আপনি নিশ্চিত?
অবশ্যই আমি নিশ্চিত না। শব্দগুলো যে লিখেছে একমাত্র সে ই এটার সঠিক অর্থ বলতে পারবে।
যে লিখেছে সে এখন মৃত। আপনিও সেটাতেই পরিণত হবেন যদি
ফিস্ক কথা শেষ করার আগেই উঠে দাঁড়ালো আলেক্সান্দ্রা। তুমি যেটা চাও সেটা পেয়ে গেছে। আর এমনিতেও আমরা সকালের নাস্তার পর আর কিছু খাইনি।
আমি কিভাবে ভাবলাম যে এই মহিলাকে সাথে রাখলে আমার উপকার হবে, মনে মনে ভাবলো ফিস্ক। তবে মুখে বলল, ইভান, আবারো বেধে ফেলো একে। তাকে পালিয়ে যেতে দিতে চাই না আমি।
দাঁড়ান, বলে উঠে দাঁড়ানোর চেষ্টা করলো নাইজেল। সাথে সাথেই ইভান ও জ্যাক বিছানা থেকে লাফিয়ে উঠলো। নাইজেলকে জোর করে চেয়ারে বসিয়ে আবারো হাত বেঁধে দিলো তার। তবে নাইজেল হাল ছাড়লো না এরপরও। আপনারা আমাকে এখানে আটকে রাখতে পারবেন না।
যতক্ষণ আমাদের সহযোগিতা করতে পারবেন, ততক্ষণ বেচে থাকবেন আপনি। এরমানে এখনো আপনাকে দরকার আছে আমাদের। বলে ইভানের দিকে তাকালো ফিস্ক। ওকে সবসময় পাহারা দিয়ে রাখবে। রুম খালি রেখে যাবে না কোথাও। রাস্তার ওপারেই একটা ভালো পাব আছে। খাবার দরকার লাগলে ওখান থেকেই নিয়ে আসবে।
আর তুমি কোথায় যাচ্ছো? আলেক্সান্দ্রা জিজ্ঞেস করলো ফিস্ককে।
সাহায্যের জন্য আরো কয়েকজন লোক লাগবে আমার। ফার্গোরা এখন অনেক বড়ো সমস্যা হয়ে দাঁড়িয়েছে। যতোটা ভেবেছিলাম তার থেকেও অনেক বেশি বিপজ্জনক ওরা। ওদের একটা অবস্থা করে হোটেলে ফিরে যাবো এরপর। আপনার স্বামী ওখানেই অনুবাদের অগ্রগতি জানার জন্য অপেক্ষা করছে। আমার মনে হয়, অনুবাদটা পেয়ে গেলেই আমাদের পরবর্তী গন্ত ব্যস্থলটা পেয়ে যাবো। সেখানে এই টুর গাইডকেও প্রয়োজন লাগতে পারে। আর, হ্যাঁ, আপনার কিন্তু অবশ্যই মি. এভেরিকে কল করা উচিৎ এখন।
সে আমার এখানে আসার ব্যাপারে না জানলেই বেশি খুশি হবো আমি, শীতল কণ্ঠে জবাব দিলো আলেক্সান্দ্রা।
এটাই ভেবেছিলাম আমি, বলে দরজার দিকে পা বাড়ালো ফিস্ক। তারপর থেমে নাইজেলের দিকে ফিরে তাকিয়ে ইভানকে বলল, সে কোনো শব্দ করলেই মেরে ফেলবে তাকে। আমি নিশ্চিত সে না থাকলেও অন্য অনুবাদক ঠিকই খুঁজে পাবো আমরা।
আমরা এখানে কাউকেই মারবো না, আলেক্সান্দ্রা বলল। তুমি তো জানোই যে আমাদের পাশের রুমেও অতিথি আছে।
তাহলে তাদেরকে মেরে ফেলবেন। যেভাবেই হোক, ধরা পড়া বা কোনো সাক্ষী রাখা যাবে না।
৪৬. ফিস্ককে অনুসরণ
৪৬.
