ঘড়ির দিকে তাকালো আর্চার। তারপর নিজের লোকদের দিকে তাকিয়ে বলল, ফিরে যাওয়ার সময় হয়েছে। সবাই চোখ খোলা রাখবে। যেহেতু পানিতে কেউ দেখা দেয়নি, তারমানে বন্দরে শত্রুদের দেখা মেলার সম্ভাবনা এখন অনেক বেশি।
তবে শঙ্কাটা শেষ পর্যন্ত আর বাস্তবে পরিণত হয়নি। বন্দরেও শত্রুদের কেউ নেই। এমনকি পার্বত্য রাস্তা ধরে এয়ারপোর্টে যাওয়ার সময়ও কেউ অনুসরণ করেনি তাদের।
****
আমি বুঝলাম না কিছুই, সন্ধ্যায় তাদের প্লেনের টেবিলে বসে বলল স্যাম। এটার তো কাজে আসার কথা ছিলো।
আর্চারও তাদের সাথে আছে। ফার্গোরা যেন নিরাপদে মাটিতে ল্যান্ড করতে পারে সেটা নিশ্চিত করার জন্যই সাথে এসেছে ও। এটা বেশ ভালো
একটা প্ল্যান ছিলো। খুব সম্ভবত গুপ্তচরদের কেউ আমরা যতোটা ভেবেছিলাম ঠিক ততোটা কাজের না।
মাথা নাড়তে নাড়তে টেবিল থেকে উঠে বারের দিকে এগিয়ে গেলো স্যাম 1 ড্রিংক চলবে?
না, এখন না, আর্চার জানালো। ক্রুদের ব্রিফিং দিতে হবে আমার।
রেমি? গ্লেনফিডিচের একটা বোতল উঁচিয়ে ধরে জিজ্ঞেস করলো স্যাম।
হ্যাঁ। এখন এক গ্লাস পোর্ট দরকার আমার।
গ্লেনফিডিচের বোতলটা টেবিলে রেখে নিচের ওয়ান ক্যাবিনেট থেকে পোটের বোতল বের করে আনলো স্যাম। তো, পঞ্চান্ন বছরের পুরোনো ওয়াইনের বোতলটা বের করে গ্লাসে ঢালতে ঢালতে বলছে স্যাম, কী মনে হয়, ভুলটা কোথায়? এটা যে ফাঁদ তারা কি বুঝে ফেলেছিলো? এমন সম্ভাবনা আছে?
যে কোনো কিছুরই সম্ভাবনা আছে। আমি যা দেখেছি, আমাদের যাওয়ার আগে বা পরে কখনোই ডকে আর কোনো বোট ছিলো না। পুরোপুরিই একটা ব্যর্থ মিশন এটা।
গ্লাসটা রেমির হাতে দিয়ে স্যাম বলল, সেলমাকে কল করা দরকার আমাদের। হয়তো আমাদের থেকে আপডেট জানার অপেক্ষায় আছে ও।
পোর্টের গ্লাসে চুমুক দিতে দিতে তাদের পরিকল্পনা করা মিশনটা নিয়ে। ভাবছে রেমি। এতো ভালোভাবে প্ল্যান করা একটা মিশন কিনা শেষমেশ ব্যর্থ হলো! ব্রি কি কোনোভাবে ফাঁদের ব্যাপারে জেনে এভেরি বা তার লোকদের জানিয়ে দিয়েছিলো? কল দাও।
পকেট থেকে সেলফোনটা বের করে বাসায় ফোন দিলো স্যাম। স্পিকার অন করে বলল, কী অবস্থা, সেলমা?
মি, ফার্গো, সেলমা বলছে, আমার ধারণা অপারেশনটা হয়তো ব্যর্থ হয়েছে।
এটা কোনো প্রশ্ন না, বরং সেলমা নিজে থেকেই বলছে। কথাটা শুনেই একে-অপরের দিকে তাকালো তারা তিনজন। তারপর স্যাম জিজ্ঞেস করলো, এমনটা কেন বলছো তুমি?
কারণ-একটা বাজে সংবাদ আছে আমার কাছে।
২১. স্কাইপেতে কল করলো সেলমা
২১.
