‘J’ এবং ‘E’ ও ডিউটেরোনমিস্ট বর্ণনার পাশাপাশি পেন্টাটুয়েকে প্রিস্টলি বিবরণের রচনাবলী স্থান পেয়েছে। যে কোনও প্রধান ধর্ম যে কতগুলো স্বাধীন দর্শন ও আধ্যাত্মিকতার সমন্বয়ে গঠিত, এটা আমাদের তা মনে করিয়ে দেয়। কোনও কোনও ইহুদি বরাবরই ডিউটেরোনমিয় ঈশ্বরের দিকে ঝুঁকে থাকে, যিনি ইসরায়েলকে প্রচণ্ডভাবে গোয়িমদের থেকে বিচ্ছিন্ন করার জন্যে বেছে নিয়েছিলেন; কেউ কেউ একে মেসিয়ানিক মিথ পর্যন্ত প্রসারিত করেছে যখন সময়ের শেষ পর্যায়ে ‘ইয়াহ্ওয়েহ্র দিবসের প্রত্যাশা করা হয়েছে, যেদিন তিনি ইসরায়েলকে মহিমান্বিত করবেন ও অন্যান্য জাতিকে অপদস্থ করবেন। এসব পৌরাণিক বিবরণী ঈশ্বরকে খুব দূরবর্তী সত্তা হিসাবে দেখতে চেয়েছে। একটা বিষয়ে নীরব সম্মতি রয়েছে যে, নির্বাসনের পর পয়গম্বরদের যুগ শেষ হয়ে গেছে। ঈশ্বরের সঙ্গে আর সরাসরি যোগাযোগ হবে না; ইনোখ ও দনিয়েলের মতো সুদূর অতীতের মহান ব্যক্তিত্বের ওপর আরোপিত প্রতীকী দর্শনের মাধ্যমেই কেবল তা অর্জিত হয়।
দূর অতীতের এই বীরদের একজন, দুঃখ-দুর্দশা সহ্য করার ক্ষেত্রে বাবিলনে ধৈর্যের প্রতিমূর্তি হিসাবে শ্রদ্ধাভাজন ছিলেন জব। নির্বাসনের পরে রক্ষাপ্রাপ্তদের একজন এই প্রাচীন কিংবদন্তী উল্লেখ করে ঈশ্বরের প্রকৃতি ও মানুষের দুঃখদুর্দশা লাঘবে তাঁর দায়িত্ব সম্পর্কে মৌলিক প্রশ্ন উত্থাপন করেছিলেন। প্রাচীন কাহিনীতে ঈশ্বর কর্তৃক পরীক্ষিত হয়েছেন জব, তিনি ধৈর্যের সঙ্গে অপরিসীম দুঃখকষ্ট সহ্য করেছেন বলে ঈশ্বর অতীতের ঐশ্বর্য ফিরিয়ে দিয়ে তাঁকে পুরস্কৃত করেছিলেন। জবের কাহিনীর নতুন ভাষ্যে রচয়িতা প্রাচীন কিংবদন্তীকে দুভাগ করে ঈশ্বরের আচরণের বিরুদ্ধে জবকে ক্ষুব্ধ দেখিয়েছেন। তিনজন সান্ত্বনাদাতাকে নিয়ে স্বর্গীয় বিধি-বিধানের বিরুদ্ধে প্রশ্ন উত্থাপনের সাহস দেখিয়েছেন জব, লিপ্ত হয়েছেন প্রবল বুদ্ধিবৃত্তিক বিতর্কে। ইহুদিদের ধর্মীয় ইতিহাসে প্রথমবারের মতো ধর্মীয় কল্পনা আরও গভীর বিমূর্ত প্রকৃতির অনুধাবনের দিকে বাঁক নিয়েছিল। পয়গম্বরগণ দাবি। করেছিলেন যে, পাপের ফল হিসাবেই ইসরায়েলকে দুর্দশাগ্রস্ত করেছেন ঈশ্বর; জবের রচয়িতা দেখাচ্ছেন, ইসরায়েলিদের কেউ কেউ প্রচলিত জবাবে আর সন্তুষ্ট ছিল না। জব এই দৃষ্টিভঙ্গিকে আক্রমণ করেছেন এবং এর বুদ্ধিবৃত্তিক অপূর্ণতা প্রকাশ করে দিচ্ছেন, কিন্তু ঈশ্বর সহসা তার হিংস্র ভাবনায় বাদ সাধছেন। এক দিব্যদর্শনে জবকে দেখা দিয়ে আপন সৃষ্ট জগতের প্রতি দৃষ্টি আকর্ষণ করেছেন তিনিঃ জবের মতো এক সামান্য সৃষ্টি দুয়ে ঈশ্বরের সঙ্গে তর্কে যাবার সাহস করেন কীভাবে? জব হার মানেন, কিন্তু