ভালো বলেছেন, লাযলো বলল। কাজে নেমে পড়ছি আমরা।
কল কেটে দিয়ে রেমির দিকে তাকালো স্যাম। বলল, তোমার মত আছে এই প্ল্যানের সাথে?
তার মত থাকবে না কেন? এই লোকগুলো ঠাণ্ডামাথার খুনি, এদেরকে অবশ্যই থামাতে হবে। আর তাছাড়া হেওয়ার্ডের নামটা শুনেও এখন কিছুটা স্বস্তি পাচ্ছে রেমি। স্যামের সাথেই কোর্ট অপারেশনের প্রশিক্ষণ নিয়েছিলো হেওয়ার্ড। স্যাম ডারপায় চলে গেলেও, হেওয়ার্ড এখন কাজ করছে সিআইএর ডিরেক্টোরেট অফ অপারেশন্স কেস অফিসার হিসেবে। সেই প্রশিক্ষণের দিনগুলো থেকেই স্যামের খুব ভালো বন্ধু হেওয়ার্ড। আর হেওয়ার্ড কখনোই সে নিজে যেটায় জড়াতে পারবে না সেখানে স্যামকেও জড়াতে মানা করবে। যদি খুব প্রয়োজনীয় কিছু হয়, তাহলে এরজন্য বাইরের সাহায্য নিতেও কোনো দ্বিধা নেই তার।
সব ভেবে মাথা ঝাঁকালো রেমি। এটাই তো একমাত্র উপায়।
হ্যাঁ। তাহলে এখন আমাদেরকে শুধু সঠিক সময়ের জন্য অপেক্ষা করতে হবে।
অবশ্য খুব বেশিক্ষণ অপেক্ষা করা লাগলো না ওদের। পরদিন সকালেই সেলমা ফোন করে জানালো, আমরা ব্রিকে ভুল শিপরেকের ব্যাপারে জানিয়েছি। সাথে এটাও বলেছি যে, আমরা আসল শিপরেকটাও খুঁজে পেয়েছি এবং খুব শীঘ্রই ওখানে খুঁজতে যাবেন আপনারা। এভেরির লোকদের তৈরি হওয়ার জন্যও সময় দিতে হবে। ধরেই নিচ্ছি যে লোকটা ওখানে বা ঘাটে আপনাদের ওপর হামলা করতে পারে। তথ্যগুলো যেন ফাঁস হয়, সেজন্য এবার তারা ব্রিকেও মিশনের পরিকল্পনার দলে টেনে নিয়েছে। তারা কোন বোট ভাড়া করছে, কখন ওখানে যাবে, এমনকি ডাইভিংর জায়গাটাও বলে দিয়েছে ব্রিকে। জায়গাটা স্নেক আইল্যান্ডেই, তবে আসল শিপরেকের অবস্থান থেকে কিছুটা উত্তরে। আর নিরাপত্তার জন্য মি. হেওয়ার্ড আর্চার ওয়ার্ল্ডওয়াইড সিকিউরিটির নামের এক ফার্মকে নিয়োগ দিয়েছেন। বলেছেন, আপনি নাকি লোকটাকে চিনবেন এবং আপনাকে কল করতে পারে কিছুক্ষণের মধ্যেই।
হ্যাঁ, চিনি ওকে। নিকোলাস আর্চার। আমাদের সাথেই ডারপায় প্রশিক্ষণ নিয়েছিলো, স্যাম জানালো সেলমাকে।
তাহলে তো দেখছি সব ঠিকঠাকই আছে। শুভকামনা রইলো আপনাদের জন্য।
তোমার জন্যও, স্যাম বলল। আর ব্রির থেকে কিছু জানতে পারলে সাথে সাথেই আমাদেরকে জানাবে তা।
বলে কল কেটে দিলো স্যাম। সবকিছুই পরিকল্পনামাফিক এগুচ্ছে। রেমি ভাবলো এখন হয়তো সে একটু আরাম করতে পারবে। কিন্তু রাতে ঘুমাতে গিয়ে আরামের ছিটেফোঁটাও অনুভব করতে পারলো না। সারারাতই বিছানায় ছটফট করেছে শুধু। বারবারই শুধু বন্ধুর কথা ভেবেছে। ব্রির সম্পর্কে সে খুব ভালোভাবেই জানে বলে ধারণা ওর। তার আচরণের এরকম বিশ্বাসঘাতকতাটা মিলছে না। এটা ভাবতে গিয়েই মাথায় এলো, কেউ কি ব্রির কাছ থেকে জোর করে তথ্যগুলো হাতিয়ে নিচ্ছে কিনা। হয়তো ব্রিকে ভয় দেখিয়ে ওর থেকে সব তথ্য জানছে কেউ।