স্যামের অনুরোধে স্কাইপেতে কল করলো সেলমা। স্যাম চাচ্ছিলো তার চেহারা দেখে খারাপ সংবাদের মাত্রাটা নির্ণয় করতে। আর্চারেরও আইডিয়াটা ভালো লেগেছে। তবে সে উঠে দাঁড়িয়ে একটু পাশে সরে গেলো যাতে পর্দার ওপাশে থাকা কেউ তাকে দেখতে না পায়। কিছুক্ষণ পরই বেজে উঠলো রেমির ট্যাবলেটটা। তবে কলটা ধরতেই সেলমার বদলে ব্রিকে দেখতে পেলো ওরা। স্যাম ও রেমিকে দেখেই স্বস্তির ভাব ফুটে উঠলো যেন তার চেহারায়। তাদেরকে দেখেই পর্দার দিকে উবু হয়ে বলল, থ্যাংকস গড, আমি খুবই দুঃশ্চিন্তায় ছিলাম।
দুঃশ্চিন্তা? স্যাম বলল, তার কণ্ঠে সতর্কতা মিশে আছে। অবশ্য সেলমার থেকে মিশন ব্যর্থ হওয়ার কথাটা শোনার পর সতর্ক না হয়েই বা উপায় কী? ব্রির পিছনে দাঁড়িয়ে থাকা সেলমা ও লায়লোর দিকে তাকালো স্যাম। তাদের দুজনের মুখভঙ্গী দেখে আসলেই কিছুই বুঝা যাচ্ছে না। তাই আবারো ব্রির দিকে চোখে নামিয়ে জিজ্ঞেস করলো, কী নিয়ে দুঃশ্চিন্তায় ছিলে?
আপনাদের কোনো ক্ষতি হয়েছে ভেবে।
ব্রি, রেমি বলছে, তোমার কেন মনে হলো যে আমাদের কোনো ক্ষতি হতে পারে?
আগেরবার আপনাদের ডাইভিংর সময় ঘটা ঘটনাটার কারণে। আমরা ধারণা ওটা আমার জন্যই ঘটেছে।
স্যাম এমন কিছু আশা করেনি। অস্বীকার করলে, হ্যাঁ, তা স্বাভাবিকভাবে নেওয়া যায়। কিন্তু এটা? প্লিজ, খুলে বলো সব।
আ-আমার মনে হয় আমি আমার কাজিনকে আপনাদের অনেক তথ্য জানিয়ে দিয়েছি।
ল্যারেইন? রেমি বলে উঠলো।
হ্যাঁ। আমি প্রথমে ব্যাপারটা বুঝতে পারিনি। তারা আমাদের দুজনকেই হুমকি দিয়েছিলো, দুজনকেই বেঁধে রেখেছিলো। আমার মতোই সেও একজন ভিক্টিম। অন্ততপক্ষে আমি এটাই ভেবেছিলাম। তাই যখন সে আপনাদের ব্যাপারে জিজ্ঞেস করেছিলো, তখন এটা ভাবিনি যে তাকে কিছু বলে আপনাদেরকে বিপদে ফেলে দিচ্ছি আমি। আ- বলতে বলতে তার গাল বেয়ে অশ্রু পড়তে শুরু করেছে। কোনো রকমে নিজেকে শান্ত করে বলল, আমি খুবই দুঃখিত, মি. অ্যান্ড মিসেস ফার্গো। আমি জানলে কখনোই তাকে কিছু বলতাম না।
ব্রির চেহারাটা পরীক্ষা করে দেখছে স্যাম। মেয়েটাকে দেখে মনে হচ্ছে না সে মিথ্যা অভিনয় করছে। তারপরও নিজের সতর্কতা ফেলে দিয়ে এখনই তাকে মাফ করে দেওয়ারও কোনো ইচ্ছা নেই। তোমার কেন মনে হলো যে আড়ালে কিছু একটা ঘটছে? জিজ্ঞেস করলো শুধু।
আপনাদের প্রথম ডাইভে ঘটা ঘটনার পর এটা মাথায় এসেছে আমার। আর ল্যারেইনও বারবার জিজ্ঞেস করছিলো আপনাদের সাথে আমার আর কথা হয়েছে কিনা। এ-এতে… বলতে বলতে পর্দার বাইরের দিকে ঝুঁকে গেলো ব্রি। একটা টিস্যু নিয়ে আবারো পর্দায় উদয় হয়ে বলল, এতে করে সন্দেহ বেড়ে যায় আমার। তাই সেলমা ও লাযলো যখন আমাকে বলল আপনারা সাইফার হুইলটা খোঁজার আরেকটা চেষ্টা করবেন, তখন ল্যারেইনকে মিথ্যা বলি আমি। তাকে বলেছি যে আপনারা কোথায় আছেন বা কী করছেন সেই ব্যাপারে আমি কিছুই জানি না। এজন্যই দুঃশ্চিন্তা বাড়ছিলো আমার। বলতে দুর্বলভাবে হাসার চেষ্টা করলো। আপনাদের যদি কিছু হয়ে যেতো…
