আর সব ইন্টেলিজেন্স এজেন্সির মতো মোসাড়ের কাজও স্বদেশের নিরাপত্তা নিশ্চিত করা। আমি নিশ্চিতভাবে জানতাম, খলিফার পরিচয় সম্পর্কে মোসাড়ে রিপোর্ট করে অল্টম্যান, তার প্রস্তাব সম্পর্কেও বিস্তারিত জানায় ওদেরকে। সন্দেহ করি, খলিফার সাথে সহযোগিতা করার জন্যে অল্টম্যানকে হুকুম করে মোসাড।
কেন? তীক্ষ্ণ কণ্ঠে জানতে চাইল পিটার।
সঠিক জানি না–তবে দুটো কারণ আন্দাজ করতে পারি। খলিফা নিশ্চয়ই অত্যন্ত প্রভাবশালী ব্যক্তি যার সাহায্য মোসাডের জন্যে মূল্যবান। আমার মনে হয়েছে, ইসরায়েলের প্রতি একটু সহানুভূতি আছে খলিফার। আগেই বলেছি, প্রয়োজনে শয়তানের সাথেও বন্ধুত্ব করতে পারে মোসাড, তাদের নীতির কোনো বালাই নেই। তারা খলিফার সাথে হাত মেলাবার জন্যে হুকুম করল অল্টম্যানকে…কিন্তু…।
কিন্তু
অল্টম্যানের মতো একজন মানুষকে দিয়ে তার আদর্শের বিরুদ্ধে কেউ কিছু করিয়ে নিতে পারে না। সম্পূর্ণ অন্য ধাতুতে গড়া ছিল সে। তাকে তুমি পুঁজিপতি বলতে পার, ইহুদি বলে নিন্দা করতে পার, ক্ষমতালিপসু বলতে পার, কিন্তু আমি তো জানি অন্তরে লোকটা ছিল একজন গ্রেট হিউম্যানিস্ট। তখনকার তার সেই দুশ্চিন্তা আর উদ্বেগের কারণ আজ আমি বুঝতে পারি। মোসাডের নির্দেশ সে মেনে নিতে পারছিল না। খলিফাকে ধ্বংস করার চিন্তা পেয়ে বসেছিল তাকে। এ ধরনের একটা অশুভ শক্তিকে ধ্বংস করা তার দায়িত্ব বলে মনে করেছিল সে…
গ্লাসসহ হাতটা ম্যাগডার মুখের সামনে ধরল পিটার, শ্যাম্পেনে মৃদু একটা চুমুক দিয়ে ফোঁস করে নিঃশ্বাস ফেলল ব্যারনেস।
তারপর আবার শুরু করল, খলিফা যেভাবে হোক জেনে যায়, আমি একজন বিপজ্জনক মিত্র পেয়েছি। বঁবুইলের সেই রাতে সে তোমাকে খুন করার জন্যে অ্যামবুশ পাঠাল…
ওরা তোমাকে খুন করতে চেয়েছিল, ম্যাগডা, বাধা দিয়ে বলল পিটার।
কারা, পিটার? কারা আমাকে খুন করতে চেয়েছিল?
