ওয়ার্নার শেষ করার পর পুরো এক মিনিট ধরে চুপ করে রইলেন বিমুগ্ধ শ্রোতার দল। অবশেষে মোলায়েম স্বরে গ্যারি জানতে চাইল, “যদি কখনো হিউম্যান সাবজেক্টের উপর না-ই প্রয়োগ করা হয়ে থাকে তাহলে এ সকল উপসর্গ কিভাবে নিরূপণ করা হয়েছে?”
“প্রাথমিকভাবে সারিনের কথাই ধরা হয়েছে প্রথমবারের মতো খানিক অস্বস্তিতে পড়ে গেছেন ওয়ার্নার, “এরপর ল্যাবরেটরীতে শিম্পাঞ্জির উপর পরীক্ষা করে দেখা হয়েছে।” খক খক করে গলা পরিষ্কার করলেন জার্মানস ডিরেক্টর।
বহু কষ্টে নিজের ক্রোধ দমন করল ইসাবেলা। কিন্তু নিজেকে সামলানো কষ্টকর হয়ে উঠল যখন শুনল, “ল্যাবরেটরিতে শিম্পাঞ্জিরা অত্যন্ত দামি হওয়ায় দক্ষিণ আফ্রিকাতে সহজলভ্য চাকমা বেবুনের উপর প্রয়োগ করা হয়েছে।
“আমরা তো জীবিত প্রাণীদের উপর পরীক্ষা করতে পারি না?” নিজের কানেই বেখাপ্পা ঠেকল ইসাবেলা’র চিৎকার; সাথে সাথে নিজেকে শান্ত করে ফেলল বেলা, “আমি বলতে চাইছি যে এর কী সত্যি কোনো দরকার আছে?”
সকলেই এক দৃষ্টিতে বেলা’কে দেখছেন। ভেতরে ভেতরে নিজের উপর অসম্ভব রেগে উঠল বেলা। অবশেষে নীরবতা ভাঙ্গল গ্যারি।
কথাগুলো হালকাভাবে বললেও চশমার ওপাশের চোখ জোড়া হয়ে উঠল অত্যন্ত কঠিন। “বেবুন আমার পছন্দের কোনো প্রাণী নয়।” ক্যামডিবু’তে এগুলোকে আমি সদ্যজাত মেষের বাচ্চা খুন করতে দেখেছি। নানা জানবেন কিভাবে উনার গোলাপ আর সবজি বাগান তছনছ করেছে বেবুন। তবে আমি নিশ্চিত যে কোনো বন্যপ্রাণীর উপর অহেতুক নির্যাতনের ব্যাপারে তোমার সাথে আমরাও একমতো হবো।” থেমে গেল গ্যারি।
“তবে এই মুহূর্তে আমাদের কাছে মুখ্য হলো দেশের প্রতিরক্ষা, জাতির নিরাপত্তা নিশ্চিত করা আর মিলিয়ন মিলিয়ন কোর্টনি অর্থের ব্যয়।”
শাসার দিকে তাকাতেই মাথা নেড়ে পুত্রের কথায় সায় দিলেন মিঃ কোর্টনি।
“সংক্ষেপে বলতে গেলে, হ্যাঁ আমাদেরকে টেস্ট করতেই হবে। এটি অত্যন্ত জরুরি। আমি দুঃখিত বেলা। যদি তোমার ভাল না লাগে তাহলে এই প্রজেক্ট নিয়ে আর দ্বিতীয়বার চিন্তা করো না। ক্যাপকির্ন বোর্ড থেকে রিজাইন দিলেও কেউ তোমাকে কিছুই বলবে না। তোমার অনুভূতিকে আমরা শ্রদ্ধা করি।”
“না” দ্রুত বেগে মাথা নাড়তে শুরু করল বেলা, “আমি প্রয়োজনীয়তাটুকু বুঝতে পেরেছি। দুঃখিত যে প্রসঙ্গটা তুলেছি।” মনে মনে প্রমাদ গুণল বেলা। আরেকটু হলেই হারিয়ে যাচ্ছিল রামোন আর নিকোলাস। তাদের নিরাপত্তা আর মুক্তির জন্যেও যেন কিছু করতে পারবে। জোর করে হেসে উঠল বেলা। হালকা স্বরে জানাল, “তুমি এত সহজে আমাকে তাড়াতে পারবে না। আমার সিট আমি ছাড়ব না, থ্যাঙ্ক ইউ।”