ফিস্ককে অনুসরণ করে আলেক্সান্দ্রাও বেরিয়ে এলো রুম থেকে। তোমার সাথে কথা আছে আমার।
ফিস্ক ওদিকে দ্রুত পায়ে এগিয়ে যেতে যেতেই পিছু ফিরে জবাব দিলো, এখন না। তাড়ার মধ্যে আছি আমি। পরে কথা বলবো আপনার সাথে।
বলে হলের কোনা ঘুরতে যাবে ঠিক তখনই অন্যদিক থেকে এগিয়ে আসতে থাকা এক হোটেল পরিচারিকার গায়ে ধাক্কা খেয়ে বসলো ফিস্ক। আইস বাকেট আর শ্যাম্পেইনের বোতলের দিকে নজর থাকায় পরিচারিকাও ফিস্ককে দেখতে পায়নি। ধাক্কা খেয়ে তার হাত থেকে বোতল আর আইস বাকেটটা পড়ে গেছে মাটিতে। ওদিকে ফিস্কের কোটটাও হাত থেকে ছুটে টলে থাকা পাম গাছের পাশে পড়ে গেছে। আরেকটু হলেও টবটাও উলটে পড়ে যেতো।
পড়ে যেতেই গালি দিয়ে উঠলো ফিস্ক। ফিস্কের গালি শুনে ওদিক ভয়ে কুঁকড়ে পরিচারিকা মেয়েটা। কোনো রকমে মিনমিনে গলায় বলল, স্যরি, স্যার। আপনাকে দেখিনি আমি।
হ্যাঁ, দেখবে কিভাবে, চোখ তো চোখের জায়গায় রাখো না, বলে উবু হয়ে কোটটা উঠিয়ে আবারো সামনের দিকে পা বাড়ালো ফিস্ক।
আলেক্সান্দ্রাও লবি পর্যন্ত অনুসরণ করে গেলো তাকে। তবে দরজা দিয়ে বেরুনোর আগে ফিস্ক তাকে থামিয়ে নিচু গলায় বলল, আমার কথাটা কি বুঝেননি আপনি? বললামই তো এখন কথা বলার সময় নেই আমার।
তুমি কাউকে মারতে পারবে না, ফিসফিসিয়ে বলল আলেক্সান্দ্রা। অন্তত এখানে না। এই রুমটা আমার নামে ভাড়া করা।
আপনিই তো এটার অংশ হতে চেয়েছিলেন। তারমানে এখন আপনাকেও আমার নিয়ম মেনে চলতে হবে। সেজন্যেই কাউকে পথ থেকে দূর করার সময় হলে, তখন সেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা একমাত্র আমার। আপনার বা জ্যাক ইভানের না, শুধু আমার। বুঝেছেন আমার কথা?
ফিস্কের কথা বলার ধরনে ক্ষেপে গেলেও চুপচাপ মাথা ঝাঁকিয়ে আবারো লবিতে ফিরে এলো আলেক্সান্দ্রা। মোড় ঘুরে হলওয়েতে পা ফেলতেই দেখলো পরিচারিকা মেয়েটা এখনো মেঝে থেকে বরফের টুকরোগুলো তুলে বাকেটে রাখছে।
সে একটু কাছে এগিয়ে যেতেই মেয়েটা চোখ তুলে তাকালো তার দিকে। চোখে পানি টলটল করছে মেয়েটার। আরো একবার মাফ চেয়ে বলল, আমি সত্যিই দেখিনি উনাকে।
এতে তোমার দোষ নেই, বলল আলেক্সান্দ্রা। মেয়েটার জন্য কিছুটা খারাপ লাগছে তার। মেয়েটাকে সাহায্য করার জন্য পাম গাছের গোড়ায় পড়ে থাকা শ্যাম্পেইনের বোতলটা তোলার জন্য উবু হতেই একটা জিনিস চোখে পড়লো তার। সাইফার হুইলটা। ফিস্কের কোট পড়ার সময় হয়তো পকেট থেকে পড়ে গেছে হুইলটা।
তাই বোতলটা ওভাবে রেখে দিয়েই আলেক্সান্দ্রা বলল, দাঁড়াও, আমিও সাহায্য করছি। বলে পাম গাছের কাছে পড়ে থাকা বরফের টুকরোগুলো তুলতে শুরু করলো সে। এটা সত্যিই আমাদের দোষ ছিলো। তর্ক করতে করতে এগুনোর কারণে আমরাই দেখিনি তোমাকে।
