নিকোলাসও সাংঘাতিক ক্লান্ত, ঘণ্টার পর ঘণ্টা হাল ধরে থাকার তালুতে ফোস্কা পড়ে গেছে, তবু রোয়েনের মতো এতো সহজে ঘুমিয়ে পড়তে পারলো না। রোজিরেস এয়ারস্ট্রিপে পৌঁছতে পারার উজ্জ্বল সম্ভাবনা দেখা দিয়েছে, কাজেই নদীর সঙ্গে যুদ্ধ করে এগোনো আর কর্নেল নগুকে ফাঁকি দিয়ে বেরিয়ে যাওয়া ছাড়াও অন্যান্য সমস্যা উঁকি দিচ্ছে ওর মনে। নদী আর কর্নেল নগু পরিচিত শক্ত, কাজেই কীভাবে লড়তে হবে জানে। কিন্তু পরিচিত শক্র ছাড়াও অন্য অনেক কিছু বিপদ হয়ে দাঁড়াতে পারে, অচিরেই সে সবের মুখোমুখি হতে হবে ওকে।
ওর বাহুবন্ধনে বিড়বিড় করে কী যেনো বলল রোয়েন, বুঝতে পারলো না নিকোলাস। স্বপ্ন দেখছে মেয়েটা, ঘুমের মধ্যে কথা বলছে। আদর করে আবার ওর মাথায় হাত বুলাল নিকোলাস, স্থির হয়ে গেল রোয়েন। কিন্তু খানিক পর আবার কথা বলল ও, এবার কথাগুলো পরিষ্কার শুনতে পেল নিকোলাস। সত্যি আমি দুঃখিত, নিকোলাস। আমাকে ঘৃণা করবেন না। কীভাবে আপনাকে আমি এ-সব… শেষ দিকে কথাগুলো জড়িয়ে গেল, কী বলতে চায় বোঝা গেল না।
নিকোলাসের স্নায়ু টানটান হয়ে উঠেছে, রোয়েনের কথাগুলো মনের সন্দেহ আর আশঙ্কা বাড়িয়ে দিয়েছে শতগুণ। বাকি রাতটুকু প্রায় জেগেই কাটিয়ে দিল ও, ঘুম এলেও খানিক পরপর ভেঙে যাচ্ছে।
*
ভোরের আলো ফুটতে একটু ধাক্কা দিয়ে রোয়েনের ঘুম ভাঙালো নিকোলাস। গত রাতের বাড়তি খাবার থেকে ঠাণ্ডা কয়েক টুকরো মুখে পুড়লো।
আবার নদীর সঙ্গে যুদ্ধ শুরু হলো। মাথার উপর মেঘ এখনো নিচে নেমে আছে, কোথাও এতোটুকু ভাঙনও ধরে নি; খানিক পর পর এক পশলা করে বৃষ্টিও হচ্ছে। সারাটা সকাল ধরে বিরতিহীন টলো বোট, ধীরে ধীরে নদীর মেজাজ শান্ত হয়ে আসছে। স্রোত এখন আর আগের মতো তীব্র নয়, পাড়গুলো নয় দুর্গম বা খাড়া।
দুপুরের দিকেও মাথার উপর মেঘ জমাট বেঁধে থাকলো। নদীর এমন একটা বিস্তৃতিতে পৌঁছল ওরা, পানি এখানে প্রবাহিত হচ্ছে অসংখ্য ব্লাফ আর হেডল্যান্ডের ভেতর দিয়ে। ইতোমধ্যে নিরাপদ পথ চিনতে দক্ষ হয়ে, উঠেছে নিকোলাস, বোধহয় সেজন্যই কোনো রকম বিপদের মধ্যে না পড়ে বিস্তৃতিটুকু পার হয়ে এলো বোটগুলো। সম্ভবত সুদানের সমতল প্রান্তরে পৌঁছতে যাচ্ছি আমরা, নদী তাই চওড়া হয়ে যাচ্ছে, রোয়েনকে বলল নিকোলাস।
রোজারিস আর কত দূরে? জানতে চাইলো রোয়েন।
তা বলতে পারব না, তবে সীমান্তের খুব কাছাকাছি চলে এসেছি।
নদী শান্ত হওয়ায় নিকোলাস আর মেকের বোট এখন পাশাপাশি চলে এসেছে। একটা বাঁক ঘুরলো ওরা, সামনে আরো চওড়া দেখালো নদীকে, কোথাও কোনো আলোড়ন নেই।
একটু শান্ত হলো নিকোলাস। রোয়েনের দিকে তাকিয়ে বলল, আগামি রবিবারে উরচেস্টারের গ্রীলে লাঞ্চ করলে কেমন হয়? লন্ডনের সেরা।
একটু হাসার আগে রোয়েনের চোখে ছায়া খেলে গেল–লক্ষ্য করলো নিকি।
শুনতে তো ভালোই লাগছে। রোয়েন বলে।
লাঞ্চের পরে বাড়ি ফিরে টিভিতে প্রোগ্রাম দেখতে পারি। অথবা, আমাদের প্রিয় একটা খেলাও খেলতে পারি!
