তোমাকে আমি ভালবাসি, কারণ তুমি আমার সবচেয়ে বিশ্বস্ত বন্ধু, মুরো, সত্যি কথাই বলল সুমা। সামুরাই বংশের লোক তুমি, জন্মসূত্রেই যোদ্ধা, হাতে কাতানা থাকলে একাই তুমি একশো।
কাতানা শুধুই একটা তলোয়ার নয়, তারচেয়ে বেশি কিছু সামুরাইদের সতেজ আত্মা, বলল কামাতোরি, গলার সুরে প্রগাঢ় শ্রদ্ধা। কাতানায় দক্ষ হওয়া মানে স্বর্গীয় পবিত্রতা অর্জন করা। সম্রাটের মর্যাদা ও নিরাপত্তার জন্যে কাতানা ব্যবহার করতে পারলে আমার আত্মা শান্তিময় আশ্রয় পাবে পবিত্র তীর্থ মন্দিরে।
অথচ আমি বললে আমার জন্যেও হাতে কাতানা তুলে নেবে তুমি।
বন্ধুর দিকে একদৃষ্টে তাকিয়ে আছে মুরো কামাতোরি। তোমার নির্দেশে যে কোন লোককে আমি খুন করব, কারণ তুমি স্বজাতির জন্যে অনেক কিছু করেছ।
ভাড়াটে খুনীর নিষ্প্রাণ চোখ দুটোর দিকে তাকিয়ে থাকল সুমা। প্রাচীন সামন্ত প্রভুদের নির্দেশে হত্যাকাণ্ড ঘটানো ছিল সামুরাই যোদ্ধাদের পেশা, বিনিময়ে সামান্য কিছু সুবিধে ও নিরাপত্তা পেলেই খুশি থাকত। সুমা জানে, রাতারাতি আনুগত্য প্রত্যাহার করে নেয়াও সামুরাইদের একটা বৈশিষ্ট্য। কথা বলার সময় অস্বাভাবিক শান্ত শোনাল তার গলা, কিছু লোক শিকার করে তীর-ধনুক দিয়ে, বেশিরভাগই ব্যবহার করে আগ্নেয়াস্ত্র। একা শুধু তোমাকে আমি চিনি, মুরো, মানুষ শিকার করার খেলায় তুমি তলোয়ার ব্যবহার করো।
.
আপনাকে সুস্থ ও সতেজ দেখাচ্ছে, প্রাচীন বন্ধু, বলল সুমা, তোশি কুদোর পিছু পিছু কোরোরি ইয়োশিশুকে কামরায় ঢুকতে দেখেই। কোরারি ইয়োশিশুর সাথে ইচিরো সুবোইও রয়েছে, কংগ্রেশন্যাল সিলেক্ট সাব-কমিটির সাথে বিতর্কে অংশগ্রহণের পর যুক্তরাষ্ট্র থেকে ফিরে এসেছে সে।
বৃদ্ধ ভদ্রলোক মৃদু হাসলেন। বাইরে থেকে সুস্থ ও সতেজ বলে মনে হলেও, আরও বুড়ো হয়ে গেছি আমি। আর খুব বেশি নতুন চাঁদ দেখার সুযোগ পাব না। শ্রদ্ধেয় পূর্ব-পুরুষদের সাথে মিলিত হবার একটা আকুলতাও অনুভব করছি।
কিন্তু আমরা জানি আরও একশো নতুন চাঁদ দেখার সুযোগ আপনি পাবেন।
দাঁতহীন মাড়ি বের করে হাসলেন কোরোরি ইয়োশিশু। কামরা থেকে বেরিয়ে গিয়ে বাইরে থেকে দরজাটা বন্ধ করে দিল তোশি কুদো। ইচিরো সুবোইর সামনে দাঁড়িয়ে মাথা নত করল সুমা। তোমাকে দেখে আনন্দ লাগছে আমার, ইচিরো। শুনলাম আমেরিকানদের তুমি নাকি বিষম একটা ধাক্কা দিয়েছ।
তেমন নাটকীয় কিছু নয়, বলল ইচিরো সুবোই। তবে ওদের ক্যাপিটল বিল্ডিংয়ে দুএকটা ফাইল বোধহয় ধরাতে পেরেছি।
