গোয়েন্দ ওসমান সারেমকে অতিদ্রুত সুলতান সালাহুদ্দীন আইউবীর পয়গাম শুনিয়ে দেন এবং কর্মপদ্ধতি সম্পর্কে সবক দেন। সে বলল
মহান সেনাপতি বিশেষভাবে উপদেশ দিয়েছেন, যেন তোমরা আবেগতাড়িত না হও। বিবেকের উপর আবেগকে বিজয়ী হতে না দেও যেন। কখনো উত্তেজিত না হও। নিজেদেরকে নিজেদের নিয়ন্ত্রণে রেখে কাজ কর। সতর্কতা একটি আবশ্যকীয় বিষয়। কখনো অসাবধান হয়ো না।
গোয়েন্দা ওসমান সারেমকে জানায়, সে এবং তার দুসঙ্গী কোন না কোন বেশে এসে তার সাথে যোগাযোগ রক্ষা করবে। প্রাথমিক পর্যায়ে যে বিষয়টি আবশ্যক, তাহল মুসলমানরা নিজ নিজ ঘরে গোপনে তীর-ধনুক-বর্শা তৈরী করবে। মহিলারা ঘরে বসেই খঞ্জর ও বর্শা চালানোর প্রশিক্ষণ নেবে এবং আক্রমণ প্রতিহত করার কৌশল রপ্ত করবে। ইহুদী মেয়েদের কথায় তারা কর্ণপাত করবে না। তাদের সাথে এমন কোন কথা বলবে না, যাতে তাদের মনে সন্দেহ জাগতে পারে। নিজেদের পক্ষ থেকে তোমরা কোন সামরিক পদক্ষেপ নেবে না। আগে সংগঠিত হও. নেতৃত্ব সৃষ্টি কর। যে যা করবে, সবই যেন নেতার নির্দেশনা মোতাবেক হয়। কারো কোন পদক্ষেপই যেন সংশ্লিষ্ট কর্তৃকক্ষের অনুমতি ছাড়া না হয়।
.
সূর্যটা পশ্চিম আকাশে অস্ত গেল বলে। মসজিদের ঈমাম এসে গেছেন। তাকে দেখেই গোয়েন্দা কুশটা হাতে নিয়ে একদৌড়ে বেরিয়ে যায় মসজিদ থেকে। আবার শুরু হয় সেই ঘোষণা মুসলমানগণ! ক্রুশের ছায়ায় এসে পড়। তোমাদের ইসলাম মরে গেছে।
ঈমাম সাহেব ওসমান সারেমের প্রতি ক্রুদ্ধ দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞেস করেন, লোকটা এখানে কি করছিল? আর তুমিই বা ওকে ভিতরে এনে বসিয়ে রাখলে কেন? পাগলটাকে মেরে ফেলতে পারলে না? তোমাদের শিরায় কি মুসলমান বাপের রক্ত শুকিয়ে গেছে? বুড়ো না হলে আমি বেটাকে এখান থেকে জ্যান্ত বের হতে দিতাম না।
আমি লোকটার পিছনে পিছনে এ জন্যই এসেছিলাম যে, এখান থেকে তাকে জীবন নিয়ে যেতে দেব না। বলেই ওসমান সারেম ঈমাম সাহেবকে খঞ্জরটা দেখিয়ে আবার বলতে শুরু করল
কিন্তু আল্লাহর শোকর, বেচারা ক্রুশ দ্বারা আঘাতটা প্রতিহত করেছে। লোকটা পাগল নয়। খৃস্টান বা ইহুদীও নয়- মুসলমান। এসেছে সুলতান সালাহুদ্দীন আইউবীর পয়গাম নিয়ে।
ওসমান সারেম বৃদ্ধ ঈমামকে আইউবীর পয়গাম শোনাল এবং বলল, সুলতানের এ পয়গাম আমি অক্ষরে অক্ষরে পালন করব। এ সন্ধ্যা থেকেই আমি কাজ শুরু করতে যাচ্ছি। কিন্তু আমাদের একজন নেতার তো প্রয়োজন। আপনি কি নেবেন সে দায়িত্বটা? তবে মনে রাখতে হবে, খৃস্টান সরকার জানতে পারলে আমীরের গর্দানই উড়ে যাবে আগে।
