আমি এতোকিছু জানতাম না তায়তা। আমার ধৃষ্টতা ক্ষমা করো বন্ধু। তুমি সত্যি অনেক গুণের আঁধার।
আমি অনেক সময় বিভিন্ন বিষয়ে এটনের নিজের অবস্থানটা তাকে মনে করিয়ে দেওয়াটা প্রয়োজনবোধ করতাম। তবে ক্রিট অভিযানের বিষয় নিয়ে ফারাওয়ের কাছে পেশ করার জন্য যে প্রতিবেদন তৈরি করতে যাচ্ছিলাম সে বিষয়ে তার সাহায্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। একবার সঠিক পথটা জানিয়ে দিলে সে খুঁটিনাটি সবকিছু খুব ভালো বুঝতে পারে।
.
এটনের মতো ফারাও আমার যোগ্যতা সম্পর্কে কোনো অবজ্ঞা দেখালেন না। বিশেষত তামিয়াত দুর্গে আমার সাম্প্রতিক সাফল্যের পর তিনি বরং ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে আমার কথা মনোযোগ দিয়ে শুনলেন। পুরো দুই দিন মিনোজের সাথে আমার যোগাযোগের পরিকল্পনাটির বিভিন্ন দিক নিয়ে আমার সাথে কথা বললেন। মাঝে মাঝে দুএকটা বিষয়ে প্রশ্ন তুললেন, তারপর আলোচনা শেষে বললেন, আমি তো তোমার পরিকল্পনায় কোনো খুঁত দেখতে পাচ্ছি না তাতা। তবে আমার মনে হয় জেনারেল ক্রাটাস আর তার সহকর্মীরা কোনো কোনো বিষয়ে আপত্তি করতে পারে।
ফারাও আর তার পূর্ণ সভাসদদের উপস্থিতিতে আমি জেনারেল ক্রাটাসের সামনে আমার পরিকল্পনা তুলে ধরলাম। আমার কথা শোনার পর ক্রাটাস রেগেমেগে মুখ লাল করে লাফ দিয়ে উঠে পুরো রাজদরবারে দাপাদাপি করে বেড়াতে লাগলো। আমার নাকের সামনে আঙুল নেড়ে টেবিলের উপর ঘুসি মেরে চিৎকার করে সমস্ত দেবতাদের উদ্দেশ্যে সে ভবিষ্যৎ বিপদাশঙ্কা আর সর্বনাশের সতর্কবাণী উচ্চারণ করতে লাগলো। প্রকৃতিগতভাবে ক্রাটাস একজন নিষ্ঠুর ব্যক্তি হলেও সে একজন ভালো যোদ্ধা।
চিৎকার, দাপাদাপি, দেবতাদের উদ্দেশ্যে শপথ ইত্যাদি করতে করতে মুখে ফেনা তুলে যখন সে আর কথা বলতে পারছিল না, ততক্ষণ আমি অপেক্ষা করলাম। তারপর আমি শান্তকণ্ঠে বললাম, একটা কথা আমি বলতে ভুলে গিয়েছিলাম জেনারেল ক্রাটাস। হুই আর রেমরেমকে আমি আমার সাথে ক্রিটে নিয়ে যেতে চাই। আমার দৃঢ় বিশ্বাস আপনি তাদের বদলি উপযুক্ত সেনাকর্মকর্তা খুঁজে নিতে পারবেন।
ক্রাটাস বাকরুদ্ধ হয়ে কিছুক্ষণ আমার দিকে রইল, তারপর হঠাৎ সে হাসতে শুরু করলো। হাসির দমকে তার সারা শরীর কেঁপে উঠলো, টলতে টলতে পিছু হটে তার বিশাল বপু নিয়ে সে ধপাস করে চেয়ারে বসে পড়লো। এই চেয়ারটা বিশেষ করে তার জন্যই তৈরি করা হয়েছে আর সে যেখানেই যায় এটা সাথে নিয়ে যায়। কিন্তু এখন তার ওজনের ভারে চেয়ারের জোড়গুলো শব্দ করে প্রায় আলগা হয়ে যাবার জোগাড় হয়েছে।
যেভাবে সে হঠাৎ হাসতে শুরু করেছিল, ঠিক সেরকমভাবে হঠাৎ হাসি থামিয়ে নিচু হয়ে পোশাকের ঘের উঠিয়ে মুখ মুছতে লাগলো। এতে তার পুরুষাঙ্গ পুরোপুরি অনাবৃত হয়ে সবার চোখের সামনে উন্মুক্ত হয়ে পড়লো। এরপর টিউনিকের ঘের হাঁটুর কাছে নামিয়ে দিয়ে সে স্বাভাবিক কণ্ঠে ফারাওকে উদ্দেশ্যে করে বলতে শুরু করলো, মহামান্য, তায়তার পরিকল্পনায় কিছু ভালো দিক দেখা যাচ্ছে। একমাত্র সে এই পরিকল্পনার কথা ভাবতে পারে এবং সভাসদদের সামনে তুলে ধরার মতো বুকের পাটা একমাত্র তারই আছে। তারপর সে গভীর অনুশোচনার ভান করে নিজের কপাল খামচে ধরে গভীরভাবে বললো, আমাকে ক্ষমা করুন ভদ্রমহোদয়গণ, আমি হয়তো ভুল রূপক ব্যবহার করে ফেলেছি। তারপর আবার সে হাসিতে ফেটে পড়লো।
আমার বিশেষ অঙ্গটির অভাবের দিকে ইঙ্গিত করে তার রসিকতা করা সত্ত্বেও আমি ভাবলেশহীন চেহারা করার চেষ্টা করে বললাম, তাহলে আমি মনে করতে পারি যে, হুই আর রেমরেম আমার সাথে ক্রিট যাচ্ছে?