কিছুক্ষণ ভাবার পর সিদ্ধান্ত নিলো এমনটার সম্ভাবনা থাকলেও থাকতে পারে। এটা মাথায় আসার পরই অবশেষে কিছুটা স্বস্তি পেলো রেমি। ঘুমাতেও পারলো অবশেষে।
****
পরদিন সকালে ড্রাইভারের সাথে করে গাড়িতে যাত্রা করলো ওরা। যদিও ড্রাইভার আসলে কোনো ড্রাইভার না। আর্চার সিকিউরিটির একজন ড্রাইভারের ছদ্মবেশে নিয়ে যাচ্ছে তাদেরকে।
নিকোলাস আর্চারের সাথে রেমির আগেও দেখা হয়েছে। যদিও সে তাদের ডারপার প্রশিক্ষণের কথাটা জানে, তারপরও তারা ওখানে কী কাজ করতো এই ব্যাপারে সে কিছুই জানে না। এই ব্যাপারটা নিয়ে স্যামও কখনো খোলাসাভাবে কিছু বলেনি। রেমি ধারণা করে নিয়েছে স্যাম হয়তো সরকারের জন্য কিছু একটা তৈরি করেছিলো। ওটার জন্য সম্ভবত বিভিন্ন দেশে যাতায়াত করা লাগতো, এর জন্যেই অস্ত্র ও আত্মরক্ষায় তাদেরকে প্রশিক্ষণ নিতে হয়েছিলো তাকে। অবশ্যই, এই প্রশিক্ষণটা তাদেরকে এখনো উপকৃত করে যাচ্ছে। গুপ্তধন খুঁজতে গিয়ে প্রায়ই বড়ো বড়ো বিপদে পড়তে হয় ওদের। বিপদ থেকে মুক্তির জন্য প্রতিবারই স্যামের প্রশিক্ষণ বা ডারপায় কাজ করার অভিজ্ঞতাটা কাজে দেয় তাদের।
তবে স্যাম ডারপা ছেড়ে ব্যক্তিগত ব্যবসায় নেমে পড়লেও আর্চার আরো অনেকগুলো বছর সরকারের সাথেই রয়ে গিয়েছিলো। ডারপা থেকে এফবিআইএ গেছে, তারপর অবশেষে সব ছেড়ে তৈরি করেছে নিজের ব্যক্তিগত এক আন্তর্জাতিক সিকিউরিটি ফার্ম।
ব্যক্তিগত কাজে নেমে পড়লেও সাবেক সরকারী ও আইনপ্রণয়ণকারী দপ্তরগুলোর সাথে সম্পর্ক বিচ্ছেদ করেনি আর্চার। এই কারণেই রুব হেওয়ার্ডের মতো সেও প্রয়োজনের সময় যে কোনো মূল্যবান তথ্যই বের করে ফেলতে পারে। বলা যায় তথ্য জানার ক্ষেত্রে প্রায় সবদিকেই এক্সেস রয়েছে তার। আর তাছাড়া, লোকটা এক মুহূর্তের মধ্যেই আন্তর্জাতিক মিশনের জন্যও দল তৈরি করে ফেলতে পারে। এবং তার দলের প্রতিটি সদস্যই থাকে উচ্চ প্রশিক্ষিত এবং অতিমাত্রায় বিশ্বস্ত। স্যামের ভাষ্যমতে, আর্চারের টিমগুলোর সাথে তুলনা করলে নাকি তাদের গড়া টিমগুলোকে হাই-স্কুলের জুনিয়র টিম বলে মনে হবে।
যদিও রেমি এই কথাটা এখনো বিশ্বাস করতে পারেনি, তারপরও তারা ভালো নিরাপত্তার মধ্যে আছে ভেবে বেশ স্বস্তি পাচ্ছে ও। প্রত্যাশামতোই, এই অপারেশনের প্রতিটি অংশই বেশ ভালোভাবে সাজিয়ে নিয়েছে ওরা। এমনকি লা জোলাতের তাদের বাসার সামনেও আর্চারের একটা দল পাহারায় থাকবে। ব্রির তথ্য ফাঁস করার ঘটনার প্রমাণ পাওয়া গেলেই, আটক করে শিকের আড়ালে পাঠিয়ে দেওয়া হবে ওকে।
