তাহলে কেন স্নেক আইল্যান্ডের দিকে স্যাম ও আর্চারকে বোট ঘুরাতে দেখে তার আত্মা এতো ধুকপুক করছে?
ঐ মুহূর্তেই স্যাম তার পাশে এসে দাঁড়িয়ে বলল, তুমি ঠিক আছো?
রাতে ঘুমটা ভালো হয়নি আমার।
দেখেছি। সারারাত শুধু ছটফট করেছে।
আমরা কি কোনো বড় ভুল করছি?
না, আমরা করছি না, বলল স্যাম, ঠিক তখনই আর্চারও এসে যুক্ত হলো তাদের সাথে। আমরা এখানে আছি এটা জানার আসলে একটা উপায়ই আছে। আশা করছি টোপটা গিলবে ও, এবং এভেরির লোকেরাও হামলা করবে আমাদের ওপর।
স্যামের কথা শান্ত হয়ে বোটটার দিকে তাকালো রেমি। ওপর থেকে দেখে মনে হচ্ছে, একটা ইয়টকে সাজিয়ে এই রিসার্চ ভেসেলে পরিণত করা হয়েছে। আর্চার ভাষ্য অনুযায়ী, এই যানের ইঞ্জিনটা বেশ শক্তিশালী এবং এর আড়ালে অনেক ক্রু লুকিয়ে আছে আগ্নেয়াস্ত্র নিয়ে। প্রয়োজন পড়লে একটা ক্রুজ শিপকেও ডুবিয়ে দেওয়ার সামর্থ্য আছে এই বোটটার। স্যামকেও একটা ফিশিং জ্যাকেট দিয়েছে আর্চার। ওটাকে বাইরে থেকে দেখে নির্দোষ মনে হলেও, ওটার ফোলা পকেটের নিচে খুব স্বাচ্ছন্দ্যেই স্যাম তার স্মিথ অ্যান্ড ওয়েসনের পিস্তলটা লুকিয়ে রেখেছে।
এবার স্যাম ও রেমিকে পানিতে ডাইভও দিতে হবে না। তাদের হয়ে করবে আর্চার দলের দুই সদস্য।
সব দেখে আর্চারের দিকে তাকিয়ে হাসলো রেমি। মানতেই হচ্ছে যে আপনার কুটা আমাদের সর্বশেষ ক্রু থেকে অনেক বেশি বিশ্বস্ত।
সবাইকেই এক-এক করে বেছে নেওয়া হয়েছে, মিসেস ফার্গো।
প্লিজ-রেমি ডাকুন শুধু, জোর করলো রেমি। যদিও আগে মাত্র কয়েকবারই আর্চারের সাথে দেখা হয়েছে তার, তারপরও লোকটাকে বেশ পছন্দ করে ও। দেখতে শুনতে অনেকটা স্যামের মতোই লম্বা চওড়া আর্চার, এবং স্যামের মতোই তার আচরণও কিছুটা বিভ্রান্তিকর। গায়ের রঙ কিছুটা তামাটে, থুতনীতে হালকা সোনালি দাড়ি। তাকে দেখলে সাধারণ কোনো অফিসারের বদলে উচ্চ প্রশিক্ষিত অপারেটিভ বলেই মনে হয়। আমি জানি আপনি স্যামের সাথে পুরো ব্যাপারটা নিয়েই বিস্তারিত আলোচনা করেছেন, তারপরও আমার দুঃশ্চিন্তা হচ্ছে। যদি কোনো কিছু ভুল হয়ে থাকে?
