প্রতিদিন কয়েকঘন্টা লক্সিয়াসের কাছে মিনোয়ান ভাষা শেখা শুরু করলাম। কয়েক মাসের মধ্যেই লক্সিয়াস বললো, আমাকে আর শেখাবার। মতো তার কাছে আর কিছু নেই।
ছাত্র তার শিক্ষকের চেয়ে বেশি জেনেছে। আমার মনে হয় আপনি বরং আমাকে কিছু শেখাতে পারেন প্রভু তায়তা।
আমার দুই রাজকুমারী আমার মতো এতো আগ্রহী ছাত্রী ছিল না। প্রথমে ওরা দুজনেই গোঁ ধরে জানাল, মিনোয়ান ভাষার মতো এমন একটি নীরস আর গেঁয়ো ভাষার প্রতি তাদের কোনো আগ্রহ নেই। তাছাড়া একটা মিনোয়ান চাষির মেয়ের সাথেও তাদের কোনো কাজ-কারবার নেই। ওরা জানাল এটাই ওদের দুজনের শেষ কথা। তেহুতি বলে চললো আর বেকাথা পাশে দাঁড়িয়ে মাথা নেড়ে সায় দিয়ে চললো।
আমি ওদের বড় ভাই ফারাও ত্যামোসের সাথে এ-বিষয়ে কথা বলতে গেলাম। আমি তাকে জানালাম আমাদের মিসরীদেরকে ক্রিটের সাথে সদ্য বেড়ে ওঠা সম্পর্ক থেকে সুবিধা নিতে হবে। আর এর অনেক কিছুই নির্ভর করছে আমাদের দুই রাজকুমারীর সর্বাধিরাজ মিনোজ আর তার রাজদরবারের সদস্যদের সাথে যোগাযোগ করার উপর। তারপর তাকে জানালাম তার বোনদের বিষয়ে আমি কী পরিকল্পনা করেছি।
ফারাও তার দুই বিদ্রোহী ছোট বোনকে ডেকে অনেকক্ষণ তাদের সাথে বিতর্ক করলেন। অবশ্য এই একতরফা বিতর্ক এমন কড়াভাবে করলেন আর এমন ভয় দেখালেন যে আমি দুশ্চিন্তায় পড়ে গেলাম যে তিনি হয়তো আসলেই তা করবেন। রাজকুমারীরা এরপর তাদের শেষ সিদ্ধান্ত পাল্টালো। তবে এরপর বেশ কিছুদিন আমার সাথে মুখভার করে রইল।
তবে বেশিদিন এই মুখভার রইল না, যখন আমি ওদের জন্য একটা পুরষ্কার ঘোষণা করলাম। প্রতি সপ্তাহ শেষে তাদের নতুন ভাষা শিক্ষক লক্সিয়াসের মতে যে বেশি উন্নতি করবে তাকে এই পুরষ্কার দেওয়া হবে। পুরষ্কারগুলো ছিল মেয়েদের কাছে আকর্ষণীয় জিনিস। এমিথায়ন শহরের বাজার থেকে আমার জন্য এগুলো খুঁজে আনতো।
কিছুদিনের মধ্যেই ওরা পরিষ্কার মিনোয়ান ভাষায় বক বক আর তর্কবিতর্ক শুরু করলো। আর লক্সিয়াস ওদেরকে সরাইখানা আর বস্তির উপযোগী কথ্য ভাষা শেখাল। কয়েক মাস পর এই তিনকন্যা এই সমস্ত কথা শব্দ উচ্চারণ করে আমাকে অবাক করে দিতে শুরু করলো।
এরপর ঐ ত্রিমূর্তি পরস্পরের এমন ঘনিষ্ঠ হয়ে উঠলো যে ওদের সাথে থাকার জন্য রাজকুমারীরা লক্সিয়াসকে রাজকীয় হেরেমে নিয়ে এলো।
.
