টিকে থাকাই ছিল হেরেদিমের প্রধান উদ্দেশ্য। ১৯৬০-র দশকে থেকেই জেন্টাইল বিশ্বের প্রতি তাদের দৃষ্টিভঙ্গিতে কঠোরতা এসেছিল। ১৯৬১ সালে জেরুজালেমে অ্যাডল্ফ এইখমানের বিচার হলোকাস্টের প্রতি নতুন সচেতনতা বোধের দিকে চালিত করেছিল, ফলে হেরেদিম নিজেদের গোয়েশি সংস্কৃতি ও এতে অংশগ্রহণকারী সেক্যুলার ইহুদিদের সাথে দূরত্ব বজায় রাখার ব্যাপারে আরও প্রতিজ্ঞ হয়ে ওঠে। নিজেদের তারা আধুনিক সভ্যতার বিরুদ্ধে যুদ্ধরত হিসাবে দেখেছে, জেন্টাইল বা ইহুদিবাদ সম্পর্কে তাদের দৃষ্টিভঙ্গি মানে না এমন ধার্মিক বা সেক্যুলার ইহুদির প্রতি বলার মতো কিছুই ছিল না তাদের। আরও একবার দমন ও নির্যাতনের অভিজ্ঞতা ধর্মীয় দিগন্তের সংকীর্ণকরণের দিকে চালিত করেছে ও আদর্শিক সমরূপতার উপর নতুন জোর দিয়েছে। ক্রমবর্ধমানহারে ইয়েশিভোত বা হাসিদিক দরবারের বাইরে অর্থপূর্ণ যোগাযোগ স্থাপনের ভাষা বা ধারণার কোনওটাই আর হেরেদিমের ছিল না।১ নিজেদের ইসরায়েলি পড়শী ও ডায়াসপোরায় তাদের পূর্বপুরুষদের মতোই জেন্টাইল বিশ্ব থেকে বিচ্ছিন্ন মনে করেছে তারা।
কিন্তু হলোকাস্ট সম্পর্কে নতুন সচেতনতা ইহুদিবাদের নাজুক অবস্থা সম্পর্কে তাদের যারপরনাই সজাগ করে তোলে। তোরাহ রক্ষার লক্ষ্যে তারা রাজনৈতিক প্রক্রিয়ায় যোগ দিতে ইচ্ছুক হয়ে উঠেছিল। ১৯৫০ সালে এদাহ হেরেদিসের একজন সদস্যের মুখে তাদের প্রবণতা সুস্পষ্টভাবে প্রকাশ পেয়েছে:
আমরা দুর্বল; শক্তিশালী সরঞ্জাম রয়েছে আমাদের প্রতিপক্ষের হাতে; বিচ্ছিন্ন ও বিভক্ত হয়ে আমরা আমাদের নিশ্চিহ্ন করে দেওয়ার হুমকি সৃষ্টিকারী ঝড়ের বিরুদ্ধে দাঁড়িয়ছি, ঈশ্বর না করুন। আমাদের অন্তকরণকে ক্ষতবিক্ষতকারী আইন আমাদের অবস্থা আরও করুণ ও অসহনীয় করে তুলবে। আমাদের অবশ্যই নিজেদের রক্ষা করতে হবে ও সরকারের তরফ থেকে আমাদের উদ্দেশ্যে পরিচালিত আক্রমণ প্রতিহত করতে হবে।২
কিন্তু ১৯৫০-র দশকে অবস্থা জুৎসই ছিল না। আইডিএফ-এ নারী নিয়োগের প্রশ্নে আগুদাত ইসরায়েল ১৯৫২ সালে শ্রমিক দলীয় সরকার হতে বের হয়ে এসেছিল। সেই থেকে নেসেটে তাদের আর প্রতিনিধিত্ব ছিল না। কিন্তু ১৯৭৭ সালে লিকুদ পার্টির বিজয়ের পর আগুদাত কোয়ালিশন সরকারের সদস্যে পরিণত হয়। আগুদাতের উপদেষ্টা পরিষদ মোয়েতজেত গ’দোলায় হা-তোরাহ (কাউন্সিল অভ তোরাহ সেজেস) এভাবে যায়নবাদীদের হাতে মানসিকভাবে ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত প্রবীন র্যাবাইদের ক্ষমতার একেবারে কাছে নিয়ে আসে। কিন্তু কয়েক দশক ধরে হাসিদিম ও মিসনাগদিমের পুরোনো বৈরিতা চাপা থাকলেও কাউন্সিলে তা ফের মাথাচাড়া দিয়ে ওঠে; একই উৎস থেকে পাওয়া তহবিলের জন্যে প্রতিযোগিতা করতে গিয়ে পরস্পরকে শত্রু হিসাবে দেখতে শুরু করেছিল তারা। ফলে নতুন নতুন হেরেদি পার্টি ও নতুন রাজনৈতিক কুশীলবের আবির্ভাব ঘটতে থাকে।
