মায়াবতী রমণীর মুঠোয় বন্দী ক্রীতদাস, পাল্টা চিৎকার করে জবাব দিল পিটার, পরমুহূর্তে নিজেকে স্মরণ করিয়ে দিল খুন করার কঠিন ট্রেনিং দেয়া হয়েছে খলিফাকে, তার হাসি আর সৌন্দর্য দেখে মুহূর্তের জন্যেও অসতর্ক হওয়া চলবে না। কোনো অবস্থাতেই খলিফাকে প্রথম আঘাত হানার সুযোগ দেবে না ও।
আবার ঘাড় ফিরিয়ে তীরের দিকে তাকাল পিটার। এখন থেকে যে কোনো মুহূর্তে ব্যাপারটা ঘটতে পারে, ভাবল ও। এমনভাবে নড়ল, যেন কিনারা দিয়ে নিচে উঁকি দিয়ে যাচ্ছে। ম্যাগডার দৃষ্টিসীমার ভেতরই থাকল, কিন্তু সরে এল একটু পিছনে। বাধ্য হয়ে ওর দিকে শরীরটা একটু ঘোরাতে হলো ম্যাগডাকে, এখনো হাসছে সে।
ঠিক এ ধরনের স্রোতেই অ্যামবারজ্যাক পাওয়া যায় চ্যানেলে। শেফকে কথা দিয়েছি, তার জন্যে জ্যান্ত একজোড়া মাছ সাথে করে নিয়ে যাব, ব্যাখ্যা দেয়ার সুরে বলল ব্যারনেস ম্যাগডা যাবে না, শেরি, নিচে গিয়ে রডগুলো রেডি করবে না? টোপগুলো পাবে তুমি ফরওয়ার্ড স্টারবোর্ড লকারে।
মাথা ঝাঁকার পিটার। ঠিক আছে।
বাঁক নিয়ে চ্যানেলে ঢোকার সময় স্পীড একেবারে কমিয়ে দেব, ঠিক তখন লাইন ফেলবে তুমি, কেমন?
জো হুকুম। তারপর কিছু না ভেবেই বলে বসল পিটার, কিন্তু তার আগে চুমো খাও আমাকে।
পরিবেশনের ভঙ্গিতে পিটারের ঠোঁটের সামনে মুখ তুলে ধরল ব্যারনেস ম্যাগডা, আর পিটার ভাবল কেন বললাম আমি কথাটা? ম্যাগডার কাছ থেকে বিদায় নেয়ার জন্যে নয়। সম্ভবত অভয় দেয়ার জন্যে, বুঝতে দিতে চায় না, সে তাকে খুন করার আগে ওই তাকে খুন করতে যাচ্ছে। অথচ তবু দুজোড়া ঠোঁট এক হতে গভীর একটা বেদনা অনুভব করল পিটার, এই কদিন যেটাকে মাথাচাড়া দিতে দেয়নি। ওর মুখের নিচে ধীরে ধীরে উন্মুক্ত হলো ব্যারনেসের মুখ-ভেজা ভেজা, উষ্ণ, কোমল-পিটারের মনে হলো এখনই বোধ হয় ভেঙে যাবে বুকটা। নিমেষের জন্যে একটা সন্দেহ দেখা দিল, কাজটা করার আগে নিজেই না মারা যায়।
ম্যাগডার কাঁধের ওপর দিয়ে হাত বাড়াল পিটার, তার ঘাড় স্পর্শ করল। ম্যাগডার শরীর ওর শরীরে বাধা পেয়ে সমতল হলো। খুলির নিচে জায়গামতো পৌঁছুল পিটারের আঙুল। দুটো মুখ এক হয়ে আছে। এক সেকেন্ড পেরোল। আরেক সেকেন্ড কাটল। তারপরই নরমভাবে পিছিয়ে এসে নিজেকে ছাড়িয়ে নিল ম্যাগডা। আরে, কি করতে চাও তুমি? উত্তেজিত, অস্কুট কণ্ঠস্বর। একটু একটু হাঁপাচ্ছে তোমার আদরে নেশা হয়ে যাক আমার, আর রীকে ধাক্কা খেয়ে গুঁড়ো হয়ে যাক বোট?
