ইয়েস।
আপনার কথা আমাকে বলা হয়েছে। জশ নগামি। আমি আপনার ভক্ত, ডার্ক। নুমায় আপনার কৃতিত্ব সম্পর্কে, বিশেষত, টাইটানিক জাহাজ উত্তোলনের ব্যাপারে পত্রিকায় বেশ কয়েকটা লেখা পড়েছি। ওগুলো পড়েই স্কুবা ডাইভিং শিখেছি আমি।
মাই প্লেজার, বললো পিট, সামান্য অস্বস্তিবোধ করছে। আপনাকে ঠিক লোকাল বলে মনে হচ্ছে না।
জন্ম হয়েছে সান ফ্রানসিকোয়, ওখানেই বড় হয়েছি। ইন্টার্নি করেছি সান্তা অ্যানার সেন্ট পলস হাসপাতালে।
এদের খপ্পরে পড়লেন কীভাবে? জানতে চাইল পিট। ব্ল্যাকমেইলিঙের শিকার?
আমি মি. হিদেকি সুমারও একজন ভক্ত, ডার্ক। কেউ বাধ্য করে নি, স্বেচ্ছায় তাঁর দলে যোগ দিয়েছি বছর চারেক আগে।
তার কাজ আপনি সমর্থন করেন?
একশো ভাগ।
তা কি করে সম্ভব! নিশ্চয়ই আপনাকে ভুল বোঝানো হয়েছে।
কেউ আমাকে ভুল বোঝায় নি, ডার্ক। আমি একজন জাপানি, বিশ্বাস করি বুদ্ধিবৃত্তির দিক থেকে জাপানিরা অন্য সবার চেয়ে শ্রেষ্ঠ। আমাদের কালচারও। অন্যান্য কালচারের তুলনায় শ্রেষ্ঠ।
তর্ক করার প্রবৃত্তি হলো না, হাত দিয়ে আহত হাঁটুটা দেখালো পিট। কাল এটা ব্যবহার করতে হবে, অন্তত কাজ চালাবার মতো মেরামত করে দিতে পারেন কিনা। দেখেন। বোধ হয় মচকে গেছে। ব্যথাটা কি কমানো সম্ভব?
প্যান্ট গুটিয়ে হাঁটুটা দেখান আমাকে।
ডাক্তার হাঁটুতে হাত ছোঁয়াতেই ব্যথায় গুঙিয়ে উঠল পিট। অভিনয়টা ভালোই হলো।
কোথাও ছড়ে নি, ফুলেও ওঠে নি। ভেতরে কিছু ছিঁড়েছে বলেও মনে হচ্ছে না।
কিন্তু প্রচণ্ড ব্যথা হচ্ছে। ভাঁজ করতে পারছি না।
ক্র্যাশ-ল্যান্ড করার সময় চোট খেয়েছেন, তাই না?
খবরটা দেখছি সবই জানে।
রোবটরা কোনো খবরই চেপে রাখতে জানে না, কী ঘটেছে না ঘটেছে সব নিজেদের মধ্যে আলাপ করবে। পুকুরে চার লাখ ইয়েনের পোনা ছিল, বেশির ভাগই মারা গেছে। সেজন্যে মি. সুমা আপনার ওপর রেগে আছেন।
তাহলে এ-ও আপনি জানেন যে কাল আমাকে শিকার করা হবে?
জশ নগামির মুখের হাসি নিভে গেল। আমি চাই আপনি জানুন, মি. সুমার নির্দেশ আমার শিরোধার্য হলেও, মুরো কামাতোরির মানুষ শিকার করার এই নোংরা খেলটাকে আমি ঘৃণা করি।
দুর্ভাগার জন্যে কোন পরামর্শ আছে?
ইঙ্গিতে কামরার চারদিকটা দেখালো জশ নগামি। এখানে চোখ আর কানের কোনো অভাব নেই। আমি আপনার দলে নাম লেখালে, আমাকেও মানুষ শিকারের খেলায় অংশগ্রহণ করতে হবে। আপনার জন্যে আমি শুধু দুঃখ প্রকাশ করতে পারি, ডার্ক। তবে যা ঘটতে যাচ্ছে তার জন্যে আপনিই দায়ী।
তবে আমার হাঁটুর জন্যে কিছু একটা করবেন, নাকি?
