পায়ের পাতার উপর ভর দিয়ে দাঁড়িয়ে ডার্কের ঠোঁটে চুমো খেলো লরেন।
সবকিছুর জন্যে ধন্যবাদ।
পিট হাসে। সুন্দরী মেয়েদের জন্যে আমি সবকিছু করতে রাজী!
ওখানেই দাঁড়িয়ে থাকল পিট, লরেনের দিকে তাকিয়ে আছে। সিঁড়ি বেয়ে উঠে যাচ্ছে সে। জানালায় তার মুখ দেখা গেল। পরস্পরের উদ্দেশ্যে হাত নাড়ল ওরা।
প্লেন আকাশে উঠে পরার পর নিচে তাকিয়ে পিটকে দেখতে পেলো না লরেন।
.
৬১.
ইচিরো সুবোইর মাথায় যেন আগুন ধরে গেল। ব্যাপারটা তার বিশ্বাস হতে চাইল না। টোকিও থেকে প্রথমে এড়ো সিটিতে, তারপর ড্রাগন সেন্টারে এসেছে সে ব্যক্তিগতভাবে কেইটেন প্রজেক্টের কমান্ড নিজের হাতে তুলে নেয়ার জন্যে। এ মুহূর্তে কন্ট্রোল রুমে দাঁড়িয়ে রাগে কাঁপছে। কী বলছ বুঝতে পারছি না! কেন বলছ কোনো গাড়ি-বোমাই তোমাদের পক্ষে ফাটানো সম্ভব নয়?
তাকেদা কোরোজিমা, ড্রাগন সেন্টারের চীফ ডিরেক্টর, আড়ক্ট ও দিশেহারা বোধ করছে। কাছাকাছি দাঁড়িয়ে থাকা এঞ্জিনিয়ার ও বিজ্ঞানীদের দিকে অসহায়ভাবে তাকাল সে সমর্থনের আশায়। কিন্তু সবাই তারা মেঝের দিকে তাকিয়ে, যেন আশা করছে ধরণী তাদেরকে গিলে নেবে। কোড জানেন একা শুধু মি, সুমা, অবশেষে বলল সে। প্রাইম ও ডিটোনেট সিগন্যাল পাঠানোর জন্যে কোড সিস্টেমটা উনি ব্যক্তিগতভাবে নিজে প্রোগ্রাম করেছেন।
কোড রিপ্রোগ্রাম করতে কতক্ষণ লাগবে?
আবার স্টাফদের দিকে তাকালো তাকেদা কোরোজিমা। নিজেদের মধ্যে বিড়বিড় করছে তারা। তারপর, নিজেরা একমত হয়ে, এক পা সামনে বাড়ল সবাই ফিসফিস করে কী বলল কিছুই বোঝা গেল না।
কি…কি বললে তোমরা?
দুমিনিট পর ইচিরো সুবোইর দিকে তাকাল তাকেদা কোরোজিমা। সময় লাগবে তিন দিন। মি. সুমার কমান্ড কোড মুছে সিস্টেমটা রিপ্রোগ্রাম করতে।
নিজের কপাল চাপড়াতে ইচ্ছে করল সবুই ইচিয়োর তিন দিন?
কাজটা সহজ নয়।
দুদিন আটচল্লিশ ঘণ্টা। এর মধ্যে কেইটেন প্রজেক্টকে পুরোপুরি অপারেশন্যাল করতে হবে আপনাদের। দাঁতে দাঁত চাপল ইচিরো সুবোই, ড্রাগন সেন্টারের কন্ট্রোল রুমে পায়চারি শুরু করল। হিদেকি সুমাকে তার শিয়ালের মতো চতুর বলে মনে হলো। লোকটা কাউকে বিশ্বাস করে নি, এমন কি ঘনিষ্ঠ ও প্রাচীন বন্ধু বৃদ্ধ কোরোরি ইয়োশিশুকেও নয়।
এ সময় টোকিও থেকে ফোন এলো। কোরোরি ইয়োশিশু, ইচিরো সুবোইকে চাইলেন।
জ্বী, মি. ইয়োশিশু, আমি ইচিরো বলছি।
মার্কিন জাহাজ থেকে একটা মেসেজ পাঠানো হয়েছে, আমাদের ইন্টেলিজেন্স আড়িপাতা যন্ত্রে ধরে ফেলেছে সেটা, বললেন বৃদ্ধ কোরোরি ইয়োশিশু। মেসেজটা হলো, সুমার প্লেনটাকে গুলি করে ফেলে দেওয়া হয়েছে। আমাদের পাইলটরা কি সুমার প্লেনটাকে সত্যি সাগরে পড়তে দেখেছে?
