*
মার্কিন যুক্তরাষ্ট্রে প্রোটেস্ট্যান্ট মৌলবাদীদের মাঝেও একই রকম প্রস্তুতি ছিল। ১৯৬০-র দশকের খোলামেলা তরুণ সংস্কৃতি, যৌন বিপ্লব এবং সমকামী, কৃষ্ণাঙ্গ ও নারীদের সমান অধিকারের প্রচারণা নিয়ে শোরগোল যেন সমাজের ভিত্তি ধরে ঝাঁকুনি দিয়েছিল বলে মনে হয়েছে। অনেকেই বিশ্বাস করেছিল যে, এই ব্যাপক পরিবর্তন আর তার সাথে মধ্যপ্রাচ্যের উন্মাতাল পরিবেশের কেবল একটা মানেই হতে পারে, পরমান্দ অত্যাসন্ন। বিপ্লবের পর থেকেই আমেরিকান প্রটেস্ট্যান্টবাদ দুটি বিবদমান শিবিরে বিভক্ত হয়ে পড়েছিল, এবং প্রায় চল্লিশ বছর ধরে মৌলবাদীরা সেক্যুলারিস্ট ও উদারপন্থী ক্রিশ্চানদের রীতিনীতি সমানভাবে প্রত্যাখ্যানকারী নিজস্ব পৃথক জগৎ তৈরি করছিল। নিজেদের বহিরাগত হিসাবে দেখলেও আসলে পুবের সাংস্কৃতিক সেক্যুলারিস্ট প্রতিষ্ঠানের আধিপত্যের বিরুদ্ধে অসন্তোষ প্রকাশকারী এবং মৌলবাদীদের রক্ষণশীল ধর্মে স্বস্তি বোধকারী আমেরিকান জনগণের এক বিরাট অংশের প্রতিনিধিত্ব করেছে তারা। আমেরিকার সমাজকে উদ্ধার করার লক্ষ্যে তখনও তারা রাজনৈতিক দল গঠনের জন্যে সংগঠিত হয়নি, কিন্তু ১৯৭০-র দশকের শেষ নাগাদ সম্ভাবনা সৃষ্টি হয়েছিল, এবং মৌলবাদীরা তাদের শক্তি সম্পর্কে সজাগ হয়ে উঠছিল। ১৯৭৯ সালে, মৌলবাদীরা যে বছর তাদের প্রত্যাবর্তন ঘটিয়েছিল, জর্জ গালাপ-এর জাতীয় নির্বাচন দেখায় যে প্রতি তিনজন প্রাপ্ত বয়স্ক আমেরিকানের মধ্যে একজন ধর্মীয় (‘নবজন্ম’) অভিজ্ঞতা লাভ করেছে; প্রায় ৫০ শতাংশ বিশ্বাস করে যে, বাইবেল নির্ভুল, এবং ৮০ ভাগেরও বেশির বিশ্বাস জেসাস স্বর্গীয় ছিলেন। জরিপ এও প্রকাশ করে যে, মোট ১৩০০ ইভাঞ্জেলিকাল রেডিও টেলিভিশন স্টেশন রয়েছে যেগুলোর দর্শক-শ্রোতার সংখ্যা প্রায় ১৩০ মিলিয়ন, এবং এদের আনুমানিক মুনাফার পরিমাণ ৫০০ মিলিয়ন ডলার থেকে কয়েক ‘বিলিয়ন’ ডলার পর্যন্ত। একজন নেতৃস্থানীয় মৌলবাদী প্যাট রবার্টসন ১৯৮০-র নির্বাচনের সময় ঘোষণা করেছিলেন: ‘এই দেশ চালানোর মতো যথেষ্ট ভোট আছে আমাদের হাতে!৯৬
১৯৬০ ও ১৯৭০-র দশকে এই নতুন বৃদ্ধি ও আত্মবিশ্বাসের পেছনে তিনটি উপাদান কাজ করেছে। প্রথমত দক্ষিণের ঘটনাপ্রবাহ। এযাবত মৌলবাদ ছিল বড় বড় উত্তরাঞ্চলীয় শহরের অবদান। দক্ষিণ তখনও প্রধানত কৃষিভিত্তিক ছিল। উদারপন্থী ক্রিশ্চানিটি চার্চে তেমন একটা সুবিধা করতে পারেনি, সুতরাং সেখানে ‘মৌলবাদীদের সোশ্যাল গস্পেলের ধারণার বিরুদ্ধে লড়াই করার প্রয়োজন পড়েনি। কিন্তু ১৯৬০-র দশকে আধুনিকায়িত হয়ে উঠতে শুরু করে দক্ষিণ। উত্তর থেকে বর্ধিত হারে লোকজন আসতে শুরু করেছিল। এই এলাকায় স্থাপিত তেল শিল্প