খানিক পরে নিজের আবেগ সংযত করে আবার পাইপ লাইনের কাছে ফিরে এল শাসা। কিন্তু ততক্ষণে হাওয়া হয়ে গেছে ঘোড়াটা। নিজের উপরেই অসম্ভব রাগ করল শাসা।
এদিকে ঘোড়াটাকে একা ফিরতে দেখে বাংলোতে উদ্বিগ্ন হয়ে পড়েছেন সেনটেইন। তাই গভীর রাত হয়ে গেলেও শাসাকে ফিরতে দেখে তৎক্ষণাৎ শান্ত হয়ে গেলেন। ভুলে গেলেন ক্রোধ।
এক সপ্তাহ ধরে নিয়মিত ধূলা আর গরমের মধ্যে কাজ করতে করতে একঘেয়ে হয়ে পড়ায় শাসাকে কপিকল রুমে পাঠিয়ে দিলেন জোনস। কিন্তু স্বল্পবাক গোমড়ামুখো কপিকল ড্রাইভার শাসাকে নিজের কন্ট্রোল সুইচ ছুঁতে দিতে চান না। তাই দু’দিন পরে শাসাকে উইদারিং গ্রাউন্ডে পাঠিয়ে দিলেন জোনস।
এখানে হানি মাইনের মজুদ রাখা হয় আর কাজ করে কোমর সমান উদোম একদল ওভাষো শ্রমিক। চারটা পোলো মাঠের সমান জায়গায় ছড়িয়ে আছে হাজার হাজার টন আকরিক। প্রথমে বেশ শক্ত থাকলেও সূর্যের আলোয় ছয় মাস রেখে দিলে তবেই কেবল ভাঙার মত নরম হয়। তারপর ফ্যাক্টরিতে নিয়ে ওয়াশিং গিয়ারে ঢালা হয়।
শুরুতেই চল্লিশজন ওভাষো শ্রমিকের চার্জ দেয়া হলেও শীঘ্রিই বস-বয়ের সাথে বন্ধুত্ব গড়ে তোলে শাসা। কর্মক্ষেত্রে ওর নাম মোজেস। বয়স পনেরোর ছেলেটা বেশ বুদ্ধিমান, চটপটে আর ইংরেজি ও আফ্রিকান দুই ভাষাই বলতে পারে।
একসাথে লাঞ্চ ব্রেক কাটাবার সময় ছেলেটাকে পড়াশোনা সাহায্য করে শাসা। আর মোজেস ওকে নিজের ভাষা শেখায়।
মজার ব্যাপার হল শাসার বয়স মাত্র চৌদ্দ। আর ওর অধীনস্তদের বেশিরভাগেরই বয়স তিনগুণ বেশি হলেও সবাই শাসার হাসি আর তাদের ভাষা শেখার কষ্টকর প্রয়াস দেখে খুশি হয়। কয়েকদিনের মাঝে দেখা গেল অন্য গ্রাউন্ড টিমদের চেয়ে একটা করে লোড বেশি করতে পেরেছে শাসার টিম। এমনকি নিগার লাভারস হিসেবেও খ্যাতি জুটে গেল। যদিও শ্বেতাঙ্গ সুপার ভাইজারের এ টিপ্পনীতে কান দিল না শাসা।
তৃতীয় শনিবারের দুপুর বেলায় শ্রমিকদের পাওনা মিটিয়ে দেয়ার পর মোজেসের আমন্ত্রণে ওর ঘরে গেল শাসা। মোজেসের লাজুক আর সুন্দরী বউ আবার মোর মিল্কও খেতে দিল। খানিক বাদে বাংলো থেকে লুকিয়ে নিয়ে আসা হিস্ট্রি অব ইংল্যান্ড বের করে মোজেসকে পড়তে সাহায্য করল শাসা।
তবে কিছুদূর পড়ার পর মোজেসের উপলব্ধি হল, “এটা বেশ দুরূহ কাজ। তার বদলে এটা পড়া যাক।” শাসাকে অত্যন্ত বাজে মানের হলদেটে নিউজ প্রিন্ট এনে ধরিয়ে দিল মোজেস। কোলের উপর পাতাটাকে মেলে ধরল শাসা। সম্পাদকীয় পড়ে বিস্মিত হয়ে গেল, আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস কি? জাবাভু কে?” আগ্রহ নিয়ে উত্তর দিল মোজেস। কিন্তু শুনে অস্বস্তিতে পড়ে গেল শাসা।
