“এই হল আমাদের তরুণ লইয়ার”
“না, না! এখনো হইনি!” তাড়াতাড়ি বলে উঠল তরুণ।
“শীঘ্রই তো হবে। নিজেকে শুধরে নিল মোজেস, “ও হচ্ছে নেলসন ম্যান্ডেলা, ট্রান্সকেইয়ের প্রধান হেনরি ম্যান্ডেলার ছেলে।”
শ্বেতাঙ্গদের রীতি অনুযায়ী হেনড্রিক তরুণের সাথে করদর্শন করলেন। তারপর আইনের ছাত্রটির চোখের দিকে তাকাতেই মনে হল, “ও একটা তরুণ সিংহ।”
তবে টেবিলের শ্বেতাঙ্গরা হেনড্রিককে তেমন আকর্ষণ করতে পারল না। কেবল তাদের যেটা দেখে অবাক হল তা এই শ্বেতাঙ্গদের ভদ্রতা। এমন এক সমাজ যেখানে শ্বেতাঙ্গরা কেবল রূঢ় কণ্ঠে কৃষ্ণাঙ্গদেরকে আদেশই দিতে জানে, সেখানে এদের ভদ্রতা দেখে তো চোখ উপরে উঠে যাবার জোগাড় হল। কোনো রকম অস্বস্তি ছাড়াই তারা হেনড্রিকের সাথে হাত মেলালো। টেবিলে তাকে পাশাপাশি বসার জন্য জায়গা দিল; একই বোতল থেকে ওয়াইন ঢেলে দেয়া ছাড়াও একই প্লেটের খাবারও এগিয়ে দিল। কথা বলার সময়েও তাকে সম-মর্যাদা দিয়ে কমরেড কিংবা ভাই বলেই সম্বোধন করছে।
অন্যদিকে মার্কাস আর্চার মনে হচ্ছে রান্নাবান্নায় সিদ্ধহস্ত। কাঠের লাকড়ি দিয়ে স্টোভের ওপর বসে টইটম্বুর এমন সব সুদৃশ্য খাবার তৈরি করে আনলেন যে দেখে কিংবা খেয়ে মাছ, পাখি নাকি চারপেয়ে জন্তু কিছুই বুঝতে পারলেন না হেনড্রিক। অন্যরাও ভরপেট খেয়ে তারিফ করল।
মোজেস হেনড্রিককে পারতপক্ষে কথা না বলার জন্যেই উপদেশ দিয়ে এসেছে। বললেও মাত্র একটা শব্দ। অথচ অনন্যরাও কিন্তু ঠিকই শ্রদ্ধাভরে বারবার তার দিকে তাকাচ্ছে।
টেবিলের আলোচনায় তেমন একটা উৎসাহ পেলেন না হেনড়িক। তবে বুঝতে পারলেন যে সকলে স্পেন নিয়েই উত্তেজিত হয়ে আছে। শ্বেতাঙ্গদের দুজন আবার যত দ্রুত সম্ভব স্পেনে যাবার ব্যাপারে উৎসাহ দেখিয়েছে। অন্যরাও সাথে সাথে তাদেরকে জোর সমর্থন দিল। মনে হচ্ছে স্প্যানীয় জাতি শীঘ্রই গৃহযুদ্ধে জড়িয়ে পড়বে।
রোববারের লম্বা সন্ধ্যাটা জুড়ে আরেকটা শব্দ বেশ কয়েকবার উচ্চারিত হল আর তা হল “দ্য পার্টি” আর ধীরে ধীরে সবাই হেনড্রিকের প্রতি আরো বেশি মনোযোগী হয়ে উঠল। ভাগ্যিস মোজেস তাকে ডাস ক্যাপিটাল লেনিনের লেখা বিশেষ করে অন ডুয়াল অথরিটি আর হোয়াট ইজ টু বি ডান পড়তে দিয়েছিল। বৃহৎ হুজ্জত করে সে খানিকটা পড়েছে। এরপর মার্কন্স আর লেনিনের এনেশিয়াল থটসও পড়তে দিয়েছে মোজেস।
এবার সবাই যখন সরাসরি তার দিকে তাকাল হেনড্রিক বুঝতে পারল যে কোনো একটা টেস্ট হবে। ভাইয়ের দিকে তাকালেও মোজেসের অভিব্যক্তি দেখে কিছুই বুঝতে পারলেন না হেনড্রিক। আর ঠিক তক্ষুণি পরিষ্কারভাবে মার্কাস আর্চার জানালেন, “তবে কৃষ্ণাঙ্গ খনি শ্রমিকদের মাঝে স্থাপিত ট্রেড ইউনিয়ন নিজেই বিপ্লবের সফলতার জন্যে যথেষ্ট। কিন্তু ডাক্তারের কণ্ঠস্বরে প্রশ্নের ভাবটা স্পষ্ট আর চোখেও কৌতুকের ঝিলিক নিয়ে এমনভাবে তাকালেন যে কোথা থেকে এত সাহস পেলেন বুঝে ওঠার আগেই হেনড্রিক হুঙ্কার ছাড়লেন,
