তবে ইতোমধ্যে এই চমৎকার যুবকটিকে রাজকীয় টাকশালের কাজে সমাধিক্ষেত্রের এলাকার মধ্যেই সীমাবদ্ধ করে রাখতে হবে যাতে সে নদী পার হয়ে রাজকীয় হেরেমের চারপাশে ঘুর ঘুর করার কোনো সুযোগ না পায়।
.
এ যাবত ফারাও আর রাজপরিষদের সমস্ত সদস্য সর্বাধিরাজ মিনোজ আর হাইকসো রাজা গোরাবের মাঝে বেড়ে উঠা সংঘর্ষের প্রতি খুবই আগ্রহ নিয়ে পর্যবেক্ষণ করছিলাম। আর যতদূর সম্ভব তাদের দুজনের মাঝে এই শত্রুতায় ইন্ধন যুগিয়ে যাচ্ছিলাম। দুর্ভাগ্যবশত তা যথেষ্ট ছিল না। ক্রিট অনেক দূরে অবস্থিত আর এর শাসকের সাথে আমাদের কোনো যোগাযোগ ছিল না।
তেহুতি আর বেকাথাকে এই কাজে লাগাবার যথোপযুক্ত সময়ের জন্য অপেক্ষা করার সময় আমি ক্রিট আর সর্বাধিরাজ মিনোজ সম্পর্কে খোঁজখবর নিতে চেষ্টা করলাম। একাজে এমিথাওন আর তার মেয়ে লক্সিয়াস আমাকে ঐ দ্বীপরাষ্ট্রের ইতিহাস, জনগণ, প্রাকৃতিক সম্পদ আর বিশেষত এর শাসকদের সম্পর্কে অত্যন্ত মূল্যবান তথ্য জানিয়ে সহায়তা করলো।
ক্রিটের রাজা ছিল চারজন, আর সর্বাধিরাজ মিনোজ তার পদবী অনুযায়ী অন্য তিন রাজার উপর কর্তৃত্ব করতেন। তারা আলাদা আলাদা প্রাসাদে থাকতেন তবে এগুলো কুনুসসে প্রধান রাজপ্রাসাদের সাথে মার্বেল পাথরে ছাওয়া রাস্তার মাধ্যমে সংযুক্ত ছিল। মিসরে আমরা এদেরকে সাতরাপ কিংবা গভর্নর বলতাম, রাজা বলা হত না।
আমার প্রশ্নের উত্তরে এমিথাওন জানাল সর্বাধিরাজ মিনোজের নগরদুর্গ কুনুসসের দেয়ালের বাইরে তিনলিগ দূরে একটি গ্রামে তার জন্ম হয়েছিল। তার বাবা রাজপ্রাসাদের একজন কর্মকর্তা ছিলেন আর ছোটবেলায় সে মিনোজের বিভিন্ন উৎসব আর শোভাযাত্রা দেখেছে। এ-যাবত যাদের সাথে আমি এ-বিষয়ে কথা বলেছি তাদের মধ্যে সেই প্রথম ব্যক্তি যে মিনোজকে সচক্ষে দেখেছে।
এমিথাওন জানাল তিনি একজন জাঁকজমকপূর্ণ ব্যক্তিত্ব, যিনি জনসমক্ষে বের হবার সময় মুখোশ পরে থাকতেন। ষাড়ের মাথার আকৃতিতে তৈরি মুখোশটি ছিল খাঁটি রূপার। প্রজারা কখনও তার মুখ দেখেনি।
এমিথাওন জানাল, তিনি অমর। সেই আদিকালে যখন এই রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে তখন থেকেই তিনি শাসন করে আসছেন।
আমি মাথা নেড়ে ভাবলাম, তার প্রজারা কেউ যদি তার মুখ নাই দেখে থাকে তাহলে কীভাবে ওরা জানবে যে, একই ব্যক্তি এতোকাল শাসন করেছেন? আমার মনে হল দায়িত্বে থাকা একজন সর্বাধিরাজ মিনোজ মারা যাবার পর তার উত্তরাধিকারী রূপার ষাঁড়ের মুখোশটি পরে শাসনকাজ চালায়।
এমিথাওন বলে চললো, তার একশো স্ত্রী রয়েছে। কথাটা শুনে আমি অবাক হবার ভান করলাম। সে আবার বলতে শুরু করলো, এজিয়ান সাগরের বিভিন্ন দ্বীপে অবস্থিত নগর রাষ্ট্রগুলো থেকে সর্বাধিরাজ মিনোজ স্ত্রী পেয়ে থাকেন। বছরে চারবার ঋতু পরিবর্তনের সময় যে উৎসব হয়, তখন উপঢৌকন হিসেবে এদের পাঠানো হয়।
সর্বাধিরাজ মিনোজের কয়টি করদ রাজ্য আছে এমিথাওন?
