যুদ্ধংদেহী বলেই সমাজকে আবার পবিত্র করে তোলার অভিযান আগ্রাসী ও বিকৃত হয়ে গেছে। ধর্মীয় জীবনে আবশ্যক বলে সকল ধর্মে জোর দেওয়া সহানুভূতির ঘাটতি রয়েছে এর, এবং নুমিনাসেরও কোনও অভিজ্ঞতা নেই। তার বদলে এটা বর্জন, ঘৃণা এবং এমনকি সহিংসতার আদর্শ প্রচার করেছে। কিন্তু মৌলবাদীদের ক্রোধের উপর একচেটিয়া অধিকার নেই। তাদের আন্দোলনসমূহ প্রায়শঃই ধর্ম ও এর অনুসারীদের প্রতি সামান্যই সম্মান প্রদর্শনকারী এক আগ্রাসী সেক্যুলারিজমের সাথে দ্বান্দ্বিক সম্পর্ক বিকশিত করে। সেক্যুলারিস্ট ও মৌলবাদীরা অনেক সময় বৈরিতা ও পাল্টা অভিযোগের ক্রমবর্ধমান ফাঁদে আটকা পড়ে গেছে বলে মনে হয়। মৌলবাদীরা যদি তাদের ধর্মীয় ঐতিহ্যের প্রতি বিশ্বস্ত থাকার স্বার্থে প্রতিপক্ষের আরও সহানুভূতিপূর্ণ মূল্যায়ন করে, সেক্যুলারিস্টদেরও অবশ্যই আধুনিক সংস্কৃতিকে এর সেরা অবস্থায় বৈশিষ্ট্যায়িতকারী উদারতা, সহিষ্ণুতা ও মানুষের প্রতি সম্মানের ক্ষেত্রে আরও বেশি বিশ্বস্ত থাকতে হবে এবং নিজেদের আরও সহানুভতির সাথে তাদের অসংখ্য মৌলবাদী প্রতিবেশীর অনভূত ভীতি, উদ্বেগ ও প্রয়োজনের প্রতি দৃষ্টি দিতে হবে, কোনও সমাজই যাকে নিরাপদে অগ্রাহ্য করতে পারে না।
শেষ
১২. নির্ঘণ্ট
আগুদাত ইসরায়েল (হিব্রু)। ‘দ্য ইউনিয়ন অভ ইসরায়েল’; ১৯১২ সালে অর্থডক্স ইহুদিদের প্রতিষ্ঠিত একটি রাজনৈতিক দল।
আলম আল-মিথাল (আরবী)। ‘খাঁটি কল্পনার জগৎ’; মুসলিম অতীন্দ্রিয়বাদীদের দিব্যদর্শনের উৎস মানসিক অবস্থার এক বলয় এবং সৃজনশীল কল্পনার আসন।
আলিম (আরবী)। উলেমা দেখুন।
আলিয়াহ (হিব্রু)। সত্তার অধিকতর পর্যায়ে ‘আরোহণ’। যায়নবাদীরা ডায়াসপোরা থেকে পবিত্র ভূমিতে অভিবাসন বোঝাতে ব্যবহার করেছে।
অ্যান্টিক্রাইস্ট। কিছু সংখ্যক নিউ টেস্টামেন্ট লেখকদের মতে অন্তিম দিবসের আগমন ঘোষণাকারী মিথ্যা পয়গম্বর। অ্যান্টিক্রাইস্ট হবে বিশ্বাসযোগ্য প্রতারক, সে সংখ্যাগরিষ্ঠ ক্রিশ্চানকে ধর্মদ্রোহীতার পথে টেনে নিয়ে যাবে এবং বুক অভ রেভেলেশনে পূর্বাভাস দেওয়া যুদ্ধে পরাস্ত হবে।
আশুরা (আরবী)। ‘সত্য’; মুহররমের দশম দিবস, আধুনিক ইরাকের কারবালা প্রান্তরে পয়গম্বর মুহাম্মদের (স) পৌত্র হুসেইনের আত্মত্যাগের বার্ষিকী।
অ্যাপোক্যালিপ্স ‘ভীবষ্যদ্বাণী’; নিউ টেস্টামেন্টের শেষ পুস্তকের গ্রিক শিরোনাম, এখানে সেইন্ট জন বর্ণিত অন্তিমকালের বর্ণনা রয়েছে বলে সাধারণভাবে ধারণা করা হয়। পরিভাষাটি ক্রাইস্টের দ্বিতীয় আগমন ও মানবজাতির ধ্বংসের দিকে চালিত বিভিন্ন বিপর্যয়কর ঘটনার ক্ষেত্রে প্রযুক্ত।
