মানিকতলার ট্র্যাফিক সিগনালে বাস দাঁড়িয়ে পড়েছিল। আমরা দুজনে নেমে পড়লাম রাস্তায়।
সামনেই একটা ছোট্ট পেট্রল পাম্প। তার পাশের আধো-অন্ধকার গলিতে আমাকে টেনে নিয়ে গিয়ে বৃদ্ধ ভদ্রলোক বললেন, সমীরবাবু, একটা জিনিস আপনাকে দেব। একদম খাঁটি জিনিস।
বলেই কাপড়ে জড়ানো একটা ছোট পুঁটলি পাঞ্জাবির পকেট থেকে বের করে আমার হাতের মুঠোয় একেবারে গুঁজে দিলেন। বৃদ্ধের দড়ির মতো আঙুলের ছোঁয়া লাগল আমার হাতে। আঙুলগুলো হিমঘরের মতো ঠান্ডা।
আমি কী বলব বুঝে উঠতে পারছিলাম না। কেমন একটা ঘোরের মধ্যে যেন দাঁড়িয়েছিলাম। শুধু দেখলাম, ভদ্রলোকের চোখ দুটো আলোয় বিন্দু হয়ে জ্বলছে।
চলি, সমীরবাবু–পরে আবার দেখা হবে।
বৃদ্ধ চলে যাওয়ার জন্যে তৈরি হলেন।
আমি ওই আচ্ছন্ন অবস্থার মধ্যেও কোনওরকমে জিগ্যেস করলাম, কোথায় দেখা হবে?
বৃদ্ধ অদ্ভুতভাবে হাসলেন। অনেকক্ষণ ধরে হাসলেন। তারপর বললেন, কোথায় আবার, এই বাসেই দেখা হবে! আজকের মতন। দেখবেন সান্ধ্য আজকাল হাতে বসে আছি।
কথাটা বলেই ভদ্রলোক সরু গলি ধরে হাঁটা দিলেন। আমি পিছু ডাকতে গিয়েও থমকে গেলাম। কী নামে ডাকব?
তারপর গুটিগুটি পায়ে পুঁটলিটার ওজন পরখ করতে করতে বাস-রাস্তায় এলাম। সেখান থেকে বাস ধরে সোজা বাড়ি।
বাড়িতে ঢুকেই দেরির জন্যে একপ্রস্ত মুখঝামটা খেলাম মল্লিকার কাছে। রেগে গেলে ওকে আরও কুৎসিত দেখায়। আমাদের আস্তানাটার মতো ওর শরীরটাও শুধু হাড় আর পাঁজর দিয়ে তৈরি। তার ওপর বারো মাসের মাথাব্যথার রুগি।
তপতী একটু দূর থেকে আমাদের ঝগড়া দেখছিল। বোধহয় ভাবছিল, ঠিক কখন থেকে ও মায়ের পক্ষ নেওয়া শুরু করবে।
মা-মেয়ের এই নিত্য আক্রমণ আমি আর সইতে পারি না। তপতীটার বিয়ে দিতে পারলে আমি বাঁচতাম। আমার বোঝা অন্তত অর্ধেকটা কমত। কিন্তু সেটাই বা হচ্ছে কই!
সুতরাং নেহাতই আত্মরক্ষার জন্যে হাতের পাকানো খবরের কাগজটা তেলচিটে ময়লা বিছানার ওপরে ছুঁড়ে দিয়ে বললাম, আজ আমার অফিসের একজন চেনা লোক আমাকে একটা জিনিস দিয়েছে।
ওদের কাছে ভুলেও সত্যি কথা বলা যাবে না। বললে দুজন দু-পাশ থেকে প্রশ্নে-প্রশ্নে আমাকে একেবারে নাজেহাল করে দেবে। ওরা লালবাজার কি সি. বি. আই.-তে চাকরি নিলে দারুণ উন্নতি করতে পারত।
কথা শেষ করেই পুঁটলিটা আমি পকেট থেকে বের করে ফেলেছি। আর ঘরের মলিন বালবের আলোয় সেটা খুলেও ফেলেছি চটপট।
দেখি পুটলির মধ্যে রয়েছে সাতটা ঝিকিমিকি লাল আর সবুজ পাথর।
আমরা তিনজনেই পাথর হয়ে গেলাম।
মল্লিকা আর তপতী লোভ-চকচকে চোখে অপলকে তাকিয়ে রইল পাথরগুলোর দিকে। আমাকে প্রশ্ন করতে ভুলে গেল ওরা। আর করলে কী-ই বা জবাব দিতাম আমি!
