তুমি নিশ্চিত?
হ্যাঁ, বলে রেমিকে নিয়ে পিছনে সরে গেলো স্যাম। আশা করছে ইভানরা হয়তো তাদেরকে এখনো দেখতে পায়নি। সাথে জ্যাকও আছে। আর গাড়ির পিছনের সিটে একটা বিশাল কালো কুকুরও আছে। আমি নিশ্চিত যে ওটাই গতরাতে আমাদের ওপর আক্রমণ কুকুরটা।
আহ, কালো দানোর গল্পটা তাহলে আর সত্য হলো না, বলল রেমি। গতরাতে কুকুরের পিছনে থাকা ছায়ামূর্তিটাকে চিনতেও দেরি হলো না তাদের। জ্যাকই ছিলো সেই ডেভিল।
ফিস্ককে যদিও তাদের সাথে দেখা যাচ্ছে না, স্যাম বলার সাথে সাথেই অপর পাশ থেকে একটা কালো মার্সিডিজ এসে উপস্থিত হলো দৃশ্যপটে। ইভানের গাড়ির পিছনে এসে থেমেছে গাড়িটা। ফিস্কই ড্রাইভ করছে। গাড়ি থামতেই প্যাসেঞ্জার সিট থেকে সাদা পার্কা পরা এক সোনালিচুলো মহিলাকে গাড়ি থেকে নামতে দেখলো স্যাম। মহিলা গাড়ি থেকে নেমে যেতেই গাড়িটা নিয়ে সামনে চলে গেলো ফিস্ক। আর মহিলা এগিয়ে গেলো ইভানের গাড়ির দিকে।
ইন্টারেস্টিং, ফিস্করাও তাহলে একই জায়গায় চলে এসেছে, বলল স্যাম। আমরা তো আরেকটু হলেই এই দুর্গটাকে বাতিলের খাতায় ফেলে দিয়েছিলাম।
হয়তো রানি ইসাবেলার সুড়ঙ্গ ব্যবহারের ঘটনাটা আসলেই সত্য।
তাড়াতাড়ি নাইজেলকে খুঁজে বের করা দরকার আমাদের।
বলে সামনের দিকে পা বাড়ালো স্যাম। তবে রেমি তাকে অনুসরণ না করে ইভান, জ্যাক ও তাদের সাথে থাকা মহিলার ছবি তুলে নিলো প্রথমে। হয়তো সেলমা এই মহিলার পরিচয় বের করতে পারবে। বলে তাড়াতাড়ি করে স্যামের পিছন পিছন যেতে সেলমাকে ছবিগুলো পাঠানোর চেষ্টা করছে। রেমি। ধুর, সিগন্যাল নেই।
নাইজেল কোথায়? টুর গাইডদের পোস্টে নাইজেলকে না পেয়ে জিজ্ঞেস করলো স্যাম।
রেমি তার ফোন থেকে চোখ তুলে সামনের দিকে তাকিয়ে বলল, সে তো এখানে দাঁড়িয়েই তার এক বন্ধুর সাথে কথা বলছিলো।
কিন্তু এখন এখানে নাইজেল বা তার বন্ধুর কেউই নেই।
ব্যাকপ্যাক থেকে বাইনোকুলারটা বের করে সামনের চত্বরের দিকে তাকালো স্যাম। তাকে কোথাও দেখতে পাচ্ছি না, বাইনোকুলারটা দুর্গের দেয়ালের সিঁড়ির দিকে তুলে আনতে আনতে বলল স্যাম। প্রচুর মানুষ জমা হয়ে গেছে এখন। ভীড়ের যে কোনো জায়গায় থাকতে পারে ওরা।
চলো ওপরে উঠে দেখা যাক। ভালো ভিউ পাওয়া যাবে ওখান থেকে।
চেষ্টা করে দেখা যায়, বলে স্কুল বাচ্চাদের এড়িয়ে সিঁড়ি ধরে ওপরতলায় উঠে এলো ওরা। ওপরতলায় পৌঁছে বাইনোকুলার ধরে নিচে তাকাতেই ইভানকে দেখলো এক গাইডের সাথে কথা বলছে। তবে নাইজেল বা তার বন্ধুদের কাউকেই দেখতে পাচ্ছে না। ইশশ আমি যদি লিপরিড করতে পারতাম। ইভান কী নিয়ে কথা বলছে সেটা শুনতে পারলে শান্তি লাগতো।
রেমিও এসে দাঁড়ালো স্যামের পাশে। তারাও হয়তো কোনো ভালো কারণেই এসেছে এখানে। আমরা হয়তো কিছু একটা মিস করেছি। কী মিস করলাম?
