তবে সময়ের মানুষটি ছিলেন জেরি ফলওয়েল। ধারণা করা হয়, ১৯৬০ ও ১৯৭০-র দশকে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রতি দশটি বাড়ির চারটিতেই তাঁর ভার্জিনিয়ার লিঞ্চবার্গের স্টেশনের অনুষ্ঠান শোনা হত। ১৯৫৬ সালে এক অব্যবহৃত সোডা কারখানায় অল্প কয়েকজন লোক নিয়ে নিজস্ব মিনিস্ট্রি শুরু করেন তিনি। তিন বছর পরে সমাবেশটি আদি আকারের তিনগুণ হয়ে ওঠে, এবং ১৯৮৮ সাল নাগাদ টমাস রোড ব্যাপ্টিস্ট চার্চের সদস্য ও অ্যাসোসিয়েট প্যাস্টরের সংখ্যা দাঁড়িয়েছিল ১৮,০০০ ও ষাটে। চার্চের বার্ষিক মোট আয় ষাট মিলিয়ন ডলার ছাড়িয়ে গিয়েছে, ৩৯২টি টেলিভিশন ও ৬০০টি রেডিও স্টেশনে সার্ভিস প্রচারিত হত।১২৫ টিপিক্যাল মৌলবাদী জেরি ফলওয়েল একটি বিচ্ছিন্ন স্বয়ংসম্পূর্ণ জগৎ গড়ে তুলতে চেয়েছিলেন। লিঞ্চবার্গে বাইবেলিয় ধারায় পরিচালিত একটি স্কুল প্রতিষ্ঠা করেছিলেন তিনি; ১৯৭৬ সাল নাগাদ লিবার্টি ব্যাপ্টিস্ট কলেজের ছাত্র ছিল ১৫০০। দাতব্য প্রতিষ্ঠানও স্থাপন করেছিলেন ফলওয়েল: মদ্যপদের জন্যে নিবাস, নার্সিং হোম ও গর্ভপাতের বিকল্প ব্যবস্থা করার লক্ষ্যে দত্তক প্রতিষ্ঠান। ১৯৭৬ সাল নাগাদ স্বয়ং ফলওয়েল নিজেকে নেতৃস্থানীয় নবজন্মপ্রাপ্ত ব্রডকাস্টার ভাবতে শুরু করেছিলেন।
সেক্যুলার মানবতাবাদকে পরাস্ত করার জন্যে বিকল্প সমাজ গড়ে তুলছিলেন ফলওয়েল। শুরু থেকেই লিবার্টি কলেজকে বিশ্বমানের বিশ্ববিদ্যালয়ে পরিণত করতে চেয়েছিলেন; এটা রোমান ক্যাথলিকদের নতর দাম বা মরমনদের ব্রিগহাম ইয়াং নয়। ১৯২০ সালে বব জোন্স নিজস্ব বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করার পর থেকেই মৌলবাদ বদলে গিয়েছিল। সমাজ থেকে বিচ্ছিন্নতা যথেষ্ট ছিল না। অন্য মৌলবাদী শিক্ষকের মতো ফলওয়েল ভবিষ্যতের জন্যে একটি ক্যাডার সৃষ্টি করছিলেন, ‘জীবনমুখী, নীতিবান ও আমেরিকরাপন্থী তরুণদের এক আধ্যাত্মিক সেনাদল বব জোন্স যেখানে ক্রিশ্চান স্কুলের জন্যে শিক্ষক সৃষ্টি করতে সেক্যুলার বিশ্ব থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন, ফলওয়েল সেক্যুলারিস্ট প্রতিষ্ঠান হাত করতে চেয়েছেন। লিবার্টি ছাত্রদের জীবনের সকল ক্ষেত্রে ও পেশার জন্যে প্রশিক্ষিত করবে। তারা সমাজকে ‘রক্ষা’ করবে। কিন্তু তার মানে ছিল তাদের অবশ্যই মৌলবাদী রীতির কাছে সমর্পণ করতে হবে: ফ্যাকাল্টিকে অবশ্যই বিশ্বাসের বিধান মেনে নিতে হবে; সকল ছাত্রকে প্রতি সেমিস্টারে প্যারিশে ‘ক্রিশ্চান সার্ভিস অ্যাসাইনমেন্টে’ সম্পন্ন করতে হত; মদ বা ধূমপান করা যেত না; ছাত্রদের বাধ্যতামূলকভাবে রোববারে সারাক্ষণ সেরা পোশাক পরে