খালি হাতে কাজটা করতে পারেনি পিটার। না, এভাবে পারবে না ও। ঝট করে সারতে হবে, চোখের পলকে। যত দেরি করবে ও, ততই ওর জন্যে ব্যাপারটা বিপজ্জনক হয়ে দাঁড়াবে। মনে দ্বিধা এসে গেছে, জীবনে এই বোধ হয় প্রথম।
কি হলো, যাও। ঠাট্টাচ্ছলে পিটারের বুকে মৃদু ঘুসি মারল ম্যাগডা। এ সবের জন্যে অনেক সময় পাব আমরা-প্রতিটি মুহূর্ত তারিয়ে তারিয়ে উপভোগ করব…
দুর্বল মনে হলো নিজেকে, খালি হাতে পারেনি, ধীরে ধীরে ঘুরে দাঁড়াল পিটার। ইস্পাতের মই বেয়ে ককপিটে নামার সময় চমকে উঠল ও, অকস্মাৎ ধরা পড়েছে ব্যাপারটা। দীর্ঘ চুম্বনের সময়টাতে ম্যাগডার ডান হাতটা আদর করার ছলে ওর ঠিক চিবুকের নিচে গলা আঁকড়ে ছিল। ওর হাত ম্যাগডার খুলির নিচে চাপ দিতে শুরু করলেই ম্যাগডা এক ঝটকায় ওর ল্যারিংস ভেঙে দিতে পারত।
ককপিটে নেমে এল পিটার, আরেকটা চিন্তা খেলে গেল মাথায়। ম্যাগডার অপর হাতটা ওর গায়ের সাথে সেঁটে ছিল, পাঁজরের নিচে মৃদু চাপড় দিয়ে আদর করছিল। ওই হাতটা বিদ্যুৎবেগে ওপর আর ভেতর দিকে আঘাত করতে পারত, সাথে সাথে ছিঁড়ে যেত পেটের ভেতর ডায়াফ্রাম। তার মানে সারাক্ষণ তৈরির ছিল খলিফা, ছিল ওর চেয়ে অনেক বেশি সর্তক। ওর আলিঙ্গনের ভেতর ছিল সে, প্রতিরক্ষা ব্যুহের ভেতর ঢুকে পড়েছিল, অপেক্ষা করছিল ওর জন্যে। মৃত্যুর কতটা কাছাকাছি চলে গিয়েছিল উপলব্ধি করে শিউরে উঠল পিটার।
পরের বার ইতস্তত করা চলবে না।
কাজ করছে পিটার, সেই সাথে দ্রুত মাথা ঘামাচ্ছে। সীট লকারের ঢাকনি তুলল ও। ভেতরের ট্রে-তে ফিশিং গিয়ার রয়েছে। তামা আর ইস্পাতের সুইভেল, বিভিন্ন আকারের পঞ্চাশটা। সব ধরনের সিঙ্কার রয়েছে, পানিতে বা তলায় ব্যবহারযোগ্য। প্লাস্টিক, পালক, আর উজ্জ্বল ধাতুর তৈরি ফাতনা রয়েছে প্রচুর। আছে দৈত্যকার বিল ফিশের জন্যে হুক, আর আছে আলাদা কমপার্টমেন্টের সাইড ট্রে-তে একটা বেইট নাইফ।
পঞ্চাশ ডলারের নিনজা ছুরি, চৌকো ঘর আঁকা বহুঙা হাতল। সাত ইঞ্চি লম্বা ইস্পাতের ব্লেড়, বাঁটের কাছে তিন ইঞ্চি চওড়া, ক্রমশ সরু হতে হতে সূঁচ হয়ে গেছে ডগাটা। এটা নির্দয় লোকের অস্ত্র। বিজ্ঞাপনের বলা হয় এই ছুরি দিয়ে আপনি ওক গাছের শুকনো কাণ্ডও টুকরো করতে পারবেন। মাখনের ভেতর যেমন অনায়াসে ছুরি ঢোকে, একটাও তেমনি মানুষের মাংসে ঢুকে হাড় ভেদ করে যাবে অনায়াসে।
হাতলটা বাগিয়ে ধরে কোপ মারল পিটার, তারপর স্যাৎ করে ওপর দিকে তুলল, বাতাসে হিস করে উঠল ফলা। চিরে গিয়ে সূক্ষ্ম একটা রেখা ফুটল আঙুলের ডগায়, ব্যস্তভাবে ধার পরীক্ষা করতে যাওয়ার খেসারত।
ক্যানভাস স্বীকার খুলে ফেলল ও, ডেকে যাতে রাবার সোল কোনো শব্দ না করে। পরনে এখন শুধু গেঞ্জি আর বক্সার-টাইপ সুইমিং ট্রাঙ্কস।