ফিরে এসেছে মাত্র একজন। শুনলাম সে তার রিপোর্টে বলেছে, জাহাজের গোলা এড়াতেই ব্যস্ত ছিল, তার মিসাইল টার্গেটে লেগেছে কিনা বলতে পারবে না।
আমেরিকানদের এটা একটা চাল হতে পারে।
আমাদের একটা অবজারভার স্যাটেলাইটকে জাহাজটার ওপর দিয়ে যাবার জন্যে প্রোগ্রাম করতে পারলে জানা যাবে।
জাহাজে যদি প্লেনটাকে দেখা যায়? কোরোরি ইয়োশিশু জানতে চাইলেন।
জানা গেলেও তখন অনেক দেরি হয়ে যাবে, বলল ইচিরো সুবোই। মার্কিন ইন্টেলিজেন্স ফোর্সের হাত থেকে সুমাকে ছিনিয়ে আনার ক্ষমতা আমাদের নেই।
কথা বলাবার জন্যে তার ওপর ড্রাগ ব্যবহার করবে ওরা। গাড়ি-বোমাগুলো কোথায় আছে জানতে খুব বেশি সময় নেবে না। পরিস্থিতি অত্যন্ত গুরুত্বর, ইচিরো সুবোই। কেইটেন প্রজেক্ট সফল করতে হলে আমাদের আর সময় নষ্ট করা চলে না।
এদিকে অন্য এক সমস্যা দেখা দিয়েছে, বলল ইচিরো। প্রাইম ও ডিটোনেট সিগন্যাল অ্যাকটিভ করার অপারেশন্যাল কোড একা শুধু সুমা জানতো।
অপরপ্রান্তে কয়েক সেকেন্ড চুপ করে থাকার পর কোরোরি ইয়োশিশু বলেন, আমরা তো আগে থেকে জানি। তার বুদ্ধিতে খুব ধার।
একটু বেশি ধার।
সমস্যা সমাধানের জন্যে তোমার ওপর নির্ভর করছি আমি, ভারী গলায় বললেন কোরোরি ইয়োশিশু।
আপনার বিশ্বাসের মর্যাদা অবশ্যই রাখব আমি। রিসিভার রেখে দিয়ে গভীর চিন্তায় ডুবে গেল ইচিরো সুবোই। যুক্তরাষ্ট্র আঘাত হানবে, জানা কথা। আঘাতটা যাতে এখুনি না আসে, তার ব্যবস্থা করা দরকার। ঝাড়া এক মিনিট চিন্তা করার পর তার মাথায় একটা বুদ্ধি এলো। কন্ট্রোল রুমের সবাই তার দিকে তাকিয়ে অপেক্ষা করছে। তাদের দিকে ফিরে সে জানতে চাইল, ম্যানুয়ালি একটা গাড়িবোমা ফাটানো খুব কি কঠিন?
তাকেদা কোরোজিমার একটা ভুরু প্রশ্নবোধক চিহ্ন হয়ে উঠল। কোডেড সিগন্যাল ছাড়া?
হ্যাঁ।
তাকেদা কোরোজিমা একবার মাথা নোয়াল, তারপর কঠিন সব শব্দ সহযোগে ব্যাখ্যা শুরু করল।
রেগে গিয়ে ইচিরো সুবোই বলল, আপনার লেকচার কে শুনতে চায়? সহজ ভাষায় বলুন একটা গাড়ি-বোমা কীভাবে ফাটানো যায়।
ভেলোসিটির সাহায্যে ফাটানো সম্ভব। কমপ্রেসর শেল-এর ভেতর একটা হাই-ভেলোসিটি বুলেট লাগবে।
কটমট করে তাকাল ইচিরো সুবোই। আপনি বলতে চাইছেন রাইফেলের গুলি ছুঁড়ে ফাটাতে হবে ওগুলো?
ম্যানুয়ালি, হ্যাঁ। একেবার কাছ থেকে ছুঁড়তে হবে।
অবিশ্বাসের শেষ সীমায় পৌঁছে গেল ইচিরো সুবোই। তাহলে একটা রোবটকে প্রোগ্রাম করা হয় নি কেন, রাইফেল দিয়ে এয়ারকন্ডিশনারে গুলি করার জন্যে?
