আপনি লক্ষ করবেন লর্ড ক্যাইথর আজ নেই।
সত্যিই তাইতা, মাই লর্ড, তার অনুপস্থিতিতে আমি অবাকই হয়েছি।
বয়স হয়েছিল তার, বহু বছরের ভারে উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন। দশ দিন আগে দূঃখজনকভাবে ঘুমের ভেতরই মারা গেছেন। কোনও কষ্ট ছাড়াই শান্তিতে মারা গেছেন।
আমাদের সবারই অমন সৌভাগ্য হলে ভালো হতো, বলল তাইতা। তবে তোমার সাথে আমিও তার মৃত্যুকে শোক প্রকাশ করছি।
আপনি সহানুভূতিশীল মানুষ, বলল আকের। কিন্তু আসল কথা, এখন মহা সভায় একটি শূন্য পদের সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করেছি আমরা, আন্তরিকভাবে একমাত্র সত্যি দেবীর কাছে পথ নির্দেশনার জন্যে প্রার্থনা করেছি, অচিরেই যার নাম আপনার কাছে প্রকাশ করা হবে।
এই আনুকূল্যে মাথা নোয়াল তাই।
বলে চলল আকের। আমরা সিদ্ধান্তে পৌঁছেছি যে পরলোকগত সভাসদের শূন্য স্থানে আসীন হওয়ার মতো একজন সম্মানিত লোকই আছেন। আপনি। গালালার তাইতা।
আবার মাথা নোয়াল তাইতা, কিন্তু এইবার সত্যিই বাকহারা হয়ে গেল ও।
আন্তরিক কণ্ঠে বলে চলল আকের। মহাসভার সিদ্ধান্ত হচ্ছে যে লর্ড তাইতা উপাধিতে ভূষিত করা হবে আপনাকে। আবার মাথা নোয়াল তাইতা। তবে আপনার নির্বাচনের বেলায় একটা সীমাবদ্ধতা আছে। সভার সদস্যদের পূর্ণাঙ্গ ও স্বাস্থ্যবান হওয়াটা বাধ্যতামূলক। লর্ড তাইতা, আপনার নিজের দোষের কারণে না হলেও একটা মারাত্মক ত্রুটিতে ভুগছেন যা আপনাকে এই পদের অয়োগ্য করে দিয়েছে। অবশ্য, এটা চূড়ান্ত কোনও ব্যাপার নয়। আপনার উত্তরসুরি কর্নেল ক্যাম্বিসেসকে মেঘ-বাগিচায় চিকিৎসার জন্যে পাঠানো হয়েছিল, তবে সেটা তার যোগ্যতার বলে নয়। এই ধরনের অসাধারণ চিকিৎসার সুযোগ কেবল আমাদের সমাজের বিশেষ যোগ্য লোকদের জন্যেই তুলে রাখা। চিকিৎসার বিপুল খরচের একটা দাম ধরা কঠিন। পরে এ সম্পর্কে আরও অনেক কিছু জানতে পারবেন। নিচু বা মাঝারি পদের সামরিক বাহিনীর সদস্যরা সাধারণভাবে এই সুযোগ পায় না। সম্ভাবনার অস্তিত্ব সম্পর্কে আপনাকে বিশ্বাস করানোর লক্ষ্যে কর্নেল ক্যাম্বিসেসকে বেছে নেওয়া হয়েছিল। এই প্রদর্শনী না দেখানো হলে নির্ঘাৎ আপনি সংশয় প্রকাশ করতেন এবং খুব সম্ভবত অংশ নিতে অনিচ্ছা প্রকাশ করতেন।
তোমার কথা সম্পূর্ণ ঠিক। তবে মেরেন ক্যাম্বিসেসকে বেছে নেওয়ায় আমি খুশিই হয়েছি।
আমরাও, সায় দিল আকের, তবে ঠিক বিশ্বাসযোগ্য ঠেকল না। এখন আর সেটা প্রাসঙ্গিক নয়। প্রাসঙ্গিক হচ্ছে, সার্জনরা আপনাকে পরীক্ষা করে দেখেছে। মহাসভার একজন অভিজাত ও নির্বাচিত সদস্য হিসাবে আপনি এই বিশেষ চিকিৎসার উপযুক্ত। মেঘ-বাগিচার সার্জনদের আপনার আগমনের কথা জানিয়ে দেওয়া হয়েছে। আপনাকে স্বাগত জানাতে তাদের প্রস্তুতি অনেক দূর এগিয়েছে। একারণেই আপনাকে জানাতে দেরি হয়ে গেছে। এমনি কাজের প্রস্তুতিতে সময় লাগে, তবে বীজ তোলা হয়ে গেছে। সার্জনরা আপনার অপেক্ষা করছে। আপনি কি সুযোগটা গ্রহণ করতে প্রস্তুত আছেন?
