এই আয়োজনটা চলছে সেই বৃক্ষটির নীচে, যার ডালে এক ব্যক্তি বসে আছে। নীচে লোক তিনজন দাঁড়িয়ে আছে। গাছের লোকটি ঝিঁঝির শব্দ করে ওঠে। বড় একটি পাথরের পেছন থেকেও ঝিঁঝির ডাক শোনা গেলো। নীচের তিন ব্যক্তি নিঃশঙ্কচিত্তে দাঁড়িয়ে আছে। হঠাৎ গাছের উপর থেকে একজন ধপাস করে নীচে দাঁড়ানো লোকগুলোর একজনের উপর পড়ে যায়। এতে সে প্রায় চেপ্টা হয়ে যায়। অপর দুজন ঘটনার আকস্মিকতায় বিহ্বল হয়ে এদিক-ওদিক সরে যায়। পরক্ষণেই পাশে লুকিয়ে থাকা আরো তিন ব্যক্তি বেরিয়ে এসে তাদের উপর ঝাঁপিয়ে পড়ে। তারা খঞ্জর বের করার সুযোগ পেলো না। লোকটি গাছের উপর থেকে যার উপর পড়েছিলো, সে ছিলো খুব শক্তিশালী। ফলে উপর থেকে পড়া লোকটিকে ধাক্কা দিয়ে সরিয়ে নিজেকে রক্ষা করে। আলী বিন সুফিয়ান বলেছিলেন, ওদের জীবিত ধরে আনতে পারলে ভালো হবে। কিন্তু এখন এই লোকটাকে হত্যা না করে উপায় নেই। যে লোকটি তার উপরে পড়েছিলো, সে তার খঞ্জর বের করে শক্তিশালী লোকটির বুকে আঘাত হানে। অপর দুজনকে সঙ্গে করে নিয়ে আসা হ্যান্ডকাপ পরিয়ে নিয়ে আসা হয়।
***
আমর দরবেশের তাঁবুর বাইরে জনতার ভিড়। আলী বিন সুফিয়ানও আছেন তাদের মাঝে। আছে তার মিশরী ফৌজের বেশ কজন কমান্ডে সেনা, যারা এই অঞ্চলে বিভিন্ন বেশ ধারণ করে বিভিন্ন পরিচয়ে অবস্থান করছিলো। দিনের বেলা একত্রিত করে তাদেরকে তাদের মিশন বুঝিয়ে দেয়া হলো। তাদের কয়েকজন ঘোড়ার পিঠে বসা। তাদের কাছে অস্ত্র আছে।
জনতার মাঝে আমর দরবেশের গতিবিধি পর্যবেক্ষণকারী ও তাকে সহায়তাকারী সুদানী গোয়েন্দাও রয়েছে। তারা পাঁচ-ছয়জনের বেশী হবে। আলী বিন সুফিয়ান তাদেরকে চিনে রেখেছেন। তারাও মরা ও মারার প্রস্তুতি নিয়েই এসেছে। কিন্তু তারা জানে না, তাদের প্রতিপক্ষের লোক সংখ্যা কত।
আশি তার বিশেষ তেলেসমাতী পোশাক পরিধান করে ও সাজগোজ করে বাইরে বেরিয়ে আসে। তারপর কর্তব্য সম্পাদন করে। উভয় প্রদীপের মধ্যখানে ছোট গালিচাটি বিছানো। আমর দরবেশ তাবু থেকে বেরিয়ে এলেন এবং মদ-মাতালের ন্যায় হেঁটে হেঁটে গালিচার উপর এসে উপবেশন করেন। উভয় বাহু প্রসারিত করে ঊর্ধ্বে তুলে ধরে আকাশপানে তাকিয়ে বিড় বিড় করতে শুরু করলেন। আশি তার সম্মুখে সেজদায় লুটিয়ে পড়ে। তারপর তার সম্মুখে দোজানু হয়ে বসে পড়ে।
হে খোদার মহান দূত, যাকে সম্মান করা আমাদের প্রত্যেকের জন্য ফরজ- আশি বললো- এই বিপুলসংখ্যক লোক তূর পর্বতের সেই জালওয়া দেখতে এসেছে, যা মহান আল্লাহ মূসাকে দেখিয়েছিলেন। আর জিনরাও- যাদের মধ্যে আমিও একজন-ভূরের জালওয়া দেখতে এসেছে।