সে বললো, হে প্রভু, তিনি একজন পরাক্রমশালী শাসক। ক্রিট দ্বীপের তিনটিসহ তার অধীনে মোট ছাব্বিশটি করদ রাজ্য আছে।
ক্রিট দ্বীপের ভৌগলিক বিবরণ আর এর লোকসংখ্যা সম্পর্কে এমিথাওন আমাকে অনেক কিছু জানাল। আমার কাছে এই দ্বীপের বেশ কয়েকটা মানচিত্র ছিল, কিন্তু প্রত্যেকটি ছিল ভিন্ন ভিন্ন। এমিথাওন এই মানচিত্রগুলো খুঁটিয়ে খুঁটিয়ে দেখলো, তারপর বিভিন্ন ভুল বিবরণ সংশোধন করে সঠিক একটি মানচিত্র বানাতে সহায়তা করলো। পূর্ণাঙ্গ এই মানচিত্রটিতে বিভিন্ন নগর, গ্রাম, বন্দর, জেটি, রাস্তাঘাট আর ক্রিটের পর্বতের মাঝ দিয়ে চলে যাওয়া গিরিপথগুলো দেখান ছিল।
পারিবারিক সম্পর্ক থাকার কারণে এমিথাওন আমাকে মিনোয়ান সেনা আর নৌবাহিনী সম্পর্কে বিশ্বাসযোগ্য পরিসংখ্যান জানাতে পারলো।
পদাতিক সৈন্য ছিল প্রচুর। তবে এদের বেশিরভাগই ছিল অন্যান্য হেলেনিয় দ্বীপ, মেডেস এবং পূর্ব এশিয়ার ভাড়াটে আর্য সৈন্য। সে জানাল ক্রিট দ্বীপটি পার্বত্য এলাকা হওয়ার কারণে হাইকসো কিংবা মিসরের ফারাওয়ের তুলনায় মিনোয়ানদের রথের সংখ্যা খুব বেশি নয়।
মনে হচ্ছে এই অভাব মেটাবার জন্য সর্বাধিরাজ মিনোজ একটি শক্তিশালী নৌবাহিনী গড়ে তুলেন যা, মধ্য সাগরের যেকোনো নৌবাহিনীর তুলনায় অনেক বেশি শক্তিশালী ছিল। এমিথাওন এই নৌবাহিনীর বিভিন্ন ধরনের জাহাজের সংখ্যা আমাকে জানাতে পারলো।
তবে এমিথাওন জাহাজের সংখ্যাটি এতো বেশি বলেছিল যে, আমার মনে হল সে অনেক বাড়িয়ে বলেছে। আবার ভাবলাম যদি আমার ভুল হয়ে থাকে আর এমিথাওনের কথিত সংখ্যাটিই সঠিক হয়, তাহলে বুঝতে হবে আসলেই সর্বাধিরাজ মিনোজ অত্যন্ত শক্তিশালী একজন শাসক।
.
এইসব খবরা-খবর সংগ্রহ করার পর আমি ভাবলাম এখন আমাদের সময় হয়েছে, মিনোয়ন আর হাইকসোদের মধ্যেকার এই লড়াইয়ে ক্রিটের পক্ষে সক্রিয় অংশগ্রহণ করা। আর এতে হয়তো আমরা যথেষ্ট চাপ প্রয়োেগ করে বর্বর হাইকসোদেরকে পরাস্ত করে আমাদের মাতৃভূমি থেকে তাদেরকে বিতাড়িত করতে পারবো।
এটন আর আমি যেসব তথ্য আমাদের গুপ্তচরদের কাছ থেকে সংগ্রহ করেছিলাম তা সমস্ত একত্রিত করে পরীক্ষানিরীক্ষা করলাম। আমার গবেষণা কর্মের বিশালতা দেখে সে খুবই অভিভূত হল, কেননা তার নিজেরগুলোর চেয়ে আমার তথ্য অনেক বেশি ছিল।
