মরাল মেজরিটির এই ধরনের রাজনৈতিক অ্যাক্টিভিজম চালু করার বিশ বছর পর এই বইটি লেখার মুহূর্তে এর দীর্ঘমেয়াদী কার্যকারিতা পরিমাপ করা সহজ নয়। প্রমাণ রয়েছে যে বিশেষ করে দক্ষিণে আগের চেয়ে অনেক বেশি কঠোর ক্রিশ্চানরা ভোট দিচ্ছে, কিন্তু এই ধরনের নেতিবাচক প্রচারণা অনেক সময় হীতে বিপরীত হতে পারে। ক্রিশ্চান রাইট সমর্থক লিন্ডা শাভে ১৯৮৬ সালে মেরিল্যান্ড মধ্যমেয়াদী নির্বাচনের সময় প্রতিপক্ষকে কমিউনিস্ট ও শিশুঘাতক লেসবিয়ান বলে গালমন্দ করলে সেটা তার পরাজয়ে ভূমিকা রেখে থাকতে পারে। ১০২ ১৯৯৮-৯৯ সালে মনিকা লিউনিস্কির সাথে প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের যৌন সম্পর্ক ও পরবর্তী কথিত আদালত অবমাননার দায়ে তাঁকে অপসারণের প্রয়াসও উল্টো ফল দিয়েছিল। যৌন আচরণ সম্পর্কে প্রেসিডেন্টের একান্ত উত্তর দান এবং এর সাথে সংশ্লিষ্ট অনিবার্য রাজনৈতিক ডিসেকোর্সের তুচ্ছকরণ ব্যাপক নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করে এবং সম্ভবত ক্লিন্টনের পক্ষে উদারপন্থীদের পাল্টা হামলার কারণ হয়।
তাসত্ত্বেও সত্যি কথা হচ্ছে কেলেঙ্কারীর সর্বোচ্চ পর্যায়ে প্রেসিডেন্ট কর্তৃক মার্কিন যুক্তরাষ্ট্রের ধর্মীয় নেতাদের এক প্রাতরাশ সভায় ভাষণ দান ও কান্নাভরা কণ্ঠে পাপের স্বীকারোক্তি দেওয়া প্রয়োজন মনে করার বাস্তবতা দেখিয়ে দিয়েছে যে, রাজনীতিবিদগণ এখন আর বিশ্বাসীদের রক্ষণশীল দৃষ্টিভঙ্গিকে সেক্যুলারিস্ট পরিহাসের সাথে দেখতে পারছেন না। বিংশ শতাব্দীর শেষ নাগাদ উত্তর আমেরিকায় ধর্ম বিবেচনায় আনার মতো শক্তিতে পরিণত হয়েছিল। ফাউন্ডিং ফাদারগণ আলোকনের সেক্যুলার মানবতাবাদের জয়গান গাওয়ার পর মার্কিন যুক্তরাষ্ট্র অনেক দূরের পথ অতিক্রম করেছে। বিপ্লবের পর থেকে আমেরিকার প্রটেস্ট্যান্টরা উদার প্রতিষ্ঠানের নীতিমালা ও আচরণের বিরুদ্ধে প্রতিবাদ করার উপায় হিসাবে ধর্মকে ব্যবহার করে আসছে; জেরি ফলওয়েল, প্যাট রবার্টসন ও ক্রিশ্চান রাইটের অন্য সদস্যদের মৌলবাদী প্রচারণা স্রেফ এই প্রবণতারই বিংশ শতাব্দীর শেষাংশের প্রকাশ। এইসব ক্রিশ্চান প্রয়াসের ফলে ব্রিটেন ও ফ্রান্সের মতো দেশের তুলনায় মার্কিন যুক্তরাষ্ট্রে পবিত্রতা অনেক বড় ভূমিকা পালন করছে, ওইসব দেশে রাজনীতিবিদরা প্রকাশ্য ও আবেগঘন ধার্মিকতা প্রকাশ করে ক্ষতিগ্রস্ত হবেন।
জাতীয় রাজনীতি ছাড়াও ১৯৭০ ও ১৯৮০-র দশকে ক্রিশ্চান রাইটের কিছু বিশাল বিজয় স্থানীয় পর্যায়ের ছিল। উদাহরণস্বরূপ, ১৯৭৪ সালে পশ্চিম ভার্জিনিয়ার কানাওয়া কাউন্টির মৌলবাদী যাজকের স্ত্রী অ্যালিস মুর স্কুল পাঠ্য বইয়ে বাইবেল একটি মিথ বুঝিয়ে এর কর্তৃত্ব সম্পর্কে সন্দেহ প্রকাশ করে এবং ক্রিশ্চান ধর্মকে কপটাচারী এবং নাস্তিক্যকে বুদ্ধিদীপ্ত ও আকর্ষণীয় হিসাবে তুলে ধরা ‘সেক্যুলার মানবতাবাদী দৃষ্টিভঙ্গির’ বিরুদ্ধে