মসজিদে দাঁড়িয়ে কি আমি কথা বলার দুঃসাহস দেখাতে পারি যে, আমি আমার জাতি থেকে বিচ্ছিন্ন থাকব? তবে আমি আমীর হওয়ার যোগ্য কিনা সে সিদ্ধান্ত নেয়ার দায়িত্ব দেশবাসির। আমি আল্লাহর ঘরে দাঁড়িয়ে ওয়াদা করছি যে, আমি আমার মেধা, সম্পদ, সন্তানাদি ও আমার জীবন ইসলামের সুরক্ষায়, দ্বীন প্রতিষ্ঠা ও ক্রুশের মূলোৎপাটনে কোরবান করব। শোন বৎস, সালাহুদ্দীন আইউবীর প্রতিটা বর্ণ মুখস্থ করে রাখো। তিনি ঠিকই বলেছেন যে, যুবকরা জাতি ও ধর্মের ভবিষ্যৎ। যুবকরা যেমন নিজেদের দেশ, জাতি ও ধর্মকে আলোকিত করতে পারে, তেমনি পারে তার উল্টোটাও। একজন মুসলিম যুবক যখন ইহুদী-খৃস্টানদের বেহায়াপনার শিকার হয়ে যুবতীদের প্রতি কু-নজরে দৃষ্টিপাত করা শুরু করে, তখন সে বুঝতে পারে না যে, তার আপন বোনও তারই ন্যায় কোন যুবকের কু-দৃষ্টির শিকারে পরিণত হচ্ছে। এখানেই একটি জাতির কবর রচিত হয়। ওসমান, তুমি এই আল্লাহর ঘরে দাঁড়িয়ে ওয়াদা কর, তোমরা সুলতান সালাহুদ্দীন আইউবীর পয়গাম অনুযায়ী কাজ করবে। বললেন ঈমাম সাহেব।
***
মাগরিবের নামাজ আদায় করে ওসমান সারেম। ঘরে গিয়ে ছোট বোন আন-নূরকে নিভৃতে ডেকে নিয়ে সুলতান সালাহুদ্দীন আইউবীর পয়গাম শোনায় এবং বলে
আন-নূর! আমাদের ধর্ম ও আমাদের জাতি তোমার থেকে অনেক কুরবানী আশা করছে। দেশের সব মুসলমান মেয়ের কাছে সুলতান সালাহুদ্দীন আইউবীর এ পয়গাম পৌঁছিয়ে দেয়ার দায়িত্ব আমি তোমার উপর অর্পণ করলাম। মেয়েদের কাছে সুলতানের এ পয়গাম পৌঁছিয়ে তুমি তাদেরকে জিহাদের জন্য প্রস্তুত কর। আমি তোমাকে বশী-তীর-কামান-খঞ্জরের ব্যবহার শিখিয়ে দেব। তবে সাবধান থাকতে হবে, যেন কেউ ঘুণাক্ষরেও টের না পায় যে, আমরা কি করছি।
আমি সবরকম ত্যাগ স্বীকার করার জন্য প্রস্তুত আছি। নিজেদের আযাদী এবং দেশের জন্য কি করা যায়, সে বিষয়ে আমি ও আমার বান্ধবীরা অনেক আগে থেকেই ভাবছি। কিন্তু পুরুষদের থেকে পরিকল্পনা না পেলে আমরা মেয়েরা কি করতে পারি? নিজের প্রতিক্রিয়া জানায় আন-নূর।
ওসমান সারেম বোনকে জানায়, সালাহুদ্দীন আইউবী ও তার সেনাবাহিনী সম্পর্কে এখানে যত খবর প্রচার করা হয়, সবই মিথ্যা। ওসমান আরো জানায়, আমাদের মুসলমানদের মধ্যে এমন কিছু লোক আছে, যারা গাদ্দার এবং খৃস্টানদের চর। তোমরা মুসলমানদের ঘরে ঘরে গিয়ে মহিলাদের সঠিক সংবাদ সম্পর্কে অবহিত কর। ওসমান তিন-চারটি পরিবারের কথা উল্লেখ করে বোনকে বলে, তোমরা এসব ঘরে গিয়ে মহিলাদের বলে আসবে, তাদের স্বামীরা বিশ্বাসঘাতক, খৃস্টানদের দালাল। তাদেরকে আরো জানিয়ে আস, তোমরা ইহুদী ও খৃস্টান মেয়েদের প্রীতি থেকে নিজেদের রক্ষা করে চল। ওদের পেয়ার-প্রীতি প্রতারণা বৈ কিছু নয়।