একজন আধুনিক পাঠক, যিনি দুঃখ বেদনার আরও সামঞ্জস্যপূর্ণ ও দার্শনিক সমাধানের সন্ধানে আছেন, এ সমাধানে সন্তুষ্ট হতে পারবেন না। অবশ্য জবের রচয়িতা প্রশ্ন ভোলার অধিকার অস্বীকার করছেন না, কিন্তু বোঝাতে চাইছেন স্রেফ বুদ্ধিমত্তা দিয়ে এসব চিন্তাতীত বিষয়ের নাগাল পাওয়া সম্ভব নয়। বুদ্ধিবৃত্তিক আঁচ-অনুমানকে অবশ্যই প্রত্যক্ষ প্রত্যাদেশের পথ খুলে দিতে হবে, পয়গম্বররা। যেমন পেয়েছিলেন।
ইহুদিরা তখনও পর্যন্ত দার্শনিক দৃষ্টিভঙ্গি নিয়ে বিচার শুরু করেনি, তবে চতুর্থ শতাব্দীতে তারা গ্রিক ন্যাশনালিজমের প্রভাবের আওতায় এসেছিল। বিসিই ৩৩২ সালে মেসিদোনিয়ার আলেকজান্দার পারসিয়ার তৃতীয় দারিয়াসকে পরাজিত করেন এবং এশিয়া ও আফ্রিকায় উপনিবেশ গড়ে তুলতে শুরু করে গ্রিকরা। তারা তায়ার, সিদন, গাযা, ফিলাদেলফিয়া (আম্মান ও ত্রিপোলি) এবং এমনকি শেচেম-এ নগররাষ্ট্র প্রতিষ্ঠা করে। প্যালেস্তাইন ও ডায়াসপোরার ইহুদিরা হেলেনিক সংস্কৃতি দ্বারা পরিবেষ্টিত ছিল, অনেকের কাছে তা ছিল অস্বস্তিকর, অন্যরা গ্রিক থিয়েটার, দর্শন, ক্রীড়া ও কবিতায় অনুপ্রাণিত হয়েছিল। তারা গ্রিক ভাষা শিখেছে, জিমন্যাসিয়ামে শরীর চর্চা করেছে এবং গ্রিক নাম গ্রহণ করেছে। কেউ কেউ মার্সেনারি হিসাবে গ্রিক সেনাবাহিনীতেও কাজ করেছে। নিজেদের ঐশীগ্রন্থ গ্রিক ভাষায় অনুবাদ করেছে তারা, ফলে সেপচুয়াজিন্ট নামে পরিচিত ভাষ্যটির সৃষ্টি; এভাবে গ্রিকদের কেউ কেউ ইসরায়েলের ঈশ্বর সম্পর্কে জানতে পারে এবং ইয়াহ্ওয়েহ্ (বা ইয়াও, যেভাবে সম্বোধন করত তারা)-কে যিউস ও দায়োনিসাসের পাশাপাশি উপাসনা করার সিদ্ধান্ত নেয়। কেউ কেউ সিনাগগ বা বিকল্প স্থানের প্রতি আকৃষ্ট হয়েছিল। ডায়াসপোরার ইহুদিরা মন্দিরে উপাসনার বদলে বিকল্প এই স্থান গড়ে তোলে। এখানে তারা তাদের ঐশীগ্রন্থ পাঠ করত, প্রার্থনায় মগ্ন হতো ও সারমন শুনত। প্রাচীন ধর্মীয় বিশ্বের অন্য আর কিছুর সঙ্গে সিনাগগের মিল ছিল না। এখানে কোনও রকম আচার-অনুষ্ঠান পালন বা উৎসর্গের উপস্থিতি ছিল না বলে নিশ্চয়ই এগুলোকে দর্শনের স্কুলের মতো মনে হতো; সুপরিচিত কোনও ইহুদি পুরোহিতের আগমনের সংবাদ পেলে অধিক সংখ্যায় সিনাগগে হাজির হতো তারা, যেমন আপন দার্শনিকদের বক্তব্য শোনার জন্যে লাইন দিয়ে দাঁড়াত। কোনও কোনও গ্রিক এমনকি তোরাহ্র নির্দিষ্ট অংশ অনুসরণ করত ও ইহুদিদের সঙ্গে সমন্বয়বাদী সেক্টে যোগ দিয়েছিল। বিসিই চতুর্থ শতাব্দীতে ইহুদি ও গ্রিকদের ইয়াহ্ওয়েহ্কে জনৈক গ্রিক দেবতার সঙ্গে মিলিয়ে ফেলার বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে।