আপনি একটা বাজে লোক! হেসে ফেললো রোয়েন। তবে শুনতে কিন্তু ভালো লাগছে।
ঝুঁকে চুমো খেতে চাইলো নিকোলাস, রোয়েনের লাজনম্র চেহারাটা পরখ করতে চাইলো–কিন্তু পরবর্তী বাঁক গুরতেই নাক বরাবর সামনে নদীর মাঝখান থেকে উথলে উঠতে দেখলো একটা ফোয়ারাকে। সচল ফোয়ারা, ওদের দিকে ছুটে আসছে। পরমুহূর্তে অটোমেটিক ফায়ারের আওয়াজ ভেসে এলো, একটা রুশ আরপিডি থেকে আসছে।
লাফ দিয়ে রোয়েনের গায়ে পড়লো নিকোলাস, নিজের শরীর দিয়ে ঢেকে ফেললো ওকে, শুনতে পেল পাশের বোট থেকে গেরিলাদের উদ্দেশ্যে চিৎকার করছে মেক। রিটার্ন ফায়ার! মাথা নিচু রাখতে বাধ্য করো ওদের।
গেরিলারা বৈঠা ফেলে দিয়ে অস্ত্র তুলে নিল হাতে। নদীর পাড় সামান্য মোচড় খেয়েছে সেই মোচড়ের ভেতরের কোণ থেকে হামলা করা হয়েছে, গেরিলারা পাল্টা গুলি করছে সে দিকে।
শত্রুপক্ষ পাথর আর ঝোঁপের আড়ালে রয়েছে, গেরিলাদের সামনে নির্দিষ্ট কোনো টার্গেট নেই। তবে এ ধরনের অ্যামবুশে পড়লে বিরতিহীন পাল্টা গুলি করার কোনো বিকল্প নেই, আক্রমণকারীরা যাতে মাথা নিচু রাখতে বাধ্য হয়, যাতে লক্ষ্যস্থির করতে না পারে।
রোয়েনের মাথার কাছে বোটের নাইলন স্কিন ভেদ করলো একটা বুলেট, মেটাল অ্যামুনিশন ক্রেটে লাগলো। বৃষ্টির মতো বুলেট ছুটে আসছে, বোটগুলোর ফুটো হওয়া ঠেকানোর উপায় নাই। একজন গেরিলার মাথায় লাগলো একটা বুলেট, খুলির উপর একটা গভীর খাল কেটে বেরিয়ে গেল, ছিটকে পানিতে পড়ে গেল লোকটা। যতটা না ভয়ে, তার চেয়ে বীভৎস দৃশ্যটা অসুস্থ করে তুললাম রোয়েনকে। নিহত লোকটার রাইফেল ঘেঁ দিয়ে তুলে নিল নিকোলাস, পাড় লক্ষ্য করে গুলি ছুঁড়ে খালি করে ফেললো ম্যাগাজিন।
বোটগুলো এখনো স্রোতের সঙ্গে ভাটির দিকে ছুটছে, কেউ হাল ধরে না থাকায় অনবরত ঘুরপাক খাচ্ছে। অ্যামবুশকে পাশ কাটিয়ে পরবর্তী বাঁক ঘুরতে এক মিনিটের বেশি লাগলো না। খালি রাইফেল ফেলে দিয়ে মেকের দিকে তাকালো নিকোলাস। রিপোর্ট করো, মেক।
আমার বোটে একজন মারা গেছে, বলল মেক।
প্রতিটি বোট থেকে রিপোর্ট চাইলো নিকোলাস। মারা গেছে ওই একজনহ, আহত হয়েছে তিনজন। তবে আহত কারো অবস্থা গুরুতর নয়। তিনটে বোট ফুটো হয়েছে, তবে প্রতিটি খোল আলাদা আলাদা ওয়াটারপ্রুফ কমপাটমেন্ট জোড়া লাগিয়ে তৈরি হওয়ায় এখনো ভেসে আছে পানির উপর।