রাশানরা। ওরা তোমার কথা ভোলেনি।
ভোলেনি, হ্যাঁ। মাথা একদিকে একটু কাত করে চোখ ছোট করে চিন্তামগ্ন। হল ব্যারনেস। কথাটা আমিও ভেবেছি, আগেও দুবার আমার ওপর হামলা করা হয়েছিল। কিন্তু বুইলে রোডে ওটা রাশানদের অ্যামবুশ ছিল না, পিটার।
ঠিক আছে, তাহলে খলিফাই-কিন্তু তোমাকে, আমাকে নয়।
হয়তো, তবে তাও আমি মনে করি না। আমার মন বলে, টার্গেট করা হয়েছিল। তোমাকেই।
মেনে নিতে হয় আমাকে, বলল পিটার। তোমাকে বলা হয়নি–সেদিন প্যারিস থেকে আমাকে অনুসরণ করা হয়েছিল। স্ট্রিনের কথাটা বিশদ ব্যাখ্যা করল ও। ওরা জানত মাসেরাতিতে আমি একা আছি।
তাহলে আর কোনো সন্দেহ থাকল না-খলিফারই কীর্তি ছিল ওটা, এবং টার্গেট ছিলে তুমি।
কিংবা মোসাড, বিড়বিড় করে বলল পিটার, সেই সাথে ধীরে ধীরে বিস্ফারিত হয়ে উঠল ব্যারনেসের চোখজোড়া। তাদের সেরা স্টার এজেন্টের পাশে মোসাড একজন অ্যাটলাস সৈনিককে দেখতে চাইবে না। মোসাড চাইবে না তুমি খলিফাকে খুঁজে বের করার ব্যাপারে আমার সাহায্য পাও।
পিটার, এখানে পানি খুব গভীর…।
আর ঝাঁক ঝাঁক হাঙরও ঘুরে বেড়াচ্ছে।
রঁবুইলে রোডের ঘটনাটা আপাতত বাদ দাও, বলল ব্যারনেস। আমি যে গল্প তোমাকে শোনাতে চাইছি, তাতে ওটা জটিলটা সৃষ্টি করছে।
বেশ, রাজি হলো না পিটার। দরকার হলে আবার ফেরা যাবে।
পরবর্তী গুরুতর তৎপরতা ছিল মেলিসাকে কিডন্যাপ করা, বলল ব্যারনেস, সেই সাথে বদলে গিয়ে পাথরে হয়ে উঠল পিটারের চেহারা। খলিফা যেই হোক, তোমার সম্পর্কে বিস্তারিত সমস্ত খবর তার জানা ছিল, বলে চলল ব্যারনেস। মেলিসা তোমার একমাত্র মেয়ে, এটা কোনো গোপন কথা নয়। তাকে বাঁচানোর জন্যে তুমি অন্যায় অপরাধ করার কথাও ভাবতে পারো, তা সে জানত। ইতোমধ্যে নিজের কাছে পরিষ্কার হয়ে গেছি আমি, তোমাকে ভালোবাসি-উপহারটা তারই স্বীকৃতি ছিল।
বইটা, স্মরণ করে বলে পিটার। কর্নওয়ালিস হ্যারিস–প্রথম সংস্করণ।
ওটাই ছিল আমার জীবনে কাউকে দেয়া প্রথম লাভ গিফট, কিশোরী মেয়ের মতো লজ্জায় রাঙা হয়ে উঠল ব্যারনেস। নিজের কাছে যেদিন স্বীকার করলাম– আমি তোমাকে ভালোবাসি, সেদিন ওটা কিনেছিলাম। কিন্তু আমি অনেকটা সেকেলে–ছেলেরাই তো ভালোবাসার কথা আগে বলে।
বলেছি আমি। তাই না? পিটার জানতে চায়।
কোনোদিন ভুলব না, কখনো না। গতকালের উন্মত্ত আক্রমণের কথা মনে করতে চাইছে না ওরা কেউই।
আমি চেয়েছি একটু বুঝে নিতে, বিড়বিড় করে বলে পিটার।
মেলিসা এত সুন্দর একটা মেয়ে। প্রথম দেখাতেই ওকে আমার দারুণ ভালো লেগেছে। নিজেকেই দায়ী মনে হচ্ছিল আমার, ওর ঘটনায়। আমার কারণেই খলিফার সাথে লড়তে গেলে তুমি, এই দশা হলো ওর।
নিজের অজান্তেই নিচু হয়ে এল পিটারের মাথা, মনে পড়ে গেছে ব্যারনেসকে দায়ী বলে ভেবেছিল ও।
হ্যাঁ, পিটারের মনের ভাব বুঝতে পেরে বলল ম্যাগডা, কঠিন একটা আঘাত পাই আমি। তুমি ভাবতে পারলে কিভাবে এ ধরনের কাজ আমার দ্বারা হতে পারে। মেলিসাকে ফিরিয়ে আনার জন্যে নরকে পর্যন্ত যেতে রাজি ছিলাম আমি, কিন্তু চারদিকে শুধু অন্ধকার দেখতে লাগলাম, কিছুই করার ছিল না আমার। ফ্রেঞ্চ ইন্টেলিজেন্স বলল, তারা কিছু জানে না। আর মোসাডে আমার কন্ট্রোল রহস্যময় আচরণ শুরু করল, কোথাও তাকে পাওয়াই গেল না। কেন যেন আমার মনে হয়েছিল, কিডন্যাপিংয়ের সাথে মোসাডের সম্পর্ক থাকতে পারে, তারা যদি সরাসরি জড়িত নাও হয়, ব্যাপারটা সম্পর্কে আর সবার চেয়ে বেশি জানে তারা।
