দলের একেবারে প্রথমে দু’জন বুড়োকে দেখলে মনে হবে অর্থনৈতিক মহামন্দার দিনে আজকাল এরকম হরহামেশাই রাস্তায় ঘুরতে দেখা যায়, কমদামি পোশাক পরনে, অর্ধাহারে বেরিয়ে গেছে শরীরের হাড়।
কিন্তু না, বুড়ো দু’জনের সবচেয়ে লম্বাজন ব্রিটিশ রাজত্বের নাইট কম্যান্ডার অব দ্য অর্ডার। সেই সাথে প্রখ্যাত সামরিক ইতিহাসবিদও বটে।
“বুড়ো গ্যারি” স্যার গ্যারিক কোর্টনির বদলে সংক্ষিপ্ত স্বরেই ডাকলেন তার সঙ্গী। “আমাদের মানুষগুলো মাটি ছেড়ে শহরে ভিড় করছে।” টেবিল মাউন্টেনের উপর প্রায় ২০০০ ফুট পার হয়ে এলেও বাতাসের তোড়ে ভেসে গেল না কথা।
“এটাই হল বিপর্যয়ের রেসিপি।” সম্মত হলেন স্যার গ্যারিক। “খামারে থাকাকালীন দরিদ্র থাকলেও শহরে উপোস করে মরবে। আর জানোই তো অনাহারী মানুষ কতটা ভয়ংকর হয়। ইতিহাস তো তাই বলে।”
স্যার গ্যারিকের সঙ্গী আকারেই ছোটখাটো। তবে তার মত ধনবান নন। ট্রান্সভ্যালে ছোট্ট একটা খামার আছে আর গ্যারি নিজের ভাগ্য সম্পর্কে যতটা উদাসীন এ লোকটা নিজের দেনা সম্পর্কেও ততটাই উদাসীন। যদিও পৃথিবীর প্রথম সারির পনেরটা বিশ্ববিদ্যালয় তাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দিয়েছে। দক্ষিণ আফ্রিকা থেকে জাত সবচেয়ে বুদ্ধিমান, জ্ঞানী আর প্রভাবশালী ব্যক্তিত্ব। পূর্বে প্রধানমন্ত্রী থাকলেও বর্তমানে বিরোধীদলীয় নেতা। নিজেকে তিনি প্রয়োজনের খাতিরে সৈন্য আর রাজনীতিবিদের বদলে বৃক্ষপ্রেমী হিসেবেই পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন বেশি।
“অন্যদের জন্য অপেক্ষা করা উচিত।” পাথুরে একখানা প্লাটফর্মের উপর হেলান দিলেন, জেনারেল জ্যান সুটস্।
তাদের একশ কদম নিচে পথ বেয়ে উঠছে, এক রমণী।
“আমার ছোট্ট সোনাপাখি” প্রাণপ্রিয় বন্ধুকে দেখে বলে উঠলেন স্যার গ্যারি। চৌদ্দ বছর সম্পর্ক শেষে মাত্র ছয়মাস হল তার বেডরুমে ঠাই পেয়েছে এই নারী।
“তাড়াতাড়ি করো অ্যানা।” তাগাদা দিল পেছনের ছেলেটা। “উপরে যেতে যেতে দুপুর হয়ে যাবে, আমি ক্ষিধেয় মরছি।” শাসা অ্যানার সমান লম্বা হলেও তার মত মোটা গড়ন নয়।
“যাও, তুমিই তাহলে আগে যাও।” ঘোঁত ঘোত করে উঠল অ্যানা। “কেন যে মানুষ এত বড় পাহাড়ে উঠতে চায়”।
“দাঁড়াও আমি সাহায্য করছি” বলেই লেডি কোর্টনির বিশালাকার পশ্চাদ্দেশে ধাক্কা দিল শাসা, “আরো জোরে হেইয়ো”।
“থামো তো দুষ্ট ছেলে।” হঠাৎ গতি বাড়ায় হাঁপাচ্ছে অ্যানা।
লেডি কোর্টনি হবার আগে অ্যানা ছিল শাসার নার্স আর ওর মায়ের সবচেয়ে পছন্দের পরিচারিকা। কিন্তু হঠাৎ করেই সামাজিক পদমর্যাদার মত করেই বদলে গেছে তাদের সম্পর্ক।
“এই যে তোমার বিশেষ ডেলিভারি নিয়ে এসেছি!” নানার দিকে তাকিয়ে অট্টহাসি দিল শাসা। এই সুদর্শন ছেলেটা আর লাল-মুখো নারীই গ্যারির সবচেয়ে বড় সম্পদ।
“এই পাহাড়ে ঘোরাঘুরি করার চেয়ে আমি লাঞ্চের তদারক করলেই ভালো হয়।” জেনারেল সুটের দিকে তাকিয়ে আফ্রিকান ভাষায় জানতে চাইল অ্যানা, “আর কতদূর?”
