আর বলতে পারলো না কিছুই। কান্নায় ভেঙে পড়েছে ব্রি। ট্যাবলেটটা ব্রির সামনে থেকে তুলে নিয়ে রুমের অন্য পাশে সরে এলো সেলমা। পিছনে দেখা যাচ্ছে লাযলো ব্রিকে শান্ত করার চেষ্টা করছে।
নিজেই তো শুনলেন সংবাদটা, সেলমা বলল।
স্যাম রেমির দিকে তাকিয়ে বলল, কোনো মন্তব্য?
আমি বিশ্বাস করি তাকে, বলল রেমি।
সেলমা? স্যাম জিজ্ঞেস করলো।
হয়তো সে বিশ্বের সেরা অভিনেত্রী হলেও হতে পারে। তবে এই ক্ষেত্রে আমিও মিসেস ফার্গোর সাথে একমত। ওকে বিশ্বাস করছি আমি। তার কথায় যুক্তি আছে। আর সে যখন আমাদের কাছে ছুটে আসলো, তখন কিন্তু আপনারা কেউ ছিলেন না। তাকে শান্তও করা যাচ্ছিলো না তখন। অনেকক্ষণ লেগেছে তাকে বুঝিয়ে শুনিয়ে শান্ত করার জন্য।
চমৎকার, স্যাম বলল। এই একটাবারই আমরা চাচ্ছিলাম যেন সে তথ্যটা পাচার করে, এইবারই সে হঠাৎ করে সতর্ক হয়ে গেলো-
অথবা, কঠিন দৃষ্টিতে স্যামের দিকে তাকিয়ে বলল রেমি, ব্রি যেমনটা বলল, সে আমাদেরকে কোনো বিপদে ফেলতে চায়নি।
যাই হোক, অন্তত পক্ষে তথ্য ফাসের উৎসটা তো জানা গেলো এবার।
দুর্ভাগ্যবশত, সেলমা বলছে, এতে করে চার্লস এভেরি বা তার লোকদের কাউকেই ধরা যাচ্ছে না।
সঠিক সময়ে সবই হবে।
সেলমা তার কণ্ঠস্বর নামিয়ে বলল, ধরে নিচ্ছি ব্রি সত্য বলছে, তার মানে এখন আমাদেরকে এটাও ধরে নিতে হবে যে চার্লস এভেরির লোকেরাও জাহাজের পরিচিতিটা আবিষ্কার করার চেষ্টা করছে। এখন যেহেতু তারা আরো আমাদের থেকে দুদিন সময় বেশি পেয়েছে।
তাহলে আমরা কোন অবস্থানে আছি এখন?
তথ্যাদি ঘাটাঘাটি করা অবস্থায়।
তাহলে এখন তুমি কাজে লেগে গেলেই ভালো হবে, স্যাম বলল। ম্যাপটা কিসের দিক নির্দেশ করছে জানতে পারলে ভালোই হতো। আশা করছি, খুব সম্ভবত গুপ্তধনই হবে। | গুপ্তধন, নাকি সমাধিকে জানে? যেটাই হোক না কেন, কেউ একজন এটাকে লুকানোর জন্য বেশ ভালোই পরিশ্রম করেছে। বলে থেমে পিছনে থাকা লাযলো ও ব্রিকে একবার দেখে নিলো সেলমা। তারপর ঘাড় ঘুরিয়ে নিচুস্বরে বলল, আশা করছি এখন আর ওরা কিছু শুনতে পাবে না। যাই হোক, আমি আপনাদের জন্য সাউথ বিচ একটা রুম বুক করে রেখেছি। আপনাদের ভ্যাকেশনের স্টার্ট হিসেবে ধরে নিতে পারেন এটাকে। এতে করে আমরাও রিসার্চের কিছু সময় পাবো আর মিসেস ফার্গোও গত কয়েকদিনের অবসাদটা দূর করতে পারবেন।
ঠিক কাজই করেছে, সেলমা। আমাদেরকে খবর জানিয়ো তাহলে।
বলে কল কেটে দিয়ে ট্যাবলেটের কাভারটা বন্ধ করে দিলো স্যাম। এমন কিছু শোনার আশা করিনি আমি।
এখন বুঝা গেলো যে কেন আমাদের ভালো একটা টোপে কেউ ধরা পড়েনি, বলে রেমির দিকে তাকালো আর্চার। মনে হয় নিয়োগের আগে মেয়েটার ব্যাকগ্রাউন্ড অতোটা ভালো করে খতিয়ে দেখেননি?
