তোমার কাছে ফের কৃতজ্ঞতা প্রকাশ করছি, কর্নেল তিনাত, কোমল কণ্ঠে বলল তাইতা। আমাদের জাররিয়দের কবল থেকে উদ্ধার করার সময় তামাফুপায় ছিলাম আমি।
তামাফুপায় যাদের পেয়েছি, তাদের মধ্যে আপনি ছিলেন না, বলল তিনাত।
ওহ, তুমি ভুলে গেছ, মাথা নেড়ে বলল তাইতা। তাহলে নিশ্চয়ই মেরেনের চোখ অপারেশনের পর ওর সাথে আমাকে মেঘ-বাগিচা থেকে পথ দেখিয়ে আনার কথা তোমার মনে আছে। তখনই তুমি প্রথমবারের মতো তোমার আনুগত্য প্রকাশ করেছিলে, মিশরে ফিরে যাওয়ার তীব্র আকাঙ্ক্ষা প্রকাশ করেছ। আমরা যে ইয়োস ও তার ক্ষমতা নিয়ে আলোচনা করেছিলাম সেটা মনে আছে?
তাইতার দিকে তাকিয়ে রইল তিনাত। অভিব্যক্তি বিকৃত হয়ে গেছে। লর্ড তাইতা! ম্যাগাস! মেঘ-বাগিচার পাহাড়ে আপনি মারা যাননি? এটা কিছুতেই আপনি হতে পারেন না!
নিশ্চিতভাবেই পারি, এবং আমিই, বলে হাসল তাইতা। যদিও আমার চেহারার কিছু বিশেষ পরিবর্তনের কথা স্বীকার করছি।
আপনি তরুণ হয়ে গেছেন! এ অলৌকিক, অবিশ্বাস্য ঘটনা! কিন্তু আপনার কণ্ঠস্বর ও চোখ কথাটা সত্যি বলে মানতে বাধ্য করছে আমাকে। দৌড়ে কাছে এসে তাইতার হাত তুলে শক্ত করে ধরল সে। ইয়োস আর অলিগার্কদের কী দশা হয়েছে?
অলিগার্করা মারা গেছে, ইয়োসও আর আমাদের জন্যে হুমকি নয়। তোমাদের এখনকার অবস্থা কী?
এখানে জাররিয় সেনাছাউনীতে হামলা করেছিলাম আমরা। মাত্র বিশ জন লোক ছিল এখানে, কেউ রেহাই পায়নি। ওদের লাশ গোর্জে ফেলে দিয়েছি। দেখুন! শকুনের ঝাঁক এরই ভেতর খোঁজ পেয়ে গেছে। মাথার উপরে আকাশে চক্কর দিয়ে বেড়ানো মরাখেকো পাখিগুলোর দিকে ইঙ্গিত করল সে।
কিতানগালে নদীর ঘাটে নৌকা আর ওখানে পড়ে থাকা জাহাজগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে শখানেক লোক পাঠিয়েছি।
ভালো কাজ দেখিয়েছ, ওর তারিফ করল তাইতা। এবার নদীর ঘাটে যেতে হবে তোমাকে, ওখানকার কর্তৃত্ব নিতে হবে। জাহাজগুলো জড়ো করো, আমাদের লোকজন আসামাত্র ওদের তুলে নদীর ভাটিতে রওয়ানা করিয়ে দেবে, ভালো চালক দেবে সাথে, যাতে ওদের পথ দেখাতে পারে। নালুবালে হ্রদের তীরে গোটা বহর আবার জড়ো করবে, যেখানে নাকে শিংঅলা দানো শিকারে নেমেছিলাম আমরা।
ভালো করেই মনে আছে।
পাহাড় থেকে নামার পথে গোর্জের উপরের সেতুতে বিশজন কুড়োলঅলা লোক রেখে যাবে। সব লোক পার হওয়ার পর ওরা সেতুটা কেটে গোর্জে ফেলে দেবে।
আপনি কী করবেন?