অ্যাশকেনাযিক জু। মধ্য ও পূর্ব ইউরোপের ইহুদি সম্প্রদায়, স্প্যানিশ সেফারদিক বা মধ্যপ্রাচ্যীয় উৎসের বিপরীতে সাধারণভাবে জার্মানিক ও ইদ্দিশ সংস্কৃতির সাথে সম্পর্কিত করা হয়।
আভোদাহ (হিব্রু)। ‘কাজ, শ্রম।’ বাইবেলের আমলে পরিভাষাটি মন্দিরে সেবা বোঝাতে প্রযুক্ত হত।
আওক্বাফ (আরবী)। এক বচন: ওয়াকফ। ধর্মীয় ভবন বা দাতব্য প্রতিষ্ঠানের জন্যে ধর্মীয় অনুদান।
আয়াতোল্লাহ। আরবী আয়াত আল্লাহ থেকে, ‘আল্লাহর নিদর্শন’; বিংশ শতাব্দীতে ইরানে দারুণ জনপ্রিয় হয়ে ওঠা নেতৃস্থানীয় মুজতাহিদের উপাধী।
ব্যাপ্টিস্ট চার্চ। ১৬৩০-র দশকে একটি স্বাধীন গোত্র প্রতিষ্ঠা করার লক্ষ্যে মূলধারা থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া কালভিনিস্টিক গোষ্ঠী। বিশ্বাসীদের বিশ্বাসের ঘোষণা দেওয়ার পর প্রাপ্তবয়স্ক হিসাবে দীক্ষা দেওয়া হত। ধর্মীয় স্বাধীনতার ব্যাপারে উদ্বিগ্ন কিছু ব্যাপ্টিস্ট সপ্তদশ শতাব্দীর গোড়ার দিকে আমেরিকান কলোনিগুলোয় পাড়ি জমায়।
বাতিন (আরবী)। অস্তিত্ব ও ধর্মের ‘গোপন’ মাত্রা যাকে ইন্দ্রিয় বা যৌক্তিক ভাবনা দিয়ে উপলব্ধি করা সম্ভব নয়, কিন্তু অতীন্দ্রিয়, স্বজ্ঞামূলক অনুশীলনের মাধ্যমে শনাক্ত করা যায়।
বাজারি (আরবী)। বাজারের বণিক ও কারুশিল্পীদের সদস্য।
বে (তুর্কি)। অটোমান সেনাবাহিনীর কমান্ডার বা জেনারেল।
বিদাহ (আরবী)। উদ্ভাবন বা প্রচলিত ইসলামি রেওয়াজ বা বিশ্বাস থেকে বিচ্যুতি।
চালুত্য (হিব্রু)। বহুবচন: চালুতযিম। যায়নবাদী অগ্রগামী।
কংগ্রেশনালিস্ট চার্চ: স্থানীয় সমাবেশের স্বায়ত্তশাসন ঘোষণা ও কোনও প্রতিষ্ঠানের আরোপিত নিয়ন্ত্রণ মেনে নিতে অস্বীকৃতি জ্ঞাপনকারী কালভিনিস্ট। সদস্যরা আনুগত্য ও বিশ্বস্ততার এক কোভেন্যান্টে পরস্পরের প্রতি সম্পর্কিত থাকে। ইংল্যান্ডে নির্যাতনের শিকার হয়ে অনেক কংগ্রেশনালিস্টই সপ্তদশ শতাব্দীর গোড়ার দিকে নেদারল্যান্ডস ও আমেরিকান কলোনিতে চলে গিয়েছিল। চার্চ বিশেষ করে নিউ ইংল্যান্ডে শক্তিশালী হয়ে ওঠে
কনভার্সো (স্প্যানিশ)। বহুবচন: কনভার্সোস। ‘ধর্মান্তরিত’; গোড়ার দিকে আধুনিক স্পেনে জোরপূর্বক রোমান ক্যাথলিসিজমে পরিণত ইহুদি।
দেভেকুত (হিব্রু)। ঈশ্বরের সাথে ‘সংশ্লিষ্টতা’; ঐশী সত্তা সম্পর্কে চিরন্তন সচেতনতা, হাসিদিমে কেবল যাদ্দিক দিয়েই অর্জনযোগ্য।
ডায়াসপোরা। প্যালেস্তাইনের বাইরে বিক্ষিপ্ত ইহুদিদের সম্প্রদায়সমূহ। গালুত (হিব্রু, নির্বাসন) নামেও পরিচিত।