ডাক্তার হিসেবে ব্যথা কমানোর জন্যে সম্ভাব্য সবকিছু করব, হ্যাঁ। আমার ওপর কামাতোরির নিদের্শ আছে, কালকের খেলার জন্যে আপনাকে সম্পূর্ণ সুস্থ করে তুলতে হবে।
ওষুধের নামটা উচ্চারণযোগ্য নয়, তবে ব্যথা কমানোয় ওটার কোনো জুড়ি নেই। ওষুধ লাগিয়ে অ্যাথলেটিক টেপ দিয়ে হাঁটুটা ঢেকে দিল ডাক্তার জশ নগামি। ডার্কের মুঠোয় ট্যাবলেট ভর্তি ছোট একটা শিশি খুঁজে দিল সে। চার ঘণ্টা অন্তর দুটো করে খাবেন। বেশি থাবেন না, কারণ আচ্ছন্নবোধ করলে কামাতেরি আপনাকে সহজেই কাবু করে ফেলবে।
ওষুধ আর টেপ আনতে দুবার কামরা থেকে বেরিয়ে গেল নার্স। আপনাদের একটা খালি বিছানায় কিছুক্ষণ বিশ্রাম নিতে পারি আমি? ডাক্তারকে জিজ্ঞেস করলও।
আমার কোনো আপত্তি নেই। আপনার রোবো গার্ডকে জানিয়ে দিচ্ছি, এক দেড় ঘণ্টা অবজারভেশনে রাখছি আমি আপনাকে। পিটের দিকে একদৃষ্টে তাকিয়ে আছে ডাক্তার। পালানোর কথা চিন্তা পর্যন্ত করবেন না। ক্লিনিকে কোনো জানালা নেই, পেছন দিয়ে বেরুনোও যায় না। আর এলিভেটরের দিকে দৃপাও এগোতে পারবেন না, রোবটরা আপনাকে ঘিরে ফেলবে।
চিন্তা নেই, পালাব না, বলল পিট।
খালি একটা বিছানা দেখিয়ে ডাক্তার বলল, শুয়ে পড়ুন। নরম তোষকের ওপর কম্বল আছে।
বাথরুম?
সাপ্লাই রূমের ভেতর দিয়ে যেতে হবে, আপনার বামদিকে।
ডাক্তারের সাথে করমর্দন করল পিট। আপনার প্রতি আমি কৃতজ্ঞ, মি, নগামি দুঃখ শুধু এই যে আমাদের মধ্যে দৃষ্টিভঙ্গির পার্থক্য রয়েছে।
ডাক্তার চলে যাবার পর পিটের দিকে পিছন ফিরে নিজের ডেস্কে আবার বসল নার্স। খোঁড়াতে খোঁড়াতে বাথরুমের দিকে এগোল পিট। ভেতরে ঢুকল না, তবে দরজা খোলার ও লাগাবার আওয়াজ করল। নার্স তার নিজের কাজে ব্যস্ত, সাপ্লাই রূমের ভেতর দিয়ে এ দিকটায় তাকালো না।
সাপ্লাই রুমের দেরাজ খুলে তল্লাশি চালাচ্ছে পিট। বাক্স ভর্তি-প্লাস্টিকের ব্যাগ পেল, প্রতিটি সরু টিউবের সাথে জোড়া লাগানো, টিউবের শেষ মাথায় একটা বড়সড় সুচ। ব্যাগে লেখা সিপিডিএ-ওয়ান রেড ব্লাড সেলস। বাক্স থেকে একটা ব্যাগ নিয়ে শার্টের নিচে লুকিয়ে ফেলল।
কামরার এক কোণে দাঁড়িয়ে রয়েছে মোবাইল এক্স-রে ইউনিট। ওটার দিকে চোখ পড়তেই মাথায় একটা বুদ্ধি এলো। নখ দিয়ে প্লাস্টিকের একটা নেমপ্লেট খুলল ও, ম্যানুফ্যাকচারারের নাম লেখা রয়েছে। এক্স-রে ইউনিটের পিছনটা খোলার জন্যে স্ত্র-ড্রাইভার হিসেবে ব্যবহার করল ওটা। একজোড়া সিক্স-ভোল্ট ড্রাই-সেল রিচার্জেবল ব্যাটারি ভরল পকেটে। তারপর যতটা সম্ভব ইলেকট্রিক্যাল ওয়্যার ছিঁড়ে জড়িয়ে নিল কব্জিতে।