থাকতে হত আর সপ্তাহে তিনদিন টমাস রোডে সার্ভিসে যোগ দিতে হত। বব জোন্সের বিপরীতে ফলওয়েল একাডেমিক স্বীকৃতি চেয়েছিলেন এবং এভাবে ক্যাম্পাসের শালীনতা ও চমৎকার শিক্ষার পরিবেশের অনুমোদনদাতা অভিভাবকদের অমৌলবাদী ছাত্রদের আকৃষ্ট করতে পেরেছিলেন। মধ্যপন্থা বেছে নিয়েছিলেন ফলওয়েল। লিবার্টি একদিকে ষাট ও সত্তর দশকের উদারপন্থী আর্ট কলেজের খোলামেলা পরিবেশের একটি বিকল্প যুগিয়েছে, অন্যদিকে অন্যান্য কিছু প্রাচীন মাঝারি মানের বাইবেলিয় কলেজের বিকল্প সৃষ্টি করেছে। মতবাদগত জোর সত্ত্বেও ক্যাম্পাস বুদ্ধিবৃত্তিক ও সামাজিক বিভিন্ন বিষয়ে গুরুতর বিষয়ে বিতর্কের জন্যে উন্মুক্ত ছিল। এটা ছাত্রদের সেক্যুলার জগতের সাথে এর শর্তেই মিলিত হতে সক্ষম করে তুলবে, এবং এর রিকনকুয়েস্তা সূচিত করবে ১২৭
আক্রমণ পরিকল্পনা প্রণয়ন করছিলেন ফলওয়ল। এবং আধুনিক কায়দায়। কলেজ, চার্চ ও রেডিও স্টেশনে তাঁর পরিশ্রমী দলটির দিশাহারা ও মৃতপ্রায় বিশ্বের কাছে পৌঁছানোর প্রয়াস ছিল। তাঁর স্টেশনে কোনও চমক বা বুনো অ্যান্টিক ছিল না; ওল্ড টাইম গস্পেল আওয়ার রবার্টস, সোয়াগার্ট ও বাক্কারদের বাড়াবাড়ি এড়িয়ে যেত। ধর্মতত্ত্বের মতো প্রচারণায়ও অক্ষরবাদী ফলওয়েল তাঁর সার্ভিসগুলোকে পরখ করতেন ও ঠিক যেভাবে প্রচারিত হচ্ছে সেভাবেই রেকর্ড করতেন, ক্যামেরা ও তাঁর জারিজুরির প্রতি দৃকপাত করতেন না। লিঞ্চবার্গ ছিল সংযম, পুঁজিবাদ ও কালভিনিয় নীতিকর্মের পক্ষে। গোটা সাম্রাজ্যকে নতুন শপিং মলের আদলে গড়ে তুলেছিলেন ফলওয়েল, যেখানে সমন্বিত সেবা পাওয়া যেত। তাঁর প্রধান ধর্মতাত্ত্বিক পরামর্শদাতা এলমার টাউন্স যেমন ব্যাখ্যা করেছেন, ফলওয়েল বিশ্বাস করতেন, একই রকম উদ্যোক্তাসুলভ দক্ষতা দিয়ে আত্মার অধিকার লাভ করতে পারবেন তিনি। ব্যবসা, ফলওয়েল মনে করেছেন, উদ্ভাবনের আসল দিক এবং ‘টমাস রোড ব্যাপ্টিস্ট চার্চ বিশ্বাস করত যে একটি চার্চে বিভিন্ন এজেন্সির সমন্বিত মিনিস্ট্রি কেবল বিপুল জনগণকে গস্পেলের দিকে আকৃষ্ট করবে না, বরং আগত প্রতিটি ব্যক্তিকে আরও ভালোভাবে সেবা দিতে পারবে। ১২৮ ১৯৬০ ও ১৯৭০-র দশকে টমাস রোড যেন পুঁজিবাদের ধার্মিক সম্ভাবনা প্রমাণ করেছে বলে মনে হয়েছে, একটি মিনিস্ট্রির সাথে আরেকটিকে সম্পর্কিত করেছে ও সম্প্রসারিত হয়েছে। সেক্যুলার ক্ষমতার কারবারীরা যখন ১৯৮০-র দশকের ডানপন্থী নবজাগরণে নেতৃত্ব দানের উপযুক্ত একজন ব্যক্তির খোঁজ করছিল, ফলওয়েলই যোগ্যতম লোক ছিলেন। তিনি পরিষ্কারভাবে আধুনিক পুঁজিবাদী সমাজের গতিময়তা বুঝতে পেরেছিলেন এবং এর সাথে সমান তালে পাল্লা দেওয়ার উপযুক্ত ছিলেন।