উদাহরণ স্বরূপ, পোনোভ্যে ইয়েশিভার প্রধান ও ইসরায়েলে লিথুয়ানিয় ইহুদিদের নেতা র্যাবাই এলিয়েযার শ্যাচ ১৯৪৮ সালে আরব দেশগুলো থেকে অভিবাসনকারী সেফারদিক ইহুদিদের প্রভাবের ব্যাপারে উদ্বিগ্ন হয়ে ওঠেন 1 সেফারদিকদের অনেকেই আগুদাত ইসরায়েলের হাসিদিক সদস্যদের প্রভাবে প্রভাবিত হচ্ছিল, বর্ধিত হাসিদিক ভোট মিসনাগদিক ইয়েশিভোত থেকে তহবিল অন্যদিকে নিয়ে যাবে ভেবে ভয় পাচ্ছিলেন শ্যাচ। এই বিপদ মোকাবিলা ও সেফারদিকদের প্রলুব্ধ করতে সেফারদিক প্রধান র্যাবাই ভোদিয়া ইয়োসেফের সাথে একটি নতুন সেফারদিক পার্টি শাস তোরাহ গার্ডিয়ান্স গঠন করেন তিনি। ইউরোপিয় ইহুদিদের মতো সেফারদিকদের যায়নবাদের প্রতি সমান বিতৃষ্ণা ছিল না। ১৯৪৮ সালে ইসরায়েল রাষ্ট্র সৃষ্টির আগ পর্যন্ত মুসলিম বিশ্বে তারা নির্যাতিত হয়নি এবং ঘেটো মানসিকতা গড়ে তোলেনি। রাষ্ট্রীয় কর্মকাণ্ডে অংশগ্রহণের ব্যাপারে বা সানন্দে রাজনৈতিক জীবনে অংশ নেওয়ার ব্যাপারে তাদের ভেতর কোনও খুঁতখুঁতানি ছিল না। ১৯৮৪ সালের নির্বাচনে শাস নেসেটে চারটি আসনে জয় লাভ করেছিল।
অবশ্য ১৯৮৮ সালে সপ্তম লুবাভিচার র্যাবাই র্যাবাই শ্যাচ ও মিসনাগদিমের প্রভাব ঠেকানোর সিদ্ধান্ত নেন। তিনি তাঁর সকল অনুসারীকে আসন্ন নির্বাচনে আগুদাতের পক্ষে ভোট দেওয়ার নির্দেশ দেন। ৭৩ তিনি চাইছিলেন আগুদাত যেন ইহুদিত্বের আরও কঠোর সংজ্ঞা প্রদানের জন্যে সরকারের উপর চাপ সৃষ্টি করে। এই পদক্ষেপ ইসরায়েল রাষ্ট্রের রাজনৈতিক কল্যাণের প্রতি হেরেদিমের নিস্পৃহতা তুলে ধরেছে। ইসরায়েলি সরকার রেব্বের ইচ্ছা পূরণ করে মিশ্র বিয়ের ফলে জন্মলাভ করা সন্তান বা সংস্কার র্যাবাই কতৃক ধর্মান্তরিত কাউকে অইহুদি ঘোষণা করলে মার্কিন যুক্তরাষ্ট্রে দারুণ সাফল্যের সাথে ইসরায়েলেল পক্ষে লবিং করেছে এমন বহু আমেরিকান ইহুদিকে ক্ষিপ্ত করে তোলা হত। ইসরায়েলের অস্তিত্বের পক্ষে আমেরিকার সমর্থন যারপরনাই গুরুত্বপূর্ণ ছিল, কিন্তু লুবাভিচার রেব্বে তার পরোয়া করেননি। তিনি স্রেফ নিজের ব্রতকে ইহুদি বিশ্বে প্রসারিত করতে চেয়েছেন। তাঁর কোনও কোনও প্রতিনিধি নিজেদের ইহুদি মনে করলেও হালাখীয় মানদণ্ড পূরণ করে না এমন সাধারণ লোকদের বেলায় সমস্যায় পড়েছে। ইসলায়েল রাষ্ট্র শেষ পর্যন্ত এই ধরনের লোকদের অ-ইহুদি ঘোষণা করলে লুবাভিচের পক্ষে জীবন অনেক সহজ হয়ে যেত। তবে আগুদাতের হাসিদিক সদস্যদের ভেতর রেব্বের হস্তক্ষেপ বেশ বৃদ্ধি পেয়েছিল, সুতরাং এর বিরোধিতা করতে র্যাবাই শ্যাচ একটি নতুন মিসনাগদিক পার্টি দেগেল হা-তোরাহ (তোরাহ ব্যানার) গঠন করেন।