তাদের কি সন্দেহ আছে, আমি খোদার যে পয়গাম নিয়ে এসেছি, তা সত্য? আমর দরবেশ জিজ্ঞেস করেন।
গোস্তাখী মাফ করবেন হে খোদার দূত!- এক ব্যক্তি বললো- তুর পর্বতের জালওয়া দেখিয়ে আমাদের হৃদয়ের সব সন্দেহ দূর করে দিন।
আলী বিন সুফিয়ান সেই লোকটার প্রতি তাকান। তাকে চিনে রাখেন। আমর দরবেশের দলের লোক।
হা, পবিত্র সত্ত্বা!- আলী বিন সুফিয়ান এগিয়ে এসে বললেন- আমরা সংশয়ে নিপতিত। আমাদেরকে তুর পর্বতের জালওয়া দেখান। আর এই মেয়েটি যদি জিন হয়ে থাকে, তাহলে সে কিছুক্ষণের জন্য অদৃশ্য হয়ে যাক। তাতে আমাদের সব সন্দেহ দূর হয়ে যাবে।
আমর দরবেশ পাহাড়ের প্রতি ইশারা করে বললেন- এদিকে তাকাও। অন্ধকারে তোমরা কিছুই দেখতে পাচ্ছে না। তিনি মাটি থেকে একটি প্রদীপ হাতে নিয়ে ঊর্ধ্বে তুলে ধরে উচ্চকণ্ঠে বললেন- মহান খোদা। তোমার সরল ও অজ্ঞ বান্দারা সংশয়ের আঁধারে হাতড়ে ফিরছে। তুমি তাদেরকে সেই জালওয়া দেখাও, যা মূসাকে দেখিয়েছিলে এবং যা দ্বারা ফেরাউনের সিংহাসনকে ভস্ম করে দিয়েছিলে।
আমর দরবেশ প্রদীপটি ডানে-বায়ে নাড়ান। তারপর উপরে তুলে নীচে নামান। কিন্তু পাহাড়ের উপর কোনো জ্যোতি আত্মপ্রকাশ করলো না। তিনি পুনরায় প্রদীপটি উপর-নীচ করে নাড়ান। কিন্তু পাহাড়ে ক্ষুদ্র একটি স্ফুলিঙ্গও চমকালো না।
আমর দরবেশের তিন ব্যক্তির একজন পাহাড়ে মৃত পড়ে আছে। অপর দুজন হ্যান্ডকাপ পরা। তারা এখন আলী বিন সুফিয়ানের লোকদের হাতে বন্দী। ওখানে তারা আমর দরবেশের প্রদীপের নাড়াচাড়া দেখতে পাচ্ছে। একজন বললো- আজ কেউ তূর পর্বতের জালওয়া দেখতে পাবে না। অন্যরা অট্টহাসিতে ফেটে পড়ে।
আজ তূরের জালওয়া দেখা যাবে না- আলী বিন সুফিয়ান উচ্চকণ্ঠে বললেন। তিনি আমর দরবেশকে উদ্দেশ করে বললেন- আমর দরবেশ! আজ যদি তুমি পাহাড়ের চূড়ায় অগ্নিশিখা জ্বালিয়ে দেখাতে পারো, তাহলে আমি খোদার বদলে তোমার ইবাদত করবো।
এক ব্যক্তি খঞ্জর বের করে আলী বিন সুফিয়ানের পেছন দিক দিয়ে সম্মুখপানে এগিয়ে যায়। কেউই দেখতে পেলো না, একজন লোক পেছন দিক দিয়ে তাঁবুতে ঢুকে পড়েছে। তাঁবুর ভেতর থেকে সে আশিকে ডাক দেয়। আশি ভেতরে ঢুকে পড়ে।
এক্ষুণি পালাও- লোকটি আশিকে বললো- আমাদের রহস্য ফাঁস হয়ে গেছে। যে লোকটা বললো আজ তুর পর্বতের জালওয়া দেখা যাবে না, সে এই অঞ্চলের বাসিন্দা নয়। লোকটা মিশর থেকে এসেছে। আমাদের এক সাথী ধরা পড়েছে। এখানকার মুসলমানরা হিংস্র। তারা হয়তো আমর দরবেশকে খুন করে ফেলবে। আমরা পালিয়ে যাচ্ছি। তুমি এদের হাতে পড়ে গেলে তোমার সঙ্গে এরা পশুরন্যায় আচরণ করবে।
