“এরকম কোনো কিছু করার চিন্তা মাথায়ও আনবেন না। আমার জাহাজের বন্দুক এবং কামানগুলো প্রস্তুত রয়েছে, সেই সাথে আমার নাবিকেরাও প্রস্তুত রয়েছে,” হাল বেশ দৃঢ়তার সাথে জবাব দিল।
“আপনি বেশ তরুণ, ক্যাপ্টেন কার্টনি,” রিভারস তার চেহারায় বিন্দুমাত্র আতঙ্ক বা দুশিন্তা ফুটিয়ে না তুলে বলল। “আপনার মতো একজন বালকের এরকম একটা জাহাজ থাকা আসলেই বেশ আশ্চর্যের ব্যাপার। এখন আমি বুঝতে পারছি। লাল সাগরে ইথিওপিয়ার যুদ্ধে আরবদের সেই বিভীষিকাময় অবস্থার কাহিনী আমি শুনেছি। যে করুণ পরিণতি আপনি তাদের করেছিলেন আমি তা শুনেছি। তারা আপনার নাম কী যেন দিয়েছে-এল তাজার, যার অর্থ হচ্ছে বারকুড়া নামক সামুদ্রিক মাছ।”
“আমি বুঝতে পারছি না, বর্তমান অবস্থার সাথে সেসব কাহিনীর কী সর্শক?”
“কোনো সম্পর্ক নেই, শুধু এটুকু বোঝানোটাই উদ্দেশ্য যে বারাকুডার মতো মুখে শক্ত দাঁতযুক্ত মাছও কখনও কখনও জালে আটকা পড়ে যায়। বলতে পারেন ফাঁদে পড়ে যায় ঠিক এখনকার মতো।”
“কী বলতে চাইছেন আপনি?” হাল খুব বিস্ময়াবিভূত হয়ে তাকাল। সাথে-সাথে বাউ-এর কামানের গর্জন পানির ওপর দিয়ে ভেসে আসলো।
হাল ঘুরে দাঁড়িয়ে তার জাহাজের দিকে তাকাল। একটা ধোঁয়ার কুণ্ডলী উপরে উঠছে এখন। নেড টেইলার সতর্কতাস্বরূপ একটা কামান চালিয়েছে। কারণটাও পরিষ্কার হয়ে গেল সাথে-সাথে। একসারি ডাগআউট অন্তরীপ-এর দিকে ছিল সেগুলো এখন বাউ-এর দিকে এগিয়ে যাচ্ছে। হাল চারটা পর্যন্ত গুনতে পেরেছে যেগুলোর এক একটাতে পাঁচ থেকে ছয়টা পর্যন্ত মানুষ ছিল। এগুলো অনেক সরু নৌকো। স্প্যানিশ ভাষায় যেগুলোকে পিরাগুয়া বলা হয়।
“তারা আমাদের বন্দুকের নিচ দিয়ে আসছে,” অ্যাবোলি বিড় বিড় করে বলল। এ কারণেই মি, টেইলার এগুলোকে গুলি করে উড়িয়ে দিতে পারছে না।
হাল-এর জন্য প্রতিকূল পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। যে ডাগআউট ডিঙ্গিগুলো বাউ-এর দিকে যাচ্ছে সেগুলোতে থাকা প্রত্যেকের হাতে একটা করে লম্বা ব্যারেলযুক্ত বন্দুক আছে। বন্দুকগুলো বাউ-এর রেলিং-এর দিকে তাক করা আছে। ওরা গুলি ছুরে যে কোনো মুহূর্তে বাউ-এর নাবিকদের উড়িয়ে দিতে পারে। হাল আবার রিভারস-এর দিকে তাকিয়ে দেখল যে রিভারস বেশ বড় আকারের একটা বাসকেট হিলটেড তলোয়ার নিচ থেকে উঠিয়ে বালির মধ্যে সোজা করে দাঁড় করিয়ে রাখছে। সে এমনভাবে হাল-এর সামনে তলোয়ারটা বালিতে গেঁথে রাখল যেন সে বুঝাতে চাইলে যে এরপর সে ঠিক এইভাবেই ওটাকে হাল-এর পেটে ঢুকিয়ে দেবে।