খানিকক্ষণ বোনের মুখের দিকে তাকিয়ে রইল গ্যারি; তারপর ভাল হলো যে ব্যাপারটা এখানেই মিটে গেল।” এবারে ওয়ার্নার স্টলজের দিকে তাকাল গ্যারি।
কোলের উপর দু’হাত রেখে চোখে-মুখে মনোযোগী ভাব ফুটিয়ে বসে রইল বেলা, “এই প্রজেক্টের রিপোর্ট করতে লাল গোলাপের একটুও হাত কাঁপবে না।” মনে মনে প্রতিজ্ঞা করল বেলা।
***
কেপ টাউনে ফিরে আসার তিনদিন পর রিপোর্ট পাঠিয়ে দিল লাল গোলাপ।
বছরের পর বছর ধরে রুটিনের মতো দাঁড়িয়ে গেছে ব্যাপারটা, লন্ডনের ঠিকানাতে লাল গোলাপ টেলিগ্রাম পাঠানোর চব্বিশ ঘণ্টা পরেই পোরশে পার্ক করার জন্য তাকে জানিয়ে দেয়া হয় সময় আর স্থান। বেশির ভাগ সময় জায়গাটা হয় কোন পাবলিক কার পার্ক।
গাড়ির দরজা লক না করে ড্রাইভারের সিটের নিচে ওয়ান টাইম প্যাডে লেখা মেসেজটা খামে ভরে রেখে দিল বেলা। ঘণ্টাখানে পরে ফিরে এসে দেখল উধাও হয়ে গেছে খাম! আর ওর জন্য টাইপ করা ইনস্ট্রাকশন পড়ে আছে।
সিনডেক্স প্রজেক্ট সম্পর্কিত কোনো লেখাই যেন অন্য কারো হাতে না পড়ে সে ব্যাপারে বেশ সাবধান ছিল গ্যারি। আলোচনা চলাকালে ইসাবেলা কয়েকটা : নোট নিলেও চেয়ে নিয়েছে গ্যারি।
“তুমি আমাকে বিশ্বাস করো না, টেডি বিয়ার?” মিটিমিটি হাসলেও নিজের সিদ্ধান্তে অটল রইল গ্যারি,
“আমি এমনকি নিজেকেও বিশ্বাস করি না।” বেলা’র নোট প্যাডের জন্য হাত বাড়াল গ্যারি, “তুমি যদি কোনো কিছু জানতে চাও, তাহলে আমাকে এসে জিজ্ঞেস করো; কিন্তু কোথাও কিছু লিখবে না-মানে কিছুই না।”
আর কোনো কথা বাড়াল না বেলা।
তাই সিনডেক্স-২৫ এর যথাযথ অ্যাটোমিক উপাদান কিংবা উৎপাদনের প্রক্রিয়া জানাতে না পারলেও অনেকটুকুই রিপোর্ট হিসেবে পাঠিয়ে দিল লাল গোলাপ। তবে প্ল্যান্টের সম্ভাব্য অবস্থান আর নির্মাণ কাজের সময় জানাতে ভুলল না। তার মাস সাতেকের ভেতর উৎপাদন শুরু করবে প্ল্যান্ট।
এছাড়া কেমিকেল গ্রেড স্টেইনলেস স্টিল দক্ষিণ আফ্রিকাতে উৎপাদিত না হওয়ায় বাইরে থেকে আমদানি করতে হবে। তবে রাষ্ট্রায়ত্ত আই এস সি ও আর-এর ব্যাপারে কাজ শুরু করায় ধরে নেয়া হচ্ছে যে আঠারো মাস পরে থেকে বাইরে থেকে আর কিছুই আনতে হবে না। সিনডেক্স উৎপাদনের ক্ষেত্রে পুরোপুরি স্বনির্ভর হয়ে উঠবে দক্ষিণ আফ্রিকা। মধ্যবর্তী সময়টুকুতে প্রি কারসর সাপ্লাই করবে তাইপেতে অবস্থিত পিগটেলি কোম্পানি।
তবে এ সমস্যা ছাড়াও আরেকটা সমস্যা হলো প্ল্যান্ট চালাবার জন্য দক্ষ টেকনিশিয়ানের অভাব। পিগটেলি কেমিকেলস আগেই জানিয়ে দিয়েছে যে তারা কোন কর্মী সরবরাহ করবে না, তাই ধারণা করা হচ্ছে এখানে ব্রিটেন কিংবা ইস্রায়েল থেকে লোক নেয়া হবে। এক্ষেত্রে সিকিউরিটি ক্লিয়ারান্সের ব্যাপারেও মাথা ঘামাতে হবে।