খুব সম্ভবত তারাও আমাদের মতোই এটাকেও সম্ভাব্য স্থানগুলোর একটা হিসেবে ভাবছে।
আরো কিছুক্ষণ ইভানদের দিকেই তাকিয়ে রইলো স্যাম। তারা যেটা নিয়েই আলাপ করে থাকুক না ইভানকে দেখে মনে হচ্ছে সে খুব তাড়ার ভিতরে আছে। গাইডের সাথে কথা বলেই ঘুরে উলটো দিকে পা বাড়ালো ইভান। ইভান সম্ভবত কিছু একটা জানতে পেরেছে।
তখনই রেমি নিচের দিকে নির্দেশ করে বলে উঠলো, ঐ তো নাইজেল!
বাইনোকুলার নিয়ে সেদিকে তাকালো স্যাম। তবে জ্যাক এবং তার সাথে থাকা মহিলাকে নাইজেলের দিকে এগিয়ে যেতে দেখে খুব একটা বেশি খুশি হতে পারলো না ও।
.
৪২.
এই লোক এখানে আসলো কিভাবে? কয়েকগজ সামনে দাঁড়িয়ে থাকা ট্যুর গাইডকে দেখে বলে উঠলো আলেক্সান্দ্রা এভেরি। গতরাতে তারা এই টুর গাইডের ওপরই আক্রমণ করেছিলো। অবশ্য, লোকটা এখনো তাদেরকে দেখতে পায়নি।
কুকুরের দড়িটা আলেক্সান্দ্রার হাতে দিয়ে জ্যাক তার পিস্তলটা বের করে বলল, আমি দেখছি ওকে।
হাত বাড়িয়ে জ্যাককে আটকালো আলেক্সান্দ্রা। ওটা সরাও তো। মানুষে গিজগিজ করছে জায়গাটা, অন্ততপক্ষে এখানে হুটহাট পিস্তল বের করে বসো না। ভুলে যেও না যে আমরা গ্রেট ব্রিটেনে আছি। এখানে তারা পিস্তল বের করাটা পছন্দ করে না।
আপনি নিশ্চয়ই ঐ লোকটাকে চিনেন? জিজ্ঞেস করলো জ্যাক।
অবশ্যই চিনি আমি। তবে এখন সবচেয়ে বড়ো প্রশ্ন হলো লোকটা এখানে কেন! বলে এগিয়ে আসতে থাকা ইভানের দিকে তাকালো আলেক্সান্দ্রা। ইভানের হাত তার পকেটের পিস্তলে থাকলেও, জ্যাকের মতো হুটহাট অস্ত্র বের করে আনার প্রবণতা নেই তার মধ্যে। আলেক্সান্দ্রা বেশ সন্তুষ্ট ইভানকে শান্ত থাকতে দেখে। কিছু জানতে পেরেছো?
এখানে কোনো সুড়ঙ্গ নেই, জবাবে বলল ইভান।
ইভানের জবাব শুনে আবারো টু্যর গাইডের দিকে ফিরে তাকালো আলেক্সান্দ্রা। নাইজেল না কী রিজওয়েল যেন নাম লোকটার! হ্যাঁ, এটাই, ভেবে লোকটার দিকে এগিয়ে গিয়ে হেসে জিজ্ঞেস করলো, মি. রিজওয়েল, আপনি এখানে? কী অদ্ভুত!
ডাক শুনে চকিতেই থমকে দাঁড়ালো নাইজেল। একদমই খুশি দেখাচ্ছে না তাকে। গতকাল আমার শেষ ট্যুরে ছিলেন আপনি।
হ্যাঁ, ট্যুরটা খুবই ভালো ছিলো। আপনি কি এখানেও গাইডের কাজ করেন?
জিনিসটা কোথায়?
কোন জিনিস?
আমার নোটবুক।
আপনার কথা বুঝতে পারছি না আমি।
হয় আপনি চুরি করেছেন ওটা, নয়তো আপনার এই সঙ্গীদের কেউ একজন করেছে, জ্যাক আর ইভানের দিকে ইশারা করে বলল নাইজেল।