সাধারণ যা যা দেখার সেসব দেখেছি, রেমি বলল। সে তো শুধু ফান্ড রেইজিংর কাজই করে।
এই মুহূর্তে কী করা উচিৎ বলে মনে হয় তোমার? স্যাম জিজ্ঞেস করলো আর্চারকে।
পুরো ব্যাকগ্রাউন্ড জানা লাগবে। শুধু ব্রি মার্শালেরই না। তার কাজিন ল্যারেইনেরটাও। দেখি ঘেটে কী পাওয়া যায়। যদি কিছু নাও পাওয়া যায়, তাহলেও হয়তো মিস মার্শালের গল্পের সত্যতাটা পাওয়া যেতে পেরে। এতে করে তোমরা একটু স্বস্তিতে বিশ্রাম নিতে পারবে আর কী!
রেমি? স্যাম জানতে চাইলো।
আমি ব্রিকে সন্দেহভাজনের তালিকা থেকে মুছে ফেলতে চাই। তো, হ্যাঁ, অবশ্যই খতিয়ে দেখার পক্ষে সায় আছে আমার।
মাথা ঝাঁকালো আর্চার। আমি গিয়ে কাজ শুরু করে দেই তাহলে। বলে রেমির সাথে হাত মিলিয়ে বলল, আপনার সাথে আরেকবার দেখা হয়ে বেশ ভালো লাগলো। তবে অপারেশনটা ব্যর্থ হওয়ায় দুঃখিত আমি।
আরে, আপনার দুঃখিত হওয়ার কিছু নেই।
স্যামও উঠে দাঁড়ালো সাথে সাথে। বলল, চলো, এগিয়ে দিয়ে আসি তোমাকে।
আর্চারকে গাড়িতে উঠিয়ে দিয়ে স্যাম বলল, মেয়েটাকে রেমি খুবই বিশ্বাস করে।
বুঝেছি ওটা। দুই মহিলার ব্যাপারেই ঘেটে দেখবো আমি। চিন্তা করো না তুমি।
****
পরদিন সাউথ বিচ হোটেলের পুলের পাশে শুয়ে বিশ্রাম নিচ্ছিলো স্যাম। ঠিক তখনই আর্চার তাকে ফোন করলো প্রাথমিক রিপোর্ট জানানোর জন্য।
রেমি এখনো পুলে সাঁতার কাটছে। তার দিকে তাকিয়ে থাকা অবস্থাতেই স্যাম আর্চারকে ফোনে বলল, আমাদের দুঃশ্চিন্তা করার মতো কোনো কিছু পেয়েছো?
রেমির ধারণা সঠিক ছিলো বলেই মনে হচ্ছে। ব্রি মার্শালকে সন্দেহ করার মতো কিছু পাইনি। তার কাজের ইতিহাসও একদম নিখুঁত। বলার মতো যেটা পেয়েছি, সেটা হলো মেয়েটা তার চাচার খুব ঘনিষ্ঠ ছিলো।
এই শেষ বাক্যটা কিভাবে বের করলে?
স্যান ফ্রান্সিসকো অফিস থেকে দুজনকে ঐ বইয়ের দোকানের দিকে পাঠিয়েছিলাম আমি। মি. পিকারিংর মৃত্যুর পর তার বিড়ালের ভার নেওয়া লোকটা বলল, ব্রি নাকি প্রায়ই দেখতে যেতো লোকটা। তবে, তাঁর নিজের মেয়ে ল্যারেইন নাকি অতোটা যেতো না।
খুব সম্ভবত ইস্ট কোস্টে থাকতো বলে অতোটা যেতে পারতো না।
সম্ভবত। তবে আমার এজেন্টরা জানতে পেরেছে যে লোকটা তার ভাতিজির সাথে বেশ ঘনিষ্ঠ ছিলো।
এতে করে কিন্তু তার মেয়েকে দোষী ধরে নেওয়া যাচ্ছে না।
না। তবে তার আর্থিক অবস্থা অবশ্য বলছে চাইলে কিছু সুযোগ নিতেও পারে। তার স্বামী তাকে অনেক ঋণের ভিতরে রেখে গেছে। তার ফার্মের মর্টগেজও পরিশোধ করা না।