মেশির জমিদারির মালিকানার পাওয়ার পর মাঝে মাঝে আমি রাজপ্রাসাদ থেকে মুক্তি নিয়ে ঘোড়ায় চড়ে ইচ্ছামত ঘুরে বেড়াতাম। সাথে দুই রাজকুমারী আর তাদের সর্বক্ষণের সঙ্গী লক্সিয়াসও থাকতো। আমি ওদেরকে দুই পা দুইদিকে ঝুলিয়ে ঘোড়ায় চড়া শেখালাম। এটা যেকোনো মিসরী নারী পুরুষের জন্য একটা কৃতিত্বপূর্ণ কাজ, বিশেষত ফারাওয়ের বোনদের জন্যতো বটেই।
এছাড়া আমি তিনকন্যার জন্য ওদের সামর্থ্য অনুযায়ী ধনুক বানিয়ে দিলাম। তীর ছোঁড়া শিখে নেবার পর ওরা ধনুকের ছিলা ঠোঁট পর্যন্ত টেনে আনতে পারতো আর একশো পা দূরত্বে ওদের জন্য যে লক্ষ্য আমি স্থির করে দিয়েছিলাম, সেই লক্ষ্যে তিনটির মধ্যে দুটো তীর লাগাতে পারতো। তীর ছোঁড়ার খেলায় আমি ওদের উৎসাহ যোগাতাম আর দিনের শেষে সবচেয়ে চৌকশ নারী তিরন্দাজের জন্য ভালো পুরস্কারের ব্যবস্থা করলাম।
আমার লোকেরা যখন জমিতে ফসলের বীজ বুনতো তখন ঝাঁকে ঝাঁকে বন্য পাখি এসে বীজগুলো খেয়ে ফেলতো। তীর ছুঁড়ে শিকারের জন্য প্রতিটি পাখি বাবদ আমি মেয়েদেরকে অতিরিক্ত উপহার দিতে শুরু করলাম। শিঘ্রই ওরা প্রত্যেকে দক্ষ শিকারীতে পরিণত হল।
আমি জানতাম ঘোড়ায় চড়া আর তীর ছোঁড়ার দক্ষতা পরবর্তী জীবনে ওদের খুব কাজে আসবে।
যথাসাধ্য চেষ্টা করলাম আমার দুই রাজকুমারীর সাথে ভালো সময় কাটাতে কেননা একবার রাজপ্রাসাদে ফিরে গেলে ফারাওয়ের কাজে আমাকে খুব ব্যস্ত থাকতে হত। এমন কোনো দিন ছিল না যে কোনো না কোনো সমস্যা সমাধানে কিংবা কোনো বিষয়ে তাকে আমার উপদেশ কিংবা মতামত না দিতে হত। আমার কোনো মতামত তিনি প্রত্যাখান করলে আমি কিছুই মনে করতাম না, কেননা আমি জানি একটু পরেই একই বিষয়ে আমার মতকেই তিনি তার নিজের মত হিসেবে চালাবেন।
.
এসময়ে আমি আরেকটি সমস্যার সম্মুখিন হলাম। তামিয়াত দুর্গ থেকে ফারাও ত্যামোসের জন্য যে সম্পদ এনেছিলাম তার যথাযথ ব্যবহার কীভাবে করা যায় সে বিষয়ে চিন্তা করে এখনও কোনো উপায় বের করতে পারিনি।
ফারাও অবশ্য এই সম্পদ তার প্রজাদের কল্যাণে ব্যবহারের জন্য উগ্রীব ছিলেন। তবে আমি ক্রিটের সর্বাধিরাজ মিনোজের ছাপ মারা রূপার বাঁট দিয়ে জাতীয় ঋণ পরিশোধ করা থেকে তাকে বিরত রেখেছিলাম।
আমি তাকে বললাম, হে মহান ফারাও, আপনি আর আমি দুজনেই জানি মিনোয়ান গুপ্তচরেরা আমাদের মিসরের প্রত্যেক নগরে রয়েছে। ওদের যে কারও খুব বেশি সময় লাগবে না ক্রিটে খবর পাঠাতে যে থিবসের প্রতিটি দোকান আর সরাইখানায় ক্রিটের ষাঁড়ের প্রতাঁকের ছাপমারা রূপার বাঁটে ছেয়ে গেছে।
ফারাও আঙুল তুলে তার বাবার সমাধিক্ষেত্রের দিকে নির্দেশ করে তিক্ত স্বরে বললেন, তাহলে তুমি বলতে চাচ্ছ যদি কোনোভাবে মিনোয়ানরা এই সম্পদের কথা জেনে ফেলে সেক্ষেত্রে এই কোষাগারের সম্পদ আমি কখনও খরচ করতে পারবো না?
