মাথা ঝাঁকালো স্যাম। তারপর ফিসফিসিয়ে বলল, আর কোনো সুন্দরী, ভীত মহিলা এই তথ্যটা জানলে কী হতে পারে বলে ধারণা তোমার?
এমন কেউ আছে তোমার পরিচিত?
সুন্দরী মহিলা? হ্যাঁ, এমন একজন আছে। তবে ভীত কেউ নেই।
তাই? আচ্ছা, সেটা এখনই জানা যাবে…
দরজার সামনে এসে পৌঁছে গেছে ওরা। দরজায় দাঁড়ানো লোকটা তাদের আমন্ত্রণপত্র দেখতে চাচ্ছে। ঠিক তখনই মুখে হাত চেপে ধরলো রেমি। তার চমৎকার সবুজ চোখগুলোতে কৃত্রিম ভয়ের ছাপ ফুটিয়ে তুলে বলল, ওহ খোদা। বলে আরো কাছে ঝুঁকে ফিসফিসিয়ে বলল, আমি আমার জীবনে আগে কখনো এতো ভয় পাইনি। ঐ লোকটার সাথে একটা পিস্তল আছে।
কথাটা শুনেই ঘাড় উঁচিয়ে ভিড়ের তাকালো লোকটা। কোথায়?
ঐ যে। রোলস-রয়েসটার পাশে দাঁড়িয়ে আছে। লম্বা লোকটা। চুলগুলো কালো। লোকটা আমাদের দিকে কিভাবে তাকিয়ে আছে দেখেছেন? খুব ভয় লাগছে আমার।
এখানেই দাঁড়ান, আমি দেখছি।
বলে তাদেরকে ওখানেই রেখে রোলস রয়েসটার দিকে পা বাড়ালো লোকটা। সাথে সাথে নিরাপত্তাকর্মীদের একটা দলও নিয়ে যাচ্ছে।
সুযোগ পেয়েই রেমিকে টান দিয়ে নিয়ে ভিতরের দিকে পা বাড়ালো স্যাম। ভিতরে ঢুকতেই আরেকজন গার্ড আটকালো তাদেরকে। তাদের আমন্ত্রণপত্র দেখতে চাচ্ছে। ওটা বাইরে দাঁড়ানো গার্ডকে দিয়ে এসেছি আমরা, বলে ফিস্কের দিকে এগিয়ে যাওয়া লোক তিনজনকে দেখালো স্যাম।