প্রচারণায় নামেন। ক্রিশ্চানরা তাদের ছেলেমেয়েদের স্কুল থেকে প্রত্যাহার করে ঘরে বন্দি করে। মুর বিশেষজ্ঞদের প্রতি আস্থাহীনতার দীর্ঘ আমেরিকান প্রটেস্ট্যান্ট ঐতিহ্য তুলে ধরেছেন। কানাওয়া কাউন্টির স্কুল কার নিয়ন্ত্রণ করা উচিত: ‘যারা এখানে বাস করে সেই জনগণ নাকি শিক্ষা বিশেষজ্ঞ, প্রশাসক, অন্য জায়গা থেকে হাজির হওয়া লোকজন যারা আমাদের বলে আসছে কোনটা আমাদের সন্তানের জন্যে ভালো হবে তারা?’১০৩ ১৯৮২ সালের জানুয়ারি মাসে সেইন্ট ডেভিড অ্যারিযোনার স্থানীয় ক্রিশ্চানরা তাদের স্কুল থেকে উইলিয়াম গোল্ডিং, জন স্টেইনবেক, জোসেফ কনরাড ও মার্ক টোয়াইনের বই নিষিদ্ধ করতে সক্ষম হয়। ১৯৮১ সালে মেল ও নোরমা গাবলার ‘ঈশ্বরকে আবার টেক্সাসের স্কুলে ফিরিয়ে আনতে’ একই রকম প্রচারণা শুরু করেন। বর্তমান ‘উদার পক্ষপাতের’ প্রতি আপত্তি তোলেন তাঁরা, যা কিনা
ছাত্রদের নিজস্ব উপসংহারে পৌছানোর প্রয়োজন হয় এমন উন্মুক্ত প্রশ্নে দেখা যাবে; ক্রিশ্চানিটি ছাড়া অন্য ধর্ম সংক্রান্ত বিবৃতি; এমন বিবৃতি যাতে তারা মুক্ত উদ্যোগ ব্যবস্থার প্রতি নেতিবাচক চিন্তা করতে চালিত হয়; এমন বিবৃতি যাতে তারা সমাজতান্ত্রিক বা কমিউনিস্ট দেশের (অর্থাৎ সোভিয়েত ইউনিয়ন বিশ্বের নির্দিষ্ট শস্যের বৃহত্তম উৎপাদক); সংযমের কোনও দিক বাদে যৌনতার কোনও দিক; কৃষ্ণাঙ্গ, নেটিভ আমেরিকান ইন্ডিয়ান, মেক্সিকান – আমেরিকান বা নারীবাদীদের অবদানের উপর জোরদানকারী বিবৃতি; এমন বিবৃতি যেগুলো আমেরিকান দাসদের প্রতি সহানুভূতিশীল বা তাদের মালিকদের প্রতি বৈরী; এবং বিবর্তনবাদের সমর্থক সেইসব বিবৃতি, যদি সৃষ্টিতত্ত্বের ব্যাখ্যা করার জন্যে সমান স্থান দেওয়া না হয়।১০৪
আদালত গাবলারদের বিরুদ্ধে রায় দেয়, কিন্তু প্রকাশকরা রাজ্যই সব স্কুলের জন্যে টেক্সট বই বাছাই করে বলে বিশাল টেক্সাসের বাজারের ক্ষতির সম্ভাবনায় এতটাই ভীত হয়ে উঠেছিলেন যে, নিজেরাই বই সংশোধন করে ফেলেন তারা।
প্রচারকারীরা মৌলবাদীদের আধুনিক সংস্কৃতি সম্পর্কে দীর্ঘকাল ধরে আক্রান্ত করে রাখা সকল ভীতি তুলে ধরেছিল: উপনিবেশিকরণ, বিশেষজ্ঞ, অনিশ্চয়তা, বিদেশী প্রভাব, বিজ্ঞান ও যৌনতার ভীতি। তারা অবশ্য মোটা দাগে নিউ ক্রিশ্চান রাইটের ডব্লুএএসপি-মুখীনতাও তুলে ধরেছিল। আমেরিকা হবে শ্বেতাঙ্গ এবং প্রটেস্ট্যান্টদের। ইহুদি ও মুসলিম অ্যাক্টিভিস্টদের মতো মরাল মেজরিটির ক্রিশ্চানরা পবিত্রের আওতা বৃদ্ধি, সেক্যুলারিস্ট রীতির আগ্রাসন ঠেকানো ও ঐশীসত্তাকে পুনঃস্থাপিত করার লক্ষ্যে যুদ্ধ করছিল। তাদের বিজয়কে ছোট ও তাৎপর্যহীন মনে হতে পারে, কিন্তু রাজনৈতিক ক্ষেত্রে কাজের ধারা শিখেছিল ক্রিশ্চান রাইট; নিজেদের তারা নতুন করে ক্ষমতাশালী করেছে এবং একটা মাত্রা পর্যন্ত এমনভাবে আমেরিকান রাজনীতিকে আবার পবিত্র করে তুলেছিল যা ইউরোপের অধিকতর সেক্যুলার দেশগুলোকে সব সময় বিস্মিত করে এসেছে।