চোখ বুজে আঙুলের ডগায় চোখ টিপে ধরে ভাবল তাইতা। আমাদের সম্পূর্ণ কাজটাই এর উপর নির্ভর করছে, নিজেকে মনে করিয়ে দিল ও। এছাড়া ইয়োসকে আক্রমণ করার মতো কাছাকাছি যাওয়ার অন্য কোনও রাস্তা নেই। অবশ্য ডাইনীর সুবিধার স্বার্থেই এই সভা সাজানো হয়েছে। আমার সফল হওয়ার সম্ভাবনা রেশমের সুতোর মতোই ক্ষীণ। পরিণতি জানার কোনও উপায় নেই, তবে অবশ্যই বিপদকে বেছে নিতে হবে। একমাত্র নিশ্চয়তা হচ্ছে ডাইনীর বিষে সবকিছু সিক্ত। সুতরাং এটা অশুভই নয় বরং মহাবিপর্যয়কর হবে। বিবেকের সাথে যুদ্ধ করার সময় হাত দিয়ে চোখের পাতা ডলতে লাগল ও। আমি কি কোনও বদমতলব যুক্তিযুক্ত করার চেষ্টা করছি? কাজটা করলে সেটা কি ফারাও বা মিশরের স্বার্থে হবে নাকি ব্যক্তি তাইতা ও তার নিষ্ঠুর আত্ম-মূল্যায়নের স্বার্থে? দুটো কারণেই। এটা সত্যর পক্ষে মিথ্যার বিপক্ষে, তবে আমার ও ফেনের জন্যেও। পরিপূর্ণ পুরুম কেমন জানতে ইচ্ছে করে আমার। ওকে এমন আবেগের সাথে ভালোবাসতে চাষ আমার খোদ আত্মাকেই শেষ করে ফেলার হুমকি সৃষ্টি করেছে।
হাত নামিয়ে চোখ খুলল ও। আমি প্রস্তুত, বলল ও।
সাবধানতার সাথে জবাব দিয়ে বুদ্ধির পরিচয় দিয়েছেন আপনি, তবে আপনার সিদ্ধান্তে আমি খুশি হয়েছি। আজ রাতে আপনি আমাদের প্রাসাদের সম্মানিত অতিথি হবেন। সকালে পাহাড়ের উদ্দেশে নতুন জীবনের পথে যাত্রা করবেন।
*
পরদিন সকালে ওরা যখন রওয়ানা হলো তখন প্রচণ্ড তুফান চলছে। ঢাল বেয়ে উপরে ওঠার সাথে সাথে নিষ্করুণভাবে তাপমাত্রা কমে আসতে লাগল। চামড়ার জোব্বায় গোটা শরীর ঢেকে ওনকার ঘোড়ার ছায়ামূর্তি অনুসরণ করছে তাইতা, পথের উপর ঘূর্ণী খাওয়া তুষার ও বরফের মেঘে প্রায় ঢাকা পড়ে গেছে ওটা। আগের চেয়ে বেশ দীর্ঘ লাগছে এবারের যাত্রা, তবে অবশেষে তুষার ঝড়ের ভেতর দিয়ে সুড়ঙের মুখ উদয় হতে দেখল ওরা। এমনকি সুড়ঙ মুখের পাহারাদার ট্রগগুলোও বাতাসের ঝাপ্টায় উবু হয়ে আছে। পাশ কাটিয়ে যাওয়ার সময় তাইতার দিকে তাকিয়ে চোখ পিটপিট করল ওরা। তুষারে ভারি হয়ে গেছে ওদের চোখের পাতা। স্বস্তির সাথে ওনকাকে অনুসরণ করে সুড়ঙে ঢুকল ও, নাগালের বাইরে চলে এলো ঝড়ের।