আমরা প্রতিটা দৃশ্যই কল্পনা করে দেখেছি। আমরা আপনাদের পুরোপুরি নিরাপদে রেখেছি, মিসে… আ- রেমি। আপনি এখানে নিরাপদেই থাকবেন। ডাইভ দেওয়া এবং নকল আর্টিফ্যাক্ট তুলে আনা থেকে শুরু করে সবকিছুই যদি পরিকল্পনামাফিক এগোয়, তাহলে আশা করছি দুষ্কৃতিকারীদের স্থানীয় আইন প্রণয়নকারী সংস্থার হাতে তুলে দিতে খুব একটা অসুবিধা হবে না।
আমিও তাই আশা করছি। বলে দিগন্তের দিকে তাকালো রেমি। দূরত্ব কমার সাথে সাথে স্নেক আইল্যান্ডের আকৃতিও আস্তে আস্তে বড়ো হচ্ছে। সবই ঠিক আছে, তবে একটা ব্যাপারে খটকা লাগলো রেমির। স্নেক আইল্যান্ডের দিকে তাদেরটা ছাড়া আর কোনো যান এগিয়ে যাচ্ছে না। ব্যাপারটা আর্চারকে জানালো ও।
আর্চার তার হাতের বাইনোকুলারটা রেমির হাতে দিয়ে বলল, খুব সম্ভবত তারা আমাদের বন্দরে ফেরার অপেক্ষা করছে এখন। আগামীকাল আমরা ফিরে যাওয়ার সাথে সাথেই হয়তো আক্রমণ করবে। তারপরও যদি আপনি কোনো নৌকা বা বোট দেখতে পান, তাহলে সাথে সাথেই জানিয়ে দিবেন আমাদের।
বাইনোকুলারটা গলায় ঝুলিয়ে নিলো রেমি। আচ্ছা, আমি নজর রাখবো পানিতে।
অপারেশনের বাকি দিকগুলো কেমন ভাবে এগুচ্ছে সেটা দেখার জন্য স্যাম ও রেমিকে ওখানে রেখেই ভিতরের দিকে চলে গেলো আর্চার। আর্চার চলে যাওয়ার পর রেমি স্যামের দিকে তাকিয়ে বলল, যাও তুমিও।
আমি এখানেই ঠিক আছি। তোমার সাথে দাঁড়িয়ে থাকার আনন্দই অন্যরকম।
আমি জানি তা। সাথে এটাও জানি যে তুমি ডারপা এবং আর্চারের সাথে ওখানের মিশনের দিনগুলো অনেক মিস করো।
মুচকি হাসলো স্যাম। তারা এখন কী নিয়ে পরিকল্পনা করছে সেটার আপডেট জানতে পারলে খারাপ হতো না।
রেমি বাইনোকুলারটা উঁচিয়ে ধরে বলল, আমি আছি এখানে। সন্দেহজনক কোনো কিছু চোখে পড়লে ডাকবো তোমাকে।
তোমার এই চিন্তাভাবনাগুলো খুবই ভালো লাগে আমার, রেমি। তোমাকে ভালোবাসার অনেকগুলো কারণের মধ্যে এটাও একটা, বলে আর্চারের পিছু পিছু কেবিনের দিকে ছুট লাগালো স্যাম।
****
রাতে বিশ্রাম নিয়ে পরদিন সকালে গিয়ে স্নেক আইল্যান্ডে পৌঁছালো ওরা। সকালের দিকে স্যাম ও রেমির ছদ্মবেশ নিয়ে ডাইভ দিলো দুজন অফিসার। তবে যেরকম ভেবে রেখেছিলো সেরকম কিছুই ঘটলো না। পানিতে বেশ কয়েকটা বোট চললেও কোনোটাই তাদের ধারে-কাছে দিয়েও আসছে না। এমনকি, কোনোটাকে দেখে হুমকির মতোও মনে হচ্ছে না।
আট ঘণ্টা অপেক্ষার পর অবশেষে অপারেশনের সমাপ্তি ঘোষণা করলো আর্চার। জানালো যে যদি কোনো কিছু ঘটার থাকতো, তাহলে তা এতোক্ষণে ঘটে যেতো। নোঙর তুলতে যাবে, ঠিক তখনই দেখা গেলো স্নেক আইল্যান্ডের দক্ষিণ মাথা থেকে একটা ট্রলার এগিয়ে আসছে তাদের দিকে।
ট্রলারটা দেখেই সবাই সতর্ক হয়ে গেছে। নিজ নিজ অবস্থানে দাঁড়িয়ে পড়েছে আর্চারের লোকেরা। তবে আশঙ্কামূলক কিছুই ঘটলো না। কিছুক্ষণের মধ্যেই তাদের পাশ কেটে চলে গেলো ট্রলারটা। পাশ কেটে যাওয়ার সময় ট্রলারের কেউ তাদের দিকে তাকানোর মতোও আগ্রহ দেখায়নি।
ট্রলারটাকে পশ্চিমাভিমুখে চলে যেতে দেখে রেমি টের পেলো যে ক্রুরা বেশ হতাশ হয়েছে এতে।