“আমার কোয়ার্টার মাস্টার মি. ডাউলিং এবং তার লোকদের হাতে গ্রেনেড আছে।” তারা যেকোনো মুহূর্তে সেগুলো বাউ-এর ওপর কাজে লাগাবে।
হাল অ্যাবোলির দিকে সতর্কতা মূলক দৃষ্টি দিয়ে তাকাল।
“এরপর তোমার লোকেরা যখন ডেক-এর ওপর এদিক থেকে সেদিক দৌড়াদৌড়ি করবে তখন আমার লোকেরা তোমার রাডার অকেজো করে দেবে।”
এই কথা শুনে রিভারস-এর লোকেরা আনন্দে উল্লাসধ্বনি করে উঠল। তাদের প্রত্যেকের সাগরে নামা ছাড়াই যদি এত সহজে বিজয় তাদের পক্ষে চলে আসে, তাহলে আনন্দে আত্মহারা হওয়াই স্বাভাবিক।
হাল ভাবতে থাকে। কোনোরকম উত্তর দেয়া ছাড়া এভাবে রিভারস-এর হুমকি মেনে নেয়া যায় না।
“আপনি হয়ত মি. ট্রাম্প-এর সাবেক জাহাজ ডেফট-এর কামানগুলোর কথা ভুলে গিয়েছেন। “আর…এটা নিশ্চয়ই বলতে হবে না যে পানসিতে থাকা আমার লোকগুলোকে বেশ ভালভাবেই মানুষ খুন করার প্রশিক্ষণ দেয়া আছে।” অতএব, “ক্যাপ্টেন রিভারস, আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমরা দুজনেই একে অপরের অনেক বড় ক্ষতি করতে পারি। এখন এসব বাদ দিয়ে আসুন, কথা বলি। আপনার অন্তত জানা উচিত যে আমি কেন এখানে এসেছি।”
রিভারস একনজর সাগরের দিকে তাকিয়ে আবারও হাল-এর দিকে দৃষ্টি ফেরাল। তারপর হা হা করে হাসতে শুরু করে দিল। “বাই গড, তুমি ফ্রাঙ্কির যোগ্য সন্তান। ফ্রাঙ্কিও তোমার মতোই ঠাণ্ডা রক্তের মানুষ ছিল। কিন্তু আমাকে টেক্কা দেয়ার চেষ্টা করো না। তুমি হয়ত নিজেকে “স্যার” ভাবতে পার কিন্তু এখানে সেটা তোমার কোনো কাজেই আসবে না। তোমার পিতাও হয়ত কিং চার্লস-এর সেই কল্পিত আদেশপত্র হাতে নিয়ে ভেবেছিল যে সে যেকোনো পর্তুগীজ জাহাজকে উড়িয়ে দিতে পারবে। কিন্তু সত্যিটা হল, তোমার পিতাও আমার মতোই দুস্য ছিল। সেও ধন-সম্পদ লুট করতে চেয়েছিল।”
“আমার পিতা একজন সম্মানিত মানুষ ছিলেন। নটোনিয়ার নাইট অব দ্য টেম্পল অফ দ্য অর্ডার অফ দ্য…”
“ব্ল-ব্লা-ব্লা।” রিভারস তাকে মাঝপথে থামিয়ে দেয়। “তোমার পিতা একজন ভাল নাবিক ছিল এবং কৌশলে অন্যের জাহাজ ছিনিয়ে নিতে পারত। আমি বাজি ধরে বলতে পারি যে তুমিও ঠিক সেভাবেই এই জাহাজটাকে অন্য কারো কাছ থেকে ছিনিয়ে নিয়েছিলে।”
“আমি যার কাছ থেকে এই জাহাজটা কেড়ে নিয়েছিলাম, তার এই পরিণতি প্রাপ্য ছিল।”
“হাহ! সবার ক্ষেত্রেই এটা সত্য, তাই না?” রিভারস হাল এর-দিকে তাকিয়ে বলল, “তুমি হচ্ছ একজন বদমেজাজি, উদ্ধত বালক। আমি বাজি ধরে বলতে পারি যে এই বয়সেই তুমি বহু লোকের সাথে শত্রুতা করেছে যারা তোমাকে হত্যা করতে পারলে খুবই খুশি হবে।”
“কিন্তু, তারপরও আমি বেঁচে আছি।”