“আমার কিন্তু তা মনে হয় না।” প্রত্যাশা নিয়ে একেবারে নিস্তব্ধ হয়ে বসে আছেন বাকি সবাই, “যে কোনো লড়াইয়ের ইতিহাস ঘাটলেই দেখা যাবে যে ওয়ার্কারদেরকে সহায়তা না করা হলে তারা কেবল ট্রেড ইউনিয়ন পর্যন্তই সীমাবদ্ধ থাকবে। নিজেদের শক্তি সামর্থ্য একত্রিত করে শুধু মালিকপক্ষে আর পুঁজিবাদী সরকারের বিপক্ষে লড়বে। কিন্তু নিজেদের আদর্শের প্রতি সম্পূর্ণভাবে বিশ্বস্ত পেশাদার বিপ্লবী আর সামরিক কায়দার নিয়মানুবর্তিতা ব্যতীত চূড়ান্ত বিজয় অর্জন কখনোই সম্ভব নয়।”
লেনিনের হোয়াট ইজ টুবি ডান থেকে হেনড্রিককে ইংরেজিতে উদ্ধৃতি দিতে শুনে এমনকি মোজেস পর্যন্ত মুগ্ধ চোখে তাকালেন। বাকিরাও হাসি মুখে পরস্পরের সাথে দৃষ্টি বিনিময় করলেন। অন্যদিকে হেনড্রিক নিজে কিন্তু আবার নির্বাকের খোলসে ঢুকে পড়লেন।
তবে এটুকুই যথেষ্ট। তাকে আর কোনো কিছুই বলতে হল না। সে রাতে পরস্পরের কাছ থেকে বিদায় নিয়ে একে একে মোটরকারে চেপে সবাই যখন চলে গেল তখন আত্মতৃপ্তিতে ভরে উঠল মোজেসের মন। বিভোনিয়া ফার্ম থেকে ভাইকে বের করে আনতে পেরেছেন।
সাউথ আফ্রিকান ক্যুনিস্ট পার্টি আর আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস দু’দলেরই পূর্ণ সদস্য হয়ে গেলেন হেনড্রিক।
***
হেনড্রিকের জন্যে গেস্ট বেডরুম ঠিক করে রেখেছিলেন মার্কাস আর্চার। গত কয়েক ঘণ্টার মাঝেই রোপিত হয়ে গেছে তার ভাগ্যরেখার বীজ আর সে সাথে নির্ধারিত হয়ে গেছে জীবন-মৃত্যুর সীমানা। এসব ভাবতে ভাবতেই ঘুমিয়ে পড়লেও এক ধরনের উল্লাস আর উকণ্ঠায় ছেয়ে গেল হেনড্রিকের মন।
কিন্তু বাইরে অন্ধকার থাকতেই এসে ডেকে দিলেন মোজেস। মার্কাস নিজেও দু’ভাইয়ের সাথে হেঁটে হেঁটে ফোর্ড পর্যন্ত এলেন।
হেনড্রিকের সাথে হাত মিলিয়ে মার্কাস বললেন, “এগিয়ে চলুন কমরেড। আগামীর দিনগুলো আমাদেরই হবে।”
সোজা শহরে না এসে সুউচ্চ এক খনির নিচে গাড়ি থামালেন মোজেস। তারপর দু’ভাই মিলে খাড়া পাঁচশ ফুট পেরিয়ে উঠে এলেন একেবারে চূড়ায়। আর ঠিক তখনি দিগন্তে উদ্ভাসিত হয়ে উঠল ভোরের সূর্য। সোনালি রঙ ধারণ করল শীতের কুয়াশা।
“এখন নিশ্চয় তুমি বুঝতে পারছো?” ভাইয়ের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে জানতে চাইলেন মোজেস। আচমকা তার সমস্ত পরিকল্পনা একেবারে স্পষ্টভাবে উপলব্ধি করলেন হেনড্রিক।