“আর বেশি দেরি নেই লেডি কোর্টনি। আহ! ওই তো বাকিরাও এসে পড়েছে। আমি শুধু শুধু চিন্তা করছিলাম।”
বহু নিচের ঢালের জঙ্গলের কিনার দিয়ে উদয় হলেন সেনটেইন আর তার দল।
স্যার গ্যারিক কোর্টনির জন্মদিনে টেবিল মাউন্টেনের এই বাৎসরিক পিকনিক মোটামুটি পারিবারিক প্রথায় পরিণত হয়েছে। আর তার পুরনো বন্ধু জেনারেল স্যুটও কখনো মিস্ করেন না এই উপলক্ষ।
চূড়ায় পৌঁছে ঘাসের উপর ছড়িয়ে ছিটিয়ে বসে দম নিল সবাই। অন্যদের কাছ থেকে খানিকটা পৃথকে বসেছেন সেনটেইন আর বুড়ো জেনারেল। তিনিই আগে কথা বললেন, “তো সেনটেইন মাই ডিয়ার, তুমি যেন কী নিয়ে কথা বলতে চাইছিলে?”
আপনি সত্যিই মনের কথা পড়তে পারেন ওড বাস।” বিষণ্ণভাবে হাসলেন সেনটেইন, কীভাবে পারেন বলুন তো?”
“আজকাল তরুণী কেউ পাশে এসে বসলেই বুঝতে পারি যে কোনো কাজ আছে; আনন্দের মতলবে নিশ্চয়ই আসেনি।” পিটপিট করে তাকালেন মুট।
“আমার দেখা সবচেয়ে আকর্ষণীয় পুরুষদের একজন হলেন আপনি”।
“আহ, আহ, কী বলো! যাই হোক শুনে ভালোই লাগল। কিন্তু নিশ্চয়ই জরুরি কিছু।”
বদলে গেল সেনটেইনের অভিব্যক্তি। সহজভাবে জানালেন, “ব্যাপারটা শাসাকে নিয়ে।”
“কোনো সমস্যা তো দেখছি না, নাকি আমার ভুল হচ্ছে?”
স্কার্ট পকেটের ভেতর থেকে একপাতা একটা কাগজ বের করে জেনারেলের হাতে দিলেন সেনটেইন। অ্যামবোস করা সিলমোহর দেখে বোঝা যাচ্ছে দেশের সবচেয়ে বিশিষ্ট বিদ্যালয়ের রিপোর্ট।
সেনটেইন জানেন জেনারেল কত দ্রুত যে কোনো কাগজ পড়ে ফেলতে পারেন। এমনকি শেষ লাইনটাও পড়ে ফেললেন : “মাইকেল শাসা তার নিজের এবং বিশপদের জন্য অত্যন্ত গর্ব বয়ে এনেছে।”
সেনটেইনের দিকে তাকিয়ে হাসলেন জেনারেল, “তুমি নিশ্চয়ই ছেলেকে নিয়ে অনেক গর্ববোধ করছে।”
“ওই আমার সবকিছু।”
“আমি জানি। আর এটা কিন্তু পুরোপুরি ঠিক নয়। তোমার সন্তান কয়েক দিন পরেই পরিপূর্ণ মানুষে পরিণত হয়ে নিজের জীবন গুছাতে চাইবে। যাই হোক, এখন বলল আমি কীভাবে সাহায্য করবো?”
“ও অনেক মেধাবী আর ব্যক্তিত্বসম্পন্ন; সবার সাথে চমৎকারভাবে মিশতে পারে। তাই আমি ওকে সংসদে দেখতে চাই।”
মাথা থেকে পানামা টুপি নামিয়ে হাতের তালু দিয়ে রুপালি চুলগুলোকে আঁচড়ালেন জেনারেল, “আমার তো মনে হয় সংসদে যাবার আগে ওর পড়াশোনা শেষ করা উচিত, তাই না ডিয়ার?”