খুব কম লোকই জানে যে মাত্র চোদ্দ বছর বয়েসে গোল্ড ড্রাগন-এর সদস্য হয় ইচিরো সুবোই। কিশোর বালকটির ওপর নজর পড়ে কোরোরি ইয়োশিশুর, গুপ্ত সংগঠনের নীতিমালা মেনে চলার ব্যাপারে তার নিষ্ঠা ও আগ্রহ দেখে মুগ্ধ হন তিনি। ইয়োশিশু নিজে তাকে অর্থনীতি ও ব্যবসা শেখান। আজ কানোইয়া সিকিউরিটিজ-এর চীফ ডিরেক্টর হিসেবে ইচিরো সুবোই, সুমাও ইয়োশিশুর ব্যক্তিগত অর্থনৈতিক সাম্রাজ্য পাহারা দেয়, পরামর্শ দেয় গোপন লেনদেন সম্পর্কে।
আমার বিশ্বস্ত বন্ধু, মুরো কামাতোরি, আশা করি নতুন করে পরিচয় করিয়ে দেয়ার দরকার নেই, বলল সুমা।
যুবা বয়েসে আমি যেমন নাম করেছিলাম, তলোয়ার যুদ্ধে সে-ও তেমনি নাম করেছে, আমি জানি, বললেন কোরোরি ইয়োশিশু।
মাথা নত করার সময় কামাতোরির কোমর ভাঁজ হয়ে গেল। আমি জানি, কাতানায় আজও আপনি আমার চেয়ে ভাল।
তোমার বাবাকে আমি চিনতাম, ভার্সিটিতে উনি তখন ফেনসিং মাস্টার ছিলেন, বললেন ইয়োশিশু। আমি ছিলাম তার সবচেয়ে বাজে ছাত্র। আমাকে পরামর্শ দিয়েছিলেন, একটা কামান কিনে আমি যেন জঙ্গলে হাতি মারতে যাই।
বৃদ্ধ ইয়োশিশুর একটা হাত ধরল সুমা, চেয়ারগুলোর দিকে এগোল দুজন। জাপানের সবচেয়ে বিপজ্জনক ব্যক্তি ধীরপায়ে আড়ষ্ট ভঙ্গিতে হাঁটছেন, তবে তাঁর মুখে স্থির হয়ে আছে পাথুরে হাসি, আর চোখ দুটোকে কিছুই ফাঁকি দিতে পারছে না।
পিঠ উঁচু একটা চেয়ারে বসলেন তিনি, মুখ তুলে সুমার দিকে তাকালেন, কোন ভূমিকায় না গিয়ে সরাসরি প্রসঙ্গে চলে এলেন। কেইটেন প্রজেক্টের কি অবস্থা?
খোলা সাগরে আঠারোটা বম্ব ভেহিকেল রয়েছে আমাদের। ওগুলোই শেষ। চারটের গন্তব্য যুক্তরাষ্ট্র। পাঁচটা যাবে রাশিয়ায়। বাকিগুলো ইউরোপ আর প্যাসিফিক রাষ্ট্রগুলোয়।
টার্গেটের কাছাকাছি কোন সময় পৌঁছুবে ওগুলো?
কমবেশি তিন হপ্তার মধ্যে। ইতোমধ্যে আমাদের কমান্ড সেন্টারের কমপিউটারের সাথে ডিফেন্স-ডিটেকশন ও ডিটোনেশন সিস্টেম সংযুক্ত করার কাজ শেষ হয়ে যাবে।
সুমার দিকে অবাক হয়ে তাকালেন ইয়োশিশু। ডিভাইন স্টারে সময়ের আগে বিস্ফোরণ ঘটায় প্রজেক্টের কোন ক্ষতি হয় নি? প্রজেক্টটা পিছিয়েও যায় নি?
ভাগ্য ভাল যে ঝড়ে, সংঘর্ষে বা অন্য কোন দুর্ঘটনায় একটা জাহাজ হারাতে হতে পারে, এ আমি ধরেই রেখেছিলাম। ছটা অতিরিক্ত ওয়ারহেড সরানো ছিল। বিস্ফোরণে যে তিনটে হারিয়েছি সেগুলো আবার জায়গা মত পাঠিয়ে দেয়া হয়েছে। গাড়িতে করে মেক্সিকোয় পাঠিয়ে দিয়েছি। ওখান থেকে টেক্সাস সীমান্ত পেরিয়ে যুক্তরাষ্ট্রে ঢুকবে, পৌঁছে যাবে টার্গেট এরিয়ায়।
বাকি তিনটে নিরাপদে রাখা হয়েছে, ধরে নিতে পারি?