নিয়ে যাও তায়তা। সামরিক যশ অর্জনের প্রতি তোমার উচ্চাভিলাষ প্রশংসার যোগ্য। আমার আশীর্বাদসহ আমার সর্বশ্রেষ্ঠ লোকদুজনকে নিয়ে যাও। হয়তো তোমাকে তোমার হাত থেকে ওরা রক্ষা করতে পারবে। যদিও আমার সন্দেহ কেউ হয়তো তা পারবে না।
.
ব্যবিলন যাত্রার প্রস্তুতি শেষ করতে প্রায় দুইমাস লেগে গেল।
আমার বেশি দুশ্চিন্তা ছিল দুই রাজকুমারী আর তাদের সফরসঙ্গীদের স্বাচ্ছন্দ্য আর নিরাপত্তা নিয়ে। তাদের নিত্যকার প্রয়োজন মেটাবার জন্য ক্রীতদাস আর ভৃত্যের ৮৩ জনের একটি দল ছিল। এদের মধ্যে ছিল পাঁচক, রান্নাঘরের দাসী, শয়ন কক্ষের পরিচারিকা, পোশাকভাণ্ডারের কত্রী, প্রসাধন ও কেশপরিচর্যাকারী, শরীর মালিশকারী, বাদকদল এবং অন্যান্য পেশাদার আনন্দদানকারী। এছাড়া একজন গণক আর তাদের আধ্যাত্মিক প্রয়োজন মেটাবার জন্য মেয়েরা আনন্দ, ভালোবাসা আর মাতৃত্বের দেবী হাথোরের তিনজন নারী পুরোহিত নেবার জন্য বায়না ধরলো। আমার আপত্তি সত্ত্বেও ওদের বড়ভাই তাদের কোনো আবদারই বিফলে যেতে দিলেন না।
ফারাওয়ের ধনভাণ্ডার এখন উপচে পড়ছে আর তিনি অকৃপণভাবে টাকা ঢালতে লাগলেন। এতোবছর হিসেব করে চলার পর এখন ইচ্ছামতো খরচ করতে পেরে তার বোনদের চেয়েও তিনি বেশি উপভোগ করছেন।
এতে মেয়েরা উৎসাহিত হয়ে তাদের পোষা বেড়াল, বানর, পাখি আর শিকারী কুকুরের পরিচর্যা করার জন্য আলাদা লোক নিল। এগুলো ছিল রাজকীয় আস্তাবল থেকে যে বিশটি ঘোড়া বেছে নেওয়া হয়েছিল তার সহিস আর অন্যান্য লোকবলের অতিরিক্ত।
আমি চেয়েছিলাম মেয়েদের পোশাকপরিচ্ছদ যেন সবচেয়ে উৎকৃষ্ট মানের হয়, যাতে ক্রিটে পৌঁছাবার পর সর্বাধিরাজ মিনোজ আর তার রাজদরবারের অমাত্যদের সামনে ওদের খুবই সুন্দর দেখায়। এ-বিষয়ে ফারাও আমাদের সাথে পরামর্শ করলেন, তারপর আমি দুই রাজকন্যার প্রত্যেকের জন্য যে চমৎকার পোশাকগুলো নকশা করেছিলাম, সেগুলো কাটা আর সেলাই করার জন্য মিসরের সর্বশ্রেষ্ঠ দর্জিদের নিয়োগ দেওয়া হল।