“বান্টুর পিতা জাবাভু, সমস্ত কৃষ্ণাঙ্গ মানুষের পিতা। আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসই আমাদের ভালো-মন্দের খোঁজ রাখে।”
“বুঝলাম না। মাথা নাড়ল শাসা। আলোচনা যেদিকে যাচ্ছে তা ওর ভালো লাগল না। এর উপরে আবার মোজেসের কবিতা শুনে কুঁকড়ে উঠল।
তোমাদের বাছুরেরা চলে গেছে। যাও এগুলোকে ধরে আনো। কলম হাতে তুলে নাও। কাগজ আর কালিও নাও। কারণ এটাই হবে তোমাদের ঢল। তোমাদের অধিকার কেড়ে নেয়া হচ্ছে কলম তুলে নিয়ে কালি ভরে নাও। কলম হাতেই যুদ্ধ করো।
“এটা তো রাজনীতি” মোজেসের গানে বাধা দিল শাসা, “এটা তো শ্বেতাঙ্গদের ব্যাপার।”
মোজেসের হাসি-খুশি ভাব দমে গেল। শাসার কোল থেকে সংবাদপত্র তুলে নিয়ে উঠে দাঁড়িয়ে বলল, “আমার পড়া শেষ হলে তোমার বইটা ফিরিয়ে দেব।” শাসার দৃষ্টি এড়িয়ে নিজের ঘরে চলে গেল বেচারা।
***
সোমবারে উদারিং গ্রাউন্ডের মেইন গেইটে শাসাকে থামিয়ে দিলেন জোনস, “আমার মনে হয় তুমি এখানকার সবকিছু জেনে গেছ মাস্টার শাসা, এখন মিল হাউস আর ওয়াশিং গিয়ার দেখার সময় হয়েছে।”
রেললাইনের পথ ধরে হেঁটে হেঁটে মেইন প্লান্টে যাবার সময় অন্যমনস্কভাবে জোনস বললেন : “কৃষ্ণাঙ্গ শ্রমিকদের খুব কাছে যাওয়াটা ঠিক নয় মাস্টার শাসা। ওরা কেবল তোমার কাছ থেকে ফায়দা লুটতে চাইবে।”
আচমকা কথাটা শুনে বিস্মিত হয়ে গেল শাসা, “মোজেস” আরে ধুর, ওতো বেশ মজার, স্যার।”
“হুম। আর তার নিজের পক্ষে ক্ষতিই বটে।” তিক্ত মুখে সম্মত হলেন জোনস, “সবচেয়ে বুদ্ধিমানরাই ঝামেলা বাধাতে ওস্তাদ। তোমার বন্ধু মোজেস কৃষ্ণাঙ্গ খনি শ্রমিকদের ইউনিয়ন গড়ে তুলতে চাইছে।”
দাদা আর মায়ের কাছ থেকে শাসা শুনেছে যে বলশেভিক আর ট্রেড ইউনিয়নিস্টরাই হল সবচেয়ে ভয়ংকর দানব, যারা সভ্য সমাজের কাঠামো ভেঙে দিতে চায়। তাহলে মোজেসও কি তাদের একজন? জোনস এদিকে বলেই চললেন, “আমাদের সন্দেহ সে “অবৈধ হিরে কেনা” জাতীয় ইউনিয়নের সাথেও জড়িত।”
কিন্তু শাসার মন কিছুতেই এ ধারণা মেনে নিতে চাইছে না। কিন্তু জোনসের পরের কথাটা শুনে তো মন একেবারে ভেঙে গেল।
এ মাস শেষে ছাঁটাইয়ের লিস্টে বোধ হয় মিঃ মোজেসকেই সবার আগে রাখা হবে। ছেলেটা বিপজ্জনক। সরিয়ে দেয়াই ভালো।”
“আমরা দু’জন বন্ধু, তাই ওরা মোজেসের সাথে এমন করছে।” কাতর হয়ে ভাবল শাসা, “এটা মোটেই ঠিক হচ্ছে না!” অপরাধবোধের পাশাপাশি মনে তীব্র রাগও জন্মালো। কিন্তু জোনসের দিকে তাকিয়েই বুঝতে পারল যে কিছু বলাটা মোজেসের জন্য আরো খারাপ হবে।