ও প্রযুক্তি এবং মহাশূন্য প্রকল্পে কাজের সন্ধান করছিল তারা। দক্ষিণ এক ধরনের দ্রুত শিল্পায়ন ও নগরায়নের অভিজ্ঞতা লাভ করতে শুরু করেছিল একশো বছর আগেই উত্তর যার অভিজ্ঞতা লাভ করে। ১৯৩০-র দশকে দুই তৃতীয়াংশ দক্ষিণী সেখানে বাস করত, ১৯৬০ সাল নাগাদ অর্ধেকের চেয়েও কম বাস করছিল। দক্ষিণ উচ্চতর জাতীয় গুরুত্ব লাভ করতে শুরু করেছিল। ১৯৭৬ সালে জিমি কার্টার গৃহযুদ্ধের পর প্রথম দক্ষিণী প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়েছিলেন; ১৯৮০ সালে ক্যালিফোর্নিয়ার গভর্নর রোনাল্ড রেগান তাঁর স্থলাভিষিক্ত হন। কিন্তু দক্ষিণীরা তাদের নতুন প্রাধান্যকে স্বাগত জানালেও নিজেদের বিশ্বকে তারা সম্পূর্ণ পাল্টে যেতে দেখে। উত্তরের অভিবাসীরা সাথে করে আধুনিক ও উদার ধারণা নিয়ে এসেছিল। আবার সবাই প্রটেস্ট্যান্ট বা ক্রিশ্চান ছিল না। এতদিন পর্যন্ত নিশ্চিত মানা মূল্যবোধ ও বিশ্বাস নিয়ে যুদ্ধ করতে হচ্ছিল। বিশেষ করে ব্যাপ্টিস্ট ও প্রেসবিটারিয়ান গোষ্ঠীতে রক্ষণশীল প্রটেস্ট্যান্টরা শতাব্দীর শুরুতে তাদের সধর্মীদের মতো সেই একই কারণে মৌলবাদী আন্দোলনের পক্ষে প্রস্তুত হয়ে উঠেছিল।৯৭
নিজেদের বসবাসের সমাজ থেকে উন্মুল ও বিচ্ছিন্ন মনে করা নতুন দক্ষিণের মানুষ এখন প্রায়শঃই দ্রুত বর্ধিষ্ণু শহরে গ্রামাঞ্চল থেকে আগত আগন্তুকে পরিণত হয়েছিল। গ্রামের বহু মানুষ তাদের ছেলেমেয়েদের কলেজে পাঠাচ্ছিল, ক্যাম্পাসে তারা তখন নব্য ষাটের উদারবাদের সাথে পরিচিত হচ্ছিল। সতীর্থ বহু ছাত্রের ধর্মবিশ্বাস হারানো প্রত্যক্ষ করেছে তারা।৮ ছেলেমেয়েদের আপাত ঈশ্বরহীন ধারণা গ্রহণ করতে দেখে বাবা-মারা ভীত হয়ে উঠছিলেন। চার্চে নবাগতদের উত্তর থেকে নিয়ে আসা আরও হতবুদ্ধিকর ধারণার দেখা পাচ্ছিলেন তারা। লোকে ক্রমবর্ধমান হারে মৌলবাদী চার্চের, বিশেষ করে বায়ুতরঙ্গের ‘ইলেক্ট্রিক’ চার্চের শরণাপন্ন হচ্ছিল। শক্তিশালী নতুন টেলিভেঞ্জালিস্টগণ এই সময়ে সাম্রাজ্য গড়ে তোলেন। মৌলবাদে সম্ভাব্য দীক্ষালাভকারীরা ভার্জিনিয়া সৈকতে শুরু করে দক্ষিণ প্রান্ত বরাবর বাস করত, প্যাট রাবার্টসন এখানে তাঁর ক্রিশ্চান ব্রডকাস্টিং নেটওয়ার্ক ও দারুণ জনপ্রিয় ‘৭০০ ক্লাব’ প্রতিষ্ঠা করেছিলেন। এরপর এসেছে লিঞ্চবার্গ, ভার্জিনিয়া, এখানে ১৯৫৬ সালে জেরি ফলওয়েল তাঁর টেলিভিশন মিনিস্ট্রি শুরু করেছিলেন; উত্তর ক্যারোলিনার শার্লটে ছিল বর্ধিষ্ণু জিম ও ট্যামি ফেই বাক্কার এবং ‘বাইবেল বেল্ট’ শেষ হয়েছিল রাজনৈতিক ও ধর্মীয় রক্ষনশীলতার দীর্ঘ ঐতিহ্যবাহী এলাকা দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৯৯