পাথরগুলো নিশ্চয়ই খুব দামি। কিন্তু একজন অজানা-অচেনা লোক এগুলো শুধু শুধু কেন দিয়ে গেল আমাকে! ব্যান্ডেলের বিয়েবাড়িতে সত্যিই কি ওই বৃদ্ধের সঙ্গে দেখা হয়েছিল আমার?
প্রশ্ন প্রশ্নই থেকে গেল। পাথরগুলো চলে গেল মল্লিকা আর তপতীর জিম্মায়। ওরাই এখন এগুলোর মালিক। নিজেরা বোঝাঁপড়া করে ভাগাভাগি করে নেবে। তখনও কি ছাই জানি, আর এক আশ্চর্য ঘটনা অপেক্ষা করে রয়েছে আমার জন্যে! সকাল হলেই নতুন এক সমস্যার মুখোমুখি হতে হবে আমাকে।
পরদিন ঘুম থেকে উঠে দেখি মল্লিকা বা তপতী কেউই বাড়ি নেই। ঘর খালি, রান্নাঘর খালি, কলতলা খালি। গোটা বাড়ি শুনসান। কোথায় গেল ওরা।
জুতো-চটি ইত্যাদি পরীক্ষা করে বুঝলাম, ওরা কেউ বাড়ির বাইরে যায়নি। অথচ বাড়ির ভিতরেও নেই। তা হলে কি হাওয়ায় মিলিয়ে গেল?
সকাল থেকে চা নেই, জলখাবার নেই, রান্না বন্ধ। কী করব বুঝে উঠতে পারছিলাম না। পাথরগুলোর কথা জানতে পেরে কোনও গুণ্ডার দল ওদের কিডন্যাপ করল নাকি! ঠিক করলাম, ঘণ্টা দু-তিন অপেক্ষা করে তারপর থানায় খবর দেব। কিন্তু পুলিশে জানালেও তো আর-এক ঝকমারি! কোথা থেকে ওই দামি পাথরগুলো পেলাম, তার কী জবাব দেব?
ফাঁকা বাড়িতে নিরিবিলি বেশ ভালোই লাগছিল। কিন্তু ঘণ্টাখানেক পরেই কেমন যেন একঘেয়ে লাগতে শুরু করল। মনে পড়তে লাগল আমার বিয়ের কথা, ফুলশয্যের কথা। তারপর তপতীর জন্মের পর আমাদের আড়াইজনের জীবন। তখনও অভাব ছিল, কিন্তু সে-অভাব সইবার মনের জোর ছিল। আর এখন…।
কখন যেন আনমনে মল্লিকার নামটা ডেকে উঠেছিলাম। হঠাৎই সাড়া পেলাম, তুমি কোথায়? তোমাকে আমি দেখতে পাচ্ছি না কেন! চারপাশটা কী অন্ধকার।
আমি চমকে উঠলাম। চারপাশে তাকালাম। কেউ কোথাও নেই। তা হলে কি ব্যাপারটা আমার মনের ভুল?
মনের ভুল যে নয় সেটা বুঝলাম তপতীর গলা শুনে : বাবা, তুমি কোথায়? আমার এখানে ভয় করছে।
আমি আকুলভাবে ওদের নাম ধরে ডেকে উঠলাম ও মল্লিকা! তপতী!
ওরা ডুকরে কেঁদে উঠল। আমার চোখের সামনে ওরা কি আর কখনও আসতে পারবে না? আমি দু-হাতে শূন্য হাতড়ালাম। সবটাই শূন্য। শুধু ওদের কণ্ঠস্বর শুনতে পাচ্ছি। তা হলে কি ওরা অশরীরী হয়ে গেছে?
আমার কান্না পেতে লাগল। ঘরের চারপাশটা দেখলাম। কত ঝগড়া, কত ভালোবাসার সাক্ষী ঘরের এই চারটে পুরোনো দেওয়াল!
সেদিন অফিসে না গিয়ে আমি সারাদিন ধরে মল্লিকা আর তপতীর সঙ্গে কথা বললাম। ওদের সঙ্গে এত কথা যে আমার বলার আছে তা আগে কখনও বুঝিনি। ওরা আমাকে গোটা ব্যাপারটা খুলে বলল।