মেরেন আর আমি এখানে দুর্গে হিলতোর সাথে তোমার পাঠানো কয়েকজন লোক নিয়ে অপেক্ষা করব। সেতু ধ্বংস না হওয়া পর্যন্ত জাররিয়দের ঠেকিয়ে রাখব।
আপনার যেমন নির্দেশ, লর্ড তাইতা, দ্রুত চলে গেল তিনাত, ক্যাপ্টেনদের উদ্দেশে চিৎকার শুরু করে দিয়েছে।
মেরেনের দিকে ফিরল তাইতা। হিলতো, দুই শিলুক আর যে কজন লোকের ব্যবস্থা করতে পারো, শরণার্থীদের সাহায্য করতে পাঠিয়ে দাও। দ্রুত কাজ করার তাগিদ দিতে হবে ওদের। দেখ! জাররিয়দের মুল দলটা খুব বেশি দূরে নেই। ওরা যেপথে এসেছে সেপথে পাহাড়ের নিচের দিকে ইঙ্গিত করল ও। দূরে, একেবারে সেই সমতল ভূমিতে ধূলির মেঘ চোখে পড়ছে, অস্তগামী সূর্যের আলোয় রক্ত লাল, জাররিয় রথ ও আগুয়ান সেনাদলের কারণে উড়ছে ধুলো।
ছোট দুর্গ দ্রুত পরখ শেষে গ্যাপের গলার কাছে প্রতিরক্ষা ব্যবস্থা পরিদর্শনের জন্যে ফেনকে সাথে নিয়ে গেল তাইতা। একেবারেই মামুলি পর্যায়ের ব্যবস্থা। দেয়ালগুলো নিচু, যেনতেনভাবে মেরামত করা। অবশ্য, অস্ত্রাগার ও কোয়ার্টার মাস্টারের গুদাম বেশ ভালোভাবেই বোঝাই করা, রান্নাঘর ও গুদামঘরের মতোই।
এখানে শত্রুকে বেশিক্ষণ আটকে রাখব না, ফেনকে বলল ও। গতিই আমাদের প্রতিরক্ষা। শরণার্থীদের সংগ্রামরত রেখার দিকে তাকাল ওরা।
এগিয়ে যাবার মতো শক্তি ফিরে পেতে খাবার ও পানির প্রয়োজন হবে ওদের। সিদুদু ও তোমাকে সাহায্য করতে ইচ্ছুক অল্প বয়সী মেয়েদের খুঁজে বের করো, ওরা যাবার সময় যেখানে যা খাবার মেলে ওদের হাতে চালান করে দাও। বিশেষ করে যাদের সাথে ছোট বাচ্চা রয়েছে। তারপর ওদের নৌকাঘাটের দিকে পাঠিয়ে দেবে। থামতে দেবে না। বিশ্রাম নিতে দেবে না, তাহলে কিন্তু এখানেই মারা পড়বে সবাই।
দ্রুত এসে ওদের সাথে যোগ দিল মেরেন। মই বেয়ে প্রহরা মিনারে উঠে এলো সে আর তাইতা। এখান থেকে আরও উপরের একটা চাতালের দিকে ইঙ্গিত করল তাইতা, পথের মাথা দেখা যায় ওটা থেকে। যতজন যোগাড় করতে পারো সবাইকে নিয়ে ওখানে চলে যাও। ওদের বলো বড় বড় পাথরের চাঁই যোগাড় করে চাতালের কিনারায় বসাতে। জাররিয়রা ওই পথে আসলেই উপর থেকে পাথর গড়িয়ে দেব আমরা। তরতর করে মই বেয়ে নিচে নেমে গেল মেরেন, নিজের লোকদের খোঁজে নামল। এদিকে রাস্তায় ফেনের সাথে যোগ দিতে দ্রুত আগে বাড়ল তাইতা। মেয়েটা খাবার বানানোর জন্যে মেয়ে বাছাই করার সময় সমর্থ লোকজন বাছাই করে চাতালে মেরেনের সাথে কাজ করতে পাঠাল।
আস্তে আস্তে বিশৃঙ্খল অবস্থা কাটিয়ে উঠল ওরা। প্রত্যাহারের গতি বেড়ে উঠল।পেটে দানা পানি পড়ায় আবার চাঙা হয়ে উঠল লোকজন। পাশ দিয়ে যাবার সময় লোকজনের সাথে আলাপ করল তাইতা, মেয়েদের হাসতে বাধ্য করে বাচ্চাদের ওদের কাঁধে তুলে দিল। সবাই নতুন প্রতিজ্ঞা নিয়ে সামনে বাড়ল। সন্ধ্যা মেলাতেই ফেনের সাহায্যকারীদের হাসি রাতকে মধুর করে তুলল। হিলতোর রেখে যাওয়া প্রহরীদের মশালের আলো স্পষ্ট করে তুলল কলামের পথ